চৌকাঠ ও গোলাপ বালা

Comments

। কাকলী আহমেদ।

লম্বা জিভটা বের করে হাঁপাতে হাঁপাতে পুরো উঠোন ছুটে বেড়াচ্ছে ভুলু। আজ কদিন থেকেই কুকরটার যে কী হয়েছে। নাকি সুরে কু-উ-উ কু-উ-উ করে করুণ এক শব্দ করে উঠোনে খালি পাক-চক্কর দিচ্ছে। মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে ঘেউ ঘেউ করছে। আবার কিছু সময় যেতেই জিভ বের করে হাঁপায়। ভুলুর এমন অদ্ভুত আচরণে চিন্তিত হয়ে পড়ে মিনা।

দাওয়ায় বসে মিনা আজ দুপুরে রান্নার চিন্তায় মগ্ন। চালের বস্তা কাল উপুড় করে দু’মুঠ মতো চাল পাওয়া গেল। চালের ময়লা আর খুদ কুড়োসহ সেই চাল আর তুলে রাখা খুদ একসাথে মিশিয়ে ভাত চড়িয়ে দিলো। ভাতের সাথে সালুন কি হবে ভাবতেই অসুস্থ শাশুড়ির মুখ চোখে ভেসে উঠলো। নিজের পেটের চিন্তা সে কখনোই করে না। সাত-পাঁচ ভেবে সময় নষ্ট না করে গরম ভাতের সাথে খাওয়ার জন্য লবন, শুকনো মরিচ ও পেঁয়াজ কচলে ভর্তা করে। ধোঁয়া ওঠা ভাতের উপর শুকনো মরিচ ফেলতেই নিজের পেটের খিদে চনমনিয়ে ওঠে। অল্প এই ভাতে শাশুড়ি, মা আর ভুলুর পেটের এক কানাও ভরবে না। শাশুড়িকে খাইয়ে তবেই সে খাবে। চনমনে খিদে বাগে আনতে মাটির কলসি থেকে ঘড়ায় পানি ঢালে। ঢক ঢক করে পানি খায়। খিদেয় ভাটা পড়বে একটু। ঠান্ডা পানি গলার নালী বেয়ে পেটে গিয়ে পড়ে। সকাল থেকে পেটে দানাপানি পড়েনি। সে কারণেই ঠান্ডা পানি কোন পথে গলা দিয়ে নিচে নামে সব টের পায় সে। থালায় ভাত নিয়ে মাটি ল্যাপা উঠোন পেরিয়ে শাশুড়ির ঘরের দিকে দ্রুত পায়ে আগায়। 

ঘরের চৌকাঠে পা রেখে এক হাতে থালা অন্য হাতে ঘোমটা টানে। বিয়ের এত্তোগুলো বছর পার হয়ে গেলে আজও মিনা নতুন বৌয়ের মতো লম্বা ঘোমটা টেনে শাশুড়ির সামনে যায়। গত চার দিনের জ্বর তার শাশুড়িকে ঝটকে দিয়েছে। ষাট পঁয়ষট্টি বছরের বৃদ্ধা শাশুড়ি সারারাত ভুল বকেছে। বুকে জমা শ্লেষ্মা। সারা রাতে কাশির আওয়াজে মিনার ঘুম হয়নি বললেই চলে। ছেঁড়া লেপ ও পুরু দুটো কাঁথা দিয়েও শীত মানানো যায়নি। বুড়ি শাশুড়ি কেবল নয় এবারের শীত বড্ডো কাবু করেছে সবাইকে। 

আন্দুলিয়া গ্রামের বুড়ো, কচি, জোয়ান সবাই শীতে জবুথবু হয়ে গেছে। কামারপাড়ায় সিধু জ্যাঠা ধুম করে মরে গেল। কি সুন্দর সোনার গহনা গড়তেন। সোনার কারিগর হিসেবে সিধু জ্যাঠার ছিল এ গ্রামসহ আশ পাশের দশ গ্রামে ভীষণ নাম ডাক। কারিগর থেকে আজ ষাট বছরে বাজারে সবচেয়ে বড়ো স্বর্ণালংকারের দোকানের মালিক হয়েছেন তিনি। তাঁর দোকানের নাম ‘পুষ্পা জুয়েলার্স’। 

সিধু জ্যাঠার মৃত্যুর খবর শুনে মিনার দিল চমকে উঠেছিল। বেটেখাটো গড়নের সাদা ফকফকে ধুতি ও ফিনফিনে আদ্দি কাপড়ের ফতুয়া পরে থাকতেন সব সময়। লম্বা টিকলো নাকের ডগায় চশমা দিয়ে সারাক্ষণ হাতে একটা নিক্তি নিয়ে দোকানের ক্যাশ বাক্স নাড়াচাড়া আর হিসেবনিকেশ কষেই দিন পার হতো। 

মিনার বিয়ের গোলাপ বালা জোড়া উনিই গড়ে দিয়েছিলেন। বিয়ের দিন বাবার বাড়িতে গহনার বাক্স খুলে বালা জোড়া দেখে কী তারিফই না করলো ময়-মুরুব্বিরা। 

সিধু জ্যাঠার কাছ থেকে নতুন নতুন ডিজাইনের নানা রকমের গহনা গড়িয়ে দেবে বলেছিল হোসেন। বালা জোড়া এখন সিন্দুকে তোলা রয়েছে। দু’হাতে ইমিটেশনের চিকন দুখানা চুড়ি। 

খাটের উপর শাশুড়ি মা গুটিসুটি মেরে শুয়ে। ছেড়াফাটা লেপের নিচে ক্ষীণকায় শরীর যেনো খাটের সাথে চেপটে লেগে রয়েছে। লেপের নিচে আদৌ মানুষ আছে কি নেই বোঝা মুশকিল। বুকের ভেতর ধুক-পুক করে উঠলো, সকাল থেকে ঘণ্টা তিনেক এদিকে আসার সময় হয়নি। ভাতের থালা এক ধারে রেখে আলতো করে গায়ে হাত রেখে আৎকে ওঠে। সারা শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। ‘আম্মা আম্মা’ বলে গায়ে ধাক্কা দেয় মিনা। 

‘হোসেন, হোসেন। আয় বাপ কাছে আয়’। মিনা চোখ বড়ো করে শাশুড়ির দিকে তাকায়। কি বলছে এসব। ‘আম্মা আম্মা, এসব কি বলছেন। হোসেন কোথায়’? মিনার শাশুড়ির চোখগুলো গর্তে ঢুকে গেছে। দু’চোখের কোনায় কেতর জমে শুকিয়ে আছে। গলার কোঁচকানো চামড়া যেন আরো কুঁচকে গেছে। ভাঙা চোয়াল আরো দেবে গেছে ক’দিনেই। 

‘হোসেন, বাবা তোর লুঙ্গি আর গামছাটা নে। বৌ, ও বৌ। তাড়াতাড়ি এসো। হোসেন ওই যে দোরগোড়ায় দাঁড়ায় রইসে। গামছা আর লুঙ্গিখান হাতে তুইলে দাও দিকিনি। কত মাঠ ঘাট পার হয়ে আইসে বাছা’। 

মিনার সারা শরীর শিরশির করে উঠলো। পিঠের উপর দিয়ে ঠান্ডা সাপ হেঁটে গেল। শাশুড়ির মুখের ওপর উপুড় হয়ে নাকে হাত দিয়ে শ্বাস প্রশ্বাস আছে কি-না দেখে। সারারাত ভুল বকেছে। খক খক করে কেশেছে। চিলুমচি ভরে গেছে কফ, থুতু আর হলদেটে কাশিতে। রাতে বার দুয়েক উঠে চিলুমচি কল পাড়ে নিয়ে গিয়ে ধুয়ে এনেছে। টিনের চালের উপর কয়েকটা কাক উড়ে এসে বসে এক নাগাড়ে কা-কা করে ডেকেই চলেছে। টিনের চালে তাদের পায়ের চলাচলের খড়খড়ে শব্দ চমকে দিচ্ছে। ‘হোসেন, অ হোসেন! শালুক খাবার চাইসিলি। তর জন্য শালুক তুলে রাখা আছে। খা বাপ খা’। চোখ বন্ধ করে ফ্যাসফেসে গলায় কথাগুলো বার কয়েক বলে ওঠে। চেতন আছে কি নেই বোঝা মুশকিল।

‘আম্মা, কি কচ্ছেন এসব। হোসেন ক’নে দাঁড়ায় রইসে? কি দেখতিসেন আপনি। ভুলভাল এসব কি কচ্ছেন কন তো’। মিনা এক হাত দিয়ে লম্বা ঘোমটা টেনে শাশুড়ির কপালের উপরে ঝুঁকে পড়লো। চোখ দুটো পুরোই বোজা। মুখ আধখোলা। মুখের ভেতর থেকে বাজে দুর্গন্ধ ভক করে নাকে এসে লাগতেই সরে বসলো। বেড়ার ঘরের জানালাগুলোর খিল শক্ত করে কাল এঁটে দিয়েছিলো। বেড়ার ফাঁকফোকর দিয়ে উত্তুরে বাতাস ঢুকে ঘরের খাট, বিছানা, বালিশ, মেঝে সব বরফ শীতল করে ফেলেছে।

মিনার বয়স্ক শাশুড়ি আজ চারদিন জ্বরে কোঁকাচ্ছে। বয়সের ভারে ন্যুব্জ শরীরে এমনিতেও ব্যাথা-বেদনা আগে থেকেই। বাড়িতে কেবল মিনা ও তার শাশুড়ি। মিনার ছেলে সবুজ মাস চারেক আগে শহরে হোস্টেলে চলে গেছে। 

সবুজ ম্যাট্রিক পাশ করে জেলা শহরে ভালো কলেজে ভর্তি হওয়ার মাত্র মাস চারেক পরেই সাংঘাতিক এক জ্বরে সবুজের অবিবাহিত চাচা হাসানের অবস্থা যায় যায়। পাশের বাড়ির সলিমুদ্দিকে মোল্লাগঞ্জে নিজের বাপের বাড়িতে পাঠিয়ে খবর দেয় মিনা। ছোটো ভাই আয়নাল দৌড়ে আসে। কিন্তু শেষ রক্ষা হলো না। শহরের বড়ো হাসপাতালে নেয়ার পথেই কলেরা জ্বরে চলে গেল হাসান। 

হোসেনের বাবার মৃত্যুর পর মা আর বড়ো ভাইয়ের ছেলের খরচাপাতি সে-ই বহন করত। লেখাপড়া শেষ না করতে পেরে হা পিত্যেস বুকে ছিল বটে। মোড়ের বাজারে ডেকোরেটরের দোকানে সে কাজে লাগলো। কাজেকম্মে দক্ষতা তাকে ক্রমেই মালিকের মন পেতে সাহায্য করল। পুরো দোকানের সব দায়িত্ব দিয়ে মালিক নিজে গ্রামের জমি জায়গার সালিশ মীমাংসা করে বেড়াতো। মাস কাবারি ভালোই বেতন। মাসের শেষে বেতন ও হরি ময়রার দোকান থেকে নিত্য নতুন মিষ্টি নিয়ে বাড়ি ফিরতো। মায়ের পছন্দের মিষ্টি নিয়ে ঘরে আসতো। হাতের কবজি দিতে রস গড়িয়ে পড়তো মায়ের– মিষ্টিতে কামড় বসাতেই। জিভ বের করে কবজির নিচ থেকে চেটেপুটে রস খেয়ে নিতো। বৌয়ের দিকে তাকিয়ে থাকতো আরো দুই-তিনটে মিষ্টির জন্য। 

মোল্লাগঞ্জে বন্ধুর বোনের বিয়ে খেতে গিয়ে মিনাকে পছন্দ হয় হোসেনের। হোসেন রহিম মিয়ার বড়ো ছেলে। কেবল ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল-আপ করেছে সে বছর। বয়স আঠারো হয়নি তখনো। ক্লাসে প্রথম তিনজনের ভিতর তার স্থান। কৃষক বাপের শত শত বিঘা জমি না থাকলেও অল্প জমিতে ভালোই ফসল হয়। তাই দিয়েই বছরের খোরাকি হয়ে গিয়েও সংসার খরচ চলে। 

রহিম মিঁয়ার বৌ ফাতেমা খুব কর্মঠ। খুব সুন্দর কাঁথা সেলাই করতে পারে। এ-ছাড়াও দাই হিসেবে সে খুবই ভালো। সোনাপাড়া গ্রামে কেউ পোয়াতি হলেই পাড়ার বৌয়েরা হিংসায় জ্বলে মরে। গরীব, ধনী প্রতি ঘরেই বাচ্চা হওয়ানোর সময় তার ডাক পড়ে। রহিম মিয়া ক্ষেত-খামার দেখাশুনা করে। জমি বর্গাদারদের হাতে ছাড়েনি। নিজের শরীরের শক্তি থাকতে নিজেই হালের গরু নিয়ে জমিতে চাষ করতে নেমে পড়ে। চারজন চাষা দিন প্রতি মজুরিতে ক্ষেতে কাজ করে। দুই ছেলে হোসেন ও হাসান। নিজে লেখাপড়া করতে পারেনি তাই লেখাপড়ার ক্ষতি হবে বিধায় দুই ছেলের কাউকেই ক্ষেত-খামারির কোনো কাজের দায়িত্ব দেয়নি। 

জমিতে আউস, আমন, বোরো চাষ করে। খামারপাড়ার দক্ষিণে বিরাট পুকুরের উত্তরদিকে আরো গন্ডা বিশেক জমিতে কলই আর সরিষা ফলায়। নিজের জমির ফসল বিক্রি করে পাঁচজনের সংসার দিব্বি চলে যায়, রহিম মিয়ার ঘরে সবসময় হাসি আনন্দ। অন্যদিকে দাই হিসেবে রহিম মিয়ার বৌ ফাতেমাও গ্রামে ভালোই রোজগার করে। কাঁথা সেলাই আর নানা রকমের নকশিকাঁথা সেলাইয়েও এ গ্রামে তার সমকক্ষ কেউ নেই। পুরনো দিনের নানারকম সেলাইয়ের ফোঁড় তুলে চমকে দেয়ার মতো তৈরি হয় তার এক একটি নকশিকাঁথা। দাইয়ের কাজ আর নকশিকাঁথা সেলাই করে অল্পস্বল্প নয়, অন্যান্য পরিবারের বৌদের তুলনায় ভালোই রোজগার করে। গোনার বাইরে এই আয় সংসারে ফুরফুরে এক সুখ আনে। আন্দুলিয়া গ্রামের পাড়ায় পাড়ায় বৌয়েরা তাই হিংসায় মরে। রহিম মিয়া, ফাতেমা, হোসেন, হাসান ও মিনা এই পাঁচজনের সংসারে তার আয়ের অবদানও কম নয়। 

গ্রামের সকলেই এক নামে ফাতেমা দাইকে সবাই চেনে। নামকরা এই দাইয়ের হাতে জন্মানো বাচ্চারা এখন অনেকেই কত বড়ো হয়ে গেছে। দেখা হলেই তাদের মায়েরা সেই পুরনো গল্প তোলে আর রহিমা দাইয়ের দোয়া চায়। 

চৌদ্দ বছর বয়সে মিনা এ বাড়িতে বৌ হয়ে আসে। হোসেনের তখন বিয়ের বয়স হয়নি বলা চলে। অনেকটা গোঁ ধরেই বিয়ে করে। ম্যাট্রিক দেয়ার বছর। ভরা মাঘের বিশ তারিখে গায়ে হলুদের পরদিন গোসলের জন্য গায়ে পানি দিতেই ঠক ঠক করে কাঁপছিলো মিনা। শীতের তোড়ে দাঁতে দাঁতে টক্কর খাচ্ছিল। তবু মনে মনে সে মহাখুশি। হোসেনের চেহারা-সুরত খুব সুন্দর। এক ঝলক দেখেছে সে। বয়স আঠারো কেবল। সুঠাম দেহ। চওড়া কাঁধ। তার উপর আবার লেখাপড়ায় পুরো গ্রামে নাম ডাক ভালোই। 

হোসেন বিয়ে করার জন্য বাপের সাথে কত যোঝাযুঝি করেছে বাসর ঘরে মিনাকে সেসব কথা বলেই রাত পার করে। ফজরের নামাজ পড়ে বিছানায় কাত হয়ে মিনার লম্বা চুল হাত দিয়ে নাড়াচাড়া করতেই চোখ বুজে আসে। বাসর রাতের কথা মনে হলেই আজও মিনার নাকে হোসেনের পাঞ্জাবীর আতরের সুগন্ধ এসে লাগে। 

বিয়ের তিন মাসের মাথাতেই সবুজ পেটে আসে। ভালো ছাত্র হলেও বিয়ের পর হোসেনের লেখাপড়ায় আগ্রহ কমতে থাকে। সন্ধ্যার পর বাজারের হোটেলে বসে স্কুল ও কলেজের কিছু বড়ো বড়ো ছাত্রদের সাথে চা খাওয়া আর আড্ডায় সে সময় পার করে দেয়। হাসি তামাশায় জীবনের নানা রঙের হোলিখেলায় মত্ত হয়ে ওঠে। পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর সরগরম আলোচনায় যুক্তি-তর্ক দিয়ে পশ্চিম পাকিস্তানের শাসন ও শোষণের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ প্রকাশ পায় তার কথায়। 

শীতের রাতে ব্যাঙের ডাকের সাথে সাথে ঝিঁ-ঝিঁ পোকার ডাক পাশাপাশি হাঁটে। নিস্তব্ধ চারিদিকে টর্চের আলোয় আলপথ বেয়ে হেঁটে আসে হোসেন। দেরিতে ঘরে ঢুকলে কৈফিয়ত চায় তার বাবা। ধা করে মেজাজ চড়ে যায়। দেশ ও দশ নিয়ে কথা বলে বলে ভালোই বাগ্মী হয়ে উঠেছে। ইতিমধ্যে মুখও ফুটে গেছে। বিবাহিত পুরুষ সে। গায়ে টগবগে রক্ত। দেশে পশ্চিমা শাসনের ফলে পূর্ব পাকিস্তানের জনগণ ক্রমেই শেষ হয়ে যাচ্ছে। অর্থনৈতিক শোষণে জনগণ ক্রমেই তাদের বিরুদ্ধে ফুঁসে উঠছে। সামান্য ঘরে ফেরার কৈফিয়ত দিতে সে একদমই নারাজ। 

হোসেনের বাবাও দেশের এসব পরিস্থিতির খবর রাখেন। হোসেন লেখাপড়া থেকে ক্রমেই দূরে সরে যায়। জড়িয়ে পড়ে রাজনীতিতে। রহিম মিয়া বুঝতে পেরেও তাকে ফিরায় না। পাকিস্তানি শাসকের বিরুদ্ধে গড়ে ওঠা দলে হোসেন নাম লেখায়। 

প্রতিদিন রাতে হোসেন মুখ ভার করে ঘরে ফেরে। মিনার পেটে তখন সবুজ। হোসেন প্রথম বাচ্চা ঘরে আসার খুশিতে ভীষণ খুশি। তবে দেশের চিন্তায় বাচ্চা হবার আবেগ প্রকাশে যেনো অনেকখানিই ভাটা। 

দেশে হঠাৎ করেই যুদ্ধ শুরু হলো। যুদ্ধের আগেই হোসেন গ্রামের কিছু মানুষের সাথে শলা-পরামর্শ করে। ঘরে ফেরে বাজে মেজাজ নিয়ে। মিনাকে দেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে কোনো কথাবার্তা বলে না। 

পঁচিশে মার্চের রাতে অকস্মাৎ সারা দেশে পাকিস্তানিদের বর্বর গণহত্যা আর অত্যাচারের বিরুদ্ধে শুরু হয় যুদ্ধ। হঠাৎ শুরু হওয়া যুদ্ধে বাংলার ছেলেরাও ঝাঁপিয়ে পড়ে। 

দিন দশেক যেতেই একদিন অনেক রাতে মিনা দেখে সারা মাথা মাফলারে ঢেকে ঘর থেকে বের হয়ে যাচ্ছে হোসেন। ‘কই যাও এই দুঃসময়ে’? হোসেনের মুখ-চোখ কালো। জোর গলায় জবাব দেয় ‘মুক্তিসেনায় নাম লিখাইসি। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতি এদেশের মানুষকে আর জানোয়ারদের শোষণে শোষণে শেষ হতে দেবো না’। মিনা দুই হাত দিয়ে দরজা আটকে ধরে। হাত দুটো ঝটকা মেরে দুপাশে ফেলে চলে যায় হোসেন। যেতে যেতে বলে, ‘আমার সন্তান থাকলো তোর পেটে’।  

গ্রামের এক দঙ্গল জোয়ান ছেলের সাথে মুক্তিযুদ্ধের গেরিলা ট্রেনিংয়ে চলে যায় হোসেন। হাসানের বয়স তখন কেবল চৌদ্দ। 

নয় মাস যুদ্ধ চলে। উদগ্রীব বাবা-মা লোক মুখে প্রথম দিকে হোসেনের খবর পায়। এরপর এক সময় যুদ্ধ তুঙ্গে ওঠে। মুখে মুখে গ্রামের অন্য কারো যুদ্ধে যাওয়ার খবর শুনলেই হোসেনের খবরের জন্য উদগ্রীব হয়ে ওঠে। যুদ্ধ চলাকালীন সময়েই সবুজের জন্ম। বিরাট এক ঢাউস পেট নিয়ে মিনা একা কত কত রাত কাটায়। সবুজের জন্মের সাথে সাথে হোসেনের শেষ কথাগুলো কানে বাজে। 

যুদ্ধ থামে। ফিরে আসে মুক্তিযোদ্ধারা। মিনার শশুর শাশুড়িও হোসেনের অপেক্ষায় দিন কাটায়। কয়েক মাস বয়সী সবুজ হাত পা নাড়ে। ছোট্ট এ শিশুটির চোখ দুটো যেন তার বাবাকে খোঁজে।  

হোসেন ফিরেছিল ঠিকই। যুদ্ধ শেষ হয়ে যাবার মাস ছয়েক পর। কাঁধে রাইফেল। মুখ ভর্তি দাঁড়ি-গোঁফ। রক্ত ছোপ ছোপ দাগে ভরা শার্ট প্যান্ট, গামছা। মুক্তিযুদ্ধ করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। মুখে জয় বাংলা আর হাতে এদেশের পতাকা। 

অবাক করে দিয়ে দেশপ্রেমে অন্ধ এই হোসেন এখন নিরুদ্দেশ। যে রাইফেল দিয়ে মুক্তিযুদ্ধ করেছে। সে বন্দুক আর রাইফেল নিয়েই গ্রামে নানা কুকর্মে লিপ্ত হয়ে পড়ে সে। 

রহিম মিয়া সামান্য কৃষক বটে। কিন্তু অন্যায়ের সাথে আপোষ নেই তার কখনো। হোসেনকে অনেক মানা করেছেন। বিপথ থেকে ফিরিয়ে আনার নানা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। হোসেনের মা ফাতেমার হাতে কত কত সোনার ছেলে জন্মেছে। সে সব ছেলেরা আজ বড়ো হয়ে স্বাধীন দেশে বড়ো বড়ো চাকরি করছে। কেউবা সোনার দেশে কৃষক হয়ে জমিতে সোনা ফলাচ্ছে। নিজের ছেলে হোসেন মুক্তিযোদ্ধা। কতই না গর্ব ছিলো তার। অথচ মুক্তিযোদ্ধা থেকে বিপথে চলে গিয়ে তার মান-সম্মান গ্রামের মানুষের কাছে ধূলিসাৎ করেছে। নিজের কপালকে ধিক্কার দেয়।

হোসেনকে এক মার্ডার কেসে ধরে নিয়ে গেছে। দুই গ্রাম পরে এক বাড়িতে ডাকাতির কেসে গ্রেফতার হয়। সাথে ছিলো যুদ্ধের সময়ের অস্ত্র। হোসেনের বাবা ছেলের পক্ষে একটুও এগিয়ে যায়নি। উকিল নিয়োগ করে ছাড়িয়ে আনার কোনো ব্যবস্থাও করেনি। 

সবুজকে একাই বুকে রেখে মানুষ করেছে মিনা। হোসেনের বাবা রোগে শোকে মারা গেছেন। সবুজ বড় হয়েছে। হাসান নিজেও গত হয়েছে আজ কতকাল। সবুজ লেখাপড়ায় বড্ড ভালো। ছেলে একদিন লেখাপড়া করে বড়ো হবে এ স্বপ্নেই বেঁচে থাকে মিনা। 

মিনা শাশুড়ির গা ঘেঁষে বসে। ‘মা। মুখে দুটো ভাত নেন। ওষুধ খাতি হবে যে’। 

‘দেখো তো বৌ হাসান চৌকাঠে দাঁড়ায় রইসে কতক্ষণ? শালুক তুলে রাখিসি। ওরে দাও দিকিনি। হোসেন আসলি পরে ওরে গামছাটা দিও। গামছাটায় ওর রক্ত লাগানো রইসে যে’।

ভুলুর চিৎকারে হঠাৎ উঠে বসে মিনা। এত চিৎকার করছে কেন কুকুরটা? এক দৌড়ে উঠোন পেরিয়ে শাশুড়ির চৌকাঠে দাঁড়িয়ে দেখে আস্তে আস্তে হেঁটে আসছে এক বুড়ো লোক। কাছে আসতেই চিনতে পারে এ তো হোসেন। জেল থেকে ছাড়া পেয়েছে কবে? 

‘জেল থেকে আজ কতগুলো বছর পর ছাড়া পাইসি। মার্ডার কেসে আজীবন কারাদণ্ড হইসিলো তো। পরমান করতি পারিনি। আমি তো খুন করিনি কাউকে। দেশের জন্য এক সময় যুদ্ধ করিসিলাম। কত রক্তই না ঝইরেসে আমার বন্দুকের গুলিতে। কিন্তু…। আবার আমিই এ মাটিতে কত অন্যায় করিসি। মজুতদার আর সুবিধাভোগীদের শাস্তি দেওয়ার নামে আমাগের লিডার তালে তালে কত আকামও করায়ে নিছিল। বুঝতি পারি নাই। শপথ করতিসি। আর না। আমি আইজ থাকি আবার মুক্তিযুদ্ধ শুরু করলাম। নতুন মুক্তিযুদ্ধ। দেশের বিরুদ্ধে যারা কথা বলে। অন্যায় অনাচার করে এবার তাদের বিরুদ্ধে আমি মুক্তিযুদ্ধ করবো। আমার সাথে থাকবে আমার ছাওয়াল সবুজ ও তার বয়সী ছেলেমেয়েরা’।

আজ দুদিন হয় মিনার শাশুড়ি গোসল সেরে উঠোনে চৌকি পেতে রোদ পোহাচ্ছে। ধানের রঙের ধোয়া কাচা মাড় দেয়া শাড়ি পরনে। সবুজ আর তার বাবা খুব কাছাকাছি বসে কি যেন বলাবলি করছে আর হাসছে। পাশে লেজ নাড়াচ্ছে আর ঘুরপাক খাচ্ছে হোসেনের কুকুর ভুলু। 

মিনার পরণে তাঁতের সবুজ শাড়ি, টকটকে লাল চওড়া পাড়। দুই হাতে চকচক করছে সিধু জ্যাঠার গড়ে দেয়া গোলাপ বালা।

লেখক:
Kakoli Ahmed
কাকলী আহমেদ
কবি, গল্পকার ও বাচিকশিল্পী; ঢাকা

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট