বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এ মাসেই যুক্ত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের উড়োজাহাজ ড্রিমলাইনার বোয়িং ৭৮৭ ‘আকাশবীণা’। জানা যায়, আগামী ১ সেপ্টেম্বর ‘আকাশবীণা’ যাত্রা শুরু করবে। সেদিন প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ফ্লাইট পরিচালনা করবে যাতে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র। টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রিমলাইনার।

বোয়িং ৭৮৭
যুক্ত্ররাজ্যের ফার্নবরোতে এরই মধ্যে ‘আকাশবীণা’ উড়োজাহাজটি প্রদর্শন করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানায়, ৪৩ হাজার ফুট উচ্চতায় ঘণ্টায় ৬৫০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম ড্রিমলাইনার। আকাশবীণার সিট সংখ্যা ২৭১টি, যার মধ্যে ২৪টি বিজনেস ক্লাস। যাত্রীদের আরামদায়ক যাত্রায় আধুনিক সব সুবিধা সহ থাকছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। চলতি পথে বিশ্বের জনপ্রিয় ৯টি টিভি চ্যানেল দেখার সুবিধা পাবেন যাত্রীরা।
এই এয়ারক্রাফটের পরিচালনা ব্যয় আমাদের সাধারণ এয়ারক্রাফটের থেকে ২০-২৫ ভাগ কম। এ বছর আরো একটি ও আগামী বছর দুটি ড্রিমলাইনার বিমান যুক্ত হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। দূরপাল্লার রুটে ব্যবহার করতে না পারলে ড্রিমলাইনার দিয়ে ব্যবসায়িক সাফল্য আসবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ২০০৮ সালে মার্কিন বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের সঙ্গে ২১০ কোটি ডলারে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করে তৎকালীন সরকার। এরই মধ্যে ছয়টি বোয়িং ট্রিপল সেভেন থ্রি হানড্রেড ইআর এবং দুটি সেভেন থ্রি সেভেন এইট হানড্রেড বিমান কেনা হয়েছে। আর বাকি আছে চারটি সেভেন-এইট-সেভেন ড্রিমলাইনার। আজ বিকেলে ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে আকাশবীণা’র।
বাঙালীয়ানা/এমএ/এআর/জেএইচ
