ঘোর

Comments

। লুৎফুল হোসেন।

এক

তারপর ঘুমের মধ্যে স্বপ্নগুলি বড়ো হইয়া উঠতে থাকে। শেষ হওয়ার আগে ঘুম ছুইটা গেলে চোখ টিপা বন্ধ কইরা ওইটারে চুইংগামের মতো টাইনা লম্বা কইরা ইলাস্টিক বানাইতে থাকি।

আমি তখন নতুন মেঘনা ব্রিজের এপ্রোচ রোডের নিচে, শেষ মাথায় ছিমছাম গুছানো বোল্ডার বিছানো পাড়ে চুলের মধ্যে প্রতিরোধহীন হাওয়ারে তুফানের মতোন দৌড়াইতে দিয়া চুপচাপ বইসা আছি। প্রায় গৌতম বুদ্ধের ধ্যানের কাছাকাছি নিমগ্ন একাকীত্বের মধ্যে। অনেকটা এই রকম যে, কেউ আইসা সামনে দাঁড়াইয়া ধারালো চাপাতি দিয়া আমার ধর কাইটা হাতে ধরাইয়া দিয়া গেলেও চুপচাপ তাকাইয়া বইসাই থাকুম। একদম ওই রকম।

সূর্য অনেকটা অশ্লীল উত্তেজক রকম লাল রঙে পাতলা ঢেউয়ের নদীর পানিতে যা ইচ্ছা তাই রকমের ফষ্টিনষ্টি করতেছে। দুই একটা ঢেউ পল্টি খাইয়া আলোর ঝকমকানি দিয়া চোখে বাড়ি মাইরা যাইতাছে বইলা তখনও জল-সূর্যের লীলার সাথে ভাইসা চইলা যাইতেছি না।

আমার ঘাড়ের কাছে নাক-মুখ ঘষতে ঘষতে ঠোঁটের কামড়ে কানের লতিটার কোমলতা পরীক্ষা করতে শুরু করছে যে আমারে, তার মুখটা দেখা হয়নাই তখনো। তবে তার কুসুম গরম ঠোঁট দুইটা ক্রমশ পারদের বিস্তার বাড়াইয়া ফেলবে এবং ফেলতেই থাকবে বুঝতে বাকি নাই। ফোঁস ফোঁস কইরা ফ্যালানো নিশ্বাস তার ছোটো থাইকা লম্বা হইতেছে তো হইতেছে, পাতলা থাইকা ঘণ হইতেছে তো হইতেছে। এর মধ্যে মাঝে মাঝে থাইকা থাইকা সে মুখ ঘষতেছে–এখন আমার ঘাড় আর কান্ধের সারাটা জমিন জুইড়া।

দূরে তখন ব্রিজের উপর দিয়া ট্রেন যাইতে যাইতে জোরে হুইসেল বাজায়া যেন চিল্লায়া বইলা গেল, দেখতেছি– আমি সব দেখতেছি। উদাম আসমানের নিচে এইসব অকামের সবটা আমি ফকফকা পরিষ্কার দেখতেছি। অনেকটা কাছ দিয়া পানি ছলকানো কিনার পর্যন্ত ডুইবা থাকা বার্জটা যাইতে যাইতে হঠাৎ সার্চ লাইটটা এমন কইরা মারলো, য্যান ও নৌ-পুলিশের টহল বোট। আর হাতে ওয়ারেন্ট নিয়া আমারেই খুঁজতেছে জনম জনম ধইরা। সেই খুশিতে তার ভোঁতা ভেঁপুটাও খুব জোরসে বাজাইয়া দিলো একবার। তা-ও এমন লাগাতার সেই বাজনা, যেনো সে আর কোনোমতে থামবেই না এই জনমে।

ঠোঁটের সাঁতার কাটতে কাটতে এতোক্ষণ পিছনে যে ব্যস্তসমস্ত, তার জোড়া বুকের চাপ ভারি হইতে হইতে বৃন্ত দুইটা প্রায় শিকারী বল্লমের মতো আমার পিঠে গজাল হইয়া বিন্ধাইতে চেষ্টা করতেছে। অনেকটা সেই ছোটবেলায় অংকের হেডমাস্টার যখন ব্ল্যাকবোর্ডে চক দিয়া এলোমেলো জ্যামিতিক ছবি আঁকতেন ব্যস্ত হইয়া। আর আমি খুব মনযোগ দিয়া বুঝতে চেষ্টা করতাম চক তার কোথা থিকা কোথায় গেলো, কি আঁকলো, কি বুঝাইলো। আমিও চক্ষু বন্ধ কইরা বুঝতে চেষ্টা করি ওই জ্যান্ত দুইখান চকের মাথার সমস্ত গতিবিধি। তাগোর ধান্দা মোর্স কোড ডিকোড কইরা নিতে মাথার মধ্যে সমস্ত কোষগুলারে উসাইন বোল্টের মতোন দৌড় লাগাইয়া ব্যস্ত রাখি।

অংকে অলৌকিক ভাবে কোনো রকমে পাশ কইরা যাওয়া আমার মাথায় ওই শক্ত মাংসবিন্দু দুইটার গতিবিধিরে অনেকটা জটিলতম ক্যালকুলাসের মতো লাগে। যার শিরোনাম ছাড়া কোনো কিছুই আমার বুঝা সম্ভব হইয়া উঠে নাই কোনো কালে।

দুই

জটিল এইরকম ধ্যানের মাঝখানে দুই-এক ফোঁটা জলের ফেনা ভেজা বোল্ডারে আছাড় খাওয়ার পর ঠিকরাইয়া আমার মুখে আইসা পড়তেছিলো, ঈশ্বরের নিজহাতে ছিটাইয়া দেয়া বিন্দু বিন্দু আশীর্বাদের মতো।

এই রকম অবস্থায় যখন বুইঝা উঠতে চেষ্টা করতেছি, ব্যাপারটা কোন্ দিকে কিভাবে কতদূর আগাইতে কতো সময় লাগবে, কতো সময় লাগলে ভালো হইতো। তখনই আমারে একশো দশ মেইল বেগে ধাওয়া করা তুফানি বাতাসের মতো ঝাঁকাইয়া চোখ খোলাইলো যারা, তাদের দেইখা আমি জটিল একটা প্রশ্নের মধ্যে হাবুডুবু খাইতে শুরু করলাম।

এরা কি ওই টহল বোটের নৌ-পুলিশ! নাকি ডাঙার পুলিশ! তখন কথাটা মনে হইলো ঠিক এই রকমই যে, যেই পুলিশই হোক–সে আমার কাম্য না। আমার নিরুপদ্রব নিখাদ একটা সুখ সম্ভাবনার কাচঘর ভাইঙা দেয়া ছাড়া আর কোনো অভিসন্ধি নাই যার, সে যেই পুলিশই হউক তারে আমার মাইনা নেয়ার কোনো রকম কারণই তো থাকতে পারে না।

ওই দশ নম্বর বিপদ সংকেতের মতো ঝাঁকানোর মধ্যেও আমি প্রাণপণে চোখ চাইপা স্বপ্ন জোড়া দেয়ার মতো – আবার আগের অবস্থায় ফেরত যাইতে চেষ্টা করতে থাকি। কিন্তু পিছনের সেই তাপাধার ওষ্ঠের কোনো নাগাল আমি আর কিছুতেই পাই না।

মনে মনে শাপ শাপান্ত করি আর বুদ্ধের কাছে করজোড় হই। তার সেই ধ্যান গভীরতায় যেনো সে আমারে সহসাই ফিরায়া নেয়। কেবলি মনে হইতে থাকে, সেই গভীরতায় গেলে পিছনের জনটিও আবার ফিরা আসবে একদম আগের মতোন।

এইসব যুদ্ধের মধ্যে যখন নিজের ভিতর মাইন ডিনামাইট ফুটতে থাকে একের পর এক। ঠিক তখনই যেনো কেউ শ্যালো পাম্প লাগাইয়া নদীর পানি সেচের নালায় ফেলতেছে মনে কইরা জলের ধারা জোরে জোরে আমার মুখের দিকে ছুঁড়তে শুরু করলো।

এই বছর জমিনে ফসল ভালো হয় নাই। বৃষ্টি হয়নাই বললেই চলে। মাটি ফাইটা চৌচির তার সারা গতরে। গভীর নলকূপ প্রায় সবই বেকার বইসা থাকে জমিন পাথারের ভিতরে ভিতরে, এইখানে ওইখানে, দূরে দূরে, চাইর কিনারে।

মুখের উপ্রে গরম পানির কল য্যান জনতার জঙ্গি মিছিল ছত্রভঙ্গ কইরা দিতে পুলিশের গরম পানির জাল কামান। আমি কি মিছিলে আছিলাম! নিরালায় নদীর কিনারে বইসা সোহাগ গিলতেছিলাম। ফষ্টিনষ্টি যা করনের তো করতেছিলো কটকটা সূর্যের উত্তেজক লাল-কমলা রঙ আর তরলমতি নদীর ঢেউ খেলাইন্যা ছলাৎ ছলাৎ জল।

তিন

দেখি জামাল মিয়ারে তার ইলাস্টিকের হাফ প্যান্ট টাইনা উপরে উঠাইতে উঠাইতে হ্যাঁচকা মাইরা সরাইয়া নিতেছে জয়তুন। আমার ফেরেশতার লাহান পোলাডার দুই গালে কইষা চড় দিতাছে এক হাতের এইপিঠ দিয়া একবার, ওইপিঠ দিয়া আরেক বার। এইদিক ওইদিক হাতপাখার মতোন বারংবার জোরে জোরে দোলাইয়া চড়গুলান ছুইটা গিয়া পড়তেছে কচি দুই গালে। সেকেণ্ড কয়টা যাইতে না যাইতে পোলায় আমার কাইন্দা উঠলো শইল কাঁপায়া। আম্মাগো, আম্মাগো।

গরম পানি যট্টুক ছাড়ার এর মধ্যে তার ছাড়া হইয়া গেছে, আমার মুখের উপরে। এখন তারে আর মারলেই কি, না মারলেই কি! টের পাইলাম মুখ না খালি, বালিশটাও ভালই ভিজছে। মাথার নিচটাই এখনো শুকনা, বাকি সব ভিজা। জায়গায় জায়গায় চুপচুপা। ঘুমের জোর ধাক্কায়া ঠ্যালা মাইরা উইঠা পা নামাইতেই বাড়ি খাইয়া গড়াইয়া গেলো রাইতে খাইয়া টায়ারের স্যাণ্ডেলের পাশে খাড়া কইরা রাখা কেরাসিনের শিশির মতোন বাংলা মদের বোতলটা।

বুড়া আঙুলের নখে হালকা চোটের সাথে সাথে মনে পড়লো রাইত শেষ হওনের আগে পরের বোতলের আধাটা নিয়া ফিরা আসছিলাম জোনাকির ঘর থিকা। মায়্যাডা আমারে বহুৎ ভালা পায়৷ জামাই মইরা গেছে কোন কালে সাপের কামড়ে। মেথর পট্টির সক্কলে অহন চোলাই বাংলা কিনে ওর ঘর থিকা। বাইরের মানুষও বান্ধা আরো প্রায় এক ডজন। এরা সব রোজকার কাস্টমার।

মাঝে মধ্যেই যা করে, জোনাকি কালকাও তাই করসে। দোপেয়াজা চনা বুট দিবার নাম কইর বার বার আইসা কানের কাছে ফিশফিশাইয়া কইতেছিলো। রাইতটা থাইকা যাও। আজকা দুই নাম্বার বোতল লইছো। আজকা আর ঘরে যাইও না।

এক এক বার কইয়া যায়, আর আমার নেশার মইধ্যে একটা কইরা প্রজাপতি রঙ বেরঙের ডানা মেইলা উড়াল দিবার শুরু করে। এক একখান প্রজাপতির ডানায় সে কি জোর! চারিদিকের বাতাস কাঁপাইয়া তুফান ছুটাইয়া দেয় মাথার ভিতর। সেই তুফানে খড়কুটার মতোন উইড়া যাইতে থাকে আমার ঘর দুয়ার, জানালা-দরজার কপাট। বিছানা মেঝে সব আলাদীনের জাদুর গালিচার মতোন উড়তে থাকে আকাশ জুইড়া ঘুড্ডির লাহান।

লোকজন সবতে উইঠা যাইতে যাইতে মাঝ রাইত পার। তখন নেশাটাও ক্যান জানি অন্য দিনের থিকা বেশি চাইপা ধরছে মাথায়৷ মনডায় টানতেছিলো খালি ঘুমাই লম্বা কইরা। জোনাকির ডলাডলি ফালায়া আচমকা উইঠা চইলা আসছি তাই নিজের ঘরে। জয়তুন কমপক্ষে সাতদিন বাড়িডা মাথায় তুইলা রাখে এক রাইত মদের ঠেকে ঘুম দিয়া ঘরে ফিরলে।

আইজ কোনো রাও করে নাই। টের পায় নাই মনে লয়। জয়তুনের নীরব থাকা পোষাইতেই মনে লয় আমার ফেরেশতার লাহান পোলায় মুইতা ভাসাইয়া আমার ঘুমডা ভাঙাইছে।

চার

তিন মহল্লা দূরের এই মদের ঠেকের মালিক মালকিন কোনো কিছুরই খবর জানা নাই জয়তুনের। অথচ তার ওই এক আলাপ, রাইত কাটায়া গেলে নাকি মদের গন্ধের থিকা অন্য মাতারির গন্ধ সে পায় আমার গতর থিকা। মেহেন্দির গন্ধের মতোন অইন্য মাতারির কিরাম এক গন্ধডাই নাকি বারাইতে থাকে আমার শইল থিকা ভকভকাইয়া।

তাজ্জব ব্যাপার! চোলাই বাংলার চড়া গন্ধের পরে মানুষের গন্ধ কই পায় সে! পরোয়ার্দিগার জানে। তা-ও আবার সেই গন্ধের মরদ মাতারীও থাকে! ক্যান জানি বেশুমার জাদুটোনার মতো লাগে আমার, জয়তুনের এইসব ব্যাপার। আইজকাইল তাই দেরি হইলেও ঘরে ফিরা আইতে মন চায় রাইতের আন্ধাইর পাতলা হওনের আগে আগে। আসার আগে জোনাকির কলতলে একটা গা গোসলও দিয়া আসি আইজকাইল, না থাকা রাইতেও। রসের মইধ্যে বেরসিক কাইজ্যা ফ্যাসাদের গালাগালি ভালো লাগে না।

সাম্পানে ভাসান দেয়া এমন একটা রাইত পার হইলে এই রকম একখান পরের রাইতের আগ পর্যন্ত, বারো চৌদ্দ দিন যা-ই হোক চইলা যায়। মেয়াদ পার হইলেই ফের আউলা লাগতে থাকে। মনডা চায় ওই নাওয়ের ভাসান আমারে আবার দোলাইয়া দিয়া যাক তাজা নদীর পাগলা ঢেউয়ের মতোন। এই দোলার ধাক্কাডাই আমার শইল কুপ্পির কেরাসিন। ভরা থাকলে জোরসে জ্বলে। কইম্যা তলানিতে আসলে কুপির লাহান মিটমিট করতে থাকে শইল। খালাসিটোলার সেরা পালোয়ানের ভাবটা এট্টুও থাকে না আর গতরে চাই মনেও। তখনই জোনাকি আবার টানে। টানতে থাকে। তার লগে ফের জোয়ারে ভাসান দেওন চাই আমার বাত্তি নিভ্যা যাওনের আগে।

এই রকম দম দিয়াই চলতেছে জীবন। জয়তুনরে ভালোবাসে আমার ভিত্রের আমি, এইডায় কোনো খাদ নাই। জামাল আমার কইলজা আর জয়তুন না থাকলে জীবন অচল। অথচ রোজাগারের মেশিন এই শইলডা অচল হইয়া যাইবো জোনাকি না থাকলে। ওই তো আমার কুপ্পি বাত্তির তেল।

কি এক চক্করের খেইল হইয়া দাঁড়াইলো আমার জীবনডা! ভাইবা কুল কিনার মিলে না। ভাবি-ও-না এই লইয়া বেশি। আবার মাথার থিকা ফালায়াও দিবার পারি না।

পাঁচ

বেলা চড়তে শুরু করছে। উঠানে রইদের জমিদারি চলতাছে। কাঁচা রইদ। রঙডাও যেমন সোনার লাহান, গতরে লাগলেই শিরশিরানি ওঠে। এমন মিঠা একখান রইদ। উঠানের পশ্চিম মাথায় কলতলা। মুখ ধুইবার গিয়া বেগতে কতক্ষণ খাড়ায়া রইদের লগে হালকা লটকালটকি কইরা পরেই গিয়া মুখটুখ ধোওন সারে।

জুলহাস মিয়ারে ঘর থিকা বাইর হইয়া আসতে দেইখা কলতলা পাতলা হইয়া যায় লহমায়। লোকটারে যে মানষে ডরায় খালি তা না। বেশুমার শ্রদ্ধাও করে। যারা তারে কাছ থিকা চিনে না, তারা শুধু ডরায়। আর যারা কাছ থিকা চিনে তারা ভয়মিশ্রিত এক রকম সমীহ করে, শ্রদ্ধা করে, ভালোও বাসে।

কলতলায় তহনও বাসন-পাতিল মাজামাজি করতেছে দবির শেখের বউ, ফুলবানু। মাজা শেষ হইলে অর ছোডো পোলাডা একখান কইরা বাসন-পাতিল কলের তলে ধরে আর বড়ো মাইয়্যাডা ফাল পাইড়া কলের হাতলডার উপ্রে উইঠঠা গোটা শইল দিয়া যাইত্যা নিচে নামায়, সার্কাসের খেইল দেখানের মতোন কইরা কল চাপে।

কল পাড়ের পাক্কাডার গায় লাগা পুরানা কলের আধভাঙা মাচাটার উপরে আইসা বসে জুলহাস। ছাইমাখা ময়লা পানির ছিটা দুই-চাইরটা আইসা পড়তে থাকে তার পায়ের উপ্রে। পানির স্পর্শে কেমন এক রকম শান্তির পরশ পাওয়া যায়।

মা-ছেলে-মেয়ে তিনজনের দলডা কাজ সাইরা সইরা গেলে উইঠা গিয়া এক হাতে কল চাইপা আর অন্য হাতে কলের মুখ আটকাইয়া পানিটা জমাইয়া পরে মুখ লাগায়া ঢকঢক কইরা পেট পুইরা পানি খায় জুলহাস। তারপর ফের আগের জায়গায় বইসা পড়ে নিম ডালের মেসওয়াক দিয়া দাঁত ডলতে ডলতে। মুখভর্তি আবর্জনা জইমা যহন আর ধইরা রাখতে পারে না, তহন উইঠা ফের কল চাইপা মুখ ধোয়, কুলি করে।

ততক্ষণে ধোঁয়া ওঠা দুইখান পরোটা আর যতনে কুচিকুচি কইরা পেঁয়াজ-কাঁচামরিচ-ধনেপাতা মিশানো ডাবল ডিমের ওমলেট সাজানো হইয়া গেছে জয়তুনের। জুলহাস মিয়া খায় আর হাত বাড়ায়া পরোটা-ডিমের ছোট্ট ছোট্ট টুকরা জামাল মিয়ার মুখে দেয়। এইটা আইজকাইল তার রোজকার রুটিন। আগে একা খাইতো, এখন পোলায় সঙ্গী হইছে। নাশতা খাইতে তার সময় লাগে না, নাশতার লগেই তার লাইগা এক মগ কড়া চা থাকন লাগে। গরম গরম চা-টা খাইতেও তার দেরি নাই। তিন চুমুকে টাইনা শেষ। খাওন শেষ তো তক্ষণই উইঠা সোজা বারায়া যাইবো। ফিরনের টাইমটেবিলের কোনোই ঠিক নাই।

ছয়

গেল বছর খালাসিটোলায় নতুন মিনিস্টারের দল দবির শেখরে মাইরা ফালানের পরেই লোকে জানছে জুলহাসের খবর। আগে খালাসিটোলার লেবার আর ম্যাটরা ছাড়া বাইরের কেউ জানতো না কিছুই।

মানুষ ছোটো হইলেও নীতি নিয়া চলুম। একবার যারে বুক দিছি, তারে পিঠ দিমু না কোনোকালে। এইডাই জুলহাসের নীতি। ওর সঙ্গীসাথী আর দোস্তরাও খুব মানে জুলহাসের এই নীতিটারে। দেশ যেদিকে যায় যাক, এমপি মন্ত্রী যে মন লয় হে হউক গিয়া। হাজী আসগরের লাইগা কাম করুম কথা দিছি তো হের লাইগাই কাম করুম। কোনো বদলাবদলি-পাল্টাপাল্টি নাই। কথা ছাফা।

গত বছর ইলেকশনে হাজী আসগর হাইরা যাওনের পরে খালাসিটোলার ডাক উঠলো যহন নতুন কইরা, নতুন এমপি রুস্তম মুনশির মাস্তান বাহিনী পটায়া নয়তো ডর দেহায়া দলে ভিড়াইলো খালাসিটোলার কিছু মাইনষেরে। মাঝে মইধ্যেই ঘুপচি মাইরা দুই-একজনের উপ্রে চড়াও হইতো। এইরাম সুযোগ বুইঝা একেকদিন দুই-তিনজনরে আটকাইয়া ওরা চেষ্টা চালাইতো দলে ভিড়াইতে। বুঝানের লাইগা লেকচার মারতো বিরাট বড়ো বিদ্বান পরফেসরের লাহান। হেইতে কাম না হইলে লাগামছাড়া বাঁশডলা, য্যান আর সোজা হইয়া খাড়াইবার না পারে।

এইরহমই একদিন আটকাইল জুলহাসের এক্কেরে আপনা তিনজনরে। এট্টু কথা কইতেই বুঝলো টানাটানি কইরা লাভ নাই, যদি জুলহাসরে দলে না ভিড়ান যায় কেউই লড়বোচরবো না। দবির শেখের কথায় যহন বুঝলো, জুলহাসরে টানা যাইবো না দলে, আর হেরে টানতে না পারলে বাকিরাও ভিড়বো না দলে। তহন রাগে-জিদে দবির শেখের উপরে অত্যাচার করছিল লাগাম ছাড়া।

মানুষটার শরীর যহন কোনো অত্যাচারেই আর সাড়া দিতেছিল না, তহন হেরা টের পায় যে কোন ফাঁক দিয়া জানি মানুষটা আসলে অত্যাচার আর ব্যাথা বেদনার উর্ধ্বে চইলা গেছে। বাকি দুইজনের অবস্থাও তহন এমন যে ওরা উইঠা বসতে পারবে এমন সামর্থ্যও নাই।

তিনজনরে হাত পা বাইন্ধা নদীতে ফালায়া দিবো এই রহম প্ল্যান ফাইনাল করবার মুখে ওরা খবর পাইছিল যে, ওগোর হদিস জাইনা ফালাইছে জুলহাস। একদল তহনও কইতেছিল– আগে এগোরে নদীত ফালায়া দিই। আরেকদল কইতেছিল–থাক এরা, আগে আমরা এলাকা ছাইড়া সইরা পড়ি।

সাত

সময়টাই সুবিধার যাইতেছিল না। সেদিনও মনমেজাজ খারাপ নিয়া কাজ শেষ না হইতে জোনাকির ঠেকে গিয়া বসছিলো জুলহাস। সূর্য ডোবার আগে যহন তার রঙটা সবচেয়ে অশ্লীল আর কটকটা হইয়া উঠে, ঠিক ওই সময় থিকা গিলতে শুরু করছিল কেবল।

মাঝে মইধ্যে শীতের রইদও ভালা লাগে না, মন কয় কুয়াশার চাদ্দরে ঢাকা দুইন্যাডাই ভালা আছিল। মাঝে মইধ্যে বেশুমার বৃষ্টি নামলে মেজাজ খাট্টা হইয়া যায়। আবার অইন্য সময় শীত সকালের রোইদ শইল্লে ছুইলেই চনমনাইয়া ওঠে মনডাও। বৃষ্টির ঝিরি ঝিরি জলের লগে মনের ভিত্রেও নাচন কুন্দুন করে এক কিসিমের ফুর্তি। এইরাম আজব দুনিয়া। মানুষ জানেনা আইজ যেইডা ভালো লাগছে কাইল ওইডাই কট্টুক মেজাজ বিগড়াইবো।

এতদিনের শান্তির জীবনে আইজকাইল ক্যান জানি মনে হয় খালি, কই জানি বেতাল হইয়া গেছে। চুমুকে চুমুকে আগুন যতবার নামে গলা বাইয়া, ততবার একেক কিসিমের ভাবনারাও জানি মাথা বাইয়া নামতে থাকে মেরুদণ্ডের ভিত্রে, অইখান থিকা ছড়াইয়া যাইতে থাকে সারা শইল্লে।

ছোলার সাথে আস্তা শুকনা মরিচটা দাঁতের নিচে ফালায়া চাবানি দিতেই ঝালের রসে মাথার তালুতে গিয়া বাড়ি মারলো। এর মইধ্যে মনে হইলো কয়েকটা মানুষ দৌড়ায়া আসতেছে। বোতলটা মুখে লাগায়া লম্বা একটা টান দিতেই তলানির কাছে চইলা গেল প্রায়। মনে হইতেছিল নাক কান চোখ দিয়া তার ধোঁয়া বাইর হইতেছে।

হালকা ঝাপসা চোখের সামনে আইসা দাঁড়ায়া দাঁড়ায়া হাঁপাইতেছিল তখন ইলিয়াস, শরবিন্দু, জব্বার, কলিমুদ্দি, শামসু আর কৈলাশ। ঘরের বাইরে আরো অন্তত পাঁচ-সাতজনের সাড়া পাওয়া যাইতেছে। ওগোর ঘনঘন শ্বাস ফেলনের জোর শব্দ ছাড়া আর কোনো সাড়াশব্দ নাই। জুলহাস ঝাপসা দৃষ্টির ফোকাসটা ঠিক করবার চেষ্টা করতে করতে চোখের মধ্যে প্রশ্ন জাগায়া তাকায়া থাকে।

ইলিয়াস একদম স্থির-সংযত গলায় খুব সংক্ষেপে কইলো– কালাম, রইস আর দবির শেখ এই তিনজনরে ধইরা নিয়া গেছে রুস্তম মুনশির লোকজন। জেটির কিনারে তাস খেলতে বসছিল অরা চাইরজন। কৈলাশ উইঠা গেছিল পান-বিড়ি-চানাচুর কিনা আনতে। আইসা আর কাউরে পায় নাই। যারেই জিগায় কেউ কিছু কয় না। হেতেই সন্দেহ হইছিল কৈলাশের। কেউই দেহে নাই, এইডা হয় ক্যামনে! সবতে ডরে চুপ মাইরা রইছে আন্দাজ পাইয়া খোঁজাখুঁজি করতে করতে বুঝতে পারছে ঘটনাডা কি ঘটছে।

আট

খালাসিটোলার এক্কেবারে পশ্চিমে, শেষ মাথায়, পুরানা ওই বাতিল শেডের মধ্যে নিয়া গেছে ওরা দবিরগোরে। কাঁপা কাঁপা গলায় বইলা ওঠে কৈলাশ। আমি এক নম্বর শেডের ওইদিক পর্যন্ত গিয়া ফিরা আসতে নিমু যহন তহনই মাইরপিট আর গোঙ্গানির শব্দ পাইছি আর লগে লগেই বুইঝা ফালাইছি। দৌড়াইয়া ফিরা আসছি খবর দেওনের লাইগা। তোমারে খুঁইজা পাইতেছিলাম না। ইলিয়াসের লগে দেখা হইতেই কইলো– আয়, আমি জানি হে কই থাকবার পারে।

জুলহাস ততক্ষণে উইঠা দাঁড়ায়া গামছাটা ঝাড়া দিয়া কাঁধে ফালায়া হনহন কইরা হাটতে শুরু কইরা দিছে। ঘরের ভিতরের ছয়জন পিছ পিছ বাইর হইয়া আসতেই তাগো পিছ ধরলো বাইরের বাকি পাঁচজনও। কাফেলাটা ছুইটা যাইতাছে খালাসিটোলার উলটা দিকের গন্তব্যে। চারিদিকে অন্ধকার জাঁইকা বসতে শুরু করেছে কেবল। নাকের আগায় দম দিনের। সূর্যের আলোয় কিনারে দেহা গেলেও দূরের কিছু দেখবার গেলে খালি রহস্য বাড়ায়। জেটির খাম্বায় খাম্বায় বাতিগুলান তহনও দূরে দূরে ম্যান্দা মারা আলোর গোবেচারা অস্তিত্বের বেশি কিছু হইয়া উঠতে পারে নাই।

দাঁত চাইপা নিচা স্বরে জুলহাস সবাইরে কইলো এট্টু ছড়ায়াছিটায়া আলগা আলগা হইয়া হাঁটতে। দূর থাইকা কেউ য্যান বুইঝা উঠবার না পারে, এই এক ডজন মানুষ এককাট্টা, এক সূতায় বান্ধা, একই গন্তব্যের দিকে ছুটতাছে বেতাল। কথাটুক বলতে বলতে কিঞ্চিৎ গতি কমায়া চাইরপাশে চোখ বুলাইলো জুলহাস একবার। তহনই চোখে পড়লো মালামাল বোঝাই একটা ট্রাক থাইকা ঝুইলা আছে ব্যবহারে বাতিল হইয়া পইড়া থাকা একখান লোহার শিকল। ভারি লোহালক্করের মালামাল বান দেওনের লাইগা এমন শিকল ব্যবহার করে খালাসিরা, কাজে লাগায় মাঝেমইধ্যে হেভি লোডের ট্রাকওয়ালারাও।

জুলহাসের নজর থমকাইয়া যাইতে শামসু ব্যাপারটা খেয়াল কইরা তার নজর বরাবর তাকায়া আবিষ্কার করলো জিনিসটা। এক দৌড়ে লোহার শিকলটা আইনা জুলহাসের হাতে দিতেই সে জোনাকির ঘর থাইকা বাইর হওনের আগে আছাড় মাইরা কান্ধে রাখা গামছাডার উপর শিকলটা আলগোছে ফালায়া রাখলো, য্যান তার পুরানা পোষা কালকেউটা সাপটারে দরদ কইরা সাজাইয়া লইলো কান্ধের উপ্রে!

দূরে হঠাৎ মিটমিট আলো কাঁপায়া একটা টেম্পু দেখা গেল আগায়া আসতেছে। জেটির শেষ মাথা তখনও মাইলখানেক দূরে। জুলহাস ইশারা করলো বাকিগোরে, টেম্পু থামায়া ওইটার লোক নামায়া খালি করতে। টেম্পুটায় কইরা যাইতে হইবো। তাইলে তাড়াতাড়ি পৌঁছান যাইবো।

নয়

উঁচা-লম্বা খাম্বার মাথায় বাত্তির পসর আর চান্দের আলো পাঞ্জা লইড়া বন্দর আর জেটির শইল্যে আলোর ভাগাভাগি মাপতেছে। মরিচের ঝাল, মদের ভাপ, এতক্ষণ ছুইটা আসা, এত তালে চিকন ঘাম দিতে শুরু করছে শইল; সব মিলায়া জুলহাসের গতর তহন চান-তারার ঝিলিক মারার লাহান চমক উঠাইছে চামড়ার উপ্রে। লোহার শিকল আর ঘাইম্যা উঠা শরীর– পুরাটা মিল্লা য্যান মাইকেল এঞ্জেলোর কোনো বিখ্যাত ভাস্কর্য আৎখা জ্যান্ত হইয়া চলতাছে ফিরতাছে!

জায়গাটায় কনস্ট্রাকশনের মালামাল নিয়া জেটি সংস্কারের কাজ করার জিনিসপত্র বোঝাই কয়টা ট্রাক দুইপাশে এলোপাতাড়ি কইরা রাখা। ইঞ্জিনের গরম তখনও মিয়াইয়া যায় নাই। ট্রাক ড্রাইভার-হেল্পাররা মনে হয় টার্মিনাল সুপারভাইজারের কাছে গেছে মালামাল বুঝাইয়া নামানের ব্যবস্থা করতে।

এক ডজন মানুষের সবাই দুইপাশে মালামাল আর ট্রাকের কিনার ধইরা আগায় আর একা জুলহাস হাঁটাপথের মাঝখান দিয়া আগাইতেছে। জুলহাসরে বাধা হিসাবে পাইলে টেম্পুটা দাঁড়াইবো। এই ভাবনাটাই সবার মাথায়। এমনই তো হওয়ার কথা। কিন্তু কিছুটা ধারেকাছে আসতেই জুলহাসরে চিনতে পাইরা উলটা গতি বাড়াইয়া আরো জোরে ছুট লাগাইতে চাইলো টেম্পুটা। দুইপাশের সবাই ভাবতেছে, জুলহাসরে চিনলেও টেম্পুটা দাঁড়ানের কথা, এমন কি না চিনলেও। পথ আগলাইয়া জেটির মতো খোলা ময়দানে কেউ থামাইতে চাওয়া মানেই কোনো জরুরি প্রয়োজন– এইটা বুইঝাও দাঁড়ানেরই কথা।

টেম্পুটা পঞ্চাশ-ষাইট হাত দূরে থাকতেই খেইপা ছুইটা আসার নমুনা দেইখা জুলহাস বুইঝা ফেলাইছে, এইটার মধ্যেই রুস্তম মুনশির মাস্তান বাহিনীর লোকজন। লহমায় কান্ধের উপর খানিক আগে রাখা নিরব লোহার শিকলটার মাথাটা খামচি মাইরা ধরলো মুঠিতে, তারপর টেম্পুটা যখন প্রায় গায়ের উপ্রে আইসা পড়তেছে তখনই এক ঝটকায় বড়ো এক কদম বামে সইরা আইসা সারা শরীরের জোর দিয়া শিকলটারে আছাড় মারলো টেম্পুর সামনের দিকটায়।

লহমায় ছিটকায়া তিন ডিগবাজি দিয়া টেম্পুটা উইড়া গিয়া থামলো লোহার রড বোঝাই একটা ট্রাকের পাছার উপ্রে। বিতিকিচ্ছিরি ধাতব শব্দ ছাপায়া বাতাস কাঁপায়া উঠলো কতগুলা মানুষের চিৎকার।

এই টেম্পুটা এখন যেই কাজে থামানের চেষ্টা, ওইটা ক্যান; জিন্দেগিতে আর কোনো কাজেই আসব না বুঝতে পাইরা ছুইটা দৌড়াইতে শুরু করলো জুলহাস। সঙ্গে আসা এগারোজনের ছয়জন দৌড়াইতে থাকলো সাথে। বাকি পাঁচজন রইয়া গেল এই স্পটে।

দশ

এক্কেবারে পশ্চিমে, শেষ মাথায়, খালাসিটোলার পুরানো বাতিল শেডটা পর্যন্ত যখন পৌঁছাইলো জুলহাসরা, তখন ওইদিকে মিটমিট কইরা একখান বাত্তি জ্বলতেছে শেডের পঞ্চাশ গজ দূরে। খোলা শেডের মধ্যে সেই আলো চুঁয়াইয়া চুঁয়াইয়া যা যট্টুকু ঢুকতে পারছে তাতে কোনোকিছু ঠিক কইরা ঠাহর হয় না। শেডের দিকে আগাইতে আগাইতে বাতিল কাগজটাগজ যা কিছু চোখে পড়ে তা-ই তুইলা লইয়া আগায় ওরা শেডের ভিতরে আবছা আলোছায়ার সীমানা পর্যন্ত।

সবার হাতের কাগজগুলারে একসাথে কইরা দড়ি পাকায়া হাতের তালুতে বাতাস আড়াল কইরা তাতে আগুন ধরাইতেই এক ঝটকায় বীভৎস একখান দৃশ্য লাফ মাইরা একশভাগ অজানা থিকা একশভাগ জানায় হাজির হইলো য্যান বিশাল একটা কারেন্টের শক দেওনের মতোন ধাক্কা দিয়া।

যেমনে নিস্তব্ধ হইয়া পইড়া ছিল, অমনেই দবিরগোরে ফালায়া রাইখা আচমকা বাইর হয়া গেছিল ওরা। তিনটা শরীরই নিস্তব্ধ, পাথরের মতোন স্থির। হন্তদন্ত হইয়া একজন হাতের কবজি টিপা দেখে, একজন নাকের কাছে কান লাগায়া শুনতে চেষ্টা করে নিঃশ্বাসের শব্দ, বুকে হাত বিছায়া বুঝবার চেষ্টা করে এট্টুখানিও ওঠানামা করে কি-না বুক।

বেশি সময় লাগে না। ওরা আবিষ্কার করে দবির শেখ সব পরীক্ষানিরীক্ষার উর্ধ্বে চইলা গেছে বহু আগে। শরীরটা তার উত্তাপ হারায়া শীতল হইতে শুরু করছে। কালাম আর রইসের শরীর প্রায় নিস্পন্দ হইলেও খানিকটা উত্তাপ জিয়াইয়া রাখছে মানুষ দুইটারে। সামান্য কইরা শ্বাস-প্রশ্বাসের সাড়া পাওয়া যাইতাছে তাগো অহনও।

ছয়জনে ধরাধরি কইরা পরথমে যতনে শোয়াইয়া দেয় দবিরের শরীরডা। তারপর খুব সাবধানে সোজা চিত কইরা শোয়াইয়া দেয় কালাম আর রইসরেও। সারা শইল্যে হাড়গুলান তাগো কোনডা আস্তা আছে কোনডা নাই তা বুইঝা ওঠন সম্ভব হইতাছে না। এমনই ভয়াবহ রকমের সঙ্গীন। এইটুক গোছগাছ করতে করতে পুরাদমে বাকহারা হইয়া পড়ছে ছয় ছয়টা মানুষ। সবার মাথায় তহন একখান প্রশ্নই ঘুরপাক খাইতেছিল, সমর্থন করেনাই নতুন এমপি বা মন্ত্রীরে, রাজি হয় নাই পুরানা সমর্থন পালটাইয়া নতুনের তাঁবেদার হইতে। এটুকুনই তো অপরাধ! তার লাইগা এমন নির্মম পরিণতি!

ছয়ডা নিস্তব্ধ মুখের সামনে স্থবির তিনখানা দেহ যহন নিভু নিভু কাগজের আলোয় হারাইয়া যাওয়ার উপক্রম তখনই ঘরঘর কইরা কাছেধারে কোনোখানে আইসা থামলো একটা টেম্পু। সবাই হাত ধরাধরি কইরা তিন বন্ধুর নিস্পন্দ শরীর তিনটারে নিয়া তুললো ওই টেম্পুর পাটাতনে। জীবিত দুইজনরে যত্নে আগলাইয়া দুই পাশের লম্বা দুই সিটে কোলে লইয়া সারি কইরা বসলো ওরা। জুলহাস নিস্তব্ধ হইয়া পাটাতনে বইসা আছিল দবির শেখের মাথাডা কোলে লইয়া।

এগারো

টেম্পুডা ছুইট্টা বাইর হইয়া আসনের পথে আগের টেম্পুর লগে সংঘর্ষের জায়গাডায় আসতেই চোখে পড়লো ছোটোখাটো জটলা কইরা দাঁড়ায়া আছে কতগুলান মানুষ। জুলহাসগো লগের তিন-চাইরজন ছাড়া আরো কয়জন খালাসি আর চাইরজন পুলিশ, পাশে দাঁড়ায়া আছে পুলিশের একটা হলার।

আরো কাছাকাছি হইতে হলারের আলোয় চোখে পড়লো সারি দিয়া শোয়াইয়া রাখা পাঁচটা শরীর। পাঁচজনই সম্ভবত মারা গেছে। শরীরের নানান জায়গায় গাঁইথা যাওয়া রডের ক্ষত। অগোরে পার হইয়া আসনের মুখে পুলিশ ইশারায় দাঁড়াইতে কইলে তহন চোখে পড়লো ছয় নম্বর মানুষটারে। হলারের চাকায় হেলান দিয়া বইসা আছে, শূন্যের দিকে নিষ্পলক চোখ মেইলা। বুকের নিচ দিয়ে এফোঁড়ওফোঁড় কইরা বারায়া গেছে লোহার রড। ফুসফুসটা বাঁইচা গেলেও রক্ত ক্ষয় হইয়া নেতাইয়া আসেছে মানুষটা। শরীরে আরো কয়ডা চোট আছে, সেইটুকও বোঝা গেল কাছাকাছি আসতে।

টেম্পুডা থামাইতেই পুলিশ আগাইয়া আইসা টর্চের আলো ফালাইলো ভিতরে। রক্তাক্ত তিনখানা নিথর শরীর নিয়া সাতজন মানুষ তালগোল পাকায়া বইসা আছে টেম্পুর মইধ্যে। নিরবতা ভাইঙা জুলহাস কথা কইয়া ওঠে আৎখা মাইরা। আগে হাসপাতালে লইয়া যাইতে দেন। এহনও দুইজন বাঁইচা আছে, এগোরে বাঁচানের চেষ্টা করতে দেন।

পুলিশের টর্চ লাইট সরবার আগেই আবার চলতে শুরু করলো টেম্পু। নির্দেশের অপেক্ষায় সময় নষ্ট করবার খায়েশ নাই অগো এট্টুও। টেম্পুডা ছুটতে থাকে জান দিয়া। টোলারবাগ সরকারি হাসপাতালের দিকে যাওনের আগেই জুলহাস জোরে শব্দ কইরা বইলা ওঠে, হাজী আজগর আলী হাসপাতালে যাও ডেরাইভার।

টেম্পু পৌঁছানের আগেই হাসপাতালে খবর হইয়া গেছে, খুনাখুনির কেস আসতাছে। পুরা কাহিনী ওরা তহনও জানে না। তবু যট্টুক শুনছে, মালিকরেও খবর দিয়া রাখছে হাসপাতালের মানুষগুলা। আর ওরা সবতেই জানে জুলহাস আসগর আলীর আপনা ভাইয়ের মতো আদরের, প্রিয়জন।

ততক্ষণে জুলহাসের বৌ, দবিরের বৌ, বলতে গেলে সব্বাইর বৌ বাচ্চাই আসগর আলী হাসপাতালে ইমার্জেন্সির বারান্দায় আইসা সারি দিয়া দাঁড়াইয়া রইছে। টেম্পুডা আইতেই এক এক কইরা তিনখান শরীর নামানো হইল। সবশেষে জুলহাস নাইমা দাঁড়াইতেই তার রক্তে ভিজা শরীরে পিছলাইয়া ঝনাৎ কইরা বেতাল শব্দ তুইলা কান্ধের থিকা মেঝের উপ্রে পড়লো লোহার মোটাসোটা শিকলটা।

চারিদিকের সব মানুষ আৎখা চমকাইয়া উঠলো। ভিড়ের মইধ্যে দম আটকাইয়া বইসা থাকা অস্থির জয়তুনের বুক থিকা য্যান পাথর নামলো।

বারো

একটা ঘোরের মইধ্যে চরকি খাইতাছে য্যান দুনিয়াডা। চারিদিকে শতশত মানুষ দৌড়াদৌড়ি করতেছে। কালাম আর রইসরে নিয়া যুদ্ধ করতেছে ডাক্তার-নার্সের দল। রক্ত লাগবো দুইজনেরই। সবাইরে ডাইকা জানাইছে এক ডাক্তার আইসা, কালামের রক্তের গ্রুপ আর রইসের রক্তের গ্রুপ একই। ফুইল্যা ওঠা চোখমুখ মুছতে মুছতে খালাসিটোলার মানুষগুলান সব একজনের পিছে একজন লাইন ধইরা দাঁড়াইয়া পড়ছে, রক্ত পরীক্ষা করাইতে।

সবাই যহন ব্যস্ত-সমস্ত হইয়া জীবনের জন্য যুদ্ধে নাম লেখাইতে পেরেশান হইতাছে। লম্বা করিডোরের শেষ মাথায় একখান ট্রলির উপ্রে সাদা চাদ্দর গায়ে জড়ায়া নিঃশব্দে শুইয়া রইছে দবির শেখ। শুধু এক মহিলা ট্রলিটার উপ্রে উপুড় হইয়া তেরচা মাইরা আধশোয়া মতোন পইড়া আছে। তার শইলডা আনতার মইধ্যে আটকা পড়া বাইন মাছের মতোন থাইকা থাইকা তিরিক তিরিক কইরা জোরে কাঁপান দিয়া উঠতাছে।

গুড়া গুড়া দুইডা ছাওয়াল-পাওয়াল মহিলার শাড়ি ধইরা এক রহম ঝুইলা রইছে। ছোডোডা পোলা, কেবলই হাঁটতে-দৌড়াইতে শিখছে। তার থিকা এক বিঘৎ বড়ো হইল মাইয়াডা। দুইজনেরই চোখের পানি নাকের পানি শুকায়া সারা গালে-মুখে আস্তরের মতো লাইগা রইছে। হাসপাতালের শতশত মানুষ ব্যস্ত হইয়া ছুটাছুটি করতাছে, অথচ মৃত মানুষডার কাছে কেউই নাই। আছে শুধু তার বৌ আর বাচ্চা দুইডা, যারা জীবনের কাছে ঠেইকা গেছে লোকটা মারা যাওনে।

এইডাই জীবন! যতক্ষণ বাঁইচা আছো ততক্ষণ সম্পূর্ণ রঙিন। মারা যাওন মাত্রই ওইডা এক্কেবারে পুরাপুরি সাদা-কালো। মানো আর না মানো, এই জীবনরে রঙিন করতেই জান-কুরবান আছিলো মইরা যাওয়া মানুষডাও। যতক্ষণ বাঁইচা আছিল, নিজেই রঙ লেইপা গেছে নিজের জীবনে। ভাগিদার হইছে তার আশেপাশের সক্কলে। মারা যাইবা মাত্রই রঙের খেলা শেষ। চাইরপাশের কেউই আর তহন এক বিন্দু জীবনের রঙ ভাগ দিব না তারে। এমনই বিরস আর অর্থহীন মানুষের জীবন। অথচ এই সত্যের বোঝে না সে কিছুডাও বাঁইচ্চা থাকনের কালে– মরলে পরে কে থাকবো পাশে আর কারে খুঁইজাও পাওন যাইবো না কাছে কিনারে।

তেরো

হাজী সাহেব আইসা পড়ছেন সময় মতোন। এতক্ষণ ডাক্তার-নার্সগো তাগাদা দিয়া এখন আসছেন জুলহাসের কাছে। এই যে এতকিছু ঘটাতাছে চাইরপাশে তার মইধ্যে জুলহাস আসছে অবধি ঠায় দাঁড়ায়া আছে ঠিক এক জায়গায়। য্যান সে মানুষ না, একখান জমাট পাথর। গ্রানাইট পাথরের মূর্তির মতোন স্থির, নিশ্চল।

হাজী সাহেব কাছে আইসা আস্তে কইরা ডাইন কান্ধের উপ্রে হাতটা রাখলে পরে পাথরের শইলডাতেও কাঁপন ধরে। বেতের ঝোপের মতোন কাঁপলো সে কতক্ষণ। মনে হয় কানলো। ঠিক ঠাহর করা গেল না সে কানলো নাকি রাগে ক্ষোভে জিদ্দে কাঁপলো। কতক্ষণ নিঃশব্দে খাড়ায়া থাইকা কাঁন্ধে-পিঠে হাত রাইখা চইলা যাওনের আগে হাজী সাব বইলা গেল শুধু একখান লাইন, মির্জা লস্কররে রাইখা গেলাম। দুই লাখ টাকা আছে অর কাছে। লোকজনও আছে। দাফনের ব্যবস্থা করবো ওরাই। তুমি শান্ত হও, একটু শান্ত হও। মন শান্ত হইলে একবার বাড়ি আইসো।

হো, হাজী সাবের বাড়ি তো একবার যাইতেই হইবো। থানা-পুলিশের কারবারও তো বাকি রইছে। যদিও রুস্তম মুনশির সাতজন মানুষের সাতজনই মারা পড়ছে, তয় ওরা মরছে একসিডেন্ট কইরা। ওগোরে কেউ মারে নাই। আলামত সব অই রকমই পষ্ট। মাগার দবির শেখরে তো কেউ না কেউ মারছে। এইটুক থানা পুলিশেরও ফকফকা ঠাহর হইছে। কালাম আর রইসরে পাহারা দিতে পুলিশ ডিউটি দিতে শুরু করছে। এগো দুইজনের কারো জ্ঞান ফিরলেই জানা যাইবো কারা করছে আকামডা। এই পর্যন্ত হিসাব মাথায় লইয়া চুপচাপ থাকে জুলহাস।

সহজ হিসাবগুলান তার মুখস্ত হইয়া গেছে বহুকাল আগেই। তবে মাইরপিট যতই হউক, লাশ পড়ে নাই খালাসিটোলার ভিতরে এর আগে। যা হইছে বাইরে বাইরে, যা হইছে রক্তারক্তি পর্যন্ত। নিজেগো এলাকায় এই পরথম রক্তারক্তি খুনাখুনি হইয়া লাশ পড়লো। এদ্দিন মানুষ উধাও হইলেও লাশের হদিস কেউই পাইতো না।

এইবার সবই আউলাইয়া গেছে। এইবার মানু্ষের লাশ নিয়া মানুষ কানতেছে। এইবার মানুষের জীবনের লাইগা মানুষ জান দিয়া ছুটাছুটি করতাছে!

চৌদ্দ

হাজী আসগর সাব চইলা গেছেন। স্থির শান্ত হইয়া জুলহাস আস্তে আস্তে কদম ফালায়া আগাইতে থাকে করিডোরের শেষ মাথার দিকে। মির্জা লস্কর তার সাঙ্গপাঙ্গ নিয়া ওর পিছন পিছন আগাইতে থাকে।

দূরে সাদা চাদরে ঢাকা ট্রলিটায় দবির শেখের উপ্রে উপুড় হইয়া পইড়া থাকা মহিলাটার কান্নার দমক ক্লান্তিতে এতক্ষণে অনেকটা কইমা আসলেও হেঁচকিটা তখনও চলতেছে লয়হীন একটা তালে। বাচ্চা দুইডারে মায়ের শাড়ি জাপটাইয়া দাঁড়াইয়া থাকা অবস্থা থিকা কেউ একজন পাশের বেঞ্চির উপরে বসাইয়া দিছে। ওরা হতবিহ্বল হইয়া তাকায়া আছে। এখনও বুইঝা উঠে নাই, কি ঘইটা গেছে তাগো জীবনের উপর দিয়া।

এট্টু খেয়াল কইরা তাকাইতেই দেখে জয়তুন বইসা আছে বাচ্চা দুইডারে দুই বগলে চাইপা ধইরা। কেমন একটা ঘোরের মধ্যে আছে জুলহাস মিয়া এখনও। হাসপাতালের সামনে জমা ভিড়ের ভিতর থিকা জয়তুন কখন ভিতরে আসলো, দবির শেখের বাচ্চা দুইডারে কখন সামলাইলো, ক্যান সামলাইলো, কিছুই সে টের পায় নাই।

কদম কদম আগাইয়া ততক্ষণে ট্রলিটার অনেক কাছে চইলা আসছে জুলহাস। পায়ের শব্দে মাথা উঁচু কইরা তাকায় দবিরের বউ। লহমায় জুলহাস মিয়ার ঘোলাটে চোখের অস্পষ্ট দৃষ্টি থমকাইয়া যায়।

এইডা কার মুখ সে দেখলো! সেই একই নাক, চোখ, ঠোঁট, কপালে সেই একই কাটা দাগ! আর ওই মুখটাও এত শোক আর মাতমের মধ্যেও থমকাইয়া পাথর হইয়া গেল। অনেক বছর বাদে আরো তাগড়া, ক্ষ্যাপা ষাঁড়ের মতো মানুষটারে দেইখা যদিও প্রথমে ঠাহর কইরা উঠতে পারে নাই, তবু বাম বুকের উপর কাটা দাগটা দেখনের পর কোনো রাও শব্দ বাইর হইল না তার আর।

আচমকা হ্যাঁচকা টানে বুকের ভিত্রে সান্ধাইয়া নেওনের যেই নেশায় ঘটনাটা ঘটছিল, লহমায় কাচের চুড়ি ভাইঙা একজনের বুক কাটলো গভীর কইরা, আরেকজনের কাটলো কপাল আর কবজি।

কিছুক্ষণ কেউই আর নড়ে না, পলক ফেলে না, শব্দও করে না। অনেকক্ষণ বাদে হুশ পাইতেই জুলহাস মিয়া ঘুইরা দাঁড়ায়া বাইর হইয়া আসে হাসপাতাল থিকা। মির্জা লস্কররে পার হওনের সময় খালি কইয়া উঠলো, দুই লাখ ট্যাকাই দবিরের বউরে দিয়া দিয়েন। হাসপাতালের খরচা ব্যবস্থা হইবো নে।

পনেরো

রাইতের শহরে নিয়ন আর চাঁন্দের আলো মিলামিশা এক হইয়া গেছে এমন রহম যে আলাদা কইরা তার উদ্দিশ পাওনের ক্ষ্যামতা নাই কুনু মাইনষেরই।

শুধু অমাবস্যা পূর্ণিমার হিসাব বুঝানের লাহান বয়সের পুরানা ব্যাথার মতোন চিনচিন কইরা ওঠে তার বাঁ-বুকের পুরানা ক্ষত। টের পায় তাজা রক্তের মতো গরম ঠোঁটের ঘষায় ঘষায় ওইখানে শিরা ছিড়া ফোয়ারার মতো ভাইসা যাইতাছে অতীত। ভাইসা যাইতাছে ভালোবাসা। ভাইসা যাইতাছে মানুষ।

পায়ে পায়ে জুলহাস তহন ফের ওই নদীর কিনারে, বোল্ডারের উপ্রে আইসা ধ্যানের মতোন বসছে। একটা ঘোরের মইধ্যে বাতাসের সীমানায় মহব্বতের অতীত দিনগুলারে ঢাইলা দিতাছে, ঢাইলা দিতাছে। য্যান সে আস্তে আস্তে ফের সান্ধাইয়া যাইতাছে তার অসমাপ্ত খোয়াবের ভিতরে।

লেখক:
Lutful Hossain02
লুৎফুল হোসেন
কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক; ঢাকা

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট