। নাসরীন জাহান।
ফরিদার আগুনের মতন রূপ দেখে ঝলসে উঠলো সবাই।
সেই রূপ আলুথালু। অবিন্যস্ত। ক্যাম্পাসের সাদামুখো লোকগুলোর মধ্যে মুহূর্তের জন্য স্তব্ধ যন্ত্রণা শুরু হয়ে গেল। ঘোর কেটে গেলে এগিয়ে এলো কর্নেল, তুমি কে?
তার নিজস্ব ভাষাতেই, সে ভাষা বুঝতো ফরিদা, কিছু কিছু বলতেও পারতো। তার নিজের বাড়িতেই এ ভাষার প্রচলন ছিল। বাবা চিরকাল পাকিস্তানের পক্ষে, এত বেশি সে পাকিস্তান বিষয়ে নিবেদিত, একজন শক্তিশালী মুক্তিবাহিনী তাকে মারতে মারতে মুমূর্ষুপ্রায় করে ফেলেও ‘জয় বাংলা’ বলাতে পারেনি।
ফলে যা হয়,
ফরিদাকে ঘোর অবিশ্বাসের চোখে দেখে মুক্তিরা। ফরিদার দুই ভাইয়ের সাথে মিলিটারি ক্যাম্পের লোকদের দহরম মহরম। এই অবস্থায় পায়ের নখ থেকে শুরু করে চুলের ডগা পর্যন্ত ফরিদার বিষ। সেই ভয়ানক বিষ তার খাই খাই সৌন্দর্যের তলায় চাপা পড়ে থাকতে থাকতে তার সর্বঅস্তিত্বকে ক্রমশই মর্মান্তিক এক অগ্নিকুণ্ডে রূপান্তরিত করে ফেলতে থাকে। যে ফরিদা নিজের রূপ সম্পর্কে ছিল চূড়ান্ত সচেতন, পেছনে ফেউয়ের মতো জোটবাঁধা যুবকের হৃৎপিন্ডকে ভূমিকম্পের মতো ধসিয়ে ফেলার জন্য যে চোখে খেলাতো নির্লিপ্ত কটাক্ষ, সেসব ভুলে স্রেফ একটা কুণ্ডলীতে পরিণত হলো। তার রূপ, যৌবন, জীবন, মৃত্যু কিছুই রইলো না–কটমট চোখ মেলে থাকলো মগজের কোষ। সে তার সমস্ত কিছুর বিনিময়ে গ্রামবাসীকে প্রমাণ করবে, হিসহিসে ফণা তোলা সাপের বিরুদ্ধে একই ঘরে বাস করা সে দুর্দান্ত এক বেজি।
কিন্তু কে তাকে বিশ্বাস করবে?
দরজা বন্ধ করে সে ফিসফিস কণ্ঠে স্বাধীন বাংলা বেতারের গান শোনে। সন্তর্পণ কান খোলা রাখে বাপ-ভাইদের আলোচনার বিষয়বস্তুর প্রতি। শহরে পড়ুয়া মেয়ের প্রতি বাবার একসময় সন্দেহ ছিলো। কিন্তু ফরিদার নিস্পৃহ মুখ, ভাবলেশহীন চাউনি, নিঃশব্দে হাঁটাচলার মধ্যে তারা আশ্বস্তবোধ করে উল্টো তাকে সান্ত্বনা দেয়, তুই কি ডরাইতাছস? ডরের কোনো কারণ নাই, কেউ আমরার চুলের ডগাও ছুঁইতে পারবো না।
সেই ফরিদা যখন দেখে, বাঁ পাশের সড়ক দিয়ে গোলাবারুদ সজ্জিত হয়ে ট্রাক এসে থামছে গ্রামের এক মাথায়, পূর্ণ সূর্যগ্রহণ ঘটার মুহূর্তটি হতে যা হয়, হতবিহ্বল পাখিগুলো দিগ্বিদিক জ্ঞান হারিয়ে নীড়ে ফিরবে না বাইরে থাকবে, বুঝে উঠতে পারে না, সেই সুসজ্জিত বহর দেখে গ্রামবাসীর হয় সেই দশা, কেউ পাটগাছের ঝোপে, কেউ মগডালে, কেউ জলের তলায়। বাবা তার দুই ছেলেকে নিয়ে ছুটে গেছে তাদেরই খেদমতে, মা’র মুখে মিশ্র ছায়া।
ফরিদা এসে বসে দাদির ঘরে। এই মহিলা অনেক বছর যাবৎ বধির, চোখেও তার ছায়া পড়েছে, ফরিদার গন্ধ শুঁকে বলে, তুর শরীলে রাগ রাগ গন্ধ!
প্রখর অনুভব মহিলার। নিজেকে সহজ করতে ফরিদা দাদির গলা জড়িয়ে ধরে, দাদি শুরু করে টুনটুনি আর সাতরানীর গল্প। বুদ্ধি আছে মহিলার, কল্পনাশক্তিও ভালো, রূপকথার মধ্যেও খিস্তিখেউর, সেক্স ঢুকিয়ে দেয়, বলে সাতরানীর মধ্যে ছোটরানীর ঢলঢলে শরীর দেখে টুনটুনির সে কী তড়বড়ানি, যেন টুনটুনি কোনো সুঠাম যুবক। কিন্তু ফরিদার হাসি স্তব্ধ হয়ে গেছে। সে রান্না ঘরে মাকে গিয়ে প্রশ্ন করে, এখন গ্রামের অনেক মানুষ মারা যাবে, না?
মা বলে, তোর বাবায় কইলো আমরা মরুম না। আমি মা কিছু বুঝি না।
যুদ্ধ যখন শুরু হয় তখন ফরিদা ঢাকায়, হলে থাকে। সারা শহরের মধ্যে একটা লণ্ডভণ্ড শুরু হয়ে গেল। সারারাত তুমুল গোলাগুলির শব্দে শরীরের প্রতিটি লোম ছিল একঠায় খাড়া। পরদিন সকালে যে যেদিকে পারলো ব্যাগ-বোঁচকা নিয়ে পালালো। ফরিদা মৃত শহরের ওপর দিয়ে যেন একটা ঘোরের মধ্যে হাঁটতে হাঁটতে নাজিমদের হলে এসেছিল। যে নাজিম সারাক্ষণ ফরিদার রূপ, বর্ণ, ঘ্রাণের মধ্যে ডুবে থেকে পৃথিবীর কিছু চিনতো না, তার চোখ দেখে ফরিদার মাথা টলে ওঠে। তুমি কোন আক্কেলে এখানে এসেছো। নাজি মহাক্ষিপ্ত–যাও তোমার বাবাদের কাছে যাও।
নাজিম!
মুহূর্তে ফরিদার মুখ চেপে মর্গের মতো স্তব্ধ হলের ভেতর ফরিদাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় নাজিম। এরপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সারা ঘরে রক্তের বিশাল বিশাল ছোপ। চেয়ার, টেবিল, বিছানায় সর্বত্র ধ্বংসের চিহ্ন।
ফরিদা কেঁদে ফেলে, সারারাত কীভাবে কাটিয়েছি, একটু খোঁজও নিলে না। এখন এরকম ব্যবহার করছো!
কী রকম খুনির মতো হয়ে উঠেছে নাজিমের চোখ–তোমার বাবারা তোমার খোঁজ নেয়নি?
আমার বাবা মুসলিম লীগ করে। কণ্ঠ স্তব্ধ হয়ে আসে ফরিদার, সেই দোষ কি আমার? তুমি সব জেনেও।
এই দেখো, এই দেখো… বলতে বলতে নাজিম বিকারগ্রস্তের মতো খাটের তলা থেকে কী একটা ভারি জিনিস টেনে বের করতে থাকে, কাপড়ে মোড়ানো, কিন্তু সব ফুঁড়ে টকটক করছে চাপ চাপ রক্ত। ফরিদার মুখ হাঁ হয়ে আসে।
একটা লাশ। মুখের কাপড় উন্মোচন করতেই এমন বীভৎস মুখ, হা আল্লাহ্! ফরিদা পাথর হয়ে যায়।
রকিব, মূর্যগ্রন্থের মতো উচ্চারণ করে নাজিম, গতরাতে প্রচণ্ড বিস্ফোরণ, হলের চারপাশ পাকিস্তানি বাহিনীরা ছেয়ে ফেলেছে, ঝড়ের মতো রুমে রুমে প্রবেশ করছে তারা, কোনো কোনো রুমে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, রকিব কালই এসেছিল আমাকে নিতে, বলছিল ভাইজান, আপনার চিন্তায় মা ঘুমায় না–বাড়ি চলেন।
ওরা আমাদের রুমেও ঢুকলো, তাক করলো আগ্নেয়াস্ত্র, এরপর কিছু জানি না, শব্দ শুনেই আমি রুমমেটদের সাথে নিচে পড়ে গেলাম। এরপর শুধু খাঁ খাঁ, শুধু আগুন, কী অদ্ভুত নারকীয় দৃশ্য ফরিদা! নিঃশ্বাস আটকে পড়ে রইলাম রক্তমাখা লাশগুলোর মাঝখানে।
সব যখন শান্ত, চারদিকে আজানের শব্দ, আমি দেখলাম আমারই পায়ের কাছে কুণ্ডলী পাকিয়ে আছে রকিবের নিথর দেহ। ফরিদা, ওকে আমি টেনেহিঁচড়ে কাপড়ে মুড়িয়ে লুকিয়ে রেখেছি, নইলে সব লাশের সাথে ওকেও সবাই নিয়ে যেতো, বেওয়ারিশ হয়ে যেতো।
ফরিদা অস্ফুটে উচ্চারণ করে, তুমি?
আমার বাঁ হাতের কব্জিতে লেগেছিল, ওকে খাটের নিচে লুকিয়ে ব্যান্ডেজ করে এসেছি। রকিবকে গ্রামে নিয়ে যাবো, শিমুল ফুলের তলায় ঘুমাবো, ফরিদা, এই এক রাতের পর এই যে তোমার মুখ, এই যে মুখ, বিশ্বাস করো, কি বিচ্ছিরি হায়েনার মতো দেখাচ্ছে।
হাস্যোজ্জ্বল রোদ্দুরের মধ্যেই যখন জলের মতো মিশে যাচ্ছে বিকালের ছায়া, তখন সন্তর্পণে বাঁশঝাড়টা অতিক্রম করে উত্তরের জঙ্গলের দিকে হাঁটা দিলো ফরিদা। দূরের ব্রিজের ওপর অতন্দ্রপ্রহরীর মতো হাঁটছে কারা। প্রায় দৌড়েই জঙ্গলের ভেতর ঢুকে ফরিদা হাঁপ ছাড়লো। গ্রামের পর গ্রাম জ্বলছে। নিঃসীম মড়িঘরে রূপান্তরিত হয়েছে এক সময়ের কোলাহলরত গ্রাম। ফরিদা তুখোড় সচেতন, খুঁটিনাটি সমস্ত বিষয়ের দিকে তার প্রতিটি সময়ে মনোযোগ স্থির, ফলে সে জানে জঙ্গলের পেছনের ঠিক কোন জায়গাটায় মুক্তিবাহিনীরা আশ্রয় নিয়েছে। উত্তেজনায় কাঁপতে কাঁপতে সেই দিকে হাঁটা দিল। জঙ্গলের ঝোপে তার পা হেঁচড়ে যায়, সে বারংবার হোঁচট খায় উঁচু-নিচু স্থানে।
যথাস্থানে পৌঁছানোর পর তাকে দেখে গভীর আলোচনায় নিমগ্ন মুক্তিবাহিনীরা যেন ভূত দেখলো। টানটান হয়ে উঠলো সবাই। এতোটা পথের ক্লান্তি আর টেনশনে ফরিদা রীতিমতো কাঁপছিলো।
একজন সবেগে দাঁড়ালো, দালালের মাইয়া না?
এরপরই যেন কোনো অনিন্দ্য সুন্দরী রমণী নয়, যেন বোধবুদ্ধিসম্পন্ন কোনো মানুষ নয়, ফরিদা যেন দশটি নিরীহ মানুষকে খুন করা এলাকার ঘৃণিত মস্তান, এইভাবে সবাই ওর ওপর ঝাঁপিয়ে পড়লো। ওর চুলে, গালে, শাড়িতে এলোপাতাড়ি আক্রমণ চালালো, মাগী এই জায়গা চিইন্যা আইলি ক্যামনে? ভয়ানক বিপর্যন্ত ফরিদা সবেগে মাথা তুলতে চাইলো, কিছু একটা বলার জন্য, কিন্তু একজন কান মুচড়ে তার দুল ছুঁড়ে ফেললে সে আহ্ বলে উবু হয়ে বসে পড়লো।
এগিয়ে আসলো মুক্তিযোদ্ধাদের লিডার, ওকে ছেড়ে দাও।
সবাই মুহূর্তে থেমে গেল। এরপর যে যার স্থানে দাঁড়ালে লিডার বলে, ছিঃ তোমাদের লজ্জা হওয়া উচিত, এতোগুলো পুরুষ একটি মেয়েকে একা পেয়ে…। ফরিদার মুখে, পিঠে আঁচড়ের দাগ, সর্বাঙ্গ আলুথালু, এর মধ্যে ফুঁসে উঠলো, আমি মেয়ে হিসেবে কোনো করুণা চাই না, আপনারা আমাকে মেরে ফেলুন।
জঙ্গলে বাতাস লেগেছে।
ঘনায়মান সন্ধ্যার হুহু ছায়া সবার চোখেমুখে। লিডার জানতে চাইলো, কেন এসেছেন আপনি?
আপনারা এখান থেকে সরে যান, কাঁপতে কাঁপতে ফরিদা বললো। ওরা আজ রাতেই এখানে আক্রমণ চালাবে, আমি বাবাকে ভাইদের সাথে আলাপ করতে শুনেছি। হাঃ হাঃ করে হেসে ওঠে মুক্তিযোদ্ধারা। ভূতের মুখে রাম নাম! বিভীষণ আর কী–এই যুগে সম্ভব? আসলে মতলব কী? ফরিদার ঠোঁট উপচে রক্ত গড়াচ্ছে। তার সাথে লেপটে গেছে মাথার চুল, আহত ঘাড়, শাড়ি টেনে ঢেকে শ্লেষ ঠোঁটে হাসলো, আমি যাচ্ছি, শেষবারের মতো মিনতি করছি, আমাকে বিশ্বাস করুন। আমি ওদের ক্যাম্পে যাচ্ছি, যেভাবেই হোক ওদের আটকে রাখছি, আপনারা আজ রাতেই উল্টো আক্রমণ করুন তাদেরকে।
লিডার বললো, ফরিদা আপনি বুঝতে পারছেন না কী রকম বিপাকে আমরা পড়েছি, আপনাকে বিশ্বাস করতে পারছি না, এই যে আপনি আমাদের আস্তানা চিনে গেলেন, এখন আপনাকে ছেড়ে দেয়া আমাদের জন্য বিপজ্জনক নয়, তা-ইবা কী করে বুঝি?
এইবার ফরিদা আহত কণ্ঠেও তুমুল হেসে উঠলো, আপনি এই দলের দায়িত্বে আছেন, আপনার কাছ থেকে আমি নিশ্চয়ই আরো সূক্ষ্ম বুদ্ধি আশা করতে পারি? আস্তানাটির খবর আমি না জানলে পথ চিনে এলাম কী করে? শত্রুতাই যদি করতাম তাহলে ঘরে বসেই তো তাদেরকে আপনাদের খবর জানাতে পারতাম।
আপনি এই আস্তানা চিনলেন কী করে?
একটি কুকুরের ভ্রূণ থেকে আমার জন্ম। ফরিদার পাঁশুটেহাসি প্রলম্বিত হয়, তার আরও দুটি ভ্রূণ ছিলো তারা কুকুরই হয়ে গেছে, হয়ত মায়ের গর্ভের বাড়তি উত্তাপে কী করে আমি যেন একটি মানুষের আকৃতি নিয়ে নিয়েছি, ওরা যখন ঘরে বসে ঘেউ ঘেউ করে, আমি সেই শব্দ থেকে প্রয়োজনীয় অক্ষরগুলো বের করে নিই। এখনও বলছি, শেষবারের মতো আমাকে বিশ্বাস করুন, ওদের আটকে রাখার মতো রূপ এবং ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন, এখন আমি যাচ্ছি, বিদায়!
ছায়া জঙ্গলটা যখন পার হচ্ছিলো ফরিদা, সত্যিই নিজেকে সে আর চিনতে পারছিলো না। বাঁশবনের শোঁ-শোঁ শব্দ, মৃত্যু স্তব্ধতা ছাপিয়ে উঠছিলো শরীর বেদনা, কিন্তু সেই সব ঢেকে দিচ্ছিলো নিজামের মুখ, হায়েনা!
কর্নেলকে ফরিদা জানালো, আমি আবদুল আজমের মেয়ে। মুহূর্তে উদ্ভাসিত হয়ে উঠলো কর্নেল, কখনও তো বলেনি সে, তোমার মতো একটা মেয়ে আছে তার? কিন্তু তোমার এই অবস্থা কেন?
ওরা, দাঁত চেপে ফিসফিসিয়ে উচ্চারণ করলো ফরিদা, মুক্তবাহিনীরা, নদী পর্যন্ত আমাকে টেনে নিয়ে গিয়েছিল, এরপর নৌকার ওপর…।
বাট হোয়াই? গর্জে উঠলো কর্নেল।
আমি আবদুল আজমের মেয়ে, সেই জন্য।
ওহ্ গড। কর্নেল এগিয়ে আসলো, লেডি, তোমার রূপ বড় মারাত্মক, ওদেরকে কী দোষ দেবো বলো, কিন্তু ওরা নৌকায়, বুঝলাম না, ওদের তো ওখানে থাকার কথা নয়।
আমার বাবা আর ভাইয়েরা ভুল তথ্য দিয়েছে আপনাকে। ওরা নৌকাতেই আস্তানা গড়েছিলো, আমি সেই চরম মুহূর্তে তাদের কথা শুনেছি, আমাকে লাঞ্ছিত করার পর ওরা পালিয়েছে, আগামীকাল রাতে ওরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আবার গ্রামে প্রবেশ করবে। সাদামুখো লোকগুলো হাঁ হয়ে শোনে ফরিদার কথা। ক্রমশ শক্ত হয়ে উঠলো। কর্নেলের চোয়াল।
ফরিদা যেন ঘোরগ্রস্ত, আগামীকাল ওরা কোথায় থাকবে আমি জানি, কর্নেল আমি প্রতিশোধ চাই… বলতে বলতে মুর্ছার ভঙ্গিতে ফরিদা কর্নেলের হাতের ওপর ঢলে পড়লো।
দীর্ঘসময় পর চোখ মেলে টের পেলো ক্যাম্পের সবাই ঘুমে। কর্নেলের মুখ ঝুলে আছে তার ঠোঁটের ওপর, কর্নেলের এখানে আসার পর, মূর্ছার অভিনয় করাকালীন সে ফের অত্যাচারিত হয়েছে, এইবার নারী হিসেবে সেই অচেতন দেহে নিজেকে ডুবিয়ে কর্নেল বিড়বিড় করেছে, উফ! গ্রেট গ্রেট। নিজেকে ফরিদা ছেড়ে দিয়েছে নিঃসীমে। সে নিজের দেহ এবং রূপকে পুঁজি করেই ক্যাম্পে এসেছে। প্রয়োজন হলে সারারাত এদেরকে ভুলিয়ে রাখবে, তার ভেতর থেকে একটি জিনিসেরই মৃত্যু ঘটেছিলো, বেদনার।
কর্নেল দাঁতে দাঁত পিষে উচ্চারণ করলো, ভুল তথ্যের শান্তি তোমার বাবাকে পেতে হবে, তবুও তোমার সততায় আমি মুগ্ধ, তোমার জেদ, প্রতিশোধস্পৃহা সব সুন্দর। একজন বিশ্বাসঘাতকের কন্যা হয়েও তুমি যে আমাদের সাহায্য করতে এসেছো, সেটাও সুন্দর।
উঠে বসলো ফরিদা, আর আমার শরীর?
কর্নেল অদ্ভুত ভঙ্গিতে হাসলো, মাথাটায় গোলমাল লেগে যাচ্ছে তো ঠিক সেইখানে এসেই। আমার রাতদিনের হিসেবে গণ্ডগোল লেগে যাচ্ছে। তুমি যখন অজ্ঞান হলে, মাই গড!
উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলো ফরিদা, তার আগেই ক্যাম্পের মাথায় যেন বজ্রপাত হলো। কী ভয়ংকর, চেতনাবধির করা সেই শব্দ! দাউদাউ আগুনের তলায় মুহূর্তের মধ্যে সবার মাঝখানে এবার সত্যি সত্যিই অর্থেই ফরিদা কুণ্ডুলী পাকানো ধোঁয়ায় পরিণত হলো।
লেখক:
নাসরীন জাহান
ঔপন্যাসিক, গল্পকার, কবি; ঢাকা