কবি ফেরদৌস নাহার: এক চলমান কবিতার জীবন

Comments

। আঞ্জুমান রোজী ।

বাংলা কবিতার দীর্ঘ যাত্রায় কিছু কবি আছেন, যাদের কবিতা পড়তে পড়তে শুধু তাঁদের লেখা নয়, তাদের জীবনযাপনের একটি ছায়াও চোখের সামনে ভেসে ওঠে। ফেরদৌস নাহার তেমনই একজন। তার কবিতায় যে মানুষটি হেঁটে বেড়ায়, সে কখনো শহরের যানজটে আটকে থাকা মানুষ, কখনো সমুদ্রের দিকে তাকিয়ে থাকা একাকী পথিক, কখনো প্রেমে আক্রান্ত শরীর, কখনো রাজনৈতিক অন্ধকারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা প্রতিবাদী সত্তা। এই বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়েই কবি নিজেকে এবং তাঁর চারপাশের পৃথিবীকে আবিষ্কার করেন।

তাঁকে কেবল ‘কবি’ বলে চিহ্নিত করলে তাঁর সৃষ্টিশীল সত্তার পরিধি সম্পূর্ণ ধরা পড়ে না। কবিতা তাঁর প্রধান আশ্রয়, কিন্তু তীর সৃজনভূবন একই সঙ্গে গান, গদ্য, অনুবাদ, চিত্রকলা, ভ্রমণ এবং বহুমাত্রিক জীবন- অভিজ্ঞতায় বিস্তৃত। এসব তাঁর কাছে বিচ্ছিন্ন কোনো শিল্পচর্চা নয়; বরং একই জীবনবোধের নানা প্রকাশ। কাব্যযাত্রার সূচনা, তা পরবর্তী কয়েক দশকে বহু কাব্য ও গদ্য গ্রন্থে বিস্তৃত হয়েছে।

ফেরদৌস নাহার

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা ফেরদৌস নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর। বর্তমানে কানাডার টরেন্টোতে বসবাস করছেন। কবিতার পাশাপাশি লিখেছেন গান ও গদ্য, ছবি এঁকেছেন ভ্রমণ করেছেন। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের বেশ কিছু জনপ্রিয় গানের রচয়িতা হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। প্রকৃতির প্রতি, বিশেষ করে সমুদ্রের প্রতি তাঁর গভীর আকর্ষণ। ২০২২ সালে তিনি রফিক আজাদ স্মৃতি পুরস্কার লাভ করেন। তবে তথ্যের এই তালিকা তাঁর আসল পরিচয় নয়। তার সৃষ্টিকে দেখলে বরং একজন স্বাধীনচেতা, অনুসন্ধিৎসু ও নিরন্তর চলমান শিল্পীর প্রতিকৃতি স্পষ্ট হয়ে ওঠে।

ফেরদৌস নাহারের কবিজীবনের আনুষ্ঠানিক সূচনা আশির দশকে। ১৯৮৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ছিঁড়ে যাই বিংশতি বন্ধন’। ১৯৮৮ সালে ‘উলঙ্গ সেনাপতি অক্টোপাস প্রেম‘, এরপর ‘দেহঘর রক্তপাখি’, ‘বর্ষার দুয়েন্দে’, ‘পান করি জগৎ তরল‘ গ্রন্থগুলোর নামেই তাঁর কবিমানসের একটি চেহারা ধরা পড়ে। ‘বন্ধন’, ‘অক্টোপাস’, ‘প্রেম’, ‘দেহ’, ‘রক্ত’, ‘পাখি’- এই শব্দগুলো যেন তাঁর পরবর্তী কাব্যজগতেরও পূর্বাভাস। তাঁর নিজের লেখায় ১৯৮৬ সালে প্রথম বই প্রকাশের স্মৃতি এসেছে। সেই বই প্রকাশের মধ্য দিয়ে কবিতার সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছিল, তা পরবর্তী কয়েক দশকেও অব্যাহত থেকেছে।

পরিচিত শব্দকে অচেনা সম্পর্কের মধ্যে বসিয়ে নতুন অর্থ তৈরি করার প্রবণতা তার কবিতার শুরু থেকেই তাঁকে কতটা ভাবাচ্ছে, কতটা নতুন প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে_এই জায়গাটিই তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “নিরন্তর পাঠ ও প্রচেষ্টাই একমাত্র উপায়”- লেখালিখিতে কোনো শর্টকাট নেই। কথাটির মধ্যে তাঁর সাহিত্যচর্চার একটি মৌলিক দর্শনও নিহিত। কবিতা শুধু প্রতিভার বিষয় নয়; এর সঙ্গে যুক্ত থাকে পাঠ, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও নিরন্তর অনুশীলন। শৈশব ও বেড়ে ওঠার অভিজ্ঞতা তাঁর পরবর্তী সৃষ্টির ভিত তৈরি করেছে। বই-পত্রিকা, সংগীত, ঘুরে বেড়ানো এবং চারপাশের পৃথিবীকে দেখার অভ্যাস ক্রমে তাঁর শিল্পীসত্তাকে বহুমুখী করে তুলেছে।

নিজের পরিচয়ের ক্ষেত্রে ফেরদৌস নাহার ‘বিশ্ব বোহেমিয়ান কবি’ ও ‘চির তরুণ’ ভাবতে পছন্দ করেন। তবে তাঁর বোহেমিয়ানতা শুধু ভবঘুরে জীবনযাপনের অর্থে সীমাবদ্ধ নয়; এর মধ্যে আছে প্রচলিত কাঠামোর প্রতি অনাস্থা এবং স্বাধীনভাবে বাঁচার আকাঙ্ক্ষা। নিজের কবিতা সম্পর্কে তিনি স্পষ্ট বলেছেন, কোনো কাঠামোয় আটকে থাকতে তিনি পছন্দ করেন না। প্রচলিত ছন্দের বদলে অনেক ক্ষেত্রে মুক্তছন্দকে বেছে নিয়েছেন এবং তাঁর ভাষায়, মুক্তছন্দেই তাঁর কবিতা ‘উড়াল’ দিয়েছে।

এই ‘উড়াল’ তাঁর কাব্যচিন্তার একটি তাৎপর্যপূর্ণ প্রতীক। ‘পাখিদের ধর্মগ্রন্থ’ নামটিও সেই মুক্তির আকাঙ্খাকে অন্যভাবে প্রকাশ করে। তাঁর কবিতায় পাখি শুধু প্রকৃতির একটি উপাদান নয়; সীমানা অতিক্রমেরও চিহ্ন।

দেশ থেকে দেশান্তর, কবিতা থেকে গান, গান থেকে গদ্য, গদ্য থেকে ছবি- বহুমুখী এই যাত্রায় একই স্বাধীনতার সুর শোনা যায়। ফলে তাঁর বোহেমিয়ানতা জীবনযাপন ও কাব্যরীতি-দুই ক্ষেত্রেই একটি স্বাধীন মানসিকতার প্রকাশ।

ফেরদৌস নাহারের কবিতাদর্শনের গুরুত্বপূর্ণ একটি দিক হলো–শিল্পের মধ্য দিয়ে মানুষ নিজেকেই আবিষ্কার করে। তাঁর মতে, কবিতা অত্যন্ত প্রতীকী; তাই কবিতাকে বোঝার আগে অনুভূতির সঙ্গে তার মিতালী তৈরি হওয়া প্রয়োজন। এই ধারণার প্রতিফলন তার কবিতার গঠনেও রয়েছে। জাদুর বাক্সে সারাদিন জ্বর জ্বর কবিতায় তিনি লিখেছেন-

“মানুষের অদ্ভুত দুটি পা হেঁটে যায়,
বাক্সে যায় তার সাথে ধুলোর সংসার।”

এখানে ‘হাঁটা’ শুধু শারীরিকচলাচল নয়। মানুষের সঙ্গে তার অতীত, স্মৃতি ও অভিজ্ঞতাও যেন একই পথে চলে। ‘ধুলোর সংসার’ তাই মানুষের বহন করে চলা জীবনভার ও স্মৃতির একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। তাঁর কবিতা সবসময় সরল অর্থের কবিতা নয়। চিত্রকল্পের ঘনত্ব, অপ্রত্যাশিত শব্দের সংযোগ এবং স্বপ্ন-বাস্তবতার মিশ্রণ তাঁর কাব্যভাষাকে স্বতন্ত্র করেছে।

যেমন নির্বাণ নোটেশন কবিতায়-

‘তুলোধুনো জীবনের কার্পাস ককটেল”

‘কার্পাস’ ও ‘ককটেল’—দুটি সম্পূর্ণ ভিন্ন শব্দভুবলির শব্দ। কিন্তু তাদের পাশাপাশি বসানোতেই তৈরি হয় একটি নতুন কাব্যিক অভিঘাত। তিনি সবকিছু ব্যাখ্যা করে দেন না; পাঠকের সামনে একটি দৃশ্য বা অনুভূতির দরজা খুলে দেন। সেই দরজা দিয়ে পাঠক নিজের অভিজ্ঞতা নিয়ে প্রবেশ করতে পারে। কবির ভাষায়, “আমার কবিতা বুঝতে হলে বোধবুদ্ধি সম্পন্ন হতে হবে।”

ফেরদৌস নাহারের কবিতায় প্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে তাঁর প্রেম প্রচলিত কোমলতা ও মায়াময়তার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যে শরীর আছে, আকাঙ্ক্ষা আছে, বিচ্ছেদ আছে, কামনা আছে, অস্থিরতাও আছে।

‘জলাশয়ে পতিতার লাশ’ কবিতায় তিনি লিখেছেন—

“ক্রিসেন্ট রাত্রি নেমেছে দু’উরুর মাঝে,
শিল্পটিল্প এখন আর ধারে কাছে নেই।”

এই চিত্রকল্পে রাত, শরীর, যৌনতা ও শিল্প একই সঙ্গে এসে যায়। শরীর এখানে লজ্জা বা আড়ালের বিষয় নয়; মানুষের অস্তিত্বের একটি মৌলিক বাস্তবতা।এই জায়গাটি তাঁর কবিতার একটি সাহসী দিক। নারীর অভিজ্ঞতাকে শুধু কোমলতা, বেদনা, অপেক্ষা কিংবা আত্মত্যাগের মধ্যে আটকে না রেখে তিনি আকাঙ্ক্ষা ও শরীরকেও স্বাভাবিক মানবিক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করেছেন। ‘উলঙ্গ সেনাপতি অক্টোপাস প্রেম’ কিংবা ‘প্রেম-অপ্রেম যাবতীয় স্যাক্সোফোন’—এই নামগুলোর মধ্যেও প্রেম সম্পর্কে তাঁর প্রচলনবিরোধী দৃষ্টিভঙ্গি ধরা পড়ে; যেখানে  প্রেম ও অপ্রেমের নানা মনস্তাত্ত্বিক দিক কাব্যের ভাষায় উঠে এসেছে। তাঁর কাছে প্রেম একরৈখিক অনুভূতি নয়; শরীর থেকে তা কখনো পৌঁছে যায় অস্তিত্বের প্রশ্নে। ‘পান করি জগৎ তরল’: তাঁর রোমান্টিক ও জীবনমুখী ভাবনার আরেকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ; ‘বৃষ্টির কোনো বিদেশ নেই’, প্রেম ও একাকীত্বের মিশেলে লেখা দারুণ একটি কবিতার বই। ‘চারুঘাটের নৌকাগুলো’: এই কাব্যগ্রন্থেও তাঁর চিরচেনা প্রেমের আকুতি ও উদাসীনতা পাওয়া যায়।

মানুষ ও প্রকৃতি ফেরদৌস নাহারের প্রিয় বিষয়। তাঁর কবিতায় নদী, সমুদ্র, বৃষ্টি, আকাশ ও পাখি নিছক দৃশ্যপট নয়; মানুষের অন্তর্জগতের সঙ্গেও তাদের একটি গভীর সম্পর্ক রয়েছে। একটি কবিতায় তিনি লিখেছেন—

“বঙ্গোপসাগরের নৌকোগুলো দাঁড়টানা মাল্লার হাত ফসকে
হারিয়ে যায় কি সাগরের চৌতাল মাতাল ঢেউয়ে!”

এখানে সমুদ্র শুধু প্রকৃতির দৃশ্য নয়; হারিয়ে যাওয়া, নিয়ন্ত্রণহীনতা ও অনিশ্চয়তারও প্রতীক। মাল্লার হাত থেকে দাঁড় ফসকে যাওয়ার মুহূর্তটি মানুষের সীমাবদ্ধতাকে সামনে আনে।

অন্য একটি কবিতায়—

“সমুদ্র ওপার থেকে অসীম আলোর ভ্রুকুটি”

সমুদ্রের ওপার এখানে অজানার ভূখণ্ড। সেই অদৃশ্য প্রান্তের দিকে তাকিয়ে থাকা মানে নিজের সীমার বাইরের কোনো সম্ভাবনার দিকে তাকানো। তাই সমুদ্রের প্রতি তাঁর আকর্ষণ নিছক প্রকৃতিপ্রেম হিসেবে পড়লে তার গভীরতা ধরা পড়ে না। সমুদ্র তাঁর কবিতায় একদিকে প্রকৃতি, অন্যদিকে অসীমতার প্রতীক।

‘পথ’ ও ‘পাখি’ ফেরদৌস নাহারের কল্পনার দুটি গুরুত্বপূর্ণ প্রতীক। তাঁর জীবনবোধেও এই দুই প্রতীকের উপস্থিতি লক্ষ করা যায়। তিনি পরজন্মে পথ কিংবা পাখি হয়ে জন্ম নেওয়ার সাধের কথা বলেছেন। পথ মানে অগ্রসর হওয়া; পাখি মানে সীমানার ওপরে উঠে যাওয়া। এই দুইয়ের মধ্যে তাঁর কবিসত্তার একটি মৌলিক আকাঙ্ক্ষা নিহিত—এক জায়গায় স্থির না থেকে নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যাওয়া।

তিনি কোনো একটি জেলা বা শহরকে নিজের একমাত্র ঘর মনে না করে পুরো দেশকেই নিজের বাড়ি ভাবার কথা বলেছেন। ভ্রমণ তাঁর কাছে নিছক পর্যটন নয়; পৃথিবীকে দেখার ও অনুভব করার একটি পদ্ধতি। দেশ থেকে দেশান্তর, পরিচিত ভূগোল থেকে অচেনা ভূদৃশ্য—এই অভিজ্ঞতা তাঁর কবিতায় দূরত্ব ও স্মৃতির নতুন অর্থ তৈরি করেছে। ফলে পথ ও পাখি তাঁর কবিতায় শুধু দৃশ্য নয়, মানসিক অবস্থারও প্রতীক।

ফেরদৌস নাহারের কবিতা ব্যক্তিগত অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর রাজনৈতিক কবিতায় ক্ষমতার অপব্যবহার, ধর্ম ও রাজনীতির সম্পর্ক, পুঁজিবাদী আগ্রাসন, ভোগবাদ এবং মানুষের স্বাধীনতার সংকট উঠে এসেছে। ‘উলঙ্গ সেনাপতি অক্টোপাস প্রেম’ সেরকমই একটি কাব্যগ্রন্থ।  মূলত নব্বইয় দশকের রাজনৈতিক ও স্বৈরাচারবিরোধী ধারার একটি ভিন্নধর্মী রূপক বা প্রতীকী কাব্যগ্রন্থ। কবি এখানে প্রেম, রাজনীতি এবং সামাজিক অসঙ্গতিকে প্রতীকী ও রূপক অর্থে প্রকাশ করেছেন। তাছাড়া, এ-কেমন পৃথিবী বলো কবিতায় তাঁর প্রতিবাদী স্বর লক্ষ্য করি,

“এ-কেমন পৃথিবী বলো
স্বাধীনতার শত্রুরা অবলীলায়
সময়ের টুটি চেপে…”

এরপর তিনি লিখেছেন—

“কী ভীষণ চাতুর্যে নিজেদের পঙ্কিলতা
ধুয়েমুছে সাফ করে নেয়
ধর্ম আর রাজনীতির বিষাক্ত রঙলীলায়।”

এই পঙ্‌ক্তিগুলোতে রাজনৈতিক কবিতা কেবল পর্যবেক্ষণ নয়; নৈতিক অবস্থানও। কবি ক্ষমতার ভাষাকে প্রশ্ন করেন এবং মানুষের স্বাধীনতার পক্ষে দাঁড়ান।

আবার—

“ভোর হবার আগেই দেখি
নতুন অন্ধকার তাকে গ্রাস করে নিল”

এখানে রাজনৈতিক হতাশা বৃহত্তর অস্তিত্বের সংকটে পরিণত হয়েছে। আলো আসার সম্ভাবনার আগেই অন্ধকার ফিরে আসে।

ইতিহাসও তাঁর কবিতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সভ্যতা একা গান গাবে কবিতায় বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগর, আলবেনিয়া থেকে তিউনিসিয়া, ব্যাবিলন থেকে পারস্য—বিভিন্ন ভূগোল ও সভ্যতার স্মৃতি একটি বৃহৎ কাব্যিক পরিসরে মিলিত হয়েছে।

“কতকাল ব্যাবিলন, পারস্য সভ্যতা হতবাক একা গান গাবে”

এই প্রশ্নের মধ্যে অতীত ও বর্তমানের একটি সেতু তৈরি হয়। সভ্যতার পতন তাঁর কাছে শুধু ইতিহাস নয়; বর্তমান পৃথিবীকে বোঝারও একটি উপায়।

ফেরদৌস নাহারের সৃষ্টিশীলতা কবিতায় সীমাবদ্ধ নয়। তিনি গান লিখেছেন, গদ্য লিখেছেন, ছবি এঁকেছেন, ভ্রমণ করেছেন। মাইলসের বেশ কিছু জনপ্রিয় গানের রচয়িতা হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। ‘প্রথম প্রেমের মতো’, ‘পাহাড়ি মেয়ে’সহ কয়েকটি গান তাঁর লেখা।

তবে গান, কবিতা ও গদ্যকে তিনি একই শিল্পমাধ্যম হিসেবে দেখেননি। প্রত্যেকটির নিজস্ব ভাষা ও স্বাতন্ত্র্য রয়েছে—এই সচেতনতা তাঁর শিল্পবোধের একটি গুরুত্বপূর্ণ দিক।

শৈশবে তাঁর মা তাঁকে গান শেখার উৎসাহ দিয়েছিলেন। বাড়িতে সংগীতশিক্ষকও আসতেন। কিন্তু তখন তাঁর বেশি ভালো লাগত ঘুরে বেড়ানো এবং পত্রপত্রিকা ও বই নিয়ে মেতে থাকা। পরবর্তী জীবনের বহুমুখী সৃষ্টিশীলতার দিকে তাকালে শৈশবের এই প্রবণতাগুলোর সঙ্গে তাঁর শিল্পীসত্তার একটি যোগসূত্র খুঁজে পাওয়া যায়।

ফেরদৌস নাহারের ব্যক্তিত্ব ও কবিতার মধ্যে কিছু অন্তর্গত সাদৃশ্য রয়েছে। ব্যক্তিজীবনে তাঁর ভ্রমণপ্রিয়তা যেমন কবিতায় পথের উপস্থিতি তৈরি করেছে, তেমনি সমুদ্রের প্রতি আকর্ষণ কাব্যে এনেছে বিস্তার ও অসীমতার অনুভব। কাঠামোবিরোধী মানসিকতা মুক্তছন্দে পেয়েছে নিজস্ব প্রকাশ; মানুষের প্রতি সংবেদনশীলতা প্রবেশ করেছে প্রেম, শরীর, বেদনা ও রাজনীতির নানা অনুষঙ্গে।

তাঁর সৃজনীজীবনে যেসব শিল্পীর সান্নিধ্যে এসেছেন, তাঁদের সম্পর্কে তিনি বলেছেন, তাঁরা অনেকখানিই অনমনীয় ও আপসহীন ব্যক্তিত্বের ছিলেন। এই আপসহীনতার ছায়া তাঁর নিজের শিল্পভাবনাতেও দেখা যায়।

তিনি প্রচলিত কাঠামোর কাছে নিজেকে সমর্পণ করেননি। প্রেমকে একমাত্র কোমল অনুভূতির মধ্যে রাখেননি। নারীর শরীরকে সামাজিক সংকোচের আড়ালে লুকাননি। রাজনৈতিক অন্ধকারকেও স্বাভাবিক বলে মেনে নেননি। তবে এই বৈশিষ্ট্যগুলোকে আলাদা আলাদা ‘বিদ্রোহ’ হিসেবে দেখার চেয়ে তাঁর সামগ্রিক শিল্পবোধের অংশ হিসেবে দেখা বেশি যুক্তিযুক্ত। তাঁর কাছে স্বাধীনতা মূলত সৃষ্টির স্বাধীনতা—নিজের দেখা পৃথিবীকে নিজের ভাষায় প্রকাশ করার অধিকার।

ফেরদৌস নাহারকে ‘নারী কবি’, ‘আশির দশকের কবি’, ‘প্রবাসী কবি’ কিংবা ‘বোহেমিয়ান কবি’—যেকোনো একটি পরিচয়ে সীমাবদ্ধ করলে তাঁর সৃষ্টির বিস্তার সংকুচিত হয়ে যায়। এসব তাঁর পরিচয়ের অংশ, কিন্তু পূর্ণ পরিচয় নয়। তিনি মানুষের ভেতর মানুষকে খোঁজেন। প্রেমের মধ্যে শরীরকে দেখেন, শরীরের ভেতর অস্তিত্বের প্রশ্ন আবিষ্কার করেন। প্রকৃতির মধ্যে নিজের নিঃসঙ্গতা ও বিস্ময়কে অনুভব করেন। সমুদ্র তাঁকে টানে অজানার দিকে, আর ইতিহাস তাঁকে ফিরিয়ে নিয়ে যায় মানুষের দীর্ঘ যাত্রার কাছে।

তাঁর কবিতার মানুষ তাই স্থির নয়। সে হাঁটে, ঘুরে বেড়ায়, প্রেমে পড়ে, আহত হয়, প্রতিবাদ করে, আবার অজানার দিকে তাকায়। এই গতিশীলতাই তাঁর কবিতাকে একটি নির্দিষ্ট সময়ের দলিলের চেয়ে বড় করে তোলে।

হয়তো এ কারণেই তাঁর একটি ছোট পঙ্‌ক্তি তাঁর কবিসত্তার একটি প্রতীকী উচ্চারণ হয়ে উঠতে পারে—

“মা থামিস না, পা চালা!”

পা চালিয়ে যাওয়ার এই আহ্বানের মধ্যে তাঁর দীর্ঘ সৃষ্টিযাত্রার একটি অন্তর্গত দর্শন যেন ধরা পড়ে। থেমে না থাকা, পরিচিতির নিরাপত্তায় নিজেকে বন্দী না করা, নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যাওয়া—এটাই তাঁর শিল্পীসত্তার স্বভাব।

ফেরদৌস নাহারের কবিতার সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো—তিনি নিজেকে কোনো এক পরিচয় বা বিষয়বৃত্তের মধ্যে স্থির রাখেন না। প্রেম, শরীর, প্রকৃতি, নিঃসঙ্গতা, ইতিহাস ও রাজনীতি—সবকিছুই তাঁর কবিতায় এসে নতুন অর্থের অনুসন্ধানে যুক্ত হয়। দৃশ্যের আড়ালের অদৃশ্য বাস্তবতাই যেন তাঁর কাব্যভাষার মূল অনুসন্ধান।

তাই তাঁর কবিতায় সমাপ্তির চেয়ে অসমাপ্তির আকর্ষণ বেশি। তিনি উত্তর দেওয়ার চেয়ে প্রশ্নকে গভীর করেন, পরিচিত অর্থের বদলে খুলে দেন নতুন সম্ভাবনা। ঢাকা থেকে টরন্টো, কবিতা থেকে গান, গদ্য থেকে চিত্রকলা—বাহ্যিক বিস্তারের মধ্যেও তাঁর শিল্পীসত্তা থেকে যায় স্বাধীন ও অনুসন্ধিৎসু।

এই কারণেই ফেরদৌস নাহারকে কোনো নির্দিষ্ট অভিধায় সম্পূর্ণ ধরা যায় না। তাঁর কবিতা এক চলমান সৃষ্টিশীল প্রক্রিয়া—যেখানে বিস্ময়, আকাঙ্ক্ষা ও প্রশ্ন কখনো শেষ হয় না। তিনি কোনো সম্পন্ন প্রতিকৃতি নন; ক্রমাগত নিজেকে নির্মাণ করে চলা এক শিল্পীসত্তা।

লেখক:
Anjuman Rosy
আঞ্জুমান রোজী
কবি ও লেখক; কানাডা প্রবাসী বাংলাদেশি

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট