শোবিজ অঙ্গনে কত কানাঘুষা। জেমস-বাচ্চু একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু কেউ কখনোও বলতে পারেন না এদের কেউ কখনোও কারোও বিরুদ্ধে কথা বলেছিলেন কিনা। তবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এরা একে অপরের প্রতিদ্বন্দ্বীই ছিলেন। তবে সেই প্রতিদ্বন্দ্বিতা যে ছিলো অত্যন্ত সম্মানের তা আজ প্রমাণ দিলেন জেমস।
সকালে শোনা যাচ্ছিলো আইয়ুব বাচ্চুকে শেষবারের মতো দেখতে স্কয়ার হাসপাতালে আসবেন জেমস। কিন্তু নিশ্চিত হওয়া গেল তিনি ওদিকে যাবেন না। বাংলাদেশ সরকার আয়োজিত উন্নয়ন মেলার এক কনসার্টে অংশ নিতে আজ সকাল বেলাতেই বরগুনার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন জেমস। পথেই তিনি বাচ্চুর মৃত্যুর খবরটি পান।
কনসার্টে ‘দলছুটের’ পারফর্ম করার পর স্টেজে ওঠেন নগরবাউল খ্যাত জেমস। এসেই স্মরণ করলেন বাংলা ব্যান্ডের কিংবদন্তী আইয়ুব বাচ্চুকে। যেনো মনে হলো জেমস খুঁজছেন আইয়ুব বাচ্চুকে। কিছুক্ষন একমনে জেমস সুর তুললেন নিজের গিটারে। তখনও ঠুকরে ঠুকরে কাঁদছিলেন জেমস। 
কিছুক্ষন পর জেমস ‘কবিতা’ গানটি শুরু করলেও ঠিকঠাক যেনো গাইতে পারছিলেন না। তখন হঠাৎ দর্শকদের কাছ থেকে ১০ মিনিট প্রার্থনা করে নেমে গেলেন স্টেজ থেকে। কিছুক্ষন পর আবারও গান গাইতে স্টেজে ফিরে আসেন জেমস। তবে জেমস আজকের পারফর্ম উৎসর্গ করেছেন আইয়ুব বাচ্চুকে।
স্টেজে এসে জেমস বলেন, “কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু আর নেই। আজকের অনুষ্ঠানটি করার একদম ইচ্ছা ছিল না। কিন্তু ১৫ বছর আগের একটা গল্প বলি। আমি আর বাচ্চু ভাই আড্ডা মারি; একদিন আসতে আসতে বাচ্চু ভাইকে বললাম, আমাদের শিল্পীদের জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, The Show Must Go On । তাই চেষ্টা করব…।”
বরগুনা থেকে মুঠোফোনে জেমস বলেন, ‘তিনি বাংলা সঙ্গীতের কিংবদন্তি। ১৯৮০ সালের শুরুর দিকে আমাদের পরিচয়। এরপর দীর্ঘ প্রায় ৪০ বছর আমরা একে অপরের সুখে-দুঃখে মানে-অভিমানে কাটিয়েছি। একসঙ্গে প্রচুর শো করেছি, গান করেছি, দেশ-বিদেশে ঘুরেছি। উনি হঠাৎ এভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবেন, খবরটা শুনে মানতে পারছি না। রক সংগীতে তার যে অবদান সেটা এই জাতি চিরদিন মনে রাখবে বলেই বিশ্বাস করি।’
একটু থেমে আর্দ্রকণ্ঠে জেমস বলেন, ‘উনি অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন। প্রচণ্ড রসাত্মবোধ ছিল তার মধ্যে। ওনার সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা আসলে বলে বোঝানো যাবে না। বিভিন্ন সময়ে কারণে-অকারণে আমরা একজন আরেকজনের পাশে ছিলাম। সম্পর্কের এই গভীরতার কথা কখনো বোঝাতে পারবো না। কেউ হয়তো জানবেও না আমাদের হৃদয়ে একে অপরের জন্য কতটা জায়গা।’
জেমস বলেন, আমাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা ছিল। এটা ভালো গান তৈরির প্রতিযোগিতা। এখানে ব্যক্তিগত কোনো জেলাসি ছিল না। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমাদের যখন যেখানে দেখা হয়েছে চারপাশ অগ্রাহ্য করে একে অপরকে জড়িয়ে ধরেছি পরম ভালোবাসায়। আড্ডায় মেতেছি। এসব টান কিংবা হিডেন সম্পর্কের বিষয়গুলো ভাষায় প্রকাশ করা যাবে না। করতেও চাই না।
জেমস আরও বলেন, ‘আমি এখন বরগুনা আছি। এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। ঢাকায় থাকলে ছুটে যেতে পারতাম। বরগুনা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাইতে হচ্ছে। আমি খবরটি পেয়েই মাননীয় মন্ত্রী মহোদয়ের (আসাদুজ্জামান নূর) সঙ্গে কথা বলেছি। সিদ্ধান্ত নিয়েছি, আজকের কনসার্টটি উনাকে (আইয়ুব বাচ্চু) ডেডিকেটেড করে করব। কতটা প্রাণখুলে গাইতে পারব জানি না।’
জেমস-বাচ্চু একসাথে কাজ করেছেন ১২ মাস, দেনা-পাওনা, নীরবতা, পিয়ানো, জগৎ বাড়ি, বাজনা, সুন্দরী, দিল, আঁচল নামক অ্যালবামগুলোতে।
আরও পড়ুন: “এই মানুষটা আমাকে গিটার শিখাইছে”
জেমস স্মরণ করলেন বাংলা ব্যান্ডের কিংবদন্তী আইয়ুব বাচ্চুকে। যেনো মনে হলো জেমস খুঁজছেন আইয়ুব বাচ্চুকে। কিছুক্ষন একমনে জেমস সুর তুললেন নিজের গিটারে। তখনও ঠুকরে ঠুকরে কাঁদছিলেন জেমস।
Posted by বাঙালীয়ানা on Thursday, October 18, 2018
বাঙালীয়ানা/জেএইচ