মা-র ঘর থেকে বেড়িয়ে এসেই দাওয়ার ওপর বসে পড়ে সুবল, সুবল চন্দ্র দাস। হাউমাউ করে কেঁদে উঠে ছেলে অনিলকে বললো, ”আমি পারবো না, আমি মাকে এভাবে রেখে যেতে পারবো না। তোরা যা, আমি মার সঙ্গে থাকি, যা হয় হবে। “বাড়ির সামনে চারটা টমটমে (ঘোড়ার গাড়ি) সবাই উঠে অপেক্ষা করছে অনিল আর সুবলের জন্য। সুবল শেষবার তার মার ঘরে ঢুকেছিল। অনিলের চোখেও পানি। সেটাই স্বাভাবিক। সন্ন্যাস রোগের কারণে পক্ষাঘাতে শয্যাশায়ী অশীতিপর অনিলের ঠাকুরমাকে রেখে সবাই চলে যাচ্ছে অনিশ্চিত শরণার্থী জীবনে, জীবন বাঁচাবার তাগিদে। পিশাচের মত পাকিসেনারা এসে গেছে শহরের উপকন্ঠে। প্রায় একবস্ত্রে বেরিয়ে যেতে হচ্ছে। সব কিছু ফেলে। শুধু হাতের পোটলায় যে যতটুকু পারে নিয়েছে। জানের চেয়ে মূল্যবান তো আর কিছু নয়!
’৭১-এর এপ্রিল মাস। ২৫শে মার্চের পরই বাঙালি ইপিআর সৈন্যরা পাকিস্তনিদের নিরস্ত্র করে শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেটা ছিল ইপিআর-এর একটা উইং হেডকোয়ার্টার। তারপর থেকে শহর মুক্তই ছিল। খবর এসেছে ঢাকা থেকে পাকিরা নগরবাড়ি ঘাট পেড়িয়ে পাবনা দখল করে ঈশ্বরদী হয়ে রেলপথে আসছে। এবং সর্বত্র নৃশংসতার চূড়ান্ত রূপ প্রদর্শন করছে। খুব কাছাকাছি এসে গেছে তারা। দূরে গোলার শব্দও শোনা যাচ্ছে। শহর প্রায় ফাঁকা। সবাই পরিবার নিয়ে সরে যাচ্ছে যে যেখানে পারছে।
নিম্ন মধ্যবিত্ত তিনভাইয়ের যৌথ পরিবার সুবলদের। ছেলেমেয়ে নিয়ে সবারই ভরা সংসার। অনিলের ঠাকুরমা দুবছর ধরে শয্যাশায়ী। সবকিছুই বিছানায়। মস্তিষ্কের কিছুকিছু অংশ হয়তো সচল আছে, নইলে মাঝেমাঝে কাঁদেন কেন! রাগ-বিরাগও কখনো কখনো বোঝা যায়। ছেলের বৌরা অবশ্য অত্যন্ত যত্নেই সেবা শুশ্রূষা করে সাধ্যমত।
জন্মের থেকেই অনিল দেখে এসেছে পরিবারের মাথা ঠাকুমা। সংসারের সর্বত্র উনি। উদয়াস্ত পরিশ্রম করতেন। ছোটবেলা থেকেই, ঘুম ভাঙ্গার পর থেকে ঘুমোতে যাবার আগে পর্যন্ত ঠাকুমাকে ব্যস্ত দেখতো অনিল। মা-মুরগীর ছানা আগলানোর মত ডানার আড়ালে সংসারটা আগলে চলতেন। ঠাকুরদা মারা যাওয়ার পর তিলে তিলে সংসারটা দাঁড় করিয়েছেন। একে একে ছেলেদের বিয়ে দিয়েছেন। ভরে তুলেছেন ঘর-বসত-সংসার। দুবছর ধরে সেই মানুষটা শয্যাগত, অচল, নির্বাক।
নিম্নাঙ্গ পুরো অচল। শরীরের ওপরের অংশ দুর্বল হলেও সম্পূর্ণ অচল নয়। হাত দুটো ব্যবহার করতে পারেন। তবে সম্পূর্ণ বাক্য রহিত।
গতরাতে ছোটকাকার ঘরে সবাই বসেছিল। সুবলের জামাইও ছিল। কাছেই ওদের বাসা। শহর ছেড়ে যেতে হবে। এবং দ্রুতই। সোমত্ত মেয়ে আছে পরিবারে। কোথায় যাবে? সুবলের জামাই ধীরস্থির মানুষ। বললো, “যেহেতু এখানে গ্রামে আমাদের তেমন কোন আত্মীয়-স্বজন নেই, আমাদের সীমান্তের ওপারেই যেতে হবে। ওদিকে শরণার্থী শিবির খুলেছে। আর কিছু না হোক শরণার্থী শিবিরে তো ঠাঁই হবে! এভাবে কোনভাবেই থাকা যাবে না। কালকের মধ্যেই শহর থেকে বেরুতে হবে। এমনিতেই শহর ফাঁকা হয়ে আসছে, এরপর লুটপাট শুরু হবে, বিহারীরা বেড়িয়ে পড়বে।”
সীমান্ত এখান থেকে ৩৫ মাইল। যেতে হবে টমটমে, রিক্সায়, গরুরগাড়িতে, হেঁটে। সবাই তাই যাচ্ছে। “কিন্তু মা? মাকে কেমন করে নেবে? প্রশ্ন তোলে সুবল। কারো মুখে কোন কথা নেই। সুবলের ছোটভাই বললো, “বাঁশের ভাড়ায় করে ঝুলিয়ে কাঁধে করে?” পঁয়ত্রিশ মাইল, সম্ভব কি! কোনভাবে নেয়া সম্ভব হলেও পক্ষাঘাতের রোগী। শরণার্থী শিবিরে পক্ষাঘাতের রোগী নেবে কি? রাত ভোর হয়ে গেল আলোচনাতেই। সকালে দৌড়ে এলেন পড়শি আলম ভাই, অনিল বলতো আলম কাকা। “সুবল, খানেরা আত্রাই স্টেশন পেরিয়েছে। আজকেই এসে যাবে এখানে। আমরা যাচ্ছি, কোথায় জানি না। তোমরাও পালাও।”
কার প্রস্তাব কার বুদ্ধি কি ভাবে হলো অনিলের মনে পড়ে না, তবে সিদ্ধান্ত হলো ওরা আজকেই রওয়ানা দেবে ঠাকুরমাকে রেখেই। ঠাকুরমার হাতের কাছে শুকনো খাবার এবং জল রেখে যাওয়া হবে, বাকীটা ভাগ্য ও ভবিতব্যের হাতে!
সুবল বলেছিল, “তোমরা যাও আমি থাকি মার সঙ্গে, যা হয় হবে”। বেঁকে বসলেন সুবলের স্ত্রী, অনিলের মা। “ছেলে-মেয়েদের তুমি অনাথ করবে? ঠিক আছে, তবে আমিও যাবো না, আমার ছেলেমেয়েরাও যাবে না। ঠাকুরপোরা যাক। শোননি খানেরা সোমত্ত মেয়েদের পেলে কি করে, ছেলেদের কি ভাবে মারে! “একটু দম নিলেন অনিলের মা। তারপর ধরা গলায় বললেন, “মা- র কথা বলার সামর্থ থাকলে এটাই করতে বলতেন।”
বেরোনোর মূহুর্তে ভেঙ্গে পড়লো সুবল। বাবা মারা যাবার পর মা আর সে মিলে জগতের সমুদয় প্রতিকূলতার মাঝে কি ভাবে সংসারের নৌকোটা সচল রেখেছিল! পাল ছিল না, দাঁড় ছিল না, হাল ছিল না। লগি ঠেলে, গুন টেনে সংসারের নৌকোটা এ পর্যন্ত এনেছে। ভালোই তো চলছিল এতদিন। তারমধ্যে এলো এ প্রলয়। দরজায় শিকল তুলে দিল অনিল। জোর করেই বাবাকে এনে তুললো গাড়িতে। বুক ভেঙ্গে যাচ্ছিল তারও। শিশুকালে সে ঠাকুরমার সঙ্গেই ঘুমাতো। প্রথম নাতি হিসেব একটু বাড়তি বিশেষ স্নেহ সে তো ঠাকুরমার কাছ থেকে পেতোই। সংসারের চতুর্দিকে দৃষ্টি ছিল উনার। একটু সাশ্রয়ের জন্য, কিনা করতেন। মনে পড়ে শৈশবে মাকে বলতেন, “বৌমা পটলের ছালগুলি ফেলো না।” ঐ পটলের ছিলকা দিয়ে কি চমৎকার একটা ভর্তা হতো। একেবারে অমৃত যেন। বাড়িতে অনেকগুলো খাইয়ে, একটা চমৎকার আইটেম খাবারের মেনুতে যোগ হয়ে যেত। এমন কত যাদুর রান্না যে জানতেন, ফেলে দেবার জিনিষ দিয়ে! দুপুরবেলা কতদিন দেখেছে অনিল, আঙিনা ঝাড়ু দিচ্ছেন। গাছের ঝরে পড়া শুকনো পাতা জড়ো করতেন। খড়ির চুলো, জ্বালানীর কিছু সাশ্রয় হবে। ছোটখাট অসুখের বহু টোটকা ওষুধ উনার জানা ছিল! অনিলের মনে পড়ে না ছোটবেলায় কখনো অসুখবিসুখে তাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে। নিজের প্রাণটাকে উজাড় করে নিঙড়িয়ে দিতেন সংসারে। সেই ঠাকুমাকে ফেলে যেতে হচ্ছে এভাবে। ভাইবোনগুলোর দিকে তাকায় সে। এদেরকে বাঁচাতে হবে! নিজের মনকে শক্ত করে অনিল। বেরোবার সময় সতর্ক থাকলো, ঠাকুমার সঙ্গে যেন চোখাচোখি না হয়।
ঘোড়ার গাড়ির চাকা গড়াবার শব্দ উঠলো ইট বিছানো রাস্তায়! চারটা গাড়ি চলতে শুরু করলো, শুরু হলো অনিলদের জীবন বাঁচাবার জন্য অনিশ্চিতের পথে যাত্রা। পাকিদের শেলের শব্দ অনেকটাই কাছে। পেছনে শেকলটানা বন্ধ ঘরে রইলেন একজন পক্ষাঘাতে শয্যাশায়ী পিতামহী। বিছানায় হাতের নাগালের মধ্যে চিঁড়া-মুড়ি-গুড়-পানি। উনি কি বুঝেছিলেন, কি ভেবেছিলেন কোনদিন জানা যাবে না।
ডিসেম্বরের শেষ সপ্তাহে ফিরেছিলো অনিলেরা। হ্যাঁ পেয়েছিল ওর ঠাকুরমাকে। কি অবস্থায় সেটা বর্ণনার বোধহয় প্রয়োজন নেই। নয়মাসের মানব দেহাবশেষের বর্ণনা দেয়া যায় না। আঙিনার এককোনে ওরা সমাধিস্থ করেছিল উনার অবশেষটুকু।
অনিলের বাবা সুবল এরপর খুব বেশীদিন বাঁচেননি। হয়তো অপরাধবোধ, হয়তো মনস্তাপ অথবা বিপুল শোক উনার জীবনীশক্তির বিনাশ ঘটিয়েছিল।
অনিলেরা মুক্তিযুদ্ধের কোন বীর চরিত্র নয়। কিন্তু মুক্তিযুদ্ধে এক অদ্ভুত ট্র্যাজেডির মুখোমুখি হওয়া মানুষ ওরা। ওদের সিদ্ধান্তটা কি জীবন এবং যুদ্ধের নিষ্ঠুরতা মোকাবেলার ব্যর্থতা ছিল, নাকি প্রকৃতির বাছাইয়ের নিয়মের কারণে মানব প্রজাতির মস্তিষ্কে ও মননের গভীর গহনে লক্ষ বছর ধরে বহমান আত্মরক্ষার আদিম প্রবৃত্তি, ‘অযোগ্যকে বিয়োগ’ নিয়মের স্বাভাবিক প্রয়োগ ছিল, সে প্রশ্নের ঊত্তর আমি আজো পাইনি।
উত্তর পাওয়াটা কঠিন।
সময়টা তো তখন ‘৭১!
লেখক:
কাজী ইসলাম
মুক্তিযোদ্ধা, কথাসাহিত্যিক ও দন্ত চিকিৎসক; নিউইয়র্ক