চিরসখা

Comments

। দেবাশিস বন্দ্যোপাধ্যায় ।

গোধূলির রং মুছে যাবার অনেক পরে শুরু হয় গাছে গাছে বাদুরের ডানা ঝাপটানো। এই সময়টুকু অধ্যাপক জাহিরুলের একান্তই নিজস্ব। শহরের কিছুটা বাইরে তাঁর সাজানো গোছানো সুন্দর বাড়ি। দোতলার বারান্দায় বসে থাকতে থাকতে অতীতের স্মৃতি হাতড়ানোর অদ্ভুত নেশায় ডুবে থাকেন অধ্যাপক। বহু ঘটনাই ছেঁড়া ছবির একটা টুকরোর মতো স্মৃতির গভীরে লেপটে থাকে। শত চেষ্টাতেও পূর্ণাঙ্গ চেহারা পেতে চায় না। কপোতাক্ষ নদীর পাড়ে বাবার হাত ধরে মেলা দেখা, বাবার মৃত্যুর পর মায়ের হাত ধরে পূর্ববঙ্গের বর্ডার পেরিয়ে এই বাংলার নানির কাছে আসা–সব কেমন যেন টুকরো টুকরো অসম্পূর্ণ বিবর্ণ ছবি। পূর্ণাঙ্গ চেহারা শুধু ফুফু। এখনও এ-বাড়ির আলমারিতে যত্ন করে রাখা আছে ফুফুর হাতে তৈরি নকশি কাঁথাটা। মনে আছে, চলে আসার দিন ভোরবেলায় তার হাতে তুলে দিয়েছিলেন একটা কাপড়ের ব্যাগে ভরে। ফুফুর চোখের জলের কয়েক ফোঁটা হয়তো আজও লেগে আছে কাঁথাটার শরীরে। জাহিরুল যেমন পরম মমতায় রক্ষা করেছেন কাঁথাটিকে, পুত্র আমিরুলেরও পরমপ্রিয় কাঁথাখানি। আব্বুর কাছে কত শুনেছে সে আব্বুর জন্মভূমির গল্প। ছুঁতে চেয়েছে আব্বুর অনুভূতিগুলিকে। মানশ্চক্ষে তার গড়ে উঠেছে না-দেখা পিতৃ জন্মভূমির এক অস্পষ্ট রেখাচিত্র। সেই মাটি, সেই নদী, সেই প্রকৃতি তাকে তীব্রভাবে আকর্ষণ করে। নকশি কাঁথাটা নাকের কাছে চেপে ধরে আমিরুল সেই মাটির গন্ধ, হলুদের ছোপ লাগা ফুফু-দাদির আঁচলের গন্ধ পেতে চায়, অধ্যাপক মনে মনে গর্ব অনুভব করেন এই ভেবে যে, উচ্চশিক্ষিত সন্তানের মধ্যে শিকড়কে অবজ্ঞা করার মানসিকতা গড়ে ওঠেনি। শিকড় তাকে টানে, হয়তো-বা সে শিকড়ের গভীরেও যেতে চায়।

রোশেনারার সঙ্গে প্রায় বছর খানেকের আলাপ আমিরুলের। ফেসবুকে আলাপচারিতার মাধ্যমেই বাংলাদেশের অনেক কিছুই আজ আর আমিরুলের অজানা নয়। শিক্ষিকা রোশেনারা আমিরুলের স্বপ্নকে ধীরে ধীরে বাড়িয়েই তুলেছে। আমিরুল তো সেই ইতিহাস ভূগোলের আরও গভীরে যেতে চায়। সেই মাটিতে পা রেখে চাক্ষুস করতে চায় সবকিছু। সেখানকার সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সেখানকার মাটির গন্ধ, গাছের পাতা ঝরা, গড়িয়ে পড়া শিশির বিন্দু, নদীর-কলতান, আজানের সুর—সব কিছুর অমোঘ আকর্ষণ সে উপেক্ষা করতে পারে না। ভোরবেলা রেওয়াজের সময় তার মনে হয় তার গলার সুর বুঝি সীমান্ত পেরিয়ে চলে যেতে চাইছে নদীর কূলের সেই গ্রামে, যেখানকার মাটিতে প্রথম হাঁটতে শিখেছিলেন তার আব্বু। তার প্রতিটি অনুভূতি প্রতিটি ভাবনা সে জানায় রোশেনারাকে। হয়তো রোশেনারাও তাকে কিছুটা প্রশ্রয় দেয়, তার ইচ্ছার পরিধিটাকে বাড়িয়ে দেয় দিনকে দিন। কাঁটাতারের দুপারে দুটি সংস্কারমুক্ত মনের মাঝে যে তরঙ্গের চলাচল সময়ান্তরে তা বেড়েই চলে। রোশেনারার হঠাৎ আমন্ত্রণে উদ্বেল হয়ে ওঠে আমিরুল।

– আসেন না, সামনের ভাষা দিবসে ঢাকায়।

মেসেজটা দেখেছিলেন জাহিরুল। আমিরুলকে বাধা দেননি, বরং আবদার রেখেছিলেন,

– ভাষা শহিদ মিনারের রেপ্লিকা পেলে আমার জন্য একটা নিয়ে এসো তো।

ঢাকা শহরের একটা প্রান্তে রোশেনারাদের বাড়ি। রোশেনারার আব্বা আম্মি ভাইয়ার কাছে যে এতখানি উষ্ণ অভ্যর্থনা পাবে সেটা ভাবতে পারেনি আমিরুল। সাহিত্যিক সামসুল রিজভির ছোট্ট পরিবারের সকলের আতিথেয়তায় আপ্লুত সে। ডাইনিং টেবিল ঘিরে শুধুই গল্পের ফোয়ারা। প্রসঙ্গক্রমেই সে জেনেছে মুক্তিযুদ্ধের ত্যাগ তিতিক্ষার ইতিবৃত্ত, শুনেছে শহিদ মিনার গড়ে ওঠার কাহিনি। একটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভারতের ভূমিকায় ভিতরে ভিতরে গর্বও অনুভব করেছে। ভাষা দিবসের আগের তিনদিন রিজভি পরিবার আমিরুলের অনেক ইচ্ছাই পূরণ করেছে। আব্বুর মুখে শোনা অনেক গল্প আর কল্পনার সঙ্গে বাস্তবকে মেলানোর নিরন্তর প্রক্রিয়া তার মনোজগতে এনে দিয়েছে অদ্ভুত পূর্ণতা। কালান্তরে হয়তো সব ছবি বাস্তবে সমাপতিত হয় না, হতেও পারে না, তবুও তো…।

খুশি রোশেনারাও। এক সন্ধানী মানুষের মনকে স্পর্শ করতে পারা, সে মনে খুশির রোশনাই জ্বালানোর তৃপ্তিও তো কম নয়।

ভাষা দিবসের আগের সন্ধ্যায় রোশেনারার শুভ্র পোশাকের স্নিগ্ধতায় মুগ্ধ আমিরুল। আটটার মধ্যেই তারা পৌঁছে গেল শহিদ মিনার প্রাঙ্গণে। দীর্ঘ, নাকি দীর্ঘতম লাইন। সেই বিশাল জনসমাবেশ দেখে বাস্তবিকই বিহ্বল আমিরুল, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই তার মনে হলো শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ দিয়েই মানুষ ইতিহাস গড়ে। সে ইতিহাসে থাকে ধৈর্য, সে ইতিহাসে থাকে পবিত্রতা। মাটি ভিজেছে ভাইয়ের রক্তে। সেই রক্তে কলম ডুবিয়ে লেখা ইতিহাসের প্রতি শ্রদ্ধাবনত হয়েই মানুষের এই স্বতঃস্ফূর্ততা, মুখে চোখে মুক্তির আনন্দ আছে, উচ্ছ্বাস আছে কিন্তু সংযম বড়ো বেশি নজর কাড়ে। পায়ে পায়ে এগিয়ে যাওয়া তখনও শুরু হয়নি।

মাহেন্দ্রক্ষণ রাত বারোটায়। তখনও খানিকটা দেরি। দলে দলে মানুষ আসছে শ্রদ্ধার উৎসবে। মুখে মুখে ছড়িয়ে পড়ছে ভাষা দিবসের সেই গান। রোশেনারাই বলল:

– আপনিও তো গাইতে পারেন। শুরু করুন। 

আমিরুল কিছুটা দ্বিধাগ্রস্ত

– আসলে এই গানটা আমার তোলা নেই,

রোশেনারার গলায় প্রত্যয়,

– এদেশের মানুষ হারমোনিয়াম তবলা নিয়ে এ গান শিখতে বসে না। জনারণ্যে কলরবের মধ্যেই কণ্ঠে তুলে নেয় এই গান। এ তো আমাদের ভিতরের কান্না, যা ভাষা পেয়েছে, সুর পেয়েছে, এ গানই আমাদের শ্রদ্ধা জানাবার মন্ত্র।

রোশেনারা তার হাতটা ছুঁয়ে বলে চলল—

– কিছুক্ষণ অন্যদের গান শুনুন। তারপর গুনগুন করে চেষ্টা করলেই দেখবেন শব্দ, সুর সব আপনার কণ্ঠে উঠে আসবে আপনা আপনি।

আমিরুল শিহরিত। যতখানি না রোশেনারার স্পর্শে তার থেকে অনেক বেশি রোশেনারার অনুভবে, প্রত্যয়ে, তার বাচন-ভঙ্গিতে। হঠাৎ তার মনে পড়ে যায় আম্মির কথাগুলো–মানুষ চিনতে ভুল কোরোনা মণি। না, আমিরুল ভুল করেনি। বরং সে গর্বিত। বরং, ধায় যেন তার সকল ভালোবাসা…।

রাত প্রায় দু’টোর সময় তারা পৌঁছালো শহিদ মিনারে। দুজনের হাতেই ধরা পুস্পবলয়ের দুই প্রান্ত। বেদিতে রাখতে রাখতেই উদাত্ত কণ্ঠে আমিরুল গেয়ে উঠল একুশের গান। তখন হৃদয়ে তার লক্ষ বাঁশির সুর, বুকের পাঁজর ঠেলে বেরিয়ে আসছে সেই কান্না, যে কান্না রয়েছে রোশেনারার অনুভবে। গলা মেলালো রোশেনারা। সুরের দোলায় দুলতে দুলতেই তার মনে হলো–মিলিত কণ্ঠের মন্ত্রোচ্চারণেই ছিন্ন হলো কাঁটাতার। আর কিছু নয়, ভাষাই তো আমাদের অন্তরাত্মা।

মধ্যরাতের সেই উদ্ভাসিত আলো, কলরব আর শৃঙ্খলাবদ্ধ জনারণ্যের মধ্যেই আমিরুল যেন নতুনভাবে আবিষ্কার করল নিজেকে। শরীরে তার অদ্ভুত কাঁপন। মনের কোণে লালন করা দীর্ঘদিনের এক আকাঙ্ক্ষা সেই মুহূর্তে বাস্তবায়িত হলো রোশেনারাকে পাশে নিয়ে।

জীবনের কয়েকটা উজ্জ্বলতম দিন কাটিয়ে এবার ঘরে ফেরার পালা। এই দেখা, এই অনুভূতি তার সারা জীবনের পরম সঞ্চয়। যে প্রশ্নটা আমিরুল বারবার রেখেছে রোশেনারার কাছে, রবিঠাকুরের কোন গানটি তার প্রিয়, সেই প্রশ্নটাই বিদায় বেলায় আবার রাখল আমিরুল ঢাকা বাস টার্মিনালে। ক্ষণিক নীরবতার পরেই রোশেনারা বলে– বাসায় পৌঁছানোর আগেই উত্তরটা পেয়ে যাবেন।

প্রতিশ্রুতিটুকু সম্বল করেই গড়িয়ে চলল বাসের চাকা। গড়িয়ে চলে চাকা এক ভূখণ্ডে। লক্ষ্য তার কাঁটাতার অতিক্রম করে আরেক ভূখণ্ডের দিকে। জানলার বাইরে চোখ রাখে আমিরুল, মাঠ-ঘাট প্রকৃতি দ্রুত সরে যাচ্ছে। এগিয়ে যাবার শর্তই বুঝি তাই, কিছুকে পেছনে ফেলে আসতেই হবে। হৃদয়ের কোনো এক গভীরে বিষাদের অনুভূতি ছড়িয়ে পড়ে তার। সীমান্ত পেরিয়ে বাস ছুটে চলেছে কলকাতার দিকে। আমিরুলের মোবাইলে ভেসে উঠল ভিডিয়ো ক্লিপিং। ইয়ার ফোনটা কানে গুঁজলো আমিরুল। মোবাইল স্ক্রিনে রোশেনারা, আমিরুলের কানে রোশেনারার গান– চিরসখা হে, ছেড়োনা ছেড়োনা মোরে….।

লেখক:
Debashish Bandopadhyay
দেবাশিস বন্দ্যোপাধ্যায়
গল্পকার, সম্পাদক, গ্রুপ থিয়েটার পত্রিকা ও সাংস্কৃতিক সংগঠক; পশ্চিমবঙ্গ

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট