ত্রিশাখ জলদাসের কবিতা

Comments

ল্যান্ডস্কেপ

অসমাপ্ত একটি শহর—
ঝুলে আছে
অচেনা জানালার পাশে।

বৃষ্টির ভেতর একটি ছেলে
পুরোনো ক্যাসেটে গান শোনে।

ছিঁড়ে যাওয়া ফাইবার অপটিকস
নুয়ে আছে
প্রার্থনার ভঙ্গিতে।

(সবকিছু ভেঙে পড়ছে,
তবুও পৃথিবীটা
পুরোপুরি মৃত নয়।)

একটা ড্রোন উড়ে যাচ্ছে—
একজোড়া ভেজা শালিকের সাথে।

বহুদূরে
বিলুপ্ত নদীর রেখায়
একাকী একটি গ্রাম
শুয়ে আছে।

অনুষঙ্গের গীত

স্মৃতিকে
নির্মোহ ভেবে
আমি হেঁটে এসেছি
বহুদূর।

(চন্দ্রাহত জীবন—
কখনো কি
নির্মোহ বুঝে?)

অন্ধকারের ভেতর থেকে
উঠে আসছে বিষণ্ণ অন্ধকার,
স্মৃতির ভেতর থেকে
জন্ম নিচ্ছে অসংখ্য স্মৃতি।

একটি ছায়ার ভেতর
খেলা করছে
আরও দুটি ছায়া।

সমর্পিতা,
আজ আর বাইরে যাবো না—

ঘুমঘোর স্মৃতি থেকে
উড়ে যাচ্ছে
বিবর্ণ গাঙচিল।

ভয়

নিদ্রা থেকে
ফিরে যাচ্ছি—

বহুদূরে
ফেলে আসা
দুটি হাত
সাইনোফোবিয়ার পাশে
শুয়ে আছে।

এই পাশে
শূন্যতা;

বিষন্ন অ্যাড্রেনালিন—

নুয়ে আছে
মেমব্রেন,
ধুলোমাখা
দশটি আঙুল।

অনতিক্রম

ক্রোনাসের টানেল পেরোলেই
কালীদহ…
তীব্র শিহরণে জেগে আছি।

নক্ষত্র-বধির রাত,
চোখের কোটর থেকে ছুটে যাচ্ছে
দ্রুতগামী স্রোতের দিকে।

রেয়া, উঠে এসো।
সামান্য নিদ্রার ভেতর
শুয়ে আছে
অনিশ্চিত নৈঃশব্দ্যের রাত।

রেয়া, উঠে এসো—
বসো এই
দোদুল্যমান নৌকার গলুইয়ে।

সামনে
দীর্ঘ পথ—
বহুদূর যেতে হবে আজ।

সময়,
একটি অপ্রতিরোধ্য বাজপাখি—

ঠোঁটের গভীরে
লুকিয়ে রেখেছে
রক্তাক্ত টাইটান।

গ্রেইস্কেপ

মৃত্যুর ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি—

সাঁকোর নিচে
পড়ে আছে
খণ্ড খণ্ড মেটাফ্লো।

বহুদূরে
সাইবারস্ফিয়ারে
পুচ্ছহীন ময়ূর সংগমে
একদল রাজহাঁস
খেলা করে।

কোনো স্বপ্ন দেখছি না…
স্বপ্ন একটি ডার্ক ওয়ার্ল্ড,
ম্যাক্সিমাম গ্রেইস্কেপ।

লেখক:
Trishakh Jalodas
ত্রিশাখ জলদাস
কবি; ময়মনসিংহ, ঢাকা

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট