।। জাহিদ মুস্তাফা ।।
সোনামণিদের ছড়া- টাবু
ড. ধনঞ্জয় সাহা
অন্যপ্রকাশ
প্রচ্ছদ ও ছবি- সুদীপ চক্রবর্তী
বাংলাদেশের নামজাদা প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ ২০২৪ এর বইমেলায় বের করেছে নিউইয়র্কপ্রবাসী কবি ও ছড়াকার ড. ধনঞ্জয় সাহার লেখা ‘সোনামণিদের ছড়া- টাবু’ ও ‘সোনামণিদের ছড়া- জীবজন্তু’ এই দুইনামে মজার মজার ছড়া ও ছবি সম্বলিত পরিপাটি দুটি বই। ধনঞ্জয় সাহা পেশায় একজন বিজ্ঞানী হয়েও শিশুদের বিকাশের জন্য ছড়ায় ছন্দে নানা শিক্ষামূলক বিষয় নিয়ে লিখছেন ও তাঁর লেখা বেশ কয়েকটি ছড়ার বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার জন্য সহজবোধ্য ভাষায় তাঁর এই নিবেদন বেশ প্রশংসনীয়!
প্রথম বই অর্থাৎ সোনামণিদের ছড়া টাবুতে ছড়াকার ধনঞ্জয় সাহা একটা বাচ্চা হাতিকে সামনে রেখে ওর নানা কর্মকাণ্ড ও নীতিকথা তুলে ধরেছেন ১২টি ছড়ায় মজাদার ছন্দে!
প্রথম ছড়া- টাবুর জন্মদিন উদযাপন নিয়ে। শুরু করেছেন এই বলে-
আজকে টাবুর জন্মদিনে
কেক খাবো এক কাড়ি,
মোমের বাতি আছে ঘরে
পোলাওভর্তি হাঁড়ি…।
একেবারেই শিশুতোষ ঘরানার ছন্দময় উপস্থাপন।
পরের ছড়া ‘টাবুর শাস্তি’। রাগ করে সে বাবুর বাগানের কলাগাছ দলেছে বলে ভোঁদড় এসেছে পুলিশ বেশে!
মাহুত এসে অঙ্কুশ দিয়ে
টাবুকে দেয় খোঁচা
পড়লো টাবু গোত্তা খেয়ে
শুঁড় ভেঙে হয় বোঁচা।
অন্যায় করলে যে শাস্তি হয়- ছড়ায় সেই শিক্ষামূলক বক্তব্যটি মজাদার করে তুলে ধরা হয়েছে।
‘টাবুর ভাবনা’ আরেকটি মজার ছড়া। চাকা ঘোরে গাড়িও চলে, তবে রাস্তা বাঁকা হলে কেমনে গাড়ি ঘুরবে! এসব নিয়ে টাবু যে বেশ চিন্তিত এর প্রতিফলন দেখা যাচ্ছে নিচের ছড়ায়।
আকাশেতে উড়োজাহাজ
নিচে পাতাল গাড়ি
জটপাকানো যন্ত্রপাতি
হাল্কা এবং ভারী।চিন্তা অনেক মনের ভেতর
ঝরছে মাথার ঘাম
ঝুমকি হেসে এনে দিল
চারটি পাকা আম।
টাবুর কঠিন ভাবনাগুলো শেষ হয় ঝুমকির সহজ ও সাধারণ বুদ্ধিতে!
টাবু খুব শক্তিমান ও ধৈর্য্যবান বলে বনের পশুরা ওকে মানে। তো টাবু কি করছে—
আগে বাড়ো মোবাইল ছাড়ো
গড়ো নিজের দলটাবু বলে এবার চলো
খেলিগে ফুটবল।রিমকি ঝিমকি নামে মাঠে
পায়ে পট্টি এঁটেরিমকি জোরে লাথি মারে
ফুটবল যায় ফেটে।
এরপরের ছড়ার নাম- টাবুর বাগানে হামিংবার্ড। টাবুর সেই বাগানে হামিংবার্ড এসে পরায় কি অবস্থা হয় সেই পরিস্থিতিটি সুন্দর ছন্দে সহজভাবে তুলে ধরেছেন ছড়াকার।
টাবুর বাগান ফুলে ভরা
মিষ্টি ফুলের গন্ধচুমকি নাচে ঝুমকি নাচে
টাবুর কী আনন্দ!
….মধু খাওয়া পোকাগুলো
হামিংবার্ডকে দেখেফুড়ুত করে পাখনা মেলে
পায়ে পরাগ মেখে।
টাবু ওর বাড়িতে অতিথি মেঘকে আমন্ত্রণ জানায় মজার ছন্দে! অতিথি এলে ও কি কি আদর আপ্যায়ন করবে তার ফিরিস্তি দিয়ে এগিয়েছে এই ছড়া। অতিথি মেঘের শোয়ার জন্য জাজিম পাতা খাট পালঙ্ক আছে।
শোয়ার আগে পেতে দিব
চিকন শীতল পাটিনকশা বাটায় পান সুপুরি
ক্ষীরের পিতল বাটিপুকুর থেকে ধরব তাজা
মাগুর-টাকি-পুটিময়রা দিবে ঘিয়ে ভাজা
মিষ্টি আলুর রুটি।আমার বাড়ি এসো তুমি
নয় এ কথার খেলানদে জোয়ার আসে যদি
গড়ে দেব ভেলা।
ছড়াটি এই বইয়ের মধ্যে অন্যতম সেরা বলে আমার মনে হয়েছে- এর ভাবনা, ছন্দ গড়ন, গঠন ও পঠন-পাঠনে।
অন্য ছড়াগুলোর নাম-ঝিমকি ও টাবুর বন্ধু, টাবুর বাড়িতে টুনটুনি, টাবুর আড্ডা, টাবুর আর পেঁচার বন্ধু ও শুভ রাত্রি। বাচ্চা হাতি টাবুকে সামনে রেখে এসব ছড়ায় শিশুদের শেখার পাশাপাশি আনন্দ দেওয়ার নানা উপাদান যুক্ত করেছেন লেখক-ছড়াকার ড. ধনঞ্জয় সাহা। বইটির ছবি আঁকা, মুদ্রণ ও পরিপাটি অঙ্গসজ্জা আন্তর্জাতিক মানসম্পন্ন। কলকাতার শিল্পী সুদীপ চক্রবর্তী বইটির প্রচ্ছদ ও ভেতরের ছবি এঁকেছেন, দৃষ্টিনন্দন গ্রাফিকস করেছেন লক্ষণ চন্দ্র নাথ। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বইটির প্রকাশক মাজহারুল ইসলাম। ৩০০ গ্রাম আর্টকার্ডে মুদ্রিত বোর্ড বাঁধাইকৃত দুই ফর্মার এই বইটির দাম বিদেশে দশ মার্কিন ডলার, আর বাংলাদেশের চারশ’ টাকা।
লেখক:
জাহিদ মুস্তাফা
চিত্রশিল্পী, কবি, শিল্প সমালোচক; ঢাকা