বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আয়োজনে বাংলাদেশের ‘৫ম বাণিজ্যনীতি পর্যালোচনা’ অনুষ্ঠানে যোগদান উপলক্ষ্যে জেনেভা সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০১৯ ‘বিশ্ব বাণিজ্য সংস্থা’র মহাপরিচালক ড. রবার্তো আজাভেদো‘র সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপসমূহ সম্পর্কে আলোকপাত করেন বাণিজ্যমন্ত্রী। বিশেষ করে দেশব্যাপী বাস্তবায়নরত ১০০ ইকোনমিক জোন স্থাপন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ইকোনমিক জোনগুলোর জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু, কর আদায় ব্যবস্থাপনা এবং ব্যাংকিং সেক্টরের আধুনিকায়ন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার বিষয়গুলো তুলে ধরেন তিনি। এ সময় স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের বিষয়টি সহজ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার বিদ্যমান বিভিন্ন সুবিধা এবং কারিগরি সহায়তা দিতে সংস্থাটির মহাপরিচালককে অনুরোধ জানান টিপু মুনশি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. রবার্তো আজাভেদো বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন যে, মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার কর্তৃক ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সদস্য দেশগুলোকে অবহিত করার জন্য চলমান বাণিজ্য নীতি পর্যালোচনা বাংলাদেশের জন্য কার্যকর সুযোগ এনে দিয়েছে। তিনি মনে করেন, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণকামী দেশগুলোর মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যারা গ্রাজুয়েশন চ্যালেঞ্জকে ভয় করেনি, বরং এটিকে ভবিষ্যৎ সাফল্য হিসেবে বিবেচনা করে এজন্য যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
একই দিন বিকালে বাণিজ্যমন্ত্রী জেনেভাস্থ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) নির্বাহী পরিচালক মিস. আরাঞ্চা গনজালেস এর সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। এছাড়া, শি-ট্রেড এর মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও উদ্যোক্তা-সক্ষমতা বিকাশে আইটিসি‘র সহযোগিতা কামনা করেন এবং চলতি বছরের শেষদিকে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বাঙালীয়ানা/এসএল