কাঁচা আটার রুটি

Comments

। মারুফা রহমান।

আমার পোয়াতি আম্মাবিটি দু’পা ছড়িয়ে জলচৌকির ওপর রুটি বেলে কাঁচা আটার রুটি বানাতেন। প্রতিদিন খালিদ আর তারিক দু’ভাই কলের পানি, অল্প নুন আর কয়েক কেজি আটা ছেনে দিতো কয়েক ভাগে ভাগ করে।

সন্ধ্যার পর ক্ষুধার্তরা বসতো চুলা ঘিরে।
অন্ধকার নামারও বেশ পরে, বাগানের ঘন গাছের ছায়ায় পা ফেলে ওরা আসতো। শব্দহীন।
নিজের ছায়াটিও যেন কায়ার খবর না পায়, সেইভাবে ওরা খিড়কি দুয়ার দিয়ে ঢুকতো। মাগরিবের ওয়াক্তে দুই দোর এমনভাবে খোলা হতো যেন দরজায় গা গলে সহজে। আবার বাইরে থেকে ভিতর বরাবর কিছুই দেখা না যায়।
সদ্য কৈশোর পেরুনো তরুণ মুক্তিযোদ্ধা, নিজের বাড়িতে থাকতে না পেরে আশ্রয় নেয়া সনাতনী পরিবার, দূর-দূরান্ত থেকে আসা মানুষ– যারা সীমান্ত পেরুনোর জন্য পথে বেরিয়েছেন। এমন অনেকের মিশেলে একদল খাবার প্রত্যাশী মানুষ।

আগের বছর, ১৯৭০ এর নভেম্বর-ডিসেম্বরে বানানো খেজুর গুড় আর রুটি, রাতের খাবার। মাটির ঠিলে থেকে ওড়ং দিয়ে (নারকেল মালায় বানানো দুধ, গুড়, ডাল ইত্যাদি তরল খাবার পরিবেশনে ব্যবহার হতো এমন এক রকম বাটি চামচ) তুলে আনা হতো দানাদার বাস্না বাস্না গুড়।
সেঁকা রুটি চুলা থেকে নামানো মাত্র আধ ওড়ং গুড় পড়তো মাঝখানে। হাত পাতা থাকতো।
টানটান হাতের পাতায় রেখে, চারদিক থেকে টুকরো ছিড়ে মাঝখানের গুড়ে মাখিয়ে সদ্য সেঁকা গরম রুটি– রাতের খাবার।

ভাত না হয়ে রুটি কেন এ প্রশ্ন মনে আসা স্বাভাবিক।
সকালের নাশতার জন্য আটা ভাঙিয়ে মজুত রাখা ছিলো বস্তায়। লেপা মাটি দিয়ে মুখবন্ধ ঠিলা ভর্তি গুড়ও।
মার্চে রমনার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সংগ্রামের আহবান ও উন্মাতাল রাজনৈতিক পরিস্থিতি আভাস দিচ্ছিল…… বৈরি সময় আসছে–
তবে পাক-হানাদার যে আচমকা ঝাঁপিয়ে পড়বে সে ব্যাপারে গ্রামের মানুষ বেবোধ ছিলো।
বাড়িতে যেটুকু চাল মজুত, তার ভাত বরাদ্দ ছিলো শুধু অসুস্থ দাদী আর বেশি ছোটো শিশুদের জন্য।

সন্ধ্যার পর থেকে রুটি বানানো আর বন্টনে মাঝ রাত পেরুতো।
যখন খেতে আসা ছেলেরা ফিরেছে, আশ্রিতরা ঘুমের আয়োজনে….. টানটান টইটম্বুর পেটে পিঁড়ি থেকে ওঠার ক্ষমতা আম্মার থাকতো না। বড়ো দু’সন্তানের সাহায্য নিয়ে একটা কাঠের চেয়ারে ভর করে আম্মা যখন উঠে দাঁড়াতেন পাদুটো ততক্ষণে তার ফুলে হাতি-পা।
তবু আজও, এখনও আক্ষেপ করেন– মানুষগুলোর মুখে দু’মুঠো ভাত দিতে পারেননি, একাত্তরের সেইসব রাত্তিরে।

ডিসেম্বর এলে আম্মার স্মৃতির পাতা আওড়ানো বাড়তে থাকে। লড়াই থেকে আসা ছেলেদের অবয়বের বর্ণনা দেন।
লুটপাট, সীমান্তে ধাবমান মানুষের গয়না আর জমির কাগজ গচ্ছিত রেখে যাওয়া, মৌন কান্না ইত্যাদির টুকরো ঘটনাগুলো প্রাত্যহিকতার যে কোনো কিছুর সাথে যুক্ত করে হারিয়ে যান কালের গহবরে। ডাক দিলে এমনভাবে সাড়া দেন যেন দূর থেকে কেউ বলছে, “এই তো”

পাকিরা এলে কীভাবে পাশের বাড়ির বিহারি ছেলেরা টের পেয়ে বাড়ির সামনে থাকা ছোটো ছেলেদের বাঁচাতে বলতো– ইয়ে মেরা ভাতিজা। ইয়ে লাডলা মেরা চাচা কা বেটা…. যারা কেউ কেউ বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারো দোমনা হলেও প্রতিবেশী হিসাবে আন্তরিক ছিলো। চাইতো ছোটো ছেলেদের যেন ক্ষতি না হয়।

ডিসেম্বরের প্রতিটা দিন আলাদা আলাদা করে আম্মা গুনতে থাকেন।
যেন বাংলাদেশের আকাশে সুর্যটা, নতুন সাজে সাজাচ্ছে নিজেকে।
ডিসেম্বরের সাত তারিখ। প্রত্যুষ পাঁচটা বেজে সাত মিনিট। হাতি-পা নিয়ে ফোলা শরীরে, জরায়ুর তরল ভেঙে রক্তপানি মাখা নবশিশু জন্ম দিয়েছিলেন জননী।
আমরা প্রতিবার শুনি এমনভাবে যেন, প্রথম শুনছি সেই অণুগল্প।
প্রতিবছরের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে আম্মার একাত্তরের দিনগুলো একেক রকম আঙ্গিকে আমরা আবিষ্কার করি।
এই দুহাজার পঁচিশে এসে শুনছি সব নাকি রূপকথা।
‘তিরিশ লক্ষ’ বলে কোনো সংখ্যার নাকি অস্তিত্ব নেই।
‘দু’লাখ’ শব্দটাও সংখ্যাক্রম থেকে উধাও।

কিন্তু জননীর একাত্তরের সেইসব দিন, সন্ধ্যা থেকে মাঝরাত, আত্মীয়-প্রতিবেশী-পরিচিতের মৃত্যুর খবরে নীরব কান্না (কারণ শব্দ বাইরে বেরুনো যাবে না। সদর দরজা তালাবন্ধ। যেন এবাড়ি একটা ভাগাড়), কাঁচা আটার রুটি, খেজুর গুড়, ওড়ং, পেতে রাখা হাতে একটা মাত্র রুটি, চুলোর আগুন-আলোয় অপর্যাপ্ত খাবারেও ক্ষুধার্তের তৃপ্তি ভরা মুখ….
আম্মার বর্ণনায় যে দৃশ্যময়তা– তার সবই তো আমাদের একাত্তরের দিনলিপি।
আম্মার পরিবার কি একাত্তরের বছরটা ফুসমন্তর গায়েব করে ফেলবে?
তাহলে তো, ডিসেম্বরের সাত তারিখে পৃথিবীর আলো দেখা শিশুর জন্মকথা, রোজনামচায় অদৃশ্য হয়ে যায়!
স্বাধীনতাবিমুখ পাকি-দোসর বাদে, স…ব পরিবারের সেইসব দিনগুলো ধ্রুবসত্য। বর্তমান যাপনের শক্তি।
আমরা কীভাবে ভুলি–
একেকজন জননীর স্মৃতিকথায়, দেশ-জননীর শৃঙ্খলমুক্তির কথকতা!

লেখক:
Marufa Rahman
মারুফা রহমান
কবি, লেখক, কৃষক, সাংবাদিক; ঢাকা

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট