।। ইকরাম কবীর ।।
আলব্যের কামুকে সারা বিশ্ব আধুনিক অস্তিত্ববাদী সাহিত্যের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে এবং চেনে। তাকে ছাড়া অস্তিত্ববাদী দর্শন কল্পনা করা কঠিন। তবে একই সাথে এও সত্য যে কামু তার গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধে মানুষের স্বাধীনতা বা স্বাধীন চেতনা এবং দায়িত্ববোধের ধারণাকে অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন এবং বিশ্লেষণ করেছেন। কামুর লেখায় মানুষের স্বাধীন চেতনা ও দায়িত্ববোধ একই সাথে একটা কেন্দ্রীয় বিষয় হিসেবে আমাদের সামনে এসেছে যা আমাদের জীবনের চিরন্তন দ্বন্দ্বগুলোর প্রতিফলন। তার দুটো প্রধান উপন্যাস ‘দ্য স্ট্রেইঞ্জার’ এবং ‘দ্য প্লেইগ’ পড়লেই এই দিকটা বোঝা যায়। আসুন আমরা এই দুই উপন্যাসের দুই প্রধান চরিত্রদের দিকে তাকাই এবং তাদের জীবন ও কর্মের মধ্যে দিয়ে কামু এই ধারণাগুলোর কেমন করে প্রকাশ করেছেন তা বোঝার চেষ্টা করি।
কামুর রচনায় স্বাধীনতার চেতনা এবং দায়িত্ববোধের দৃষ্টিভঙ্গী বেশ জটিল ও গভীর। দার্শনিক দৃষ্টিকোণ থেকে তিনি আমাদের বোঝাচ্ছেন যে আমরা এক অর্থহীন এবং অনিশ্চিত জগতে বাস করি যেখানে ঈশ্বর বা পরমাত্মার ধারণা অনুপস্থিত। এই অর্থহীনতার মধ্যেই, আমাদের নিজেকে সংজ্ঞায়িত করতে হয় এবং নিজের কর্মের দায়দায়ীত্ব নিজেকেই নিতে হয়। কামুর মতে, জীবন হচ্ছে একটা অ্যাবসার্ড বা অর্থহীন বাস্তবতার মুখোমুখি হওয়া এবং এই অর্থহীনতার মধ্যেই জীবনের সৌন্দর্য খুঁজে পাওয়ার একটা সার্বক্ষণিক প্রচেষ্টা।
কামু বিশ্বাস করেন যে মানুষ স্বাধীন, তবে এই স্বাধীনতা সঙ্গে একটি বড় দায়িত্বও অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ আমরা মানুষেরা আমাদের নিজেদের সিদ্ধান্ত এবং কর্মের জন্য আমরাই দায়ী। এই দায়িত্ববোধ থেকেই আমাদের মধ্যে একধরনের মানবিকতা এবং পরস্পরের প্রতি ভালোবাসা জন্ম নেয়। কামুর চরিত্ররা এই দায়িত্ববোধকে তাদের জীবনযাত্রার মাধ্যমে প্রকাশ করে। ম্যোরসো এবং ড. রিয়োর চরিত্র এই দুই দিককে আলাদা আলাদাভাবে তুলে ধরেছে, যাদের মাধ্যমে আমরা কামুর স্বাধীন মনের চেতনা ও দায়িত্ববোধের ধারণা সম্পর্কে জানতে পারি।
‘দ্য স্ট্রেইঞ্জার’-এর মূল চরিত্র ম্যোরসো এমন একজন ব্যক্তি, যে প্রচলিত সামাজিক রীতিনীতির প্রতি উদাসীন, নির্লিপ্ত। মায়ের মৃত্যুতে শোক প্রকাশ না করা থেকে শুরু করে, প্রেমিকা মারীর বিয়ের প্রস্তাবে নিরাসক্ত প্রতিক্রিয়া – ম্যোরসোর প্রতিটা কাজই সমাজের প্রচলিত প্রথার সঙ্গে তার বিচ্ছিন্নতাকে স্পষ্ট করে আমাদের সামনে তুলে ধরে। সে তার নিজের অনুভূতি ও কর্ম সম্পর্কে পুরোপুরি সচেতন থাকলেও, আমাদের চোখে তা দায়িত্বজ্ঞানহীন বলেই মনে হয়।
ম্যোরসোর তার জীবনের স্বাধীনতাকে অদ্ভুত ভাবে অনুভব করে। সে বিশ্বাস করে যে আমাদের জীবনে আসলে কোনো উদ্দেশ্য নেই, তাই জীবনের প্রতি তার একটা নির্লিপ্ত মনোভাব পুরো উপন্যাস জুড়ে আমরা দেখতে পাই। এই নির্লিপ্ততা তার স্বাধীনতার অদ্ভুত এক প্রকাশ। সে মনে করে, জীবন অর্থহীন এবং একদিন সবারই মৃত্যু হবে তাই জীবনের কোনো বড় অর্থ খোঁজার চেয়ে প্রতিটা মুহূর্তকে উপভোগ করাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সে নিজের মতো জীবন যাপন করে, নিজের মতো চলে। তবে এই স্বাধীনতা ম্যোরসোর জন্যে একধরনের দায়িত্ববোধের অভাব তৈরি করে। সে কোনো সামাজিক বাধ্যবাধকতা মেনে চলে না এবং তার প্রতিটা কাজ কেবল তার নিজের ইচ্ছা-অনুভূতির ভিত্তিতে সে নির্ধারণ করে। যখন সে একজন আরবকে খুন করে, তখনও সে তার এই কাজের জন্যে কোনো অনুশোচনা অনুভব করে না। সে বলে সূর্যের তীব্র তাপ এবং আশেপাশের পরিবেশের প্রভাব তাকে এ কাজ করতে প্রভাবিত করেছে। তবে আদালত তার অপরাধের বিচার করার সময়, তারা তার অনুভূতিহীনতাকে অপরাধ হিসেবে বেশি গুরুত্ব দেয়। এখানে কামু আমাদের দেখান যে, ম্যোরসোর স্বাধীনতার এই অভাব তার জীবনকে অদ্ভুতভাবে সংজ্ঞায়িত করে।
ম্যোরসো তার জীবনের স্বাধীনতা ভোগ করলেও, তার দায়িত্ববোধের অভাব তাকে এক ধরনের শূন্যতার দিকে নিয়ে যায়। সমাজের চোখে তার এই উদাসীনতা তাকে অপরাধী করে তোলে। কামু এখানে প্রশ্ন করেন – স্বাধীনতা কী আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার অধিকার দেয়, নাকি সেই স্বাধীনতা সঙ্গে আমাদের উপর দায়িত্বের বোঝাও ঘাড়ে চাপিয়ে দেয়?
কামুর ‘দ্য প্লেইগ’ উপন্যাসে ড. রিয়োকে আমরা একজন নিতীবান এবং দায়িত্বশীল চরিত্র হিসেবে দেখি। ওরান শহরে মহামারী ছড়িয়ে পড়লে ড. রিয়ো একজন চিকিৎসক হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে সব ঝুঁকি মেনে নিয়ে জন-মানুষের সেবা করতে এগিয়ে আসেন। তিনি বুঝতে পারেন যে, প্লেইগের বিরুদ্ধে তার লড়াই হয়তো কোনো বড় পরিবর্তন আনবে না, তবুও তিনি তার কাজ চালিয়ে যান, কারণ তিনি মানুষের জন্যে তার দায়িত্ববোধকে অনুভব করেন। এই দায়িত্ববোধই তার জীবনযাপনের মূল চালিকা শক্তি।
রিয়োর চরিত্রের মাধ্যমে কামুর দার্শনিক দৃষ্টিভঙ্গির আরেকটি দিক আমাদের সামনে আসে। মানুষের জীবন দুর্ভোগ আসবে তা অবশ্যম্ভাবী। তার মধ্যেও মানুষের জন্যে মানুষের ভালোবাসা থাকে। ড. রিয়ো মহামারিতে নুয়ে পড়া মানুষের সেবা করছেন। তিনি সবাইকে বাঁচাতে চান। তিনি জানেন যে তার এই লড়াইয়ে ইতবাচক ফলাফল কিছু আসবে না, কিন্তু তারপরও তিনি চেষ্টা চালিয়ে যান কারণ তিনি বোঝেন যে এটা তার নৈতিক কর্তব্য। কামু তাকে যেমন করে চরিত্রায়ন করেছেন তা পড়ে আমরা বুঝি যে রিয়ো বিশ্বাস করেন করেন যে জীবনের অর্থহীনতা আমাদের দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থেকে মুক্ত করে না, বরং সেই অর্থহীনতার মধ্যেও দায়িত্বের গুরুত্ব আছে বলে আমাদেরকে ইঙ্গিত দেয়। এই ইঙ্গিতটাই কামু আমাদের বোঝাতে চেয়েছেন। ড. রিয়োর দৃষ্টিভঙ্গি থেকে আমরা বুঝি যে, জীবনে মুক্তির চেতনার অনুভূতির সাথে মানবিক দায়িত্বের সমন্বয় ঘটাতে হয়।
ম্যোরসো এবং ড. রিয়ো’র চরিত্র কামুর দার্শনিক ভাবনার দুই রকম চিন্তাকে আমাদের সামনে তুলে ধরে। ম্যোরসো তার নির্লিপ্ততা এবং আবেগহীনতার মধ্যে নিজের জীবনের স্বাধীনতা খুঁজে পায়। সে মনে কর মানুষ নিজেই নিজের নিয়তি ঠিক করে এবং তার জন্য কোনো দায়িত্ব পালনের প্রয়োজন নেই। তার নির্লিপ্ততা এবং অনুভূতিহীনতা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে তোলে এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, ড. রিয়ো এমন একজন ব্যক্তি যিনি নিজের স্বাধীনতা ভোগ করেও দায়িত্ববোধের মাধ্যমে জীবনের অর্থ খুঁজে পান। তিনি জীবনের অর্থহীনতাকে মেনে নিয়েও মানুষের সেবা করার সিদ্ধান্ত নেন কারণ তিনি বিশ্বাস করেন যে এটা তার দায়িত্ব। রিয়োর এই দৃষ্টিভঙ্গি মানুষের প্রতি তার ভালোবাসা এবং সহমর্মিতার প্রকাশ। তার দৃষ্টিতে আমরা কামুর অ্যাবসার্ড হিরোর ধারণাকে অন্য ভাবে দেখতে পাই যেখানে মানুষ জীবনের নিরর্থকতার মধ্যে দিয়েও তার মানবিকতা ও দায়িত্ব পালনের জন্য লড়াই করে।
কামুর অ্যাবসার্ডিজমের মূল কথা হচ্ছে জীবনে কোনো পরম সত্য বা উদ্দেশ্য নেই। কিন্তু এই অর্থহীনতার মধ্যেও মানুষকে জীবনের প্রতি দায়িত্ববান হতে হবে এবং নিজের কাজের জন্য নিজেকেই দায় নিতে হবে। কামু বিশ্বাস করেন জীবনের অর্থহীনতা মানুষকে মুক্তি দেয়, কিন্তু সেই মুক্তির সঙ্গে দায়িত্ববোধও যুক্ত থাকে।
ম্যোরসোর মতো চরিত্ররা যখন জীবনের নিরর্থকতাকে উপলব্ধি করে, তখন তারা স্বাধীনতার চেতনা অনুভব করে, কিন্তু তারা যদি সেই স্বাধীনতার সাথে দায়িত্ববোধকে যুক্ত না করে, তাহলে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ড. রিয়োর মতো চরিত্ররা জীবনের দুঃখ-কষ্টকে মেনে নিয়ে সেই অর্থহীনতার মধ্যেও মানুষের প্রতি দায়িত্ব পালন করতে প্রস্তুত থাকে। কামু তার রচনায় এই দুই রকমের চরিত্রের মাধ্যমে আমাদের জীবনের জটিলতা এবং নিজেদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছেন।
কামুর রচনায় স্বাধীনতার চেতনা এবং দায়িত্ববোধের ধারণা বেশ জটিল এবং বহুস্তরীয়। তার এই দুই চরিত্র এই ধারণার দুটি ভিন্ন দিককে উপস্থাপন করে। ম্যোরসো তার স্বাধীনতার একান্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পায়, কিন্তু সেই অভিজ্ঞতা দায়িত্বের অভাবে শূন্যতা ও বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায়। তাকে তার স্বাধীনতার জন্য মূল্য দিতে হয়, কিন্তু তার অন্তর্দৃষ্টি তাকে দায়িত্ববোধের পথে চালিত করতে ব্যর্থ হয়। তার নির্লিপ্ততা তাকে সমাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়।
অপরদিকে, রিয়ো মানুষের প্রতি দায়ীত্বশীলতার চূড়ান্ত এক উদাহরণ। তিনি জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিলেও, নিজের পেশাগত ও মানবিক দায়িত্ব পালনে নিরলস। তিনি জীবনের অর্থহীনতাকে অস্বীকার না করেও, তার দায়িত্ব পালনে অবিচল থাকেন। এটা কামুর দর্শনের আরেকটা দিক – মানুষ জীবনকে যতই অর্থহীন মনে করুক না কেন, তাদের নৈতিক দায়িত্ব পালনে তা বাধা হয়ে দাঁড়ায় না। বরং এই অর্থহীনতার মধ্যেই তারা জীবনের আসল সৌন্দর্য ও মানবতার সেবা করার প্রেরণা খুঁজে পায়। কামুর এই দর্শন শুধু তার সময়ের জন্য নয়, বরং আজকের সমাজের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের সময়ে, যখন মানুষ জীবনের উদ্দেশ্য ও অর্থ খুঁজতে গিয়ে হতাশায় ডুবে যায়, তখন কামুর রচনাগুলি আমাদের নতুনভাবে জীবনকে দেখার পথ দেখাতে পারে। তার দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনের অন্তর্নিহিত অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে স্বাধীনতা ও দায়িত্বের ভারসাম্য রক্ষা করাটা অত্যন্ত জরুরি।
লেখক:
ইকরাম কবীর
গল্পকার, লেখক, ঢাকা