আবারও হুমকি দেয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে। রোববার, ১২ মে, ২০১৯, সন্ধ্যা পৌনে আটটার দিকে তার আবাসিক ভবনের সামনে এসে ১০-১৫ জনের একটি দল তাকে অশ্রাব্য ভাষায় হুমকি দেয়।
রাত ১০ টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক মাইদুল ইসলাম একটি পোস্টে একথা উল্লেখ করেন। ঘটনার পর তিনি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে ফোন করলেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসে তিনি লেখেন:
জরুরী বার্তা
আজ ১২ই মে সন্ধ্যা ৭.৫০। আবাসিক শিক্ষকদের যে ভবনে থাকি সে ভবনের সামনের খোলা জায়গায় ১০-১৫ জনের একটা দল এসে আমার নাম করে অশ্রাব্য গালিগালাজ করে। জন্তুর মত হিংস্রভাবে চিৎকার চেচাঁমেচি করতে থাকে।
যার কিছু কথা এমন
“মাইদুল বাসার নীচে নাম। কতবড় বিপ্লবী হইছিস দেখি, বাসার নীচে নেমে আয় দেখ তোকে কি করি।”
১০ মিনিটের দানবীয় চিৎকার, চেচাঁমেচির পর চলে যায়। এখানে দুই বিল্ডিং এর সব বাসিন্দা শুনেছেন বলে ধারণা করছি। ঘটনার সঙ্গে সঙ্গে প্রক্টরকে কল দিলাম, একবার রিসিভ করে দুই সেকন্ড ধরে কথা না বলে লাইন কেটে দিলেন। কয়েকবার কল করেও ফোনে পাওয়া গেল না। এই পোস্টটি করার আগে প্রক্টরকে ফোনে না পেয়ে ইমেইল করলাম। এখন বাসাবন্দি হয়ে আছি।
গত একবছর হল এসবই চলছে। এইরকম নিপীড়ন, অনিপরাপত্তা কোথায় হয়?
এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ছাত্রলীগের নেতার মামলায় কারাগারে যেতে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম। একই দিন তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছিলো।
৯ অক্টোবর উচ্চ আদালত শিক্ষক মাইদুলকে ছয় মাসের জামিন দিলে, ৩০ অক্টোবর, সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ৬ মাসের জামিনে তিনি মুক্তি পান। মুক্তি পেয়ে তিনি আবারও ক্লাসে ফেরেন।
বাঙালীয়ানা/জেএইচ