অভিনন্দন ফ্রান্স !  ভালোবাসা ক্রোয়েশিয়া !

Comments
।। লুৎফুল হোসেন ।।
ফরাসী সুগন্ধি, ফরাসী চুম্বন, রক্তাভ দ্রাক্ষামদিরা; মাতিস, বোদলেয়ার, র‍্যাঁবো, মলিয়ের, মোপাসঁ, রোলাঁ; ছবি, কবিতা, শিল্পকলা, প্রেম সবই মনের মধ্যে আইফেল টাওয়ারের মতো উঁচু আর ঝলমলে দখল নিয়ে আছে, সেই কবে থেকে, তার হিসেব নেই। ফ্রেঞ্চ ফ্রাইজ আর ফ্রেঞ্চ টোস্ট তো শৈশবেই পাকস্থলী হয়ে মনের দখলে আগ্রাসী হয়েছে।

মিশেল প্লাতিনি তালিকায় যোগ করেছিলো ফুটবলকেও। ওটা জিইয়ে রেখেছিলো জেনেদিন জিদান আর থিয়েরে অঁরি। হালে ঘরোয়া লীগগুলোর তারকা জিরুড, পগবা, গ্রিজম্যান, এমবাপে, কানটে, মাটুইডি, উমটিটি, ভারান চোখে লেগে ছিলো বিশ্বকাপ আসরের আগে থেকেই। জাস্ট ফনটেইন, এরিক ক্যানটোনা, জিন পিয়েরে পাপিন, রেইমণ্ড কোপা, মার্সেল ডিসেলারি, লিলিয়ান থুরাম, (কিংবা বর্তমান কোচ) দিদিয়ের দেশাম্পের কথা নাহয় নাইবা টানলাম।

France

ফ্রান্স জাতীয় ফুটবল দল

বিশ্বকাপের শুরু থেকে যতো হিসাব নিকাশ তাতে সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং তারকাসমৃদ্ধ দল ছিলো ফ্রান্স। এর পর ব্রাজিল, স্পেন, জার্মানি, ইংল্যাণ্ড। মেসি এবং ক্রিস্টিয়ানো দুই বিশ্বসেরা, দলের শক্তিমত্তার অভাবে, কতোটা জ্বলে উঠবেন সে শঙ্কাটি পর্তুগালের দু-একটা খেলা বাদে সত্য হয়েই উঠেছে। ফুটবলপ্রেমীরা তারকাদের পারফমেন্সে হতাশ, বিশ্ব জুড়ে প্রিয় দলগুলোও সেই তালেই সুর বেঁধেছে।
দীর্ঘ চার বছর অপেক্ষার পর একটা বিশ্বকাপকে ঘিরে সাত রাজ্যের জল্পনা কল্পনা, আশা আকাঙ্ক্ষার দোদুল্যমানতা, ভবিষ্যৎ নিয়ে উচ্চাশার উচ্চারণ, প্রাজ্ঞ জনের বিশ্লেষণ সব কম বেশি উলটে পালটে যায়। ব্যাপারটা এবারের আসরে ঘটেছে অতি মাত্রায়। বলা যায় প্রায় অসম্ভবের মাত্রায়।
Brazil

ব্রাজিল জাতীয় ফুটবল দল

এতোসবের মধ্যে এবারে এশিয়াবাসীর প্রাপ্তি নক আউট পর্বে জাপানের উপস্থিতি। জাপান হাসি ফুটিয়েছে এশিয়ার মুখে। পাশাপাশি জার্মানির বিশ্বকাপ স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে কোরিয়া উঠে এসেছে প্রদীপের আলোক উজ্জ্বলতায়। সেই সাথে অঘটনের বিশ্বকাপে দ্রুত বিদায় নিতে থেকেছে নান্দনিক ফুটবলের দলগুলো। ল্যাটিনদের সাথে ইউরোপের পরাশক্তি জার্মানি এবং টিকিটাকার স্পেনও ঝরে গেছে দ্রুত। উজ্জ্বল সম্ভাবনার আলো দেখিয়ে পিছু হটেছে ক্রিস্টিয়ানোর পায়ে ভর করা পর্তুগালও। কাভানি এবং সুয়ারেজ সম্ভাবনার কথা মনে করিয়ে দিয়েছে, তবে ওটুকুই। নিষ্প্রভতায় শুরু করা আর্জেন্টিনা আর ব্রাজিল তো গোটা বিশ্ব নাচিয়ে দিয়ে থেমে গেছে আকাঙ্ক্ষার প্রদীপে জল ঢেলে দিয়ে। সম্ভাবনা জাগিয়ে গাণিতিক হিসেবে দ্বিতীয় শক্তিশালী দল ব্রাজিল চেষ্টা চালিয়ে গেলেও বলের সঙ্গে গোলপোস্টের নেট ছোঁবার সৌভাগ্য তাদের পথে অটল বাধা হয়ে দাঁড়িয়েই থাকলো।

পাওয়ার, স্পিড আর টাফ ফুটবলের দাপটে একে একে মিইয়ে গিয়েছে নান্দনিকতার পতাকাগুলো। ইংল্যাণ্ডবাসীদের উচ্চাকাঙ্ক্ষায় জল ঢেলে বেলজিয়াম তাদের তৃতীয় স্থানটাও দেয়নি। উদ্দীপ্ত ও পরিশ্রমী ক্রোয়াটরা তো তাদের আগেই হারিয়ে দিয়েছিলো সেমিতে। এতোটুকু আসতে আসতে সমীহ আদায় করা জাপানের পরে সম্ভবত ক্রোয়াটরাই একমাত্র দল যারা বিশ্ব জুড়ে ফুটবল আমোদিদের মন জয় করে নিয়েছিলো।
Croatia

ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দল

বার্সা আর রিয়ালের মধ্যমাঠ আলো করা লুকা মডরিচ ও ইভান রাকিটিচের দলটি ছিলো এভারের বিশ্বকাপের সেরা মধ্যমাঠ। এদের মতো কয়েক জন খেলোয়াড়ের কল্যাণেই মেসি বা ক্রিস্টিয়ানোর মতো তারকারা নক্ষত্র হয়ে উঠতে পারে। তো সে অর্থে ক্রোয়েশিয়া কাপ জিতলে বানিজ্যিক ফুটবলের দুনিয়ায় সত্যিকারের ফুটবলের জয় হতো নিশ্চিত। অতোটা বিখ্যাত নয়, এমন মাঞ্জরুকিচ বা রেবিচ-এর আক্রমণ ভাগ বা পেরিসিচ, ভিডা কিংবা বারপোস্টের চমক সুভাসিচ, এদের নিয়ে, অন্য কিছু হোক না হোক, ফুটবল বিশ্বের হৃদয় জয় করে নিয়েছে সুদর্শন কোচ দ্যালিচের দল।

হ্যা ডাভোর সুকেরের আমলে বা বলতে গেলে প্রথম যেদিন লাল সাদা চেক জার্সির খেলা দেখেছি, সেদিন থেকেই ভালোবেসে ফেলেছিলাম এদের। সেই ভালোবাসাটায় গোলাপ ফুটিয়েছিল তাদের এবারের বিশ্বকাপ দলটি। একেবারে সত্যি কথা, তাদের হৃদয় কাঁপানো প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচ মাঠে তাঁর উপস্থিতির সুরভি না ছড়ালেও এ ভালোবাসার কিছুমাত্র কমতি হতো না।
আসরের মাঝামাঝি এসে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও তারকা উপস্থিতিতে উজ্জ্বল ফ্রান্স কেই শিরোপার এক নম্বর দাবিদার বলে আসছিলাম। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় এমবাপে তাকে ঘিরে আশাবাদের সম্মান দেখাবার মতোই জ্বলে উঠলো যখন এক খেলায় তখন সে আশাবাদ জোরালো হয়ে উঠেছে আরো। বেলজিয়াম কে হারিয়ে কাপ জয়ের দাবিটা তাই এক রকম জোর শব্দেই জানিয়ে দিয়েছিলো ফরাসীরা।

তবু সব হিসাব গুটিয়ে রেখে বুকের ভিতর দখল নিয়েছিলো ক্রোয়েশিয়ার প্রতি ভালোবাসা। সেই ভালোবাসার কেন্দ্রটি নিঃসন্দেহে তাদের কাণ্ডারী লুকা মডরিচকে ঘিরেই। শৈশবে জাতিগত বিদ্বেষের শিকার হয়ে বাবা খুন হলে তার অনিশ্চিত জীবনের পাশাপাশি অপুষ্টি এবং ক্ষীণকায় ও দুর্বল বিবেচনায় যাকে ফুটবল নিতেই চায়নি, সেই লুকা। ১০২ দুই ডিগ্রি জ্বর নিয়েও সেমির আগের দিন খেলবেই নিশ্চিত করা ইভান রাকিটিচ। স্পষ্টবাদিতার কারণে সোভিয়েত মিডিয়ার সমালোচনা ও পুরো গ্যালারির দুয়ো খাওয়া ভিডা। এরা সবাই দেশপ্রেম আর ফুটবলের প্রতি ভালোবাসায় অন্ধ করেছিলো আমার মতো অনেক ফুটবলপ্রেমীকেই।

Croatia01

লুকা মডরিচ ও ইভান রাকিটিচ

প্রথমার্ধে নেতিবাচক ফুটবল খেলে ফ্রান্স যেনো ক্রোয়াটদের জন্যে বুকে জমা প্রেমের আগুনে বাতাস দিচ্ছিলো। সেই আগুনকে দাবানল করে দিলো রেফারির দু-দুখানা দুঃখজনক সিদ্ধান্ত। সেইসবকে ঘিরে এক বিয়োগান্তের শুরু ছিলো বুঝি মাঞ্জরুকিচের মাথা ছোঁয়া বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোলটি।
নির্মম রেফারিং আর ফ্রান্সের নেতিবাচক ফুটবলে খেলার প্রথমার্ধেই আসলে পরাজয় ঘটে গেছে ফুটবলের। ইতিমধ্যেই রেকর্ড করে ফাইনালিস্ট হওয়া ক্রোয়েশিয়ার হারাবার কিছু ছিলো না। সব প্রেমই বিখ্যাত হয়েছে বিয়োগান্তক হয়ে উঠে। ক্রোয়াটদের প্রতি ফুটবল অনুরাগীদের প্রেমও তাই প্রগভীর হয়েছে এ খেলায় তাদের এমন হারের পর। পাশাপাশি যে ফ্রান্স মুগ্ধতার আলো ছড়িয়ে ফাইনালে এসেছিলো, তারা সেই অর্জনের প্রতি সুবিচার করতে পারেনি নিঃসন্দেহে।

হ্যা, ছয় গোলের এক বিশ্বকাপ ফাইনালের চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে দর্শকদের জন্য! কিন্তু তা আসলে হয়ে উঠতে পারেনি খেলাটা। দ্বিতীয়ার্ধে ফ্রান্স দুটো দৃষ্টিনন্দন গোল দেবার পর যে আনন্দ হবার কথা, সেই প্রদীপের আলোয় যে ইতোমধ্যে জল ঢালা হয়ে গিয়েছিলো।

ফ্রান্স এর বিশ্বজয়

ফ্রান্সের বিশ্বজয়

হয়তো এসব কিছুই মনে থাকবে না খুব বেশি দিন। বিশেষ করে ওদের আজকের অধিকাংশ সমর্থকই যখন মূলত ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যাণ্ড, স্পেনের মতোন অন্য কোনো দলের মূল সমর্থক। তবে হয়তো অলক্ষ্যে আসলে যেটা ঘটে গেলো ২০১৮ এর বিশ্বকাপে, তা হলো বিবর্তনের সভ্যতায় ফুটবলের সংজ্ঞা পাল্টানোর এক পর্বের সূচনা।
হয়তো নেতিবাচক ফুটবলের দাপটই রাজত্ব করবে নিকট আগামীর ফুটবল বিশ্বকে। হয়তো। তবে সেটা না হওয়াই কাম্য। তবু যখন পৃথিবী জুড়ে যা কাম্য নয় সেটাই বেশি ঘটে, তখন এমন পরিবর্তনের আশঙ্কা সত্য হবার ভয় বুকে চেপে রয়। সেই ভয়ে কাঁপন ধরিয়েছে শিল্প-সংস্কৃতির বৈশ্বিক তীর্থস্থল ফ্রান্সের শহরে শহরে অরাজক ও সহিংস উদযাপন। এমন কি খোদ ফরাসী তারকা ফুটবলাররা বিশ্বকাপ জয়ের আনন্দে যে অরুচিকর উল্লাস প্রকাশ করেছেন। তাতে প্রবল মর্মপীড়া হয়। তাই নেতিবাচক ফুটবলের ভয়টা তাই চড়াও হয়েই রয়। শেষমেষ অবশ্য কি হয় বা না হয়, তার সত্যিকারের জবাব দিতে পারবে কেবলমাত্র সময়। সেই সময়ের হাতে ছেড়ে দিয়ে তাকে এখন আমাদের জন্য রইলো শুধু অপেক্ষার মালা গাঁথার দিন।
তবু শেষ কথা, ফুটবল কখনোই না হারুক।
অভিনন্দন কাপজয়ী ফ্রান্স কে। ভালোবাসা মন কেড়ে নেয়া ক্রোয়েশিয়া কে।
লুৎফুল হোসেন

লুৎফুল হোসেন

লুৎফুল হোসেন

পেশায় ব্যবসায়ী, নেশায় কবি ও লেখক। রুদ্রের কবিতার মিছিলে নতুন মুখ। নব্বুইয়ের গণ আন্দোলনের যোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতক ও স্নাতকোত্তর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তার আগে কুুুমিল্লা জিলা স্কুল।বাবার বাড়ি কুমিল্লা, মায়ের বাড়ি ফেনী। জন্ম সময়ের শহর বাগেরহাট। বসবাস ঢাকায়। দু সন্তান এবং কয়েকখানা গ্রন্থের জনক। কবিতা, গল্প, প্রবন্ধের পাশাপাশি লেখেন সাম্প্রতিক প্রসঙ্গ ও সংকট বিষয় নিয়ে খোলা কলমের কলাম। জড়িত আছেন দেশের প্রবীনতম একটি লিটলম্যাগ প্রকাশনার সাথে। ছিলেন জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য। গান লেখা এবং ছবি আঁকা তার শখ।জীবনের বীক্ষণে দহন, পীড়ন, প্রেম, ভালোবাসা, এবং বোধের উন্মোচনে ব্রতী সময়ে মানুষের ভাবনা ও সংকটের বিম্ব তৈরির লেখা নির্মাণই লক্ষ্য। আর সব নাম সর্বনাম বাদে নিজেকে শব্দশিল্পী বা কথাকার ভাবতেই সাচ্ছন্দ্যবোধ করেন।

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট