সংবর্তন
১
আমাদের মন থেকে একেকটা পথ সরে যাচ্ছে
যত ভাবি ততই কষ্ট হয়
যাদের সঙ্গেই কথা বলি দেখি কেউ ঠিক ভালো নেই
২
লেখক হওয়া মানে এই না যে
বোধ থেকে দূরে গিয়ে বারবার ফিরে আসব
সংসারের যাবতীয় পারিবারিক ক্ষতি সহ্য করে
একটু মাথা উঁচু করা যদি অন্যরা না বোঝে…
৩
জীবনের সব অক্ষর নকল করা যায় না
সবসময় নিজেকে ঠিক রাখাটাও অসম্ভব
আবহাওয়ার ঘন ঘন এত পরিবর্তনে সব মানুষই রঙিন
ভুলের কথায় আবারও স্বপ্নের মেঘ পাড়ি দিলে তারাগুলো ফুটবে কোথায়
পৃথিবী আজও যে ওষুধ চেয়ে বসে….

সহ্যাদ্রির নীল কান্নায়
পাখির কণ্ঠে একতালা কবিগান
পৃথিবী এড়ায় আলোর দূর প্রবাসে
চাতকের দেশে পরিচয় জলবায়ু
ভালোর আড়ালে ঘাতক দীর্ঘশ্বাসে
অন্তর্দাহ, আসুরিক অপচয়
সুশোভিত চারু বিনিয়োগ অর্চনা
মেধা ভাগে দ্বিধা নীতির পোশাক গায়
স্বপ্ন সোহাগ প্রশমিত বালুকণা
ভালোবাসা মাঠে ক্ষতিকর অনুনয়
রূপের আড়াল সুরকথা বেশবাস
সৃষ্টিশীলের অশ্লীলতার দায়ে
সৃজন রমন মোহের দাসানুদাস।

বঁধুয়ার দেশে-আষাঢ়
তখনও ভেবেছি এবারেও পারব না
স্বীকার করছি মেনেছি নিজের হার
আবার জীবন এগিয়ে চলার মতে
ভুল ঠিক দিক ঠেকে শিখি বহুবার
পারা না-পারার দু’দিকেই বহু জ্বালা
বেলা বাড়তেই গান বাঁধা হয়ে যায়
পৃথিবীতে সব বয়সের একই পথ
পথ ভুলে কথা সেই একই ভাবনায়
কে দেখবে, কে করবে -আজ। চিন্তা
নদীর পাড়ে যে মন ভাঙে একে একে
পিছিয়ে পড়ার অনেক ঝামেলা, নিন্দা
পাশে থেকে তাও আসলে অসুখী থেকে
হৃদি মরমিয়া পরমায়ু অবশেষ
তল খোঁজে নদী ভালোবাসা মোহনায়
বঁধুয়ার দেশে সুজন নিরুদ্দেশ
ভাত রাঁধে কবি নিজের যোগ্যতায়।

মহম্মদ রফি
সকাল থেকে রাত অবধি শুধুই মেঘের পশমি অক্ষর
বাজনাগুলোও অক্ষরের ঝাঁকে ঝাঁকে রাতকে জায়গা করে নিয়েছে
বিশাল জোরে ছুটছে এক্সপ্রেস ট্রেন
মীড়ের ঝটকায় আবেশ থমকে
চাঁদ খুঁজতে মাঠে নামতেই মনটা সেরে গেল
নদীর জীবনে অঙ্ক বলে কিছু নেই
বাতাসটা গলা ছেড়ে ভেঁপু গিলছে
পাতার শহরে মাতোয়ারা গোটা হরপ্পা-মহেঞ্জোদাড়ো
স্কুল থেকে ফিরে আকাশটাও শরীরের সব গরম ঢেলে দেয়
ঈশ্বরের খাবার কষ্ট ভালো আর মন্দ দু’ঘরেই এক
জল শুকিয়ে যাচ্ছে
বিশ্বাসই হয় না, যে এরপর ঘুম বলে কিছু থাকবে না
অনেকক্ষণ বসে থাকার পর
ফোন করে জানা গেল, রাস্তায় জ্যামের কারণে মাস্টারমশাই আজ আর আসতে পারবেন না
কান পাতলেই যে…
আভি না জাও ছোড়কার এ দিল আভি ভরা নেহি।

প্রচারে ভাবা অভ্যাস
আজ আকাশটা অনেক বড়ো
একটু উঁকি দিলেই মেঘ হাতে নেমে আসবে
যখন খুশি ভাবলেই হলো
আলাদিনের আশ্চর্য প্রদীপ সামনে হাজির
কাউকে জবাবদিহি করতে হয় না
রোদ লাগলেও এসি, কুলার সবই আছে
জলের জন্য আরও কত কী
সেদিন এইসব সুযোগ থাকলে জীবনানন্দকে অন্তত ওইভাবে…
সময় চলে গেলে মুখে জল দিয়ে
জীবনটা তো ফিরে আসে না।
সবুজ রঙের মানে গাছই যদি না বোঝে…

রাগ বিষয়ক
এক জায়গায় দিন, একজায়গার আকাশে পূর্ণিমার চাঁদ
আজ আমার স্কুলে ছুটি, ছেলের, বন্ধুদের স্কুলগুলো খোলা
কাকভোরে উঠে কারোর বা অনেক কাজ হয়ে গেল,
কেউ হয়তো এখনো বিছানা ছেড়েই ওঠেনি
কাজের লোক বাসন মেজে এ বাড়ি হয়ে ও বাড়ি, সেখান থেকে পায়ে হেঁটে অনেকটা দূর গিয়ে তবেই একটু যা
ফোন দেখতে গিয়েই এতটা সময় কখন যে…
জানালাটা খুলে দিলাম
সবাইকে বলি আলোয় ফোন দেখতে আর এতক্ষণ নিজেই বদ্ধঘরে
ফ্যানটা জোরে দিতেই রবিবারের পাতাটা কোথায় যে উড়ে গেল
গল্পটাই পড়া হলো না।

পারম্পারিক
দু’বছর পরে রাহুলের সঙ্গে দেখা
ওর আর আমার ছেলে একই স্কুলে
ব্যস্ততার মধ্যেও মনের আসল ইচ্ছেটা ভুলিনি
আগের বার স্পোর্টসে অনেকটা সময় একসাথেই আমরা….
সেদিনও একই কথা বলেছিলাম
আজ এখানে এসেও …
তখন হলে হয়তো হ্যাঁ বা কিছু একটা হলেও হতে পারতো
সকাল থেকেই আজ অফিসে মিটিং
দোতলার ট্যাঙ্কটা ভরতি হয়ে গেছে অনেকক্ষণ আগেই
সব জল এবার নিচে পড়ে উঠোনের চারাগুলোকে এক নিমেষে ভিজিয়ে দিয়ে চলে গেল
সময়ের নিটোল গল্পে প্রত্যাশার জানাবোঝার আর কিছু বাকি নেই
অনেকদিন গরম চলার পর দু’দিন একটু বৃষ্টি এই যা
আবহাওয়া দপ্তর জানিয়েছে
আগামীকাল রোদ উঠবে।

আলোর ছোটগল্প
সকালে উঠেই ব্যাপারটা আলাদা
আকাশ থেকে তেড়ে বৃষ্টি নামছে
বাগানের গাছে গাছে মধ্যস্থতার সজীব ফুল
ফ্ল্যাটের মাঝের ফুটো দিয়ে দেখা
যাচ্ছে বটের খেয়ালী চারা
বট গাছ চারশো বছর বাঁচে
ফ্ল্যাটের আয়ু কতদিন
পুকুরের জল শুকিয়ে গেলে
বাড়িগুলো মুখ দেখাবে কাকে
রাস্তায় শুধুই কাদা,
পা টিপে হাঁটলেও বাজারে তো যেতে হবে
ওরা খাবে কি
খবরে এবারও মেঘ
অনেক ভালো না লাগার পর
ভিতরের কারসাজিগুলো মুখ দেখলেই ধরা পড়ে ঠিকই, কিন্তু
যন্ত্রের ছলাকলা বোঝা প্রকৃতিরও অসাধ্য
একটু ছবি, এত রোদ!

লেখক:
অমিতাভ সরকার
কবি ও লেখক; বারাসাত, কলকাতা