আদোনিসের পাঁচটি কবিতা

Comments

আদোনিস: আরব কবি, অনুবাদক, সম্পাদক ও তাত্ত্বিক আলী আহমাদ সাইদ আসবার, যিনি আদোনিস নামে বেশি পরিচিত – সিরিয়ার আল-কাসাদিন গ্রামে কৃষক পরিবারে ছয় সন্তানের মধ্যে জ্যেষ্ঠ হিসেবে জন্মগ্রহণ করেন। আর্থিক সীমাবদ্ধতার কারণে আনুষ্ঠানিক শিক্ষার খরচ বহন করা সম্ভব না হলেও, তাঁর বাবা নিজেই তাকে পড়তে শেখান এবং পরিবারের খামারে কাজ করার সময় কবিতা মুখস্থ করাতেন।

চৌদ্দ বছর বয়সে তিনি পাশের এক শহরে সফররত সিরিয়ার প্রেসিডেন্ট শুকরি আল-কুয়াৎলি (Shukri al-Quwatli) -এর সামনে একটি কবিতা আবৃত্তি করেন। এতে মুগ্ধ হয়ে প্রেসিডেন্ট তাকে স্কুলে পড়ার সুযোগ করে দেন। তাঁর সহায়তায় আদোনিস একটি ফরাসি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং পরে Damascus University থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কৈশোরের শেষদিকে তিনি গ্রিক পুরাণের উর্বরতার দেবতা Adonis-এর নাম অনুসারে “আদোনিস” ছদ্মনাম গ্রহণ করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে এক বছর কারাবাসের পর তিনি বৈরুত চলে যান, যেখানে প্রবাসী লেখক ও শিল্পীদের সমৃদ্ধ একটি সমাজে তিনি যুক্ত হন। সেখানে তিনি Shi’r ও Mawaqif নামে দুটি প্রগতিশীল সাহিত্য পত্রিকা সহ-প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন এবং Saint Joseph University থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরবি কবিতার প্রচলিত কাঠামো থেকে সরে এসে আদোনিস মুক্তছন্দ, পরিবর্তনশীল মাত্রা এবং গদ্যকবিতায় নতুন পরীক্ষা-নিরীক্ষা করেন। নির্বাসন ও রূপান্তরের মতো বিষয়কে তিনি একাধারে কৌতুকপূর্ণ ও ভবিষ্যদ্বাণীময় কণ্ঠে উপস্থাপন করেন। ২০১০ সালে Charles McGrath-এর সঙ্গে The New York Times-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরব ঐতিহ্য ও পুরাণ থেকে অনুপ্রেরণা নিয়ে চান, কিন্তু তাতে আবদ্ধ থাকতে চান না বলে মত প্রকাশ করেন। তিনি কবিতার সরলরৈখিক গঠন ভেঙে দিয়ে একে একটি জালের মতো বহুমাত্রিক রূপ দিতে চেয়েছেন।

আদোনিসের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে Adonis: Selected Poems (২০১০, অনুবাদ: Khaled Mattawa), Mihyar of Damascus: His Songs (২০০৮), If Only the Sea Could Sleep (২০০২), এবং The Blood of Adonis (১৯৭১), যা International Poetry Forum-এর Syria-Lebanon Award অর্জন করে। তাঁর গুরুত্বপূর্ণ তাত্ত্বিক গ্রন্থ An Introduction to Arab Poetics (২০০৩) আধুনিক আরবি সাহিত্যচর্চায় বিশেষ প্রভাব ফেলেছে।

আদোনিস তাঁর সাহিত্যকর্মের জন্য বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যেমন Nâzim Hikmet Poetry Award, Bjørnson Prize, ব্রাসেলসের International Poem Biennial-এর সর্বোচ্চ পুরস্কার এবং Syria-Lebanon Best Poet Award। ১৯৮৩ সালে তিনি Stéphane Mallarmé Academy-এর সদস্য নির্বাচিত হন।

তিনি Sorbonne University, Damascus University এবং Lebanese University-তে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি Paris-এ বসবাস করছেন।

পরিক্রমণ

ভেবেছিলাম তোমাদের সাথে
ভাগাভাগি করে নেবো
তুষার ও অগ্নির এক জীবন আমার।
অথচ
না হিম না অনল আমাকে
কিছুমাত্র সুযোগ দিলো তার।
অগত্যা
নিজেকে মানাতে চাইলাম
আমি পুষ্পের মতো—প্রতীক্ষায়,
থিতু হতে চাইলাম—
প্রস্তর যেমন হয়, অনড়, ঠায়।
বিপরীতে হলাম আমি
ভালোবাসায় নিলীন।
চূর্ণ ও নিশ্চিহ্ন
হতে দেখতে থাকলাম নিজেকে
যতক্ষণ না হলাম বিলীন—
আছড়ে পড়া উত্তুঙ্গ ঢেউয়ের মতো,
স্বপ্নের একটা জীবন আর জীবনভর
পালটে যেতে থাকা যতিহীন দু:স্বপ্নের
এক যাপনের ভিতর।

দিনগুলো

চোখজোড়া আজ ক্লান্ত আমার, দিনযাপনে ক্লান্ত,
দিনগুলোর রকমফের বিবেচনা ছাপিয়ে ক্লান্ত।
আমাকে তবু এফোড় ওফোড়
করে যেতে হবে একের পর এক দেয়াল—
একটা দিনের পর আরেকটা দিনের সন্ধানে
যতিহীন এই খনন ব্যস্ততার যদিও জানা নেই
এইবার ফুঁড়ে বেরুলে—আর দিন অপেক্ষায়
আছে কিনা ওপারে।

ব্রাজক-কথন

ব্রাজক আমি, বিলীনাকাঙ্ক্ষী প্রার্থনায় চাই—
ধুলায় মিশে যাই।
চিরনির্বাসনে, মুক্তির গানে
অন্তর্লীন সমর্পণের ভজনে
বিশ্বচরাচর পুড়ে হোক ছাই
অন্তরাত্মা পেয়ে যাক অলৌকিক সন্ধান।
আমি পাই আরাধ্য
পুনরুত্থান।
পাপমুক্ত পুনর্জন্মের সমান।

সিসিফাসের স্মৃতিফলক

আরো যাদের আমি চিনি। অনাগত
সময়ের মুখোমুখি হবার আগে আজ
তাদের দিকে দিই—ছুড়ে দিই অবিরত
পাথরে সঞ্চিত সব আক্ষেপ-অনুতাপ।
নিষ্পাপ বছরগুলো তো উদগ্রীব দহনে
জীবনের মতো ঘুর্ণি খাচ্ছে গর্ভ-গহিনে।

পশ্চিম সীমান্তে আমি দেখতে পেয়েছি
এক অমোঘ সবুজ আলোকবর্তিকা—জানি
ওই অব্দি পৌঁছার অনেক আগেই হয়তো
হারাবো নিজ সত্তা। মানুষ বিমুখ আমি
তবু আগামীর সূর্যকে কাঁধে বয়ে
পৌঁছাবো আগামীর স্বর্গ-সন্ধিক্ষণে।

হাত ফস্কে

আজ আমি নিবেদন করলাম করতল দুখানি আমার
স্থবির জড়-জমিন আর স্তব্ধ পথের জন্য প্রণতি
দু’চোখের পাপড়ি জোড়া আমার সেলাই ফোঁড়ে বুজাবার
আগে বিস্তৃত জমিনের শরীর জুড়ে আমার ত্বককে
বিছিয়ে সেলাইয়ের আগে দু’হাত ভরিয়ে যদি দাও
মৃত্যুর মতো চিরন্তন নিদ্রা আজ সম্প্রদানের আগে

অনুবাদক:
Lutful Hossain03
লুৎফুল হোসেন
কবি, গল্পকার, প্রাবন্ধিক ও অনুবাদক, ঢাকা

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট