৭ তারিখ, বুধবার রাত ১০টার দিকে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় এক বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের আটজন মারা গেছে। রাতেই ৭ জন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুলাল হোসেন (৫৮) নামের আরও এক জন বৃহস্পতিবার, ৮ নভেম্বর সকালে মারা গেছেন।
দুলাল হোসেনের ভাই জাকির হোসেন ও পরিবারের স্বজনেরা আজ সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে জয়পুরহাট পুলিশ সুপার মো. রশিদুল হাসান জানান, ওই একই পরিবারের সাতজন মারা গেছেন,তাদের মধ্যে রাতেই তিনজন মারা যান।
পুলিশ সূত্রে জানা যায় , রাতেই যারা মারা যান তারা হলেন -আবদুল মুমিন (৩৭), তার মা মোমেনা বেগম (৫২) ও বড় মেয়ে বৃষ্টি বেগম (১৪)। ওই রাতেই দগ্ধ হন মুমিনের বাবা দুলাল হোসেন (৫৮) ও স্ত্রী পরিনা বেগম (৩২), যমজ দুই মেয়ে হাসি ও খুশি (১২) ও এক বছরের শিশুপুত্র তাইমুল ইসলাম।
রাতেই তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনটি অ্যাম্বুলেন্স করে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে মুমিনের স্ত্রী পরিনা বেগম, মেয়ে হাসি, খুশি ও শিশু তাইমুল মারা যায়। মুমিনের বাবা দুলাল হোসেনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা গেছেন। জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, রাতেই দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা হাসপাতালেই দেওয়া হয়েছে। দগ্ধ পাঁচজনের শরীরে শতকরা ৭০ থেকে ৭৫ ভাগ পুড়ে গিয়েছিল। তারা আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। পরে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
বাঙালীয়ানা/এমএইচ/জেএইচ