এক নয় সাত একের গল্প! ডিসেম্বরের গল্প।
টলতে টলতে যাচ্ছে বিমল। হাত জোড়া পেছনে বাঁধা, কোমড়ে রশি। সেই রশিতে বাঁধা আরও চার-পাঁচজন। হেমন্তের কুয়াশা ভেজা রাতের বাতাস। আকাশে কৃষ্ণপক্ষের বিষন্ন ক্ষয়াটে চাঁদ ম্লান আলো ছড়াচ্ছে। পেছনে কষ্ট করে তাকায় বিমল, শহীদ জোহা হলে আলো জ্বলছে, ওটা রাজশাহীতে পাকিস্তানিদের বন্দী শিবির, কনসেনট্রেশন ক্যাম্প। ওই আলোগুলিই জীবনের শেষ চিহ্ন যেন। প্রচণ্ড একটা লাথি খেয়ে হুমড়ি খেয়ে পড়ে বিমল। পেছনের খানটা কুৎসিত গালি দিয়ে ওঠে, “মাদারচোদ, পিছে কিঁউ মোরা?”
একটু পরেই মুক্তি পাবে বিমল। ঐ তো সামনে ইঁটভাটা, ঐটাই বধ্যভূমি। ওখান থেকে প্রতিরাতে গুলির শব্দ শোনা যায়। শোনা যায় প্রাণভিক্ষার করুণ আকুতি। শোনা যায় মৃত্যুকে আলিঙ্গন করার মূহুর্তে নিরীহ আদম সন্তানদের হৃৎপিণ্ড চৌচির করে বেরিয়ে আসা আর্তনাদ!
একটু পরেই মুক্তি পাবে বিমল। আহ্, মৃত্যুকে বড় কাঙ্ক্ষিত, বড় দয়ালু মনে হচ্ছে এখন। মৃত্যু তাকে মুক্তি দেবে পাকিস্তানিদের অবর্ণনীয় নৃশংস নির্যাতনের হাত থেকে।
সাতদিন আগে ধরা পড়েছিল বিমল। সদ্য ট্রেনিং নিয়ে দলসহ দেশে ঢুকেছিল। বিশ্বাসঘাতকতা করেছিল আশ্রয়দাতা। এক রাতে বিশ মাইল হেঁটে ক্লান্ত ছিল সবাই। ভুল করেছিল বিমল। দলনেতা হিসেবে সে ভুল করেছিল। পাহারা রাখেনি কোন। গাইডের কথায় ভরসা করে বিশ্বাস করেছিল আশ্রয়দাতাকে। আচম্বিতে আক্রান্ত হয়েছিল ভোরে। ঘুম ভেঙে সম্বিত ফিরতেই স্টেনগান নিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে গুলি চালায়। হুলুস্থুল ডামাডোলে আটজন পালিয়ে যেতে পারে, বিমলসহ তিনজন ধরা পড়ে।
যুদ্ধের মাঠে ভুল শোধরানোর সুযোগ মেলে না। ভুলের মাশুল গুনতে হয় কড়ায়-গণ্ডায়। ট্রেনিঙের সময় মেজর মালহোত্রা বলেছিলেন, “For God’s sake, দুষমনের হাতে কেউ ধরা পড়ো না। আর God forbid, তেমন কিছু হলে হ্যাণ্ড গ্রেনেডটা বুকের কাছে ধরে সেফটি পিনটা খুলে দিও!” সেটাও করেনি সে।
ছোটবেলায় একবার সাঁওতালদের বুনো শুয়োর শিকার করা দেখেছিল বিমল। নিজেকে সেদিন তেমনি শুয়োরের মতো লেগেছিল। তফাত সাঁওতালরা সেদিন শুয়োরটাকে তৎক্ষণাৎ বর্শা দিয়ে খুঁচিয়ে মেরেছিল। পাকিরা বেয়নেট দিয়ে খুঁচিয়েছে, মারেনি তখন। মেরে ফেললেই ভালো হতো। অত রহম পাকিদের মনে নেই।
প্রথম দুইদিন বড় কষ্ট হয়েছে বীভৎস অত্যাচারে। তারপর থেকে অনুভূতি অসাড় হয়ে যায়। জীবন্মৃত আচ্ছন্ন অবস্থায় কিছু বোঝা যায় না। সারাদিন পা ওপরে মাথা নিচে করে টাঙানো থাকতো। বীভৎস মার চলতো। সবচেয়ে কষ্ট হয়েছিল যখন ক্যাপ্টেন জান্জুয়া বেয়নেট দিয়ে একটু একটু করে চিরছিল শরীরের বিভিন্ন অংশ। একদিন চীৎকার করে বিমল বলেছিল, “Bastard, why don’t you kill me!” মুখে প্রচণ্ড লাথি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ভগবান কি সত্যি দয়ালু? কিন্তু সে তো কায়মনোবাক্যে ভগবানের কাছে মৃত্যু ভিক্ষে চেয়েছিল, কই ভগবান তো দয়া করেনি। জ্ঞান তো ফিরতো একসময়। আবার শুরু হতো সেই বীভৎস নির্যাতন। নির্যাতনের নতুন পদ্ধতি শুরু হলো, তপ্ত লোহার ছ্যাঁকা। আচ্ছন্নভাবে বিমল ভাবে, এই চব্বিশ বছরের জীবনে কেউ কি তাকে কখনো কোনদিন মেরেছিল? বাবা-মা, শিক্ষকেরা! না মনে পড়ে না। মা’র কথা মনে হলেই শুধু ভেঙে যায়, চৌচির হয়ে যায় বিমল।
দেশকে মা মনে করে জন্মদাত্রী মায়ের অশ্রু ঠেলে যুদ্ধে গিয়েছিল বিমল। দেশ মাতৃকার ঋণ হয়তো শোধ হবে, নিজের মায়ের কাছে আজীবনের ঋণ থেকেই গেল। মায়ের ঋণ শোধ হয় না, স্বীকার করাটাও হলো না। মায়ের অশ্রু, মায়ের বারণ অগ্রাহ্য করে যুদ্ধে গিয়েছিল। কখনো বলা হবে না আর, “তোমাকে ভালোবাসি মা!”
আকুল হয়ে ঈশ্বরকে ডেকেছে বিমল। না জীবনের জন্য নয়, মৃত্যুর জন্য। কোথায় ভগবান, কোথায় ঈশ্বর! জোহা হলের একতলায় একটা রুমে আটক ছিল বিমল। পাশের ঘর থেকে দুটো কিশোরীর আর্তচিৎকার শোনা যেত! সে আর্তচিৎকারে ভূমি চৌচির হয়ে যাবার কথা, আকাশ ভেঙে পড়ার কথা। কিছুই হয়নি। কোথায় বাস ঈশ্বরের? কোন সে স্বর্গোদ্যানে, যেখান থেকে পৃথিবীকে দেখা যায় না। নাকি পৃথিবীতে ঈশ্বর শুধু পাষাণের আকার জড় পদার্থ! অথবা ঈশ্বর পাষাণের মতোই অনুভূতিহীন!
আচ্ছন্ন অবস্থায় বিমলের মা-বাবার কথা, ভাই-বোন দুটোর কথা মনে পড়তো আর কারো কথা নয়! নমিতা? ও ভুলে যাবে দুদিনে, জীবনের নদীতে রঙিন পাল তুলে নৌকা ভাসাবে, খুঁজে নেবে নতুন সাথী। কিন্তু মা-বাবা-ভাই-বোন? ওরা কেমন করে সইবে তার মৃত্যু!
সেদিন সন্ধ্যার সময় মেজর রাহিল ঢুকলো ঘরে। শুয়ে থাকা বিমলকে লাথি দিয়ে পেছনের সৈন্যদের বললো, “শালেকো হালাক কর দো আজ রাত মে। “জিতে গেল বিমল। কোনো তথ্যই পাকিস্তানের জন্তুগুলো তার কাছে থেকে বের করতে পারেনি। প্রশিক্ষণ, সাথী, বেস, নেতা, যুদ্ধের পরিকল্পনা, দেশের ভেতরের সাহায্যকারীদের নাম-কোন তথ্যই সে পাকিদের দেয়নি। হার মানতে হলো মেজর রাহিল আর ক্যাপ্টেন জান্জুয়াকে।
ভয় লাগলো না বিমলের। শুধু মনে হলো মা জানবে না। হয়তো অনন্তকাল ধরে বাড়ির দুয়ারে দাঁড়িয়ে থাকবে তার পথ চেয়ে! আর তার অবর্তমানে বাংলাদেশ কি দেখবে তার বাবা-মা-ভাই-বোনদের? না, এখন জানে বিমল, দেখবে না। ভারতে যুব ক্যাম্পে থাকার সময় দেখেছে নেতাদের দুর্বৃত্তপনা। তখনই বুঝেছিল স্বাধীন দেশের কি হাল করবে এই লোকগুলো। আশা ছিল স্বাধীনতার পর এদের সঙ্গেও যুঝবে, হিসেব মেটাবে এদের সঙ্গেও। হলো না, অনেক দেনা পাওনার হিসেব নিকেশ বাকি থেকে গেল! ইটভাটার পাশে একটা গর্তের মতো জায়গা আছে, অনেকটা পুকুরের মতো। বিমলদের তার পাশে এনে দাঁড় করায়। এতোক্ষণ ওদের তাড়িয়ে আনতে খানেরা খুব স্বাভাবিক ভাবে গল্প করছিল নিজেদের মধ্যে, রাইফেল তাক করা ছিল, মাঝে মাঝেই গালি দিচ্ছিল। একটা পনেরো-ষোলো বছরের কিশোর ছিল বিমলদের সঙ্গে। ছেলেটা মা মা করে চীৎকার করে কাঁদছিল। পাশাপাশি দাঁড় করায় সবাইকে। একজন জোরে জোরে কলেমা পড়ছিল। দুজন ভয়ে স্থাণুর মতো হয়ে গিয়েছিল। একজন হাঁটু ভেঙে পড়ে যাচ্ছিল, রাইফেলের বাঁট দিয়ে বাড়ি মেরে একজন গালি দিল, “সিধা খাড়া সালে।”
অসাড় অনুভূতির ঘোর লাগা চোখে ওপরের দিকে তাকায় বিমল। আকাশে ক্ষয়াটে চাঁদ। চাঁদের পাশে ছেঁড়া মেঘেদের ফাঁকে ফাঁকে ও কাদের মুখ! আরে বাবা-মা-বোন আর ভাইটা না! সব ভুলে গেল বিমল! চীৎকার করে উঠল, “মা – -!”
কোন গুলির শব্দ শুনতে পেলো না বিমল। Fatality গুলি লাগলে গুলির শব্দ শুনতে পায় না ভিকটিম। চিৎ হয়ে পড়ে গেল চব্বিশ বছরের শরীরটা। অত্যচারে ক্ষতবিক্ষত দেহটা ঝাঁঝরা হয়ে গেল চায়নিজ রাইফেলের বার্ষ্ট ফায়ারে। হঠাৎ যেন শব্দহীন হয়ে গেল বিমলের সমস্ত ভুবন। খোলা চোখ তাকিয়ে আকাশের দিকে, চাঁদের দিকে। আস্তে আস্তে বাবা-মা-ভাই-বোনের মুখ, কৃষ্ণপক্ষের চাঁদ, সব অন্ধকার হয়ে গেল। বিমলের অস্তিত্ব ঢেকে দিল মহাকালের নিকষ কালো আঁধার। মুছে গেল সবকিছু। নিভে গেল বিমল নামের দীপ শিখাটি!
খানেরা জোহা হলের দিকে ফিরে যেতে যেতে সিগারেট ধরায়।
আশেপাশের ঝোপ ঝাড় থেকে কয়েকটা শিয়াল বেরিয়ে গুটিগুটি এগোয় ইটভাটার পাশের গর্তটার দিকে। একটা হুতুম পেঁচা ইঁদুর ধরার আনন্দে কুৎসিত ভাবে ডেকে ওঠে কয়েকবার।
তারপরে…
১৬ ডিসেম্বরের পরপর কিছুদিন প্রতিদিন যেতাম জোহা হলের পূবের ইঁটভাটার বধ্যভুমিতে, কোন এক অমোঘ টানে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের করোটি। মাথার খুলি, হাত-পায়ের হাড়, পাঁজরের হাড়, চোয়ালের হাড়। বড় কষ্ট হয় লিখতে, প্রাকৃতিক Scavenger-রা দেহগুলির এমন অবস্থা করেছে যে শুধু অস্থিই অবশিষ্ট ছিল ছড়িয়ে ছিটিয়ে। শীতের শুকনো আবহাওয়ায় মানবদেহের পচনশীল কোন অংশ অবশিষ্ট ছিল না তখন।
এইসব বিগত হয়ে যাওয়া কারো সন্তান, কারো স্বামী, কারো ভাইদের অন্তিম দেখেছে এখানকার প্রতিবেশ। দেখেছে মুথাঘাস ও গুল্মেরা, দেখেছে কাছে দাঁড়িয়ে থাকা অসহায় বৃক্ষরা! কতজনের শেষ আর্তি, আর্তনাদ প্রতিধ্বনিত হয়েছে এই প্রান্তরে। কত মানুষের শেষনিঃশ্বাস মিশে বিষাদে ভারী হয়েছে এখানকার বাতাস। বসে থাকতাম সারাদিন, অনুভব করতে চাইতাম অনেক কিছু। এক সৌম্যদর্শন ব্যক্তি অনেকক্ষণ ধরে কোরান তেলাওয়াত করতেন। এক মহিলা কাঁদতেন নিঃশব্দে। এক কিশোরী হাঁটুতে মুখগুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো। এক মাওলানা সাহেব, মনে হতো কোনো মসজিদের ইমাম, উচ্চস্বরে উচ্চারণ করে কবর জিয়ারতের সুরা ও দোয়া পাঠ করতেন। শেষে মোনাজাতের সময় অঝোরে কাঁদতেন। দেখেছিলাম এক বৃদ্ধ করতলে বদ্ধভূমির কিছু মাটি নিয়ে মুখ নিচু করে তাতে কপাল ঠেকিয়ে বসে আছেন!
একদিন দেখি এক বৃদ্ধ ভদ্রলোক ছড়িয়ে থাকা করোটির অংশ হাতে তুলে নিয়ে খুব মনোযোগের সঙ্গে কিছু দেখছেন, তারপর যত্নের সঙ্গে সেগুলো এক জায়গায় রাখছেন। কিছু জানতে চাইনি। জানতাম এখানে আসা সবার হৃদয়ে আছে স্বজন হারাবার শোকের আর বিষাদের বিপুল সিন্ধু। আমি নিজেই তখন বহন করছি মহাকাশের মতো গহিন অনন্ত শোক। প্রৌঢ় ভদ্রলোক একদিন নিজে থেকেই ক্লান্ত হয়ে আমার পাশে এসে বসলেন। এখানে সবাই তো সবার আত্মার আত্মীয়। আবছা অনুচ্চ স্বরে প্রশ্ন করলাম, “কে ?”
“ছেলে, বড়ছেলে”। চুপ করে থাকলেন একটুক্ষণ। বললেন, “ছেলেটার নিচের ডান চোয়ালের মাড়িতে একটা পোকা খাওয়া ভাঙা দাঁত ছিল। সেইজন্য চোয়ালের হাড়গুলো দেখছি কোনটায় ভাঙা দাঁত আছে নাকি। পেলে বুঝতাম ওটাই আমার বিমল। ধরা পড়ার পর ওকে তো জোহা হলেই নিয়ে গিয়েছিল।”
একটু বিশ্রাম নিয়ে আবার খাদে নেমে গেলেন। অতি যত্নে, অতি আদরে একটি একটি করে করোটির চোয়ালের অংশ হাতে নেবেন, দেখবেন কোন করোটির চোয়ালের নিচের ডানপাটিতে একটি ভাঙা দাঁত আছে কি না!
ডিসেম্বরের কুয়াশায় ম্লান উত্তাপহীন সূর্যের নিচে উত্তরের হিম কনকনে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা কতগুলো করোটির মাঝে উনি খুঁজতে থাকেন উনার বিমলকে। ওদিকে একটু দূরেই কোথাও বিজয় উদ্যাপিত হচ্ছিল বিকট শব্দে মাইকে উদ্দাম গান বাজিয়ে!!!
লেখক:
কাজী ইসলাম
মুক্তিযোদ্ধা, কথাসাহিত্যিক ও দন্ত চিকিৎসক; নিউইয়র্ক
শিল্পী শ্যামল বসাক অঙ্কিত চিত্র অবলম্বনে এবারের ফিচার ফটো।