জীবন্মৃত
এক জীবনেই পেয়েছি জীবন্মৃতের স্বাদ
আমাকে জীবন দিয়েছে ব্যথার ভার
স্বর্গচ্যুত জীবন মৃত্যুকে তুমি
দু’হাত উপড়ে তুলে নাও
সুর তুলে নাও অশ্রুগাঁথা।
তুমি বলো, জীবন অদ্ভুত
বেঁচে ওঠো, এই নাও রক্তজবা
সুগন্ধি বেলীর নুয়ে পড়া
অলৌকিক জীবনের ভার।
আমি বলি, ব্যথাময় এ শরীর
দেখো ফুটে উঠছে যেন সে
রক্তকুসুম উঠছে জেগে!
তুমি বললে, নাও তো দিলাম
ভরে তোলো তোমার জীবন।
দেখোতো বাঁচতে পারো কিনা
আলোভরা ভোরের আলোয়
একটি শিশিরবিন্দু, কানাকোকা
বাজপাখির ডানায় ভর করে
উড়ে চলি যেন ভূতগ্রস্ত
সূদুর জীবন কিংবা মৃত্যু,
তোমায় দিলাম, নাও, বেঁচে ওঠো।

রূপ অরূপের দেশে
যদি বলি দাও সবটুকু
তুমি হেসে হেসে বলো
চলো চলো দেরি হয়ে যায়,
ওই যে পুবাকাশে আলো…
ওখানে চলো, রূপ
আর অরূপের দেশে
তুমি কোন রূপকথা বলো!
আমি আগুনের গল্প বলি
তুমি তাতে জল দাও
হাওয়া দাও, ফানুস,
ফানুস হয়ে উড়তে
থাকে মানুষ!

আলোমাখা ভোর
যখন হয়তো তুমি
মরেই উঠছো বেঁচে যেন
পৃথিবীর সব দুঃখ নিয়ে কেউ জাগে।
কেউ হয়তো খুঁজছে তুমি
বেঁচে আছো তো, হারিয়ে
ফেলেছি যখন বেঁচে
থাকার সকল আশা!
জীবন যখন অগ্নিগর্ভ
তখন হয়তো প্রকৃতির দূত
হয়ে কেউ আসেন বলেন, দেখো,
বেঁচে ওঠো, যেটুকু সময়
হাতে পেয়েছো সেটুকু,
করে তোলো হিরন্ময় শোভা।
কোনো কোনো ভোরে ঘরে আলো
আসে, বারান্দায় পাখিদের কোলাহলে,
মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি।
পৃথিবী অনেক কষ্টের ভেতর দেয়
আলো, দেয় হাওয়া, সবুজ পাতা
হয়ে যায় হলুদ নিঝুম,
তার ঝরে পড়া গীতিমালা।
তুমি দুঃখে ডুবে যেতে যেতে
তাকিয়ে দেখতে থাকো ভোর
এখনো সূর্যের বিভা নিয়ে
নির্জন উজ্জ্বল মুখরিত।

ভূমি
যেন আমি ফিলস্তিন
আমাকে উৎপাটিত করা
হয়েছে আমার ভূমি থেকে
আমার থেকেই কেটেছে নাভির শিশুস্বাস
সে আমার, আমার রক্তের ভেতরে উঠেছে গড়ে
পৃথিবীর আশ্চর্য সুন্দর এক শিশু!
তোমরা নিয়েছো কেড়ে
দিয়েছো আমাকে মৃত্যু গাঢ়।
আমি তবু চেঁচিয়ে চলেছি
বলছি আমার শিশু
আমার জঠরে জন্ম নেয়া
দাও, তাকে দাও, কোল ভোরে।
দেখো আমার শিশুর চাঁদমুখ
দেখো তার ঐশ্বিরিক মুখ,
সপ্তমাকাশে জ্বলছে উজ্জ্বল নক্ষত্র।
তোমরা আমার থেকে নেবে
কি আর বলো তো, আমি
ফিলিস্তিন আমি ধ্বংস হয়ে
যাওয়া প্রান্তর কারবালা!
ফোরাতের তীরে আমি
দাঁড়িয়ে চিৎকার করে
ডাকি সাত আসমানে
বসা তিনি কি দেখেন!
ধ্বংসলীলা চলছে মানুষে
মানুষের ভেতর ভিড়ের মাঝে,
খুনি দাঁড়িয়ে হাসছে হাতে তার
রক্তের জিঘাংসা চোখে ঠুলি।
মানুষ মানুষ মারছে মানুষ বলো
তুমি কার কাছে চাইবে বিচার!
বলো, তুমি কোথায় ঈশ্বর
এই শিশু পেলো না কোল!
বলো, কেনো খালি করে: নিলে
কেড়ে আমার সন্তান!
দুই চোখ আমার নিয়েছো
দাও ফিরিয়ে আলোর মুখ।

নমিত হও
নমিত হও, শব্দহীন হও
তুমিও যেতে পারো এক লহমায়, কোন দেরী
হবে না,
জেনে রেখো যে মৃত্যু অবশ্যম্ভাবী।
কে তুমি? কোন দল করো?
কোন দল থেকে আসা ‘বলো।’
আমার দলের নাম দেশ,
আমার ছেলের নাম?
বাংলাদেশ।
স্বাধীনতা আমি
পেয়েছি বাবার কাছে,
মায়ের দুনিয়া থেকে শিক্ষা।
ধৈর্য্য, শান্ত, বিপদে অস্থির
না হয়ে শিখেছি মোকাবিলা ‘ করো’।
শিখেছি পরম দয়ালু
কান্ডারী পৃথিবী গড়ে
বলেছেন যে সবার উপরে মানুষ
সে সত্য, সে দিব্য সে আলো, সুর!
তোমরা কে কাকে মারছো কাকেই তুমি আঘাতের পরে
আঘাত হানিয়ে বলো তুমি সৃষ্টিতে ধর্মেতে মতি আনো?
তোমার ভেতরে আছে
সমস্ত প্রার্থনালয়।
তিনি নিরঞ্জন, নিরাকার
সৃষ্টির আদিতে ছিল।
পরেও থাকবে তুমি আমি
কে বলার! আমাকে গড়িয়ে
বলেছিল এই তুমি মাটির পুতুল
মাটিতে, বায়ুতে তোমার আয়ুর রেশ।
এক আকাশ স্তব্ধতা,
অসংখ্য আত্মার গান নিয়ে
তুমি চলেছো কাফেলায়…
মরুর উষার লাল প্রান্তে,
সেখানে কে তুমি, কে আমি, সব
নিরাকার সূর্য এক গ্রহ!
আমার আত্মাকে দেন তাপ,
সেখানেই তুমি আছো,
তোমাতেই সব বিনাশ ক্ষয়ের লয়।
হে সৃষ্টি দাও হে,
মানুষকে, দাও, দুঃখ জ্বরা
বয়ে নেবার অক্লান্ত শক্তি।
তুমি কে, পরম! তুমি কে, আত্মা
তোমাতেই বাস করেন পরম।
তুমি কোন দল থেকে আসা,
এ কথা বলো না আমাকে চেঁচিয়ে শোন, আমি এসেছি দূরের
সমুদ্রের ঘ্রাণ নিয়ে লোনাজলে ভেসে।
ভেসে ভেসে ব-দ্বীপে, জন্মেছি
সিসিফাস আমি এক গড়ি,
পড়ে যাই উঠে দাঁড়াই রুহের
বিলাপ ক্রন্দন নিয়ে।
আবার রক্তিম লাল প্রান্তে
ছেলের চোখের দেখা
চোখে পৃথিবীর আলো দেখি।
চেঁচিও না তোমরা, শান্ত হও
দেখো, তুমি যাবে, আমি যাবো
মাটির পৃথিবী মাটিতেই মিশে যাবো।
যাবার সময় বলবো একটা সূর্য,
তার আলো থেকে নিচ্ছো
তাপ, নিচ্ছো বেঁচে থাকা
এক আশ্চর্য লড়াই।
চিৎকার করো না, শান্ত
হও, নমিত নিজের কাছে।
তোমার বীরত্ব লীণ করে
মাটি, বায়ু, জল, অগ্নি।
থামো শান্ত হও, দেখো
মাটি লিখে রাখছে আয়ুর
হিসেব একটা কোড়াপাখি।

লেখক:
আয়শা ঝর্না
কবি, অনুবাদক, প্রাবন্ধিক; ঢাকা