। লুৎফুল হোসেন ।
বাংলা একাডেমির একুশে বই মেলার চিরপরিচিত এক দৃশ্য ফি বছরই আমরা দেখতে পাই দশক দশক ধরে। খ্যাতনামা কবি-লেখকের অটোগ্রাফ নেয়ার জন্য ভিড় করে আছে অনুরাগী ভক্ত পাঠককুল। হ্যাঁ, প্রিয় লেখকের শুভেচ্ছাসহ স্বাক্ষর কে না সংগ্রহে রাখতে না চায়! কিন্তু যে লেখক বা খ্যাতনামার সাক্ষাৎ পেতে চাইলে আমাকে জন্মাতে হতো আরো পঞ্চাশ কিংবা একশো বছর আগে, তাঁর লেখা শুভেচ্ছা বা স্বাক্ষর নিঃসন্দেহে আরো বহুগুণ মূল্যবান। কখনো কখনো এমন কোনো স্মৃতিস্মারক হয়ে উঠতে পারে অমূল্য। তাই অখ্যাত কোনো শতবছরের পুরোনো বইয়েরও একটা আলাদা মূল্য আছে। আর যদি তা কোনো বিশেষ তথ্য ধারণ করে কোনো বিশেষ লেখকের বই হয় বা কোনো খ্যাতনামা বিশেষ ব্যক্তির সংগ্রহশালার কোনো বই হয় কিংবা হয় কোনো ব্যবহার্য তবে তা সন্দেহাতীতভাবে অমূল্য কিছু একটা।
নীলক্ষেতের ফুটপাতে সাশ্রয়ী পুরোনো পাঠ্য বইয়ের পাশাপাশি বহুকাল আগে থেকেই পাওয়া যেতো নানান পুরোনো বই, ম্যাগাজিন, পত্রিকা। এর সাথে যুক্ত হয় পাইরেটেড বই। নীতিগতভাবে সমর্থনযোগ্য না হলেও সুলভ পাইরেটেড বই পেয়ে যাওয়ার সুবাদে অনেক পাঠক নাগাল পেয়েছে বিশ্বসাহিত্যের অনেক খ্যাতনামা বই কিংবা লেখকের। কোভিড মহামারির বছরগুলোতে যখন দৈনন্দিন জীবপনযাপন বন্দি হয়ে পড়েছিল সঙ্গনিরোধী লকডাউনের বিধিনিষেধের বেড়াজালে, তখন ব্যবসা বন্ধ হয়ে আয়-রোজগার শূন্য দিনের গহিনে নিপতিত হয়েছিল নীলক্ষেতের পুরোনো বই ব্যবসায়ীরা। সেই সংকট কাটাতে প্রযুক্তি-প্রাজ্ঞ তরুণদের সহায়তায় অনলাইনে বই বিক্রির পন্থা উন্মোচন করে বানিজ্য সচল করে রুটিরুজির পথ খুঁজে পায় পুরোনো বইয়ের বাজারের বিক্রেতা ‘মামা’-রা। গোনাগাঁথা কয়েক লক্ষ মধ্যবিত্তের পুরাতন বইয়ের বাজার সহসাই পৌঁছে যায় দেশব্যাপী কোটি পাঠক-ক্রেতার সীমানায়। এই খোলা বাজারে ক্রেতা সমুদ্রের সন্ধান মেলার পাশাপাশি বিবর্তন ঘটে পুরোনো বইয়ের বাজারেরও। প্রযুক্তিপারঙ্গম তরুণরা সহসা দখল করে নেয় বইবিক্রেতা মামাদের স্থান। চাহিদা-যোগানের চিরকালীন খেলায় চাহিদার এই লাফ দিয়ে বেড়ে যাওয়া ঘিরে দাম বাড়তে থাকে পুরোনো বইয়ের। চাহিদা বাড়ার পাশাপাশি পুরোনো বইয়ের যোগান তো আর চাইলেই বাড়বে না। তাই অচিরেই তৈরি হতে থাকে পুরোনো বই সংগ্রহের সিণ্ডিকেট। সাদামাটা পুরোনো বইয়ের মধ্যেও গড়ে উঠতে থাকে বিভিন্ন স্তর-মানের খেলা। অনেক পুরোনো কোনো বই হলে তাঁর দাম কখনো হয়ে ওঠে নতুন বইয়ের চাইতে বেশি। অনেক পুরোনো হলে অনেক বেশি।
চাহিদার পিঠে যোগানের বিস্তার বাড়াবার চেষ্টায় যোগ হয় বিভিন্ন পাঠাগার থেকে এমন কি সমৃদ্ধ পুরোনো লাইব্রেরি থেকে পুরোনো পুরোনো বই সংগ্রহের নানান ফন্দিফিকির। গড়ে ওঠে এক আশ্চর্য মাফিয়া চক্র। যারা সহজসরল এবং বইয়ের মর্ম না বোঝা নানান কর্মচারির সহায়তায় দেশের অনেক পুরোনো ও সমৃদ্ধ লাইব্রেরি থেকে নানান আমূল্য পুরোনো বই সংগ্রহ করার একটা গোপন চাকা চালু করে। সেসব বই সাধারণ দামের চেয়ে আট/দশগুণ দামে বিক্রিও হচ্ছে। কোনো কোনো পুরোনো বইয়ের দাম লাখ টাকাও হাঁকা হচ্ছে। এমনকি বিক্রিও হচ্ছে। তাঁর মানে এমন অনেক বই আছে যা সত্যিই অমূল্য। যেসব বইয়ের একটা কপি হাতে পাওয়ার জন্য লাখ টাকাও নির্দ্বিধায় খরচ করতে রাজি আছে কিছু মানুষ। হ্যাঁ, যারা সেই অমূল্য বইটির মূল্য বোঝেন।
এরকম অমূল্য বইপত্রের সংগ্রহশালা নিজের বাড়িতে নিজ উত্তরাধিকারের গণ্ডিতে আটকে না রেখে অনেকেই চান তা বৃহত্তর জনগোষ্ঠীর, উৎসাহী জনগোষ্ঠীর নাগালে রেখে যেতে। নিশ্চয়ই আমার বাড়িতে আমার পরবর্তী প্রজন্মের আগ্রহ ও সক্ষমতার চাইতে জাতীয় একটা প্রতিষ্ঠানের আগ্রহ, সক্ষমতা ও সংগ্রহ অটুট রেখে সুদীর্ঘকাল তা সাধারণের জন্য লভ্য রাখার সুযোগ ও সামর্থ্য অনেক অনেক বেশি। সেই বিবেচনায় আমার সংগ্রহশালার কয়েক হাজার বই আমি যদি আমার বাড়ির কোণায় ফেলে না রেখে জ্ঞানপিপাসু পাঠকদের নাগালে কোনো বড়ো পাঠাগারের কাছে দান করে যাই, তাহলে সেটা নির্ঘাত বাড়িতে ফেলে রাখার চেয়ে বিপুল মহৎ ও কল্যাণকর হবে। এটা সর্বজনবিদিত সত্য তাই এমনটা বহু বহু কাল ধরে চর্চিত। আমার পরবর্তী প্রজন্ম জ্ঞানপিপাসু নাও হতে পারে, বইপত্রের কদর তাঁর কাছে নাও থাকতে পারে, কিংবা সামর্থ্য তার চাওয়াকে সংকটাপন্ন এমনকি অসম্ভব করে তুলতে পারে। কিন্তু সামষ্টিক অবস্থানের কোনো সামাজিক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেই সামর্থ্য সীমানা সংকট নেই। তাই সেরকম কোথাও আমার বইপত্র দান করে গেলে সেটাই হবে শ্রেয়তর সিদ্ধান্ত।
এইসব চিরন্তন ও সতসিদ্ধ সত্যের বিপরীতে চমক জাগিয়ে সম্প্রতি খবর হয়েছে যে, শহিদ জননী জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহশালার বই, যা তিনি দান করে গিয়েছিলেন বাংলা একাডেমির সংগ্রহশালায়, সেইসব বই বিক্রি হচ্ছে নীলক্ষেত কেন্দ্রিক পুরোনো বইয়ের দোকানে। এই সংক্রান্ত বিক্রি তথ্য দৃশ্যমান হয়েছে পুরোনো বইয়ের অনলাইন সাইটে বা ফেসবুক পেইজে। গত ২২ সেপ্টেম্বর পেঙ্গুইন থেকে প্রকাশিত জর্জ বার্নাড শ এর ‘প্লেস আনপ্লিজেন্ট’ বইটি বিক্রির পোস্ট দেয় পুরোনো বই বিক্রির ফেসবুক পেজ ‘পুস্তক জোন’। বইয়ের ভেতরে বাংলা একাডেমির সিল, পাশে লেখা– ‘জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহ’। এই বিজ্ঞাপন দেখে খবর নিতে গিয়ে জানা যায় জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহে থাকা অন্তত ২০টি বাংলা ও ইংরেজি বই বাংলা একাডেমি থেকে বিক্রি হয়ে গেছে কেজি দরে। বইগুলো বিক্রি করছে পুরোনো বই বিক্রি করার কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম। তাদের মধ্যে সবচেয়ে বেশি সংগ্রহ ‘বিচিত্র বিচিত্র বই’ পেইজের। এই পেইজের মালিক জানান, তিনি নীলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রায় এক ট্রাক পুরোনো বই কিনেছেন। তার মধ্যে তিনি পেয়েছেন জাহানারা ইমামের স্বাক্ষর দেওয়া দুটি বাংলা ও পাঁচটি ইংরেজি বই। বাংলা একাডেমির সংগ্রহশালায় থাকা বইগুলো এখন পাওয়া যাচ্ছে অনলাইনে। তবে সব ছাপিয়ে শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক’ বইটির জন্য দাম হাঁকা হয়েছে এক লাখ টাকা। দাম না পেলে সংশপ্তকের এই সংখ্যাটি বিক্রি না করে ‘সিন্দুকে’ রেখে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। বইটির বিশেষত্বের কারণ– শহীদুল্লা কায়সার নিজে ১৯৬৭ সালের ৪ মার্চ জাহানারা ইমাম এবং তাঁর স্বামী শরীফ ইমামকে বইটি উপহার দিয়েছিলেন। ‘জনাব ইমাম ও জাহানারা ইমামকে শুভকামনার নিদর্শন হিসেবে লেখক’ লিখে নিচে স্বাক্ষরও করেন শহীদুল্লা কায়সার।
অনলাইন বই বিক্রির সাইট ‘পুস্তক জোন’ গত ২২ সেপ্টেম্বর ‘প্লেস আনপ্লিজেন্ট’ বইটি বিক্রির পোস্ট দেয়। জাহানারা ইমামের ছেলে মুক্তিযুদ্ধে শহীদ শাফী ইমাম রুমি স্বাক্ষরিত ফ্রিডম ভার্সেস অর্গানাইজেশন, দ্য কমপ্লিট ওয়ার্ক অব উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ অরওয়েলের নাইনটিন এইট্টিফোর বইগুলো বিক্রি করছিল তারা। কেজি দরে নীলক্ষেত থেকে বই কিনে বাছাইয়ের সময় তারা দেখতে পায়, কিছু বইয়ে ভেতরে রয়েছে বাংলা একাডেমির সিল, পাশে লেখা ‘জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহ’। এছাড়া ‘দুর্লভ বই’ বিজ্ঞাপন দিয়েছে জাহানারা ইমামের সংগ্রহের ‘পথ বেঁধে দিল’ বইটি বিক্রির। ‘বিচিত্র বিচিত্র বই’ এ ‘সংশপ্তক’ বিক্রির বিজ্ঞাপন আসে এ বছরের ৩১ আগস্ট। পাখির গান বনের ছায়া বিক্রির বিজ্ঞাপন ৮ অক্টোবরের, ম্যাক্সিম গোর্কির ‘মা’ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় ১৮ সেপ্টেম্বর। এক অনলাইন সাইটের বিক্রেতা জানান, লট ধরে কেনা বইয়ের মধ্যে আহমদ শরীফ এবং আবু জাফর ওবায়দুল্লাহসহ আরও কয়েকজন গুণীজন স্বাক্ষরিত বইও তিনি পেয়েছেন। জাহানারা ইমামের ‘সাঁতার শেখা’ ও ‘মজার খেলা তাস’ বই দুটি বিক্রি হওয়ায় তিনি পোস্ট সরিয়ে নিয়েছেন।
প্রতিষ্ঠানের সংগ্রহে থাকা বিশিষ্ট ব্যক্তিদের বই নীলক্ষেতে কীভাবে যাচ্ছে, জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেন, বাংলা একাডেমির গ্রন্থাগারে যারা বই জমা দিয়েছিলেন, তাদের বই থেকে ডুপ্লিকেট কপি, মানহীন বই বাছাইয়ের জন্য ২০১৪ সালে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি বই বাছাই করে বাতিলযোগ্য যে বইগুলো নির্ধারণ করেছিল, সেগুলোই বিক্রি করা হয়েছে। এত দিন এই বইগুলো একাডেমির দোতলার একটা কক্ষে রাখা ছিল। কিন্তু বাংলা একাডেমি কর্তৃপক্ষ ২০১৪ সালের কমিটির যে সিদ্ধান্তের কথা বলছে, সে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল প্রয়াত ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে। সে বছর ১০ জুন অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমি গ্রন্থাগারের বই ছাঁটাইয়ের লক্ষ্যে গঠিত উপকমিটির সদস্যরা- অধ্যাপক হায়াৎ মামুদ, বাংলা একাডেমির অবসরপ্রাপ্ত পরিচালক সুব্রত বড়ুয়া, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং বাংলাদেশ শিশু একাডেমির গ্রন্থাগারিক রেজিনা আক্তার। সভা কার্যবিবরণীতে দেখা যায়, বই ছাঁটাইয়ের সিদ্ধান্ত হলেও কোন কোন বই এই তালিকায় পড়বে- তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল বাংলা একাডেমির গ্রন্থাগার বিভাগের ওপর। উল্লেখ্য, বাংলা একাডেমির নতুন ভবনের দ্বিতীয় তলায় জাহানারা ইমামসহ কয়েকজনের ব্যক্তিগত বইয়ের সংগ্রহ রয়েছে। আলমারির ওপর নাম লেখা আছে- কার সংগ্রহ কোনটি।
মোহাম্মদ আজম জানান, প্রতিবছর বইমেলায় যে বিপুলসংখ্যক বই একাডেমিতে জমা দেওয়া হয়, সেগুলোর কিছু অংশ বাছাই করে লাইব্রেরিতে যোগ করা হয়। বাকিগুলো বাতিলের তালিকাভুক্ত হয়। অনেক বছর জমা হওয়ার ফলে বাংলা একাডেমির দোতলার কক্ষটি সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছিল বলে সেগুলো বিক্রির ব্যবস্থা করা হয়।
কথা হচ্ছে জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহশালার বই যা বাংলা একাডেমি সংগ্রহশালার জন্য দেয়া হয়েছিল, তা ফি বছর জমা দেয়া বইয়ের স্তুপের ভিতর যায় কী করে? গ্রন্থাগার বিজ্ঞানের রীতি অনুযায়ী গ্রন্থাগার ও সংগ্রহশালার বই সংরক্ষণের যে নিয়ম তাতে কোথায় কি বই থাকছে, কোথায় কি বই যাচ্ছে বা ফিরে আসছে, সেসব তথ্য সুসন্নিবেশিত থাকার কথা। না দেখে, নিশ্চিত না হয়ে কেজি দরে বই বিক্রি করে দেয়ার ঘটনা কোনো যুক্তি ব্যাখ্যায় গ্রহণযোগ্য করার কোনোই সুযোগ নেই। যত বছর আগে যার বা যাদের মাধ্যমে যে সিদ্ধান্তের ফলশ্রুতিতেই বই বাংলা একাডেমির বুকশেলফ থেকে নীলক্ষেতের পুরোনো বইয়ের শেলফে যাক না কেন, যার হাত দিয়ে বা যার আমলে গেল তাদের ওপরই পূর্ণ দায় বর্তায়, তা যদি না হয় তো কাজীর গরুর দশা হলে বাদ-অপবাদ কাজীর এড়ানোর কোনো উপায় নেই।
গোডাউন ভর্তি হয়ে যাওয়ায় বই নিলামে বিক্রির তত্ত্ব ও তথ্য যতই দেয়া হোক, নিলামে বিক্রির আগে তালিকা তৈরি ও তালিকা অনুযায়ী বই বাছাই করে নিলামের জন্য গুছিয়ে নেয়ার আবশ্যক পর্বটি পরিহার করা না হলে কর্তৃপক্ষের অজ্ঞাতসারে বই ফুটপাতে চলে যাওয়ার কোনো সুযোগই নেই। সম্প্রতি এই খবর চাউর হবার সূত্রে জানা যাচ্ছে যে এমন অমূল্য বইপত্র ফুটপাতে খোলা বাজারে অনলাইন বা অফলাইন বেচাকেনার সামগ্রী হয়ে ওঠার নজির নতুন কিছু নয়। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেও এমন ঘটনার নজির আছে। এই বাস্তবতা উন্মোচিত হবার ভিতর দিয়ে কয়েকটা প্রশ্ন প্রখরভাবে দৃশ্যমান হয়ে উঠেছে। তাহলে কি ইচ্ছাকৃতভাবেই এমন বইপত্র নিলামের নদীতে ভেসে ফুটপাতে চলে আসে? এর পেছনে কি পরিকল্পিত কোনো কারসাজি আছে? সব বই না, বিশেষ বিশেষ বইই কি এভাবে নিলামের নদীতে ভেসে খোলাবাজারে আসে? পুরোনো বইয়ের মাফিয়া চক্র ঠেকাবার মতো শিক্ষিত সচেতন মানুষ কি আমাদের সরকারি গ্রন্থাগার ও প্রতিষ্ঠানসমূহে নেই? থাকলে এর জবাবদিহিতা ও প্রতিকারের পথ, পন্থা ও পদক্ষেপ কি কি?
১০ নভেম্বর ২০২৫
লেখক:

লুৎফুল হোসেন
কথাসাহিত্যিক, সাহিত্য সম্পাদক, বাঙালীয়ানা
* বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। – সম্পাদক