। পল্লল ভট্টাচার্য ।
কিছুদিন হইল জনতার এক আদালতে হাজির হইয়া আমাকে নিজপক্ষ রক্ষায় কিছু কথা বলিতে হইয়াছিল। শুরুতে বলিতেছিলাম…
“সত্য ক্ষতির কারণ হয় না বলিয়াই জানি; তাই অজ্ঞাত এক অপরাধের অভিযোগে আজ কাঠগড়ায় দাঁড়াইয়া আমাকে সত্যটাই বলিতে হইবে।
বাদী ও বিবাদী আপনাদিগের দুই পক্ষ, জনতা বিচারপক্ষ। আমি বুঝি অন্য দুই পক্ষ: কৃষ্ণ ও শুক্ল। ইহারা শশীর। প্রথম পক্ষ শ্যামাঙ্গী, দ্বিতীয় উজ্জ্বলাঙ্গী। বলিয়া রাখি, আকাশের পাখিদের মতো আমিও উজ্জ্বল রং পছন্দ করি।”
এইটুকু বলিতে না বলিতেই চারিপাশে হট্টগোল বাধিয়া গেল! হট্টগোলের কারণ বুঝিতে না পারিয়া আমাকে থামিতেই হইল। কাহাকে বলিব; শ্রোতা শুনিতে না চাহিলে বলিবই বা কি?
সভার অধিপতিকে বারংবার টেবিল চাপড়াইয়া ‘অর্ডার, অর্ডার’ বলিতে হইল। কোনোক্রমে ‘অর্ডার’ ফিরিয়া আসিবার পর আমার দণ্ড ভারী না লঘু হইবে তাহা অধিপতিগণ বিচার বিবেচনা করিলেন। কিন্তু প্রশ্ন রহিয়া গেল, আমার অপরাধ কি?
শ্যামাঙ্গী কিংবা উজ্জ্বলাঙ্গী লইয়া আমার পক্ষপাত নাই। লিঙ্গ পরিচয়ে ইহারা স্ত্রীজাতি বিবেচিত হইলেও পুংলিঙ্গের সহিত ইহাদের মনের যোগ আছে, ভালো লাগিবার ঘোর আছে, বর্ণ লইয়া বাদ-বিবাদের কোনো সংযোগ নাই। ‘তিল হইতে তাল’ তৈরির প্রচেষ্টাকে নিন্দা করিতেই হয়।
শ্রীহীনা নারী ‘কৃষ্ণকলি’ হইতে পারে, আবার শ্রীমান পুরুষও স্বভাবে ‘দুঃশাসন’ হইতে পারে। ইহার প্রমাণ সকল ইতিহাসেই দেখা যায়। ‘গুরুজনে কর নতি’ তাই সকল ক্ষেত্রে প্রযোজ্য হইতে দেখা যায় না।
হট্টগোল কি এই কারণে? যতদূর জানি, সকলেরই প্রীতি উজ্জ্বল রংয়ের প্রতি। ইহাতে লিঙ্গভেদের অবকাশ নাই।
আমরা ব্যঙ্গ করি বটে, তথাপি যে ‘কানা ছেলে’-র নাম মাতা-পিতা ‘পদ্মলোচন’ রাখেন, তাহা ভালোবাসিয়াই রাখেন। বাৎসল্যে পক্ষপাত থাকিতে পারে, কিন্তু কপটতা থাকে না।
যে জীবন আমরা কামনা করি তাহা এই দুইয়ের একটি– উজ্জ্বল কিংবা উচ্ছল। ইহা ভিন্ন অন্য জনম দুঃখময় হইতে পারে। উজ্জ্বল জনম সকলের হয় না।
এক ‘উচ্ছল’ জনমে কায়িক এবং মানসিক শ্রমের বিনিময়ে আমাদের সকল উপার্জন হইতে সরকার বাহাদুর কর আদায় করেন। ‘আয়’ এবং ‘কর’ গায়ে গায়ে সাঁটিয়া থাকে; উহাদের বিচ্ছিন্ন করা যায় না। ইহাই ন্যায়।
সংসার সামলাইতে ডান কিংবা বাম হস্তে কোনোপ্রকার দান কোনোকালে গ্রহণ করি নাই। কেন করিব? দানে বাঁচিবার জন্য তো জীবন সংগ্রাম করি নাই!
‘দীনজনে কর দান’ সেও করিয়াছি সাধ্যমত, কারণ দেখিয়াছি ধনে দীন হইলেও উঁহারা অন্তরে ধনবান।
শিক্ষিতরা হাওয়া বুঝিয়া চলেন; দীনজন মেঘের আনাগোনা বুঝিয়া শস্য রোপণ করেন, মৎস্য চাষও করেন। তাহা না হইলে শিক্ষিত বাঙালি ‘মারিব মৎস্য খাইবো সুখে’ বলিয়া অদ্যাবধি গর্বে বুক ফুলাইয়া রাখিতে পারিতো না। এই গর্বের শূন্যতা কেহ মানিতে চাহিবেন না, জানি।
দীনজনের ঐকান্তিক স্বপ্ন, “আমার সন্তানেরা যেন থাকে দুধে ভাতে।” দুধ ছাড়িয়া ইদানীং তাহা ‘ডালে-ভাতে’ এবং ‘আলু-ভাতে’ হইয়াছে। তাহার যোগানও কষ্টসাধ্য, কেননা ব্যয়ের অসংখ্য পথ থাকিলেও আয়ের পথ সুগম করা যায় নাই।
এহেতু, দীনজন দীন হইয়াই রহিল এবং তাহাদের ‘নুন আনিতে পান্তা ফুরায়’ এমন অবস্থারও পরিবর্তন হইলো না! এই পরিবর্তন না ঘটিবার কারণ জানিতে চাহিলে দেখি বিজ্ঞ হইতে অভিজ্ঞ সকলজনই অদ্ভুত নীরবতা অবলম্বন করেন! ‘অন্ধজনে দেহ আলো’, কে যে দেন তাহাও বোঝা হইল না!
‘টাকায় কি না হয়’ এই গর্বিত উচ্চারণ শুনিয়া টাকাকে একবার জিজ্ঞাসা করা হইয়াছিল ‘তুমি কার’; উত্তরে সে বলিয়াছিল, ‘যার পকেটে থাকি তার’। পকেটে সকল আকারের বস্তু রাখা যায় না বলিয়া জানিতে চাওয়া হইয়াছিল, ‘টাকা তুমি দেখতে কেমন’; উত্তরে বলিল, ‘গোল’।
নতুন করিয়া সেই যে গোল বাধিল তাহার সমাধান আজিও হইল না। পরন্তু, টাকার আকৃতি পরিবর্তন করিয়া চ্যাপ্টা, আয়তাকার করা হইয়াছে। এই আকার পরিবর্তন আরও গোলমালের কারণ হইলো। টাকা যারপরনাই চঞ্চল হইয়া উঠিল।
কবি লিখিলেন, ‘চঞ্চল টাকা অঞ্চলে বেঁধো না’। বাঁধিয়া রাখিবার যে উপায়ও নাই, সেটি কবি ভাবেন নাই। থাকিলে তবেই না বাঁধিয়া রাখিবার প্রশ্ন ওঠে!
তাই তাহাদের এবং আর বাকি সকলের কথা আমাকে লিখিতেই হয়। ইহাই কি আমার অমোচনীয় অপরাধ হইল? কব্জির মোচড়ে এই অভিযোগ খণ্ডনের ক্ষমতা সাধারণের নাই, মানিবেন নিশ্চয় সবাই।
মাননীয় সভাধিপতি, একদল কহে, পৃথিবী তাহাদের– যাহারা ‘অস্ত্রসজ্জিত’ আরেকদল কয়, পৃথিবী তাহাদের– যাহারা ‘কলমসজ্জিত’। একাকী কেহই যে সম্পূর্ণ পৃথিবীর দখল লইতে পারে না তাহার উদাহরণ আলেকজান্ডার হইতে হিটলার এবং সেক্সপিয়ার হইতে রবীন্দ্রনাথ পর্যন্ত বিস্তৃত। কে এই সত্য অস্বীকার করিতে পারেন!
আমি ‘কলমসজ্জিত’-র দলভুক্ত। চাহি নাই কখনো পৃথিবীর দখল; ‘কলম’ যে ‘কয়েকটি পয়সায় কেনা… ক্রীতদাস’ হইতে পারে না। তাই আমি যে ‘হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ হইয়া উঠিয়াছি তাহাতে কোনো মিথ্যা নাই। কিন্তু কেহই এই কথাসকল ‘শুধাইতে’ আগ্রহী নন, শুনিবার তো প্রশ্নই ওঠে না।
এইটুকু ভাবিয়া এবং সেইসব লিখিয়া যদি আমি অপরাধী সাব্যস্ত হই, তাহা হইলে মানবজাতির দীনতা বিষয়ক সকলপ্রকার লেখালেখি এক্ষণেই নিষিদ্ধ ঘোষিত হউক নতুবা পোড়াইয়া ফেলা হউক। পোড়াইয়া ফেলিবার ইতিহাস সুপ্রাচীন; ক্ষতির বিশেষ বৃদ্ধি হইবে বলিয়া মনে হয় না।
তথাপি কি লিখিব না লিখিব– এই সংকটে পড়িয়া কলম বর্জন করা আমাদিগের জন্য শুভকর্ম হইবে না বলিয়াই আমার ধারণা। ইহাই আমার আত্মপক্ষের কথা এবং ‘কলমসজ্জিত’দের যুক্তি ও মুক্তির কথা।
‘জনতা জনার্দন’, আপনাদিগের রায়ই চূড়ান্ত রায় মানিতে হয়। এই রায়ের ওপরই নির্ভর করিবে আমার মতো ‘ছোটোদের-বড়োদের সকলের’ ভবিষ্যৎ।
অযথা কালক্ষেপণ করিবেন না; জানাইবেন সত্বর সেই ‘সোনার’ ভবিষ্যতের নাগাল পাইতে আমাদিগকে আর কী কী কর্ম করিতে হইবে।
১৬ ডিসেম্বর, ২০২৫
লেখক:
পল্লল ভট্টাচার্য
সাংবাদিক, গদ্যলেখক, প্রাবন্ধিক; কলকাতা