জাহেদুর রহমানের কবিতা

Comments

প্রায়ই, কাছাকাছি, হয়তো

আমি তোমার প্রায়ই, খুব কাছাকাছি, হয়তো
কিন্তু না, এটা এমনই মিথ্যা যা সত্যের কাছাকাছি
সত্যের আবরণে এটা এক মারাত্মক আকর্ষণ
আর আমি রক্তাক্ত হতে শুরু করেছি। 

আমি জানি, তুমি পথটা জানো,
চলন্ত গাড়িতে তোমার হাতের মুঠোয় আমার হাত
জানালা দিয়ে বাইরে ধাবমান পৃথিবী
শার্সিতে প্রশ্রয়ের গজদন্ত হাসি ।

আমি হব তোমার— 
প্রায়, খুব কাছাকাছি, হয়তো। 
তুমি আমার নও, কিন্তু 
তুমি প্রায় আমার, এত কাছে, প্রিয়। 

হয়তো আমরা আটকে আছি
সত্য আর মিথ্যার মাঝামাঝি ধূসর চাদরে
আমরা কি আসলেই আটকে আছি?
প্রায়, খুব কাছাকাছি, হয়তো? 

তুমি বলো এটা বন্ধুত্বপূর্ণ, কিন্তু আমার হাত তোমার মুঠোয় 
আমরা এটাকে কী বলব, সেটা আমি ভাবছি না;
হয়তো কোনো এক রাতে গাড়ি থামবে
তখন আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো, 
আমার হাত তোমার হাতে থাকবে, আর শীতলতাকে উষ্ণ করবে। 

আর তুমি আমার দিকে তাকিয়ে অবশেষে বুঝবে, 
তুমি আসলে কী চাও। 
এক মুহূর্তের জন্য মনে হবে, এটা হয়তো সত্যি হতে পারে। 
কিন্তু আমি তাতেই সন্তুষ্ট হব— 
প্রায়, খুব কাছাকাছি, হয়তো। 
তুমি আমার নও, কিন্তু 
তুমি প্রায় আমার, এত কাছে, প্রিয়।

৬ মার্চ ২০২৫

গন্ধ কি পাও?

সড়কের মোড়ে ঘন আম গাছটির নিচে আধো অন্ধকার আধো আলো
চড়া মেকআপে বারবণিতা,
হয়তো যুবতী কিংবা হৃত যৌবনা
মিশমিশে কালো বিলাসী গাড়ি, খোলা জানালা
আঙ্গুলের ঈশারা
ভুশ করে সেধে যায় কলমিলতা ।
গন্ধ কি পাও?
কাচে মোড়া অট্টালিকা,
বদ্ধ জানালায় বর্ণালী আলোর প্রতিস্ফুটন
নৃত্যরত স্ফীত উদর খাট্টাশ
টুং টাং শরাব পেয়ালার আওয়াজ ছাপিয়ে টেইলর সুইফটের আর্ত চিৎকার।
গন্ধ কি পাও?
অট্টালিকার পিছনে ময়লার ভাগাড়ে
নীল ড্রাম হাতড়ে ফেরে উচ্ছিষ্টের সন্ধানে শীর্ণকায় শিশু,
মেলেনি সারাদিন একমুঠো ভাত।
গন্ধ কি পাও?
সাব রেজিস্ট্রারের টেবিলের এপারে
তেল চিটচিটে মলিন কুঁচকানো ফতুয়ায়
সন্ত্রস্ত কৃষক
পিছনে দাঁড়িয়ে ক্রু-কাট কেশধারী ক্রূর দৃষ্টির পাহারাদার।
গন্ধ কি পাও?
অপারেটিং টেবিলে নিস্তব্ধ নিসাড় শিশু
পাষন্ড চিকিৎসক, খন্ডিত শিশ্ন।
একে-৪৭ আর শট গানের নির্লজ্জ উন্মত্ততায়
ঝাঁঝরা আমার সন্তান,
গন্ধ কি পাও?
স্কন্ধে পচা লাশ, ছুড়ে ফেলবার প্রাণপণ প্রচেষ্টায় নেতা
অর্থহীন উল্লাসরত বেকুবের দল।
গন্ধ কি পাও?
সর্বাঙ্গে পয়োদ্বারের কীট,
ঢেকে গেছে গলিত শবের গন্ধ।

১৮ জুন ২০২৪

প্রতিক্ষা

এক যুগ পেরিয়ে গেছে,
নীরবে সে প্রতিক্ষারত,
দীর্ঘ গ্রীষ্মে নিজ আঁচলে ঢেকে রাখতে চেয়েছে তাকে,
ভরা বর্ষায় আদিগন্ত শাপলা-শালুক বিলে হারিয়ে যাবার অতৃপ্ত বাসনা বুকের গভীরে,
নাতিদীর্ঘ তীব্র শীতের রাতে কবোষ্ণ বুকের মাঝে জড়িয়ে রাখবার ইচ্ছে,
কেবলই প্রতীক্ষা;
প্রসারিত সংসার, প্রলম্বিত সময়, ক্ষীণ হয়ে আসা দৃষ্টি,
এক যুগের প্রতীক্ষা।
ছেলেটি জানে না, অপেক্ষার প্রহর কতটা মধুর আর কতটা যন্ত্রণার।
এক যুগ পরে মেয়েটি হাত বাড়িয়ে বললো, “আর কত কাল অপেক্ষায় থাকবো আমি”?
ছেলেটি বাড়ানো নরম হাত নিজের মুঠোয় জড়িয়ে শুধালো, “কোথায় ছিলে এতদিন”?
রোমশ বুকে মাথা হেলিয়ে অস্ফুট স্বরে মেয়েটি বললো, “এই তো পাশেই”।

২৪ ডিসেম্বর ২০২১, ঢাকা

চন্দ্রাহত 

জোৎস্নায় থির থির করে কাঁপছে সমুদ্রের জলপৃষ্ঠ, দেখেছো?
– হুমম
আমি যেতে চাই ওখানে।
– যাবে।
খোলা নৌকা, কাঠের পাটাতন। নিরাভরন আমি নির্ণিমেষ চেয়ে রইবো ঐ আকাশে।
চন্দ্র আলোয় ভিজিয়ে নিবো আমার মন-শরীর।
– আমি?
তুমি যাবে না।
– কেনো?
আওয়াজ শুনতে পাচ্ছো? ঢেউয়েরা ডাকছে আমায়।
– তাহলে!
দেরি করে কেনো এলে?
আমি যেতে চাই একাকী, যেখানে মিশেছে ঘন-কালো আকাশ থির থির করা জলের সীমানায়।
যদি ভালোবাসো, এসো তখন।

১৯ মার্চ ২০২২, ফুজায়রা

ভুলে গেছি তোমাকে

কেবল তোমার জন্যে, প্রস্ফুটিত ফুলের বাগানে আমি বসন্তের সৌরভে কাতর
অথচ আজ আমি ভুলে গেছি তোমার মুখ,
মনে পড়ে না পেলব হাত;
মনে পড়ে না, কেমন ছিল আমার ঠোঁটে তোমার ঠোঁটের স্পর্শ?
আজ কেবল তোমারই জন্যে, ভালোবাসি পার্কের দৃষ্টিহীন, নির্বাক মর্মর পাথরের শ্বেত মূর্তিগুলোকে,
ভুলে গেছি তোমার কণ্ঠস্বর, উচ্ছলতায় ভরপুর
আজ আমি ভুলে গেছি সেই গজদন্ত হাসি,
ভুলে গেছি অতলান্তিক গভীর কালো চোখে চেয়ে দেখা,
ভুলে গেছি জোৎস্নাস্নাত বালুকাবেলায় আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে সমুদ্রের গর্জন শোনা।
যেমন করে সৌরভ জড়িয়ে থাকে ফুলে,
তেমনি করে তোমার ঝাপসা স্মৃতি আজকাল জড়িয়ে রাখে আমাকে।
তোমার আলিঙ্গন আমাকে বিষাদযুক্ত দেয়াল বেয়ে ওঠা লতাগুল্মের মতো আবদ্ধ রাখে।
ভুলে গেছি তোমার ভালোবাসা,
অথচ জানো তবুও যেন প্রতিটি জানালার শার্শিতে তোমার ছায়া দেখি,
কেবল তোমার জন্যে, গ্রীষ্মের কড়া সৌরভ আমাকে পীড়িত করে,
কেবল তোমার জন্যে, ঝুম বৃষ্টি আমাকে পিছনে টেনে ধরে,
কেবল তোমার জন্য আকাশ থেকে নক্ষত্র পতনের মতন বাসনা উদ্রেককারী সেই চিহ্নগুলো খুঁজে ফিরি;
অথচ জানো, আমি ভুলে গেছি তোমাকে,
সত্যিই, ভুলে গেছি তোমাকে।

৫ অক্টোবর ২০২২, ঢাকা

লেখক:
Zahedur Rahman
জাহেদুর রহমান
কবি ও ঔপন্যাসিক

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট