আমার প্রতিবাদের ভাষা…

Comments

। কাওসার চৌধুরী ।

আমার প্রতিবাদের ভাষা সাঙ্গীতিক। আমার প্রতিবাদ নান্দনিক। আমার প্রতিবাদ মানবিক স্নিগ্ধতায় ভরা। তাই বলে এটা ভেবে ভুল করার কোন কারণ নেই যে, ‘শত্রু এলে অস্ত্র হাতে’ তুলে নিতে জানি-না! কিংবা বুক পেতে দিতে জানি না আমরা বুলেটের সামনে!

Chayanat01

ছায়ানটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে ‘গানে গানে সংহতি-সমাবেশ’ নেতৃবৃন্দ।

একাত্তরে আমাদের ওই রূপটি দেখেছে বিশ্ব; দেখেছে পাকিস্তানিরা। ফলশ্রুতিতে এসেছে একটি নতুন দেশ- বাংলাদেশ। এসেছে স্বাধীনতা। পেয়েছি একটি নতুন মানচিত্র। পেয়েছি নতুন পতাকা। নতুন সঙ্গীত। বিশ্বসভায় বাংলাদেশ তার আগমনী পদচিহ্ন এঁকে দিয়েছে স্পর্ধভরে- ১৯৭১-এ।

কিন্তু সময়ের বাঁকে বাংলাদেশে ঘটে গেছে অনেক পট পরিবর্তন। বিগত ৫৪ বছরে- দেশী বিদিশী চক্রের সুচতুর ষড়যন্ত্র, আমাদের ভুল, আমাদের অবহেলা, আমাদের অসতর্কতা আজকের এই ‘চরম’ পরিস্থিতিতে ঠেলে দিয়েছে জাতিকে! আমাদেরই আশ্রয়ে-প্রশ্রয়ে ‘গোকুলে’ বেড়ে ওঠেছে হত্যাকারী, স্বাধীনতা বিরোধীরা! তারা সময়মতো ছোবল দিয়েছে মোক্ষম স্থানে- রাষ্ট্রের মূল স্তম্ভে। আজ তারা বাংলাদেশের স্বাধীনতার, মহান মুক্তিযুদ্ধের মনগড়া বয়ান (narrative) জাতির সামনে উপস্থাপনের সাহস দেখায়! বিভ্রান্ত করে নতুন প্রজন্মকে।

Chayanat02

ছায়ানটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে ‘গানে গানে সংহতি-সমাবেশ’।

সরাসরি তারা ঝাঁপিয়ে পড়েছে আমাদের সংস্কৃতির ওপরে। আগুন দেয় ওরা সংস্কৃতির আতুড় ঘরে। রাত দুপুরে পুড়িয়ে দেয় মহাফেজখানা (archive), পত্রিকা-ভবন। পুড়িয়ে মারতে উদ্ধত হয় সংবাদ কর্মীদের। হেনস্তা করে গণমাধ্যম ব্যক্তিত্বদের! ধ্বংস করে দিতে চায় বাঙালির ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি!

বাংলা সংস্কৃতির ওপরে আক্রমণের প্রতিবাদে আজ সংহতি-সমাবেশ করেছে এ দেশের প্রাচীন এবং বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’। তাদের আমন্ত্রণে ছায়ানট ভবনের সামনে সমবেত হয়ে গানে গানে প্রতিবাদ জানিয়েছে- দেশের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিকসহ সংস্কৃতিসেবী এবং প্রগতিশীল মানসের হাজারো মানুষ। সংহতি জানিয়েছে বাঙলা, বাঙালি সংস্কৃতি এবং ছায়ানট-এর প্রতি।

ও আমার দেশের মাটি, আমার মুক্তি আলোয় আলোয়, আগে কী সুন্দর দিন কাটাইতামসহ বেশকিছু সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পরিবেশিত হয় এই প্রতিবাদ। সবশেষে পরিবেশিত হয় আমাদের প্রাণের গান- ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি……’- আমাদের জাতীয় সঙ্গীত।

Chayanat03

ছায়ানটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে ‘গানে গানে সংহতি-সমাবেশ’ জাতীয় সঙ্গীত।

দীর্ঘদিন পর আজ দেখা হলো অনেক সহকর্মী বন্ধুদের সাথে। বিশেষত- অনেক নাট্যকর্মী, ফটো-সাংবাদিক, বুদ্ধিজীবী এবং গণমাধ্যম কর্মীদের সাথে। প্রত্যেকের সম্পর্কে আলাদা করে লিখতে গেলে এখানে সংকুলান হবেনা। তাই বলে হাল ছাড়ছিনা কিন্তু। ইচ্ছে আছে দিন দু’এক সময় নিয়ে সবাইকে নিয়ে যতটা সম্ভব বিস্তারিত লিখবো।

জয় আমাদের সুনিশ্চিত। বাঙালি পরাভব মানেনি কোনদিন। নতুন করে আমাদের কাঙ্ক্ষিত সূর্য ওঠার সময় খুব দূরে নয়। জয় হোক আমাদের সকলের।

জয় বাংলা। বাংলার জয়।

– ২৩ ডিসেম্বর, ২০২৫

ছবি: লেখক
ফটো ফিচার: বেলায়েত হোসেন মামুন 

লেখক:
Kawsar Chowdhury
কাওসার চৌধুরী
প্রামাণ্যচিত্রকার ও নাট্যাভিনেতা, ঢাকা

*প্রকাশিত লেখার বানানরীতি লেখকের একান্তই নিজস্ব।

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট