বাংলাদেশের চলচ্চিত্রে যে ক’জন সুদর্শন নায়ক এসেছিলেন, তাদের মধ্যে জাফর ইকবাল এর নাম ওপরের সারিতেই থাকবে। একই সাথে স্টাইল, ফ্যাশন আর অভিনয় দক্ষতা দিয়ে সুনাম কুড়িয়েছেন অবিরাম। আশির দশকে বাংলা চলচ্চিত্রে তাঁর ন্যাচারাল অভিনয়ের পাশাপাশি দর্শক বুঁদ হয়েছিলো তার গানেও। সমসাময়িক অন্যান্য শিল্পীদের চাইতে এগিয়ে ছিলেন অভিনয়, ফ্যাশন সচেতনতা, মেধা আর দূরদৃষ্টি সম্পন্ন মানসিকতায়। নায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেলেও, সঙ্গীতশিল্পী হিসেবেই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এই চিরসবুজ তারকা। তবে সঙ্গীতে নিজের ক্যারিয়ার গড়তে বেশ ধকল পোহাতে হয় তাকে। চলচ্চিত্রে যখন প্রবেশ করেন, সেই সময়টাও খুব একটা অনুকূলে ছিল না, অনেক প্রতিযোগিতার মধ্যেও নিজের একটি আলাদা পরিচয় তিনি গড়ে তুলেছিলেন ঠিকই।

ঢাকার গুলশানে জন্ম জাফর ইকবালের। সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠায় মানসিকভাবে সেই চর্চার মধ্যে মননিবেশ করেন। বাড়িতে গানবাজনার রেওয়াজ ছিল। তাঁর বোন শাহানাজ রহমতুল্লাহ একজন সুপরিচিত কণ্ঠশিল্পী। বড় ভাই আনোয়ার পারভেজও জনপ্রিয় সঙ্গীত পরিচালক। জাফর ইকবাল প্রথমে গায়ক হিসেবেই পরিচিতি পান। গানের দিকে ঝোঁক যে কতটা তীব্র ছিলো, সেটা বোঝা যায় মাত্র ১৬ বছর বয়সে ব্যান্ড প্রতিষ্ঠার ঘটনায়। কোথাও কোনো গানের তালিম না নিয়েও ১৯৬৬ সালে তিনি নিজের একটি ব্যান্ড গড়ে তোলেন। কিন্তু গানের প্রতি তার ডেডিকেশন থেকেই বন্ধু ফারুক, তোতা এবং মাহমুদকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তোলেন ব্যান্ড দল ‘রোলিং স্টোন’। দুর্দান্ত গিটার বাজাতে পারতেন তিনি। কলেজের যে কোনো অনুষ্ঠানেই গিটার বাজিয়ে গাইতেন প্রিয় শিল্পী এলভিস প্রিসলির গান। ‘পিচ ঢালা পথ’ ছিল ব্যান্ড গড়ে তোলার পর তার প্রথম গাওয়া গান।

বোনের সাথে জাফর ইকবাল
ভাই আনোয়ার পারভেজ এর সুরে নায়করাজ রাজ্জাক অভিনীত ‘বদনাম’ ছবিতে প্রথম গান করেন ‘হয় যদি বদনাম হোক আরো/আমি তো এখন আর নই কারো’। প্রথম প্লেব্যাকেই ব্যাপক প্রশংসা কুড়ান এই অভিনেতা। এরপর সুরকার আলাউদ্দিন আলী তাকে দিয়ে অসংখ্য সিনেমার আবহ সংগীত করান। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে ‘সুখে থেকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘরণী’, ‘তুমি আমার জীবন, আমি তোমার জীবন’, ‘হয় যদি বদনাম হোক আরো’ অন্যতম।

মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। গান গেয়েই ঘনিষ্ঠতা তৈরি হয় চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা খান আতাউর রহমানের সঙ্গে। তার অভিনীত প্রথম ছবির নাম ‘আপন পর’। ছবিটি মুক্তি পায় ১৯৬৯ সালে। খান আতাউর রহমান পরিচালিত এ ছবিতে তার সঙ্গে ছিলেন কবরী।
চলচ্চিত্রের অভিনেতা হিসেবে জাফর ইকবাল অন্য অনেকের চাইতে আলাদা ছিলেন। নিজের অভিনয়শৈলী দিয়ে জায়গা করেছেন সকল শ্রেণীর দর্শকের কাছে। গলা কাঁপিয়ে একটা দারুণ রেশ তৈরি করে ডায়লগ ডেলিভারি দিয়ে দর্শকের আকর্ষণ ধরে রাখার দক্ষতা ছিল। দর্শককে মোহিত করে রাখার জন্য রোমান্টিক, স্যাড দুই ধরনের অভিনয়েই সমান পারদর্শী ছিলেন তিনি।
সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন। ‘সূর্যগ্রহণ’ ও এর সিকুয়েল ‘সূর্যসংগ্রাম’ চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেন। ১৯৭৫ সালে ‘মাস্তান’ চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় তাঁকে সে প্রজন্মের প্রতিনিধিত্বকারী নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে।
তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘দিনের পর দিন’, ‘সূর্য সংগ্রাম’, ‘বেদ্বীন’, ‘অংশীদার’, ‘আশীর্বাদ’, ‘অপমান’, ‘পরিবর্তন’, ‘সিআইডি’, ‘গৃহলক্ষী’, ‘ওগো বিদেশিনী’, ‘ফুলের মালা’, ‘মর্যাদা’, ‘সন্ধি’, ‘ছোবল’, ‘প্রেম বিরহ’, ‘বন্ধু আমার’, ‘গর্জন’, ‘অবুঝ হৃদয়’ অন্যতম। এছাড়াও প্রায় দেড়শ ছবিতে অভিনয় করেন জাফর ইকবাল। শহরের রোমান্টিক এবং রাগী যুবক চরিত্রে তার সাবলিল অভিনয় দর্শক জনপ্রিয়তা পায়, যদিও সব ধরনের চরিত্রেই ছিল তার সমান বিচরণ।

স্বাধীনতা পরবর্তী সময়ের রাগী, রোমান্টিক, জীবন-যন্ত্রণায় পীড়িত কিংবা হতাশা থেকে বিপথগামী তরুণের চরিত্রে তিনি ছিলেন পরিচালকদের অন্যতম পছন্দ। সামাজিক প্রেমকাহিনী ‘মাস্তান’ এর নায়ক জাফর ইকবাল রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। ‘নয়নের আলো’ চলচ্চিত্রে এক গ্রামীণ তরুণের চরিত্রেও দর্শক তাকে গ্রহণ করে।
গুঞ্জন ছিল শুধু সিনেমায় নয়, বাস্তবেও জুটিবদ্ধ হয়েছিলেন ববিতা ও জাফর ইকবাল। অফ স্ক্রিনেও নাকি প্রেম ছিল তাদের। প্রেম ভেঙে যাওয়ায় জাফর ইকবাল অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন বলেও সে সময় গুঞ্জন উঠে। ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত, এই জুটি প্রচুর সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন। জাফর-ববিতা জুটির ছবি তখন উত্তম-সুচিত্রার মতোই জনপ্রিয় ছিল। ববিতার বিপরীতে বহু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। জাফর ইকবাল অভিনীত ‘ভাই বন্ধু’, ‘চোরের বউ’, ‘অবদান’, ‘সাধারণ মেয়ে’, ‘একই অঙ্গে এত রূপ’, ‘ফকির মজনুশাহ’, ‘দিনের পর দিন’, ‘বেদ্বীন’, ‘অংশীদার’, ‘মেঘবিজলী বাদল’, ‘সাত রাজার ধন’, ‘আশীর্বাদ’, ‘অপমান’, ‘এক মুঠো ভাত’, ‘নয়নের আলো’, ‘গৃহলক্ষ্মী’, ‘ওগো বিদেশিনী’, ‘প্রেমিক’, ‘নবাব’, ‘প্রতিরোধ’, ‘ফুলের মালা’, ‘সিআইডি’, ‘মর্যাদা’, ‘সন্ধি’ ইত্যাদি চলচ্চিত্র সুপারহিট হয়।

ববিতার সাথে জাফর ইকবাল।
অনেকেই বলেন, ‘সুখে থেকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘরণী’ গানটি জাফর ইকবাল ববিতার জন্যই গেয়েছিলেন। তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ায় হতাশ হয়েই জাফর ইকবাল অসুস্থ হয়ে পড়েন বলে জোর গুঞ্জন উঠেছিল। জাফর ইকবাল আড্ডার ছলে প্রায়ই ববিতাকে বলতেন, “আমার ইচ্ছে আছে শাবনাজের বিপরীতে অভিনয় করব।” যদিও প্রেমের বিষয়ে ববিতা বা জাফর ইকবাল কেউ-ই কখনো মুখ খুলেননি।
ব্যক্তিজীবনে ভালোবেসেই তিনি বিয়ে করেছিলেন চলচ্চিত্রের বাইরের মানুষ সোনিয়াকে। সোনিয়া-জাফর দম্পতির দুই ছেলে সন্তানও রয়েছে।

ছেলের সাথে জাফর ইকবাল।
জাফর ইকবাল ছিলেন অভিমানী, আবেগপ্রবণ; ছিলেন বোহেমিয়ান। চিরসবুজ নায়ক হিসেবে খ্যাতির শিখরে পৌঁছালেও ব্যক্তিগত জীবনে ছিলেন বেশ অস্থির ও বোহেমিয়ান প্রকৃতির। বোহেমিয়ানিজমের ফলাফল হিসেবে মদ্যপান ছিল অবধারিত। ক্যারিয়ার যখন তুঙ্গে, তখন আক্রান্ত হন ব্লাড ক্যান্সারে। অতঃপর হার্ট ও কিডনি অকেজো হলো। হাসপাতালের বেডে শুয়ে নিজের শরীরকে অত্যাচারের খনি বানিয়ে ববিতার মুখেই ‘তুমি ভালো ছেলে’ কথাটা শুনে ১৯৯২ সালে মৃত্যুবরণ করেন চিরসবুজ এই গায়ক ও নায়ক।
বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ
আর পড়ুন:
আনোয়ার হোসেন: আনু ভাই থেকে মুকুটহীন নবাব
সিসিটিভি থেকে বড়পর্দার স্বপ্নের নায়ক