রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আচমকাই মুখোশ পরে, লাঠিসোঁটা নিয়ে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এ হামলা চালাল এক দল দুষ্কৃতী। এ হামলায় জখম হয়েছেন ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ-সহ বহু শিক্ষার্থী ও শিক্ষক। তবে ওই ঘটনায় আহতের সংখ্যা সঠিক ভাবে জানা যায়নি। শিক্ষার্থীদের একাংশের দাবী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্যরাই এই হামলা চালিয়েছে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ছাত্র সংগঠন এবিভিপি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার সন্ধ্যায় আচমকাই বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে জনা পঞ্চাশেক দুষ্কৃতী। তাদের প্রায় প্রত্যেকের মুখেই মুখোশ ছিল। হাতে বড় বড় লাঠি-পাথর নিয়ে একের পর এক হোস্টেলে তাণ্ডব চালায় তারা। মুহূর্তের মধ্যে গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছ়ড়িয়ে পড়ে। আতঙ্কিত শিক্ষার্থীরা ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছোটাছুটি করতে থাকেন।
এই হামলায় জখম ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষকে এ দিন সন্ধ্যাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঐশী বলেন, ‘‘মুখোশপরা গুন্ডারা আমাকে নৃশংস ভাবে আক্রমণ করে। আমাকে বেদম পিটিয়েছে। আমার রক্ত ঝরছে।’’
BREAKING NEWS from #JNU#Media, civil society people move quickly to Jawaharlal Nehru University in Delhi right now.
There are masked, armed persons entering hostels and attacking students.
Video of Aishe Ghosh, President, JNUSU injured in attack. pic.twitter.com/JmAKobWRji— Natasha Badhwar (@natashabadhwar) January 5, 2020
সংবাদমাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক অতুল সুদ বলেন, ‘‘কারা হামলা করেছে, তাদের আমি চিনতে পারিনি। তবে হাতে লাঠি-পাথর নিয়ে একের পর এক হোস্টেলে ঢুকে ভাঙচুর চালিয়েছে ওরা। ওদের হাতে বড় বড় পাথর ছিল, যাতে আমাদের অনেকেরই মাথা ফেটে যেতে পারত। আমার গাড়িতেও ভাঙচুর চালিয়েছে ওরা।’’
এই হামলার পিছনে অভিযোগ উঠেছে এবিভিপি-র বিরুদ্ধে যা অস্বীকার করে এবিভিপি-র সভাপতি দুর্গেশ কুমারের পাল্টা প্রশ্ন, ‘‘গত দু’মাস ধরে কারা ক্যাম্পাসে অশান্তি ছড়াচ্ছে? ৫০-৬০ জন কি হাজার জনকে মারতে পারে?’’
হিন্দুত্ববাদী ঐ ছাত্র সংগঠনের তরফে হামলার কথা অস্বীকার করলেও তা মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। এই হামলায় জেএনইউ ক্যাম্পাসে পড়ুয়াদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। একের পর এক হোস্টেলে ঢুকে ভাঙচুর চালালেও সে সময় ক্যাম্পাসে কোনও পুলিশকর্মী চোখে পড়েনি।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রমোদ কুমার ক্যাম্পাসে শান্তি বজায় রাখার পাশাপাশি সতর্ক থাকার বার্তা দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘‘ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত জেএনইউ সম্প্রদায়ের প্রতি এই বার্তা। মুখোশধারী দুষ্কৃতীরা লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাঙচুর ও হামলা চালাচ্ছে। জেএনইউ কর্তৃপক্ষ পুলিশ ডেকেছে। এই সময়ে শান্তি বজার রাখার পাশাপাশি সতর্ক থাকাটা জরুরি। দুষ্কৃতীদের ধরার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে।’’
এই ঘটনার নিন্দা করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। টুইট করে তিনি লিখেছেন, ‘‘জেএনইউ-তে যে ভাবে মুখোশধারী অপরাধীরা শিক্ষার্থী ও অধ্যাপকদের উপর হামলা চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করা উচিত।’’
জেএনইউ বিশ্ববিদ্যালয়ে রবিবার হামলার ঘটনায় নানা মহলে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা ঝড় উঠেছে। ছাত্রসমাজ থেকে বুদ্ধিজীবী সকলেই সরব হয়েছেন এই ঘটনার তীব্র নিন্দা করে। তীব্র প্রতিবাদ জানিয়েছে বম্বে আইআইটি, আলিগড় মুসলিম বিশ্বিদ্যালয়, যদাবপুর বিশ্বিদ্যালয়ের মতো দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান। এই হামলার প্রতিবাদে এ দিন বিক্ষোভ মিছিলও বার করেছেন যাদবপুরের পড়ুয়ারা।
শিক্ষার্থীদের উপর এমন হামলার ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস, আম আদমি পার্টি-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এমনকি কড়া নিন্দা করেছে বিজেপিও। দলের তরফে এ দিন রাতে টুইট করে বলা হয়, “এক দল নৈরাজ্যবাদী এই ঘটনা ঘটিয়েছে। নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে এই কাজ করেছে একদল দুষ্কৃতী। বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার পীঠস্থান, তেমনই থাকা উচিত।”
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। তিনি বলেন, “পড়ুয়া এবং শিক্ষকদের উপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছি। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে।”
দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে জেএনইউ-র হামলা নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন তিনি। জয়েন্ট সিপি পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে তদন্তে নির্দেশ দেওয়ার পাশাপাশি যত দ্রুত সম্ভব গোটা ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
The brutal attack on JNU students & teachers by masked thugs, that has left many seriously injured, is shocking.
The fascists in control of our nation, are afraid of the voices of our brave students. Today’s violence in JNU is a reflection of that fear.
#SOSJNU pic.twitter.com/kruTzbxJFJ
— Rahul Gandhi (@RahulGandhi) January 5, 2020
হামলার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তিনি বলেন, “জেএনইউ-র শিক্ষার্থী ও শিক্ষকদের উপর মুখোশধারী দুষ্কৃতীদের হামলা অত্যন্ত নিন্দনীয়। অনেকেই গুরুতর জখম হয়েছেন। ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণে চলছে দেশ। সাহসী শিক্ষার্থীরা সরব হওয়ায় ভয় পেয়ে গিয়েছে তারা। আজ জেএনএউ-এ হিংসা সেই ভয়েরই প্রতিফলন।”
We strongly condemn brutality unleashed agst students/teachers in JNU. No words enough to describe such heinous acts. A shame on our democracy. Trinamool delegation led by Dinesh Trivedi (SajdaAhmed, ManasBhunia, VivekGupta) headed to DEL to show solidarity with #ShaheenBagh #JNU
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2020
পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “এটা অত্যন্ত জঘন্য কাজ। গণতন্ত্রের লজ্জা।” জেএনইউ-এর পরিস্থিতি খতিয়ে দেখতে এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই সাংসদ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।
তথ্য ও ছবি: আনন্দবাজার পত্রিকা
