অসুন্দর যুগলের একান্ত রাত

Comments

। মারিও বেনেদেত্তি ।

[মারিও বেনেদেত্তি (১৯২০–২০০৯) ছিলেন উরুগুয়ের প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাংবাদিক। তাঁর সাহিত্যকর্মে প্রেম, রাজনৈতিক নিপীড়ন, স্বদেশচ্যুতি ও মানবিক সংগ্রামের বিষয়বস্তু প্রাধান্য পেয়েছে। বেনেদেত্তি তাঁর জীবদ্দশায় ৮০টিরও বেশি বই রচনা করেছেন, যার মধ্যে রয়েছে কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক ও চলচ্চিত্রের চিত্রনাট্য। ১৯৭৩ সালে উরুগুয়েতে সামরিক অভ্যুত্থানের পর বেনেদেত্তি রাজনৈতিক কারণে নির্বাসিত হন এবং আর্জেন্টিনা, পেরু, কিউবা ও স্পেনে প্রবাস জীবন কাটান। ১৯৮৫ সালে তিনি উরুগুয়েতে ফিরে আসেন এবং তাঁর সাহিত্যকর্মে প্রত্যাবর্তনের অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। বেনেদেত্তির সাহিত্যকর্মে লাতিন আমেরিকার সমাজ ও রাজনীতির বাস্তবতার প্রতিফলন দেখা যায়। তিনি স্প্যানিশভাষী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক। লেখকের মূল La noche de los feos থেকে অনেকেই ইংরেজিতে অনুবাদ করেন। তাদের মধ্যে রেডিয়েন্ট হুইস্পার এর ইংরেজি অনূদিত The Night of the Ugly Ones থেকে বাংলায় অনুবাদ করেছেন আহসানুল করিম।]


এক

আমরা দুজনই কুৎসিত। আর তাও যেমন তেমন কুৎসিত নই। যেমন ওর চোয়ালটা বসে যাওয়া। সেই আট বছর বয়সে যখন ওর অস্ত্রোপচার হয় তখন থেকেই। মুখের একপাশ পুড়ে যাওয়ার কারণে আমার বিশ্রি দেখতে দাগটাও স্থায়ী হয়েছে কৈশোরেই।

আমাদের চোখে যে খুব একটা গভীরতা ছিল তাও বলা যাবে না। সত্যিকারের কুৎসিত মানুষেরা মাঝে মাঝে নিজেদের সান্ত্বনা দিতে যে চোখজোড়াকে অন্তত সুন্দর বলে ভাবতে চায়, তাও আমাদের ছিল না। একেবারেই না। ওর চোখ আমার চোখের মতই ক্ষোভে ভরা। নিজেদের দূর্ভাগ্যকে যে তেমন মেনে নিতে পারেনি সেই ইশারাই দেয় চোখগুলো। হয়তো এই মিলটুকুই আমাদের মিলন ঘটিয়েছিল। আচ্ছা স্বীকার করছি মিলন শব্দটা হয়তো ঠিক উপযুক্ত নয় এক্ষেত্রে। বলতে চাইছি, দুজনেই আমরা নিজেদের চেহারার প্রতি যে সীমাহীন ঘৃণা অনুভব করি সেই মিলের কথা। 

দৈবক্রমে আমাদের দেখা হয় একটা সিনেমা হলের বাইরে। দু’জনেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম পর্দায় দু’জন গতানুগতিক ধরনের সুন্দর মানুষকে দেখব বলে। সেখানেই প্রথমবারের মতো আমরা একে অপরের দিকে তাকালাম চোখে একধরনের নির্বিকার অথচ অস্পষ্ট একরকম সহমর্মিতা সঙ্গে। প্রথম নজরেই বুঝে নিয়েছিলাম একে অন্যের নিঃসঙ্গতার কথা। লাইনে সবাই জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে ছিল। বাকিরা সবাই ছিল প্রকৃত জুটিঃ স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা, তরুণ, বৃদ্ধ – আরও কী কী কে জানে। সবাই কাউকে না কাউকে জড়িয়ে বা কারো হাত ধরে দাঁড়িয়ে ছিল। শুধু আমার আর ওর – আমাদের দু’জনের হাতই অস্থির ঝুলছিল, দারুণ নির্জন।

দু’জনেই খুব ধীরে খানিকটা অবহেলাভরে নির্লিপ্তভাবে একে অপরের চেহারার বিকৃতির দিকে তাকাতে লাগলাম। আমি আমার নিজের কোঁচকানো গাল নিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে ওর তোবড়ানো গালের দিকে তাকিয়ে ছিলাম। ও বিব্রত হয়নি। ওর এই দৃঢ়চেতা ভাব আর আমার চকচকে মসৃণ আর দাড়িহীন মুখে পোড়া চামড়ার দাগটা ওভাবে পর্যবেক্ষণ করতে দেখে ভালো লাগলো। 

অবশেষে ভিতরে ঢুকে কাছাকাছি কিন্তু আলাদা সারিতে বসলাম আমরা। ও আমাকে তখন খেয়াল করেনি আর। কিন্তু অন্ধকারের মাঝেও আমি ও সোনালি চুলের পেছন দিকটা আর খাড়া, সুন্দর কানটা দেখতে পাচ্ছিলাম। এই কানটা ছিল ওর মুখের যে পাশটা স্বাভাবিক সেই পাশের। 

এক ঘণ্টা চল্লিশ মিনিট ধরে আমরা সাহসী নায়ক আর মার্জিত মোহনীয় নায়িকার সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখলাম। ব্যক্তিগতভাবে আমি সবসময় সুন্দরকে উপভোগ করে এসেছি। ঘৃণাটা শুধু জমিয়ে রাখি নিজের মুখের জন্য, কখনো কখনো ঈশ্বরের জন্যও। আর… অন্যসব কুৎসিত চেহারার ভয়ানক দেখতে মানুষের জন্য। হয়তো আমার সহমর্মিতা অনুভব করা উচিত। কিন্তু আমি পারি না। সত্যি কথা বলতে ওদের দেখে আমার আয়নার কথা মনে হয়। মাঝে মাঝে ভাবি নার্সিসাসের যদি গাল ডেবে যেত, মুখে এসিডের পোড়া দাগ থাকত কিংবা নাকের হাড় ভাঙ্গা থাকত অথবা কপালে সেলাইয়ের দাগ থাকত, তাহলে তার পৌরাণিক গল্পটা কেমন হ’ত? 

আমি ওর জন্য বেরোবার পথে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলাম। কথা বলে ওঠার আগে কয়েক গজ পাশাপাশি হেঁটে গেলাম। ও থমকে আমার দিকে তাকালো। মনে হলো কিছুটা দ্বিধা অনুভব করছে। ওকে আমন্ত্রণ জানালাম ক্যাফে বা  কফিশপে বসে কিছুক্ষণ গল্প করতে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সে।

ক্যাফেটা ছিল প্রায় ভর্তি। কিন্তু ঠিক তখনই একটা টেবিল খালি হলো। অন্য টেবিলগুলো পেরিয়ে যখন সেদিকে এগোচ্ছিলাম টের পেলাম বিস্ময়ভরা চোখে লোকে তাকিয়ে আছে। সাদাসিধে অথচ আশ্চর্যরকম সুষম দেখতে চেহারাগুলোর এইসব অসুস্থ কৌতূহল আর উদাসীন নিষ্ঠুরতা আমার এন্টেনাতে খুব সহজেই ধরা পড়ে। কিন্তু এবার আমার সেই সূক্ষ্ম বোধেরও দরকার হয়নি, কারণ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ফিসফাসানি, গলা খাঁকারি আর খুকখুক কাশির শব্দ। একটা অসুন্দর মুখ হয়তো কিছুটা কৌতূহল তৈরি করে। কিন্তু এমন দুইটি কুৎসিত মুখ যেন বিশাল এক প্রদর্শনী, শুধু একটু যেন বেখাপ্পা ধরণের। এমন এক প্রদর্শনী যা কেবল সুন্দর দেখতে কাউকে সঙ্গে সঙ্গে নিয়ে দেখা উচিত, এমন কেউ যার সাথে গোটা দুনিয়াটা একসাথে দেখা যায়।  

আমরা বসে দুটো আইসক্রিমের অর্ডার দিলাম। ঐ চেহারা নিয়ে পার্স থেকে আবার একটা ছোট আয়না বের করে চুল ঠিক করার সাহস দেখালো সে (ব্যাপারটা ভালো লাগলো আমার)। ওর চুল কিন্তু সুন্দর।  

“কী ভাবছেন?” আমি জিজ্ঞেস করলাম।

আয়নাটা রেখে দিল সে। হাসল। তার গালের গভীর গর্তটার আকৃতি বদলে গেল।

“তেমন কিছু না,” সে বলল। “এই তো যার মনে যা আসে।”

অনেকক্ষণ ধরে কথা বললাম আমরা।

দেড় ঘণ্টা পর, আমাদের আরও দুই কাপ কফি অর্ডার দিলাম এতক্ষণ বসে থাকাটা যাতে খারাপ না দেখায়। হঠাৎ উপলব্ধি করলাম, আমরা দুজনেই এতটা খোলামেলাভাবে সব সত্যি কথাগুলো বলছিলাম যে, আন্তরিকতা আর ভণ্ডামির মাঝের সীমারেখা পার হয়ে যাওয়ার আশংকা তৈরি হচ্ছিল। সিদ্ধান্ত নিলাম সম্পূর্ণ সোজাসাপটা থাকার।

“তুমি অনুভব করো জীবন থেকে ছিটকে গেছো, তাই না?”

“হ্যাঁ,” আমার চোখে চোখ রেখে বললো সে।

“সুন্দর দেখতে যারা, মানে স্বাভাবিক আর কি, তুমি তাদের পছন্দ কর। তোমারও সাধ হয় ডানদিকে বসে থাকা ঐ মেয়েটার মত মসৃণ হোক চেহারা। যদিও তুমি বুদ্ধিমতি আর হাসির ধরন দেখে যা মনে হচ্ছে ঐ মেয়েটা একটা নিরেট গাধা।”

“ঠিক।” 

প্রথমবারের মতো সে চোখ নামিয়ে ফেলল।

“আমারও অমন মনে হয়। তবে জানো, একটা সুযোগ আছে কিন্তু যাতে তুমি আর আমিও কিছু একটা হতে পারি।”

“কেমন?”

“যেমন একজন আরেকজনকে ভালোবেসে ফেলা, ধ্যাত কী বলছি! মানে ধরো কেবল বন্ধু হওয়া। তুমি যেভাবে চাও। তবে সুযোগ কিন্তু আছে।”

ভুরু কুঁচকালো ও। কোন আশায় বুক বাঁধতে চায় না।

“কথা দাও, আমাকে পাগল ভাববে না।”

“কথা দিচ্ছি।”

“রাতের মাঝে ডুব দেওয়ার একটা সুযোগ আছে আমাদের। গভীর রাতের মাঝে। সম্পূর্ণ অন্ধকারে। বুঝতে পারছো?”

“না।”

“তোমাকে বুঝতে হবে! সম্পূর্ণ অন্ধকার। যেখানে তুমি আমাকে দেখতে পাবে না, আমি তোমাকে দেখতে পাবো না। তোমার শরীর সুন্দর, জানো তো সেটা?”

লজ্জায় লাল হয়ে উঠল সে। আর তার তোবড়ানো গালটাও লাল হয়ে গেল সেইসাথে।

“আমি একাই থাকি, একটা অ্যাপার্টমেন্টে, কাছেই।”

আবার তাকাল সে, আর এবার ওর চোখ ছিল প্রশ্নে ভরা। হয়ত আমাকে নিয়েই প্রশ্ন, যেন সে মরিয়া হয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে।

“চলো,” অবশেষে বললো সে।

দুই

শুধু আলোটাই নিভালাম না, পর্দাটাও ভালো করে টেনে দিলাম। আমার পাশেই নিঃশ্বাসের শব্দ শুনছিলাম ওর অন্ধকারে, কিন্তু সেটা ভারী নিঃশ্বাস নয় যদিও। আমাকে ওর পোশাক খুলতে সাহায্য করতে দিল না ও।

কিছুই দেখতে পাচ্ছিলাম না – একেবারেই কিছু না। কিন্তু তবুও বুঝতে পারছিলাম, ও স্থির হয়ে অপেক্ষা করছে। সাবধানে একটা হাত বাড়ালাম। ওর স্তন খুঁজে পেলাম। প্রবল, উদ্দীপনাময় অনুভূতি পেলাম ওকে ছোঁয়ার। আর এইভাবেই ছুঁয়ে ছুঁয়ে আমি দেখে নিলাম ওর পেট, আর ওর যৌনতা। আর ওর হাত দেখে নিলো আমাকে।

তখন হঠাৎ, উপলব্ধি করলাম – আমাকে (আর তাকেও) টেনে বের করে আনতে হবে এই ভ্রম থেকে, যেটা আমিই তৈরি করেছি কিংবা তৈরি করার চেষ্টা করছিলাম। ঠিক যেন বজ্রপাতের মতো আঘাত করল সত্যিটা। এটা তো ছিল না আমাদের উদ্দেশ্য। আমরা তো এসবের জন্য এক হইনি।

সমস্ত সাহস জড়ো করতে হয়েছিল আমার। কিন্তু শেষ পর্যন্ত করেছিলাম। আমার হাত ধীরে ধীরে ওর মুখের দিকে এগোল। গিয়ে পৌঁছালো সেই ভীতিকর খাদে। আর তারপর সেই স্পর্শ ধীরে ধীরে এক ধরণের নিশ্চিন্ত আর আশ্বাস দেওয়া আদরে রূপ নিল। সত্যি কথা হলো, আমার আঙুলগুলো (শুরুর দিকে কাঁপছিল, পরে একটু শান্ত হয়েছিল) বারবার ওর চোখের জলে ভিজে যাচ্ছিল।তারপর যখন আমি মোটেই আশা করিনি, ঠিক তখনি ওর হাত এগিয়ে এলো আমার মুখের দিকে। ছুঁয়ে গেলো সেই দাগ, সেই মসৃণ চামড়ার অংশটা, দাড়ি না গজানো দ্বীপ, অভিশপ্ত চিহ্ন আমার। ভোর হওয়া পর্যন্ত আমরা কাঁদলাম। হতভাগ্য দু’জন মানুষ, তবু সুখী। আর তারপর উঠে দাঁড়িয়ে সব পর্দাগুলো সরিয়ে দিলাম।

লেখক:
Mario Benedetti
মারিও বেনেদেত্তি
কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাংবাদিক; উরুগুয়ে

বাংলা অনুবাদক
Ahsanul_Karim
আহসানুল করিম
কবি ও অনুবাদক; যুক্তরাষ্ট্র

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট