তুষার দাশের কবিতা

Comments

আকাঙ্ক্ষা

হায় চ্যুতপত্র, হায় অগ্নিশিখা
তোমাদের একবার দেখা হোক সন্তর্পণে;
যদি জ্বলে ওঠো দু’জনেই–
যদি কেঁপে ওঠো, তবে কাঁপবেই বনভূমি
অগ্নিশিখার নর্তন দেখে, তোমার বিভঙ্গ দেখে
চক্ষুস্থির হয়ে যাবে জঙ্গলের সকল প্রাণীর।

সামান্য তো এ সূচনা দরকার– ভারী প্রয়োজন
মুগ্ধ-সন্নিহিত, জারুল-ঘনত্ব আর
পাইনের উর্ধ্বযাত্রাগুলো– খোলো,
নগ্ন হও, উন্মাতাল হও, ভুলে
যাও প্রকৃতই মাতালের মতো সব
পরিকীর্ণ পানশালার মোহমুগ্ধ ভিড়
ভিড়ের হৃদয় কোনো সম্মিলিত সভ্যযাত্রা নয়

ছায়ার ভেতরে বসে সবজি-বেচা মানুষের
মনোযোগ দেখেছো তো!
প্রতিটি পয়সার দিকে তার মায়া, তার প্রেম, হাতের তালুতে নাচা স্বপ্ন-ঋদ্ধ ভবিষ্যৎ যেন–

খোলো যদি, অগ্নিকাণ্ড হবে, বিস্তর আলোক হবে, নৃত্য হবে, পুরো কালো পাপ ধুয়ে
সবুজেরা মাথা তুলবে–
আমি আশাবাদী–
আমি স্বপ্নঘোরে থাকি–
দেখি মানুষের মুখ–
আমি অনিদ্র প্রহরী হবো
তোমাদের সন্নিবেশে–
বৃত্তের চারপাশে–

হও, হয়ে ওঠো, মেশো, দ্রবীভূত
হও– তর্জনী টানটান করে বলো
নিজেকে আহুতি দিয়ে অগ্নিমন্ত্রে
– উজ্জীবন, সঞ্জীবন ডাকি।

২৬.১১.২০২৫

শয়ন

পাঁচটি দখিনমুখী মাথা– পাঁচ পুরুষের।
মাতা তিলোত্তমা সেসব মাথার কাছে কাৎ।
সাতজনের একঘরে শয়নকাণ্ড।
বাকি নারী, অনন্যা অনন্যোপায়া–
স্থান সংকুলান যেন জ্যামিতির ঘরের ভিতরে ঘর–
চতুর্ভুজে ঠেসে দেয়া দু’খানা ত্রিভুজ।
ভেবে খুব শ্বাসকষ্ট হয়।

দ্রৌপদী ঘুমায়। স্বামীদের নায়কী পায়ের কাছে।
আসলে কি ঘুম আসে?
শীতের গহিন রাতে সেই মরা-ঘুম, যেন গভীর
অসুখ, মৃত, অসহায়।

চর্চায় অভ্যস্ত হলে সমস্যা দূর-অস্ত!
অনভ্যস্ত প্রথম রাত্রিতে বাড়ে অস্বস্তির খশখশে প্রান্তর
স্পর্শ ও অনস্পর্শের ভীরু পাতলা পাতার দেয়াল–

এভাবে কি ঘুম আসে? এভাবেও শয়ন সম্ভব?

সামনেই পাঁচ-পাত্র বিশ্বসেরা প্রাচীন মদিরা প্রায়
পঞ্চবীর, চাইলেই ছুঁয়ে দেয়া যায় ঠোঁট– মাতাশ্রীও
নির্ঘাৎ ঘুমন্ত সারা দিনমানের ধকলে–
নতুন বধূর চোখে স্বপ্ন নয়, পুষ্ট বিম্বাধরে
যেন খেলা করে ঈষৎ কৌতুক–
এ যেনবা পাঞ্চালীর লালন-সমস্যা
প্রচণ্ড তৃষ্ণায় সব ফেটে যাচ্ছে–
হাতের কাছেই দ্যাখো বয়ে যায় ছলোচ্ছল
দুরন্ত যমুনা।

আর বাড়ির কাছেই থাকা আরশিনগরের
সেই প্রতিবেশিনীর মুখশ্রী না-দেখা যেন অনন্ত বেদনা–

একে কি শয়ন বলে– রাজনন্দিনীর মনে
প্রশ্ন জাগে পাঠিকার মতো–
এর চেয়ে
অন্ধকারে জাগরণই ভালো–
কি বলো? কি বলো?

১৩.১০.২০২৫

ভাষা মহিমা

উদার যে ভাষাজল, তার তোড়ে অসহায় হয়ে
পড়ে ভবানীচরণও।
প্রতিনিয়তের ভাষা সহজেই চলে আর তার
সঙ্গে যুক্ত হয় অন্যসব ভাষার শিশুরা–
সব মিলে জলতরঙ্গের সৌন্দর্যের পাশাপাশি
অবিরাম অনিন্দ্য সুরের আভা জ্বলে ওঠে।
কারো নিরুপায় মুখচ্ছবি স্থির হ্রদ-জল হয়ে ওঠে।

ভাষা-নদী বিস্ফোরক–
তার গতি, ছুটে চলা
তেজস্বী ভঙ্গিমা কেবল অশ্রান্ত দেখি
সমুদ্র-উন্মুখ– সমুদ্রজলের ভাষা বিশ্বজনদের–
সে সমুদ্রে যুক্ত হলে অগণন বিস্ফোরণ ঘটে–
এও এক পৌরাণিক অথচ এ বর্তমান সময়ের
সমুদ্রমন্থন– কী কী সব উঠে এসেছিল সেই
মন্থনের ফলাফলে, আমরা তা জানি।
গরলের পাশাপাশি অনন্ত অমৃত।

১৬.১২.২০২৫

প্রত্যাখ্যান

প্রকৃত কবির কাজ প্রত্যাখ্যান।

অগ্রগামী লোকেদের কাজ
প্রকৃত এগিয়ে থাকা–
প্রত্যাখ্যাত হবার আগেই তুমি
প্রত্যাখ্যান করো।

মেনে নাও মুক্তিও সম্ভব– বৃত্ত ও পরিধি ভেবে
এগুবার আগে প্রত্যাখ্যানে
জর্জরিত করে দাও সব।

এরপর তোমার যা কাজ
লেখো লেখো লেখো আর পড়ো।

১২.০২.২০২৫

ইতিহাসহীন

এখন আমার খুব সুবিধেজনক দিন,
কেননা এখন আমার কোনো দায় নেই, থাকবে না–
কেননা এখন আমার কোনো ইতিহাস নেই।

সব ইতিহাস আমি কালো কালি
ঘষে ঘষে মুছে দিয়ে হাত সাফ
করে নিয়ে নিত্যানন্দে ঘুরে দাঁড়িয়েছি।

এখন আমার মুখ পশ্চিমের দিকে–
আমার দু’হাত সামনে কঙ্কালের
গলায় ঝুলছে।

আমি স্বমেহনে বন্দি– মনে মনে
বিন্ধ্যাচল দাঁড় করিয়ে দিয়েছি–
ছুটি করে দিয়েছি পূর্ব প্রান্তের সমস্ত আকাশ।

আমি নিজেকে হারাবার সব গৌরব
অর্জন করেছি– বাক্যে বলা গৌরব

নরকের সার্বিক দৃশ্যের ভেতর
নিজেকে আলগোছে আল্‌গা গাছের মতো জলহীন বসিয়ে দিয়েছি–
পুরোনো দিনের প্রতিটি মোচড়ে
আমি যেন ফেঁপে কেঁপে উঠতে পারি
সেজন্যেই এই অনন্য ব্যবস্থা।

আমার এখন খাদ্য উৎপাদন অপ্রয়োজনীয়
আমি চাষাবাদ ভুলে থাকতে চাই
আমি আমদানি-নির্ভর যতো
খাদ্য আর ব্যবহার্য পণ্য আছে,
সব আনবো– আমি সংস্কৃতিও
আমদানী করবো, শাড়ির ভাঁজে
লুকিয়ে আনা পোকার মতো নয়–

আমি টন টন সংস্কৃতি আনতে চাই–
জাহাজের পর জাহাজ বোঝাই করে
প্রয়োজনে উড়িয়ে আনবো– ভাত
না থাকলেও যেন ধর্ম থাকে,
উল্লম্ফন থাকে, বন্যতা থাকে–
তার ব্যবস্থা করবো– আমি অতিরেক
পছন্দ করি– আমি বাউলের চুল
কেটে মাথা মুড়িয়ে ধর্ম-সংকীর্তন
গাইবো। আমি মেঘমেদুরতা ভুলে হননের গান গাইবো। এভাবে অন্য
এক হালুইকরের নব্য ইতিহাস
হবে। পোকাদের ইতিহাস। মাকড়দের ইতিহাস।
ব্রাজিল অরণ্য থেকে
আমদানি করা ছুঁড়ে দেয়া সর্পের বিষোদ্গার
করা সংস্কৃতির দুন্দুভি আমাকে বাজাতেই হবে। নতুন ইতিহাস, নতুন ইতিহাস, নতুন ইতিহাস।

০৩.০৩.২০২৫

ওড়া আর ডোবা, ডুবে যাওয়া

আমাকে আদিম পাপে ডুবিয়ে রেখেছো
তুমি
সনাতনী,
এই
অন্ধকারে–

তুমি কোজাগরি পূর্ণিমার রাতে আরও
মেলে দাও
তোমার দীঘল
ঘন কালো চুল
মুখে-চোখে-বুকে

তোমার উরুর গুরুভার, ভারী স্তব্ধ
অথচ মুখর স্তন দু’টো
আদর ও আপ্যায়নে
আমাকে আগুন করে দ্যায়– যেন ঘন
লাল জ্বলে জ্বলে
লৌহদণ্ড, গন্‌গণে
আগুনে ঝলসানো

যেন চায় যেন পায় প্রবেশাধিকার
উপশমহীন সেই
তোমার কুমারি
রুদ্র স্বর্গীয় চুল্লীতে–

যার প্রচণ্ড দাপট সেই সৃষ্টির শুরুতে
কিম্বা ওটাই সৃষ্টির চুল্লী, ওটাই সংহার
আর ওটাতেই
চিরকাল সৃজ্যমান
কৃষ্ণ তৃণভূমি!

ওখানেই তোমার উল্লাস– ওখানেই
তোমার বেদনা–
ওখানেই মনে হয়
তোমার সকল স্বপ্ন-মোহ

আর আমারই জন্যে যেন উৎসবের
অবারিত দ্বার
স্বপ্নভরা গুহা
অতল কিনারা
জিহ্বা-ভরা অনন্তের স্বাদ।

২২.১০.২০২২

বাড়ি

আমাদের ছোটো ছোটো বাড়ি। ছোটো সেই বাড়ির চৌকো ঘরের ভেতরে
আরও ছোটো বৃত্তাকার এক ঘর আঁধার বানিয়ে
তার ভেতর ততোধিক ছোটো হয়ে বসে থাকি আমি।
আর স্বপ্ন দেখি বড়ো বড়ো অনেক বাড়ির।
আমাদের সামনেই প্রতিদিন বড়ো বড়ো বাড়ির কাঠামো দেখি।
বিস্মিত হই না মোটেও।
হোক, হোক, মানুষগুলোর হোক, মানুষের হোক সব।

০৭.০৯.২০২৪

লেখক:
Tushar Das
তুষার দাশ
কবি; ঢাকা

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট