আওয়ামী লীগ: রাজনৈতিক দল না-কি কর্পোরেট হাউজ?

Comments

। কবির য়াহমদ ।

বাংলাদেশে সবচেয়ে বেশি সময় একক দল হিসেবে ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছর থেকে শুরু করে শেখ হাসিনার ২০ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা হয়েছে। এত দীর্ঘ সময় দেশ শাসন করেও আওয়ামী লীগের কোন বিকল্প নেতৃত্ব গড়ে উঠেনি। এমনকি শেখ হাসিনার অবর্তমানে সাময়িক সময়ের জন্যে হলেও নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা নাই দলটিতে।

বঙ্গবন্ধুর সময়ে জাতীয় চার নেতা ছিলেন; সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান। তারাও দেশবিরোধীদের বুলেটে নিহত হয়েছিলেন। এরপর পরের ধাপের কিছু নেতা আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করেছেন বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে, কিন্তু পারেননি। শেষমেশ শেখ হাসিনাকে আওয়ামী লীগের হাল ধরতে হয়েছিল।

আওয়ামী লীগের সেই সাংগঠনিক দুরবস্থা থেকে শিক্ষা নেওয়ার কথা ছিল শেখ হাসিনার। কিন্তু তিনি সেটা করেননি। বঙ্গবন্ধুর কালের রাজনীতিবিদদের সহায়তা নিয়েছেন, কিন্তু তাদের নেতা হতে দেননি। তবু আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুস সামাদ আজাদ, আব্দুল জলিল, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, জিল্লুর রহমানসহ আরও অনেক নেতা স্বনামে পরিচিত হয়ে উঠে উঠেছিলেন। তারা যেখানে পা রেখেছেন, সে জায়গা কেঁপে কেঁপে উঠত; সেই পর্যায়ের নেতা ছিলেন তারা।

আওয়ামী লীগ যতদিন বিরোধী দলে ছিল ততদিন তারা গুরুত্বপূর্ণ ছিলেন। এরপর ক্রমে তারা নিজ দলেই ব্রাত্য হয়ে পড়ছিলেন। কেউ কেউ ব্রাত্য থেকে প্রয়াত হয়েছেন, কেউ কেউ গুরুত্বপূর্ণ অংশ থেকে প্রয়াত হয়েছেন। কিন্তু এর বাইরে কী? এর বাইরে কি কোন নেতৃত্ব গড়ে উঠেছে? কাউকে কি উঠতে দেওয়া হয়েছে?

এই শতকের প্রথম দশক পর্যন্ত আওয়ামী লীগের সব ঠিক ছিল। কিন্তু সর্বশেষ দীর্ঘ মেয়াদে ক্ষমতায় যাওয়ার পর দলটির সর্বনাশ হয়ে গেছে। দলের একক নেতা হয়ে উঠেন শেখ হাসিনা। তার আশপাশে স্তাবকেরা ভিড় করে। ফলে অযোগ্যদের পদায়ন হয় দলে। কাউন্সিল করত তারা ঠিক, কিন্তু নেতা নির্বাচন না করে নেতা নিয়োগ দিতে শুরু করে। দল হয়ে পড়ে ‘করপোরেট হাউজ’। ফলে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ থাকেনি। এর খেসারৎ এখন দিয়ে চলেছে আওয়ামী লীগ।

গত বছরের জুলাইয়ের অস্থিরতার সময়ে আওয়ামী লীগের মধ্যকার দৈন্য পরিস্কার হয়ে যায়। তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেনি এটা। পারেনি সরকারিভাবে মোকাবেলা করতে। ফলে ক্ষমতাচ্যুতি তাদের হয়েছে নির্মমভাবে। যে শেখ হাসিনা সারাজীবন গণতন্ত্রের জন্যে লড়াই করে গণতন্ত্রের মানসকন্যা রূপে স্বীকৃতি পেয়েছিলেন কর্মীসমর্থকদের দ্বারা, এখন তার নামের সঙ্গে স্বৈরাচার-ফ্যাসিস্টের তকমা। এই তকমা যদিও তার বিরোধীরা দিয়েছে, তবু তো এটা তকমাই।

আওয়ামী লীগ এখন এমনই এক গর্তে যেখানে যাদের রাজনৈতিক ভূতভবিষ্যৎ নাই, তারাই দলটির ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করে থাকে। এটা যদিও গর্তে পড়ে যাওয়া হাতিকে চামচিকার লাথি দেওয়ার মতো ঘটনাই, তবু এটাই বাস্তবতা। শেখ হাসিনার বিরুদ্ধে তড়িঘড়ি করে একটা রায় দেওয়া হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ। প্রত্যাবর্তনের ইতিহাস যে আওয়ামী লীগের সে দলটির শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তনের চাইতে পুনর্বাসন নিয়ে সন্দেহ-আলোচনা জোরদার। এগুলো যদিও ৭৬ বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী দলটির জন্যে অপমানজনক, তবু এটাই বাস্তবতা।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মৃত্যুদণ্ডের রায়, এটাকে গুরুত্বপূর্ণ ভাবছি না যদিও, তবু এই রায় যে তার দেশে ফেরার একটা বড় প্রতিবন্ধকতা, এটা অস্বীকার করার উপায় নাই। রায় যদিও কাগজেকলমে থাকবে, তবু তো এটা রায়ই। এবং এই রায়ের পর বড় ধরনের কোন প্রতিক্রিয়া অথবা রাজনৈতিক উপস্থিতি দেখাতে পারেনি আওয়ামী লীগ। দলটির কোন নেতা জনপরিসরে প্রভাব ফেলার মতো কোন কথাও বলতে পারেননি।

শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগের আর কে আছে নেতা রূপে? ওবায়দুল কাদেরের কথা বলবেন; তিনি দলের সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবেই দ্বিতীয় প্রধান নেতা হিসেবে তার নামই সামনে আসার কথা। কিন্তু দেখুন ওবায়দুল কাদেরকে আপনি কী রূপে দেখছেন; তিনি কি সত্যি প্রভাবশালী কোন নেতা? তিনি আওয়ামী লীগের একাধিকবারের এবং বর্তমান সাধারণ সম্পাদক, কিন্তু তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলার চাইতে দলটির একজন ‘কর্মচারী’ ভাবাটাই কি সংগত নয়? কর্মচারীর যেমন চাকরি হারানোর ভয় থাকে, তারও তেমন ছিল; কিছু কর্মচারী যেমন অনুকম্পায় দায়িত্ব পালন করে, তিনি কি সেভাবে দলকে পরিচালনা করেননি?

আপনি যখন ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না ভেবে দলের সভানেত্রীর কর্মচারী অথবা তার দায়িত্বকে অনুকম্পায় প্রাপ্ত পদ ভাববেন, তখন জনপরিসরে তার প্রভাব থাকার কথা না। কেবল জনপরিসরেই নয়, আওয়ামী লীগের তৃণমূলেও নেই তার কোন প্রভাব। দলের সাধারণ সম্পাদকের যদি এই হাল হয়, তবে অন্যদের জন্যে শব্দ-অপচয়ের দরকার আছে?

দলের নামে সারাদেশে ব্যাপক জনসমর্থন থাকলেও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এক নেতার এক দল। শেখ হাসিনা ছাড়া এই দলে আর কোন নেতা নাই। কর্মীসমর্থকদের প্রভাবিত করার মতো অন্য কোন নেতা না থাকায় এর প্রভাব গিয়ে পড়েছে জনপরিসরে।

ক্ষমতা হারানোর পনেরো মাস হয়ে গেছে হয়ে গেছে আওয়ামী লীগের। এই দীর্ঘ সময়ে একজন নেতার নাম কি বলতে পারেন, যার ডাকে মানুষ সাড়া দেবে, একজন নেতার নাম কি বলতে পারবেন যার ডাকে কর্মীসমর্থকেরা জানবাজি রাখবে? একজনও নাই। এর কারণ অযোগ্যদের পদায়ন ও মূল্যায়ন। ক্ষমতায় থাকাকালে ত্যাগীরা মূল্যায়িত হলে এরাই এখন জীবনবাজি রাখত।

অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে আওয়ামী লীগ কি তবে বিলুপ্ত? না, বিলুপ্ত নয়; বরং ভালোভাবেই টিকে আছে। এই দলটিকে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে একদিকে সরকারের সীমাহীন ব্যর্থতা, অযোগ্যতা, ফ্যাসিজম এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া; অন্যদিকে টিকিয়ে রেখেছে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মী এবং প্রবাসী আওয়ামী লীগাররা। ছাত্রলীগের ছেলেপেলেরা জীবনবাজি রেখে বিক্ষিপ্তভাবে হলেও নানা কর্মসূচি পালন করছে দেশে, আর বিদেশে প্রবাসী আওয়ামী লীগাররা। তারা দলটিকে টিকিয়ে রেখেছে। ছাত্রলীগ ও প্রবাসীদের এই সম্মিলিত ভূমিকায় দেশে থাকা আওয়ামী লীগের নীরব সমর্থকদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে। তারা তাদের স্বপ্নের মৃত্যু ঘটতে দিচ্ছে না, বরং দিনকে দিন অবাস্তব রূপের হলেও নানাভাবে স্বপ্ন দেখছে।

আওয়ামী লীগ ফিরতে পারবে না—এই বয়ান যাদের, তারা মোহাবিষ্ট অনেকটাই। দলটি ফিরবে বলেই ধারণা। তাদের প্রত্যাবর্তন যতটা না হবে নিজেদের মাধ্যমে, তারচেয়ে বেশি পথ করে দেবে শাসকবর্গ ও এর অলিগার্কদের কর্মকাণ্ড। তবে ফেরার পথে দেশের সাধারণ মানুষদের কেউ পথে নামবে না। কোন আন্দোলনেই সাধারণেরা মাঠে নামে না। জুলাইয়ের অস্থিরতা এবং আগস্টের সরকার পতনের আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বলে যারা বলে থাকেন, তাদের সে দাবিকে আমি গ্রহণ করি না। সাধারণ মানুষের নামে কিছু লোককে সবখানে উপস্থাপন করা হয়েছিল, যারা আদতে সাধারণ ছিল না। এটা হচ্ছে মূলত প্রচারণার কৌশল। এই প্রচারণা যত বেশি শক্তিশালী হয়, সরকারবিরোধী আন্দোলন তত ভিত্তি পায়। এবং শেষমেশ সেনাবাহিনীর সহায়তার পথ উন্মুক্ত হয়।

গত বছরের যে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, সেটা ‘বিপ্লব’ মানতে রাজি নয় সরকার; সেটাকে ‘গণঅভ্যুত্থান’ বলছে তারা। গতকাল সশস্ত্র বাহিনী দিবসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে বক্তৃতা দিতে গিয়ে ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে’ সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করেছেন। মুহাম্মদ ইউনূসের এই বক্তৃতা শুনতে অনেকের ভালো, এবং এটাকে অনেকেই সেনাবাহিনীর স্বীকৃতি হিসেবে দেখলেও, তার এই বক্তব্য আদতে সেনাবাহিনীর ভবিষ্যৎ বিচারের পথ রচনা করে দিয়েছে। আইএসপিআর এবং অথবা প্রধান উপদেষ্টার প্রেস উইং যদি এই বক্তব্যের কোন ব্যাখ্যা না দেয়, তবে ভবিষ্যতে এই সেনাবাহিনীই সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্যে বিচারের আওতায় এসে যাবে। কারণ সেনাআইন, দেশের প্রচলিত আইন এবং বিদ্যমান সংবিধানে এই ধরনের ‘গণঅভ্যুত্থানে’ সেনাবাহিনীর অংশ নেওয়ার সুযোগ নাই। এটা তো দেশের হিসাব। দেশের এই হিসাবে বর্তমান যেখানে হাততালি দেওয়ার, ভবিষ্যৎ সেখানে ফাঁসির রজ্জুরও হতে পারে। আর দেশের বাইরের হিসাব তো বর্তমান ও ভবিষ্যৎ দুক্ষেত্রেই কঠিন।

শুরু করেছিলাম আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে। নেতৃত্বশূন্যতার খেসারৎ দিচ্ছে এখন আওয়ামী লীগ। দলটি দীর্ঘ দেশ শাসনকালে একদিকে যেমন হয়েছে ‘করপোরেট হাউজ’, অন্যদিকে হয়েছিল ‘স্বজন পুনর্বাসন কেন্দ্র’। দলের সভানেত্রীর পরিবারের কেউ বাদ যায়নি, বাদ যায়নি নেতাদের পরিবারের লোকজনেরাও। তাপস-পরশ-তন্ময়-হেলাল থেকে শুরু করলে নাম বলতে বলতে এই লেখার দীর্ঘ হয়ে যাবে—কেউ বাদ যায়নি। যোগ্যতার সূচক হয়ে গিয়েছিল তখন আত্মীয়তা, পদায়নের সূচক তখন হয়ে গিয়েছিল নেতাদের প্রিয়ভাজন হওয়া এবং আর্থিক সামর্থ্য। ফলে সর্বনাশ হয়ে গেছে দলের এবং এর প্রকাশ এখন দেখা যাচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এইধরনের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে গেছে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা স্বজন পুনর্বাসন কর্মসূচিতেও দেখেছিল ‘মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন’। তাপস-পরশের পদায়নে তারা দেখেছিল তাদের বাবা শেখ ফজলুল হক মণির প্রতি দলের শ্রদ্ধা, তন্ময়ের পুনর্বাসনে দেখেছিল নায়কোচিত অভিব্যক্তি। কী অদ্ভুত অন্ধত্ব।

নেতৃত্বশূন্যতায় এখন আওয়ামী লীগ। দীর্ঘ মুক্তির সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম দেওয়া দলটি এখন বাংলাদেশেই ‘নিষিদ্ধ’। সারাদেশে তাদের কয়েক কোটি ভোটার-কর্মীসমর্থক, তবু তারা অসহায়। তাদের এই অসহায়ত্ব ও পরিণতি নিজেদেরই সৃষ্ট। আওয়ামী লীগ ‘করপোরেট হাউজ’ না হয়ে আওয়ামী লীগ হয়ে থাকলে নেতৃত্ব দেওয়ার মতো কোন না কোন নেতা এই পনেরো মাসে ঠিকই বের হয়ে যেত।

লেখক
Kabir Ahmad
কবির য়াহমদ
কবি, সাংবাদিক ও লেখক; সিলেট

*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট