নাচের শহর রূপেশ্বরী

Comments

। নুসরাত সুলতানা ।

০১

তিতলী নদীর পাড়ে আছে প্রায় আধা মাইল জায়গা জুড়ে এক প্রকাণ্ড বট গাছ। বট গাছের সামনে নদী থেকে জনবসতির দিকে বিস্তীর্ণ প্রান্তর। আকাশে সেদিন রুপোর থালার মতো চাঁদ উঠেছে। বটগাছের পাতাগুলো জোছনায় ধুয়ে আরও রূপমতি হয়েছে। তিতলী নদীর বুকে ডুব দিয়েছে পূর্ণ চাঁদ। তাতে নদীর যুবতী বুক ফুলে ফেঁপে উঠেছে। অই বটগাছের বিস্তীর্ণ প্রান্তরে সেদিন নাচের অনুষ্ঠান আয়োজন করেছে পঁচিশ থেকে ত্রিশ বছরের দশ-বারো জন যুবা পুরুষ।

এই কয়েকদিন আগেও তারা আচার-আচরণে সোমত্ত পুরুষ ছিল। কিন্তু কী থেকে যে কী হল! কেউই কিছু বুঝতে পারছে না! বেশ কিছুদিন ধরে এই যুবকেরা পায়ে ঘুঙুর লাগিয়ে নেচে বেড়ায়, কেউই পালন করে না সংসার ধর্ম। স্ত্রীরা যখন প্রেমাকাঙ্ক্ষায় ছটফট করে পুরুষগুলো তখন নাচের রেওয়াজ করে। অইসব পুরুষরা সেদিন শুক্লপক্ষ রাতে বটবৃক্ষের তলায় নাচের আসর জমিয়েছে। তারা পায়ে ঘুঙুর বেঁধে নেচে চলেছে…  

“যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো”, “নিশা লাগিলো রে”—এরকম একটার পর একটা গানের সাথে। সেদিন রাতে নাচের অনুষ্ঠানে এসেছেন জমিদার মনোজ চৌধুরীও। মনোজ চৌধুরী কিছুতেই বুঝতে পারছেন না ছেলে-ছোকরাগুলোর হলোটা কী! যা হোক নাচ দেখতে এসে মনোজ চৌধুরীর মনে হচ্ছে—এ কোনো যুবক নয় যেন স্বর্গ থেকে একদল দেবতা নেমে এসেছে। তাদের মুদ্রা, নিষ্ঠা, ছন্দ, তাল, লয় সবকিছু দেখে মনে হচ্ছে তারা কয়েক পুরুষ ধরে নৃত্যশিল্পী। জমিদার ধন্দে পড়ে যায় কী এমন ঘটতে পারে যা তাদের এমন করে দিয়েছে!

ওখানে গভীর রাতে তেমন কোনো নারীই নেই। আছে আশি বছরের এক ভিক্ষুক বৃদ্ধা—যে এ গ্রাম ও গ্রাম ঘুরে ভিক্ষা করে বেড়ায়। হঠাৎই জমিদারের চোখ যায়—এক কোণে এক ঊর্বশী, রূপসীর দিকে। পটল চেরা চোখ তার, তনু দেহ, লম্বা কালো চুল আর চোখের মনিগুলো সবুজাভ। জমিদার তার পেয়াদাকে দিয়ে ডেকে পাঠায় অই রূপসীকে। রূপসী এসে প্রনাম জানিয়ে বলে, জি বলুন মহামান্য। আপনার জন্য কী করতে পারি? জমিদার জিজ্ঞেস করে, ভদ্রে আপনি কোথায় থাকেন? মানে আপনার নিবাস কোথায়? আর আপনার নাম কী? রূপসী উত্তর দেয়—জি আজ্ঞে আমার নাম ইরাবতী আর থাকি নদী পেরিয়ে গিয়ে দুই গ্রাম পর। অই যে পোড়াবাড়ির পাশে যে মন্দির আছে তার পাশে আমাদের কুঁড়েঘর আছে। কথা বলার সময় হঠাৎ মনোজ চৌধুরীর মনে হলো ইরাবতীর চোখ থেকে একটা সবুজ আলোকরশ্মি ঠিকরে বেরুচ্ছে। ঠিক তখনই চোখ সরিয়ে নেন জমিদার।

জমিদার তাকিয়ে দেখতে পায়—নদীর মাঝখানে একটা ডিঙ্গি নৌকা। এরপর ইরাবতীর দিকে তাকিয়ে আর খুঁজে পায় না। নিমিষেই হারিয়ে ফেলে ইরাবতীকে। মনোজ চৌধুরীর মগজে একটা তীব্র কৌতুহল বোধ বসতি গেড়ে বসে।

০২

রূপেশ্বরী শহরের পূব পাশ দিয়ে বয়ে গেছে মায়াবতী নদী আর পশ্চিম পাশ দিয়ে তিতলী নদী। আছে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত। রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। বড়ো রাস্তার দুপাশে আছে সারি সারি নারকেল, সুপারি আর পাম গাছ। শহরে যেমন আছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তেমনি আছে ক্ষুদে ব্যবসায়ী, কৃষক, জেলেসহ কিছু নিম্ন আয়ের মানুষ। সবাই মিলেমিশে বাস করে আসছে শহরে। নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে। শিশুরা স্কুলে যায়, নারীরা ঘরকন্যার কাজ করে। সোমত্ত পুরুষরা দিনভর পরিশ্রম করে, রাতে স্ত্রীর শরীরে ঢেলে দেয় ক্লান্তি। তারপর নারী-পুরুষ উভয়ই সঙ্গমে ক্লান্ত হয়ে ঢলে পড়ে রাতের বুকে। জমিদার মনোজ চৌধুরীর যারা প্রজা তারাও বেশ সুখী জমিদারের খাজনা আদায় ব্যবস্থায়। প্রজাদের ফসল না হলে জোর করে খাজনা আদায় করে না জমিদার।

কিন্তু ছয়মাস যাবৎ রূপেশ্বরী শহরের বুকে নেমে এসেছে এক অদৃশ্য, অশরীরী অভিশাপ। হঠাৎ-হঠাৎই দেখা যায় কোনো এক জোয়ান পুরুষ কাজ-কর্ম ফেলে কোনো ভর সন্ধ্যায় কিংবা খুব সকালে পায়ে নূপুর বেঁধে ঘরে ফিরছে। তারপর আর স্ত্রীকে ছুঁয়েও দেখছে না, সংসার গোল্লায় যাচ্ছে, পুরুষটি দুরন্ত ব্যস্ত হয়ে পড়ে নাচে-গানে আর হাসি-তামাশায়।

মনোজ চৌধুরী সকাল বেলা নাস্তা করতে বসে তার স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করছে।

মীনাক্ষী যেমন সুন্দরী তেমনি তার গানের গলা। গায়ের রঙ একটু চাপা তাছাড়া যে কোনো পুরুষই তার ৩৮ ইঞ্চি বুক, ২৮ ইঞ্চি কোমর, পাতলা ঠোঁট, ডাগর চোখে প্রথমেই আকৃষ্ট হয়ে যায়। বিশ বছরের বিবাহিত জীবনেও মনোজ মীনাক্ষীর গুনমুগ্ধ। মীনাক্ষী প্রতি সকালে নিজ হাতে মনোজ চৌধুরীর জন্য তোকমা, বেল, পেঁপেসহ কয়েকরকম শরবত বানায়। বাবুর্চি তৈরি করে বাকরখানি, লুচি, আলুর দম, পায়েস, ঘন দুধের চা। মনোজ-মীনাক্ষীর প্রেমময় দাম্পত্য প্রজা এবং সাধারণ মানুষের মুখে মুখে ফেরে। প্রতিদিন সকাল বেলা দপ্তরে যাওয়ার আগে মনোজ মীনাক্ষীকে গভীর আলিঙ্গনে কপালে চুম্বন দিয়ে যায়। আর তাতে মীনাক্ষীর কমলার কোয়ার মতো ঠোঁটগুলো হয়ে ওঠে টকটকে লাল এবং চোখগুলো হয়ে ওঠে বৃষ্টি ধোয়া পাতার মতো আদ্র ও কোমল।

০৩

শহরের আনাচে-কানাচে লোকজনের মুখে শোনা যায়—কোথাও কোথাও ভর সন্ধ্যায় কিংবা মধ্য দুপুরে কখনো কখনো দেখা যায় এক অপ্সরা সুন্দরীকে। কখনো দেখা যায় কোনো যুবা পুরুষের সাথে আবার কখনো দেখা যায় একা একা ফুলের মুকুট মাথায়। ঠোঁটে চোরা হাসি আর চোখে আগুন নিয়ে ঘুরে বেড়ায় সে। জমিদার মহাশয় বিষয়টি নিয়ে মাঝেমধ্যেই খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। ভেবে দেখছেন মীনাক্ষীর প্রস্তাব। মীনাক্ষী বলেছিল—তান্ত্রিক ডেকে যজ্ঞ করার কথা। এসব ভাবতে ভাবতে জমিদারের আচম্বিত মনে পড়ে ইরাবতী নামক সেই সবুজ চোখের মেয়েটির কথা। জমিদার স্থির হয়ে এই সিদ্ধান্তে উপনীত হন যে, মহিলা তান্ত্রিক সুরবালাকে যজ্ঞ করতে ডাকবেন।

ডেকে পাঠানো হলো সুরবালাকে। সুরবালায় মাথায় কোমর অব্দি জটা চুল, নাক একেবারে থেবড়ো, চোখ বেশ বড়ো, গায়ের রঙ বেশ কালো। এসেই সুরবালা রানি-মাকে প্রণাম জানিয়ে বলে, বেয়াদবি নিয়েন না জননী। ঘোরতর বিপদের গন্ধ পাচ্ছি তোমার সংসারে। ভালো করে মহাদেবের পূজা দাও। মীনাক্ষী উদগ্রীব হয়ে শুধায় কী করন লাগবে তান্ত্রিক মা কও দেখি!

তান্ত্রিক বলে—বাচ্চা পোলার কোমরের তাগা, কুমারী মাইয়ার দুধের বোটার গোড়ার পশম, চল্লিশ বছর বয়স্ক বিধবা নারীর কাঁচা-পাকা চুল, ছাগলের দুধ আর খেজুরের গুড়ের পায়েস, কলমি ফুল, কচুরিপানা ফুলসহ নয় রকম ফুল আর পাঁচ রকম কচি পাতা লাগবে। খুব সকালে খালি পেটে যজ্ঞ করতে বসপ আর সন্ধ্যায় ধ্যানে যা দ্যকতে পাওন যাইব জানাইয়া দিমু।

মঙ্গলবার দিন ধ্যান সমেত যজ্ঞ পূজায় বসপ রানি-মা। দিনভর যজ্ঞ শেষে সুরবালা জানায়—সে আয়নায় দেখতে পেয়েছে এ শহরে এক অশরীরী অতৃপ্ত নারী আত্মা ঘোরাফেরা করছে, যে সমস্ত পুরুষের ওপর প্রতিশোধ নিতে চায়। পুরুষ জাতির ওপর তার ভীষণ রকম রাগ।

মীনাক্ষী নিয়মিত ধুপ দেয় ঘরে। প্রাসাদে এনেছে মহাদেবের মূর্তি। মীনাক্ষীর কানে কেবলই বাজতে থাকে তান্ত্রিকের উচ্চারিত বিপদের আশঙ্কা। বিভিন্ন মন্দিরে পাইক-বরকন্দাজ দিয়ে পূজা পাঠায় জমিদার পত্নী। নিজে একদিন মহাদেবের পূজায় উপোস করেছে সারাবেলা। সন্ধ্যায় মনোজের হাতে পরমান্ন খেয়ে উপোস ভাঙে মীনাক্ষী। তারপর সেদিন রাতে যেন প্রথম রাতের সোহাগ দিয়েছে মনোজ তাকে। সারা শরীরে তার লাল ফুলা ফুলা দাগ। গোসলে গিয়ে মীনাক্ষী পরম সোহাগে দাগগুলোর ওপরে হাত বুলায় আর তৃপ্তির হাসি হাসে।

প্রায় প্রতিদিনই খুব সকালে হাঁটতে বের হয় মনোজ চৌধুরী। মাঝে মাঝেই যায় তিতলী নদীর পাড়ে যায়। সেদিন তিতলী নদীর পাড়ে হাঁটতে এসে হঠাৎ পায় কাঠগোলাপের গন্ধ। হঠাৎ আসে চোখ-মুখ জুড়িয়ে যাওয়া একটা ঠান্ডা বাতাস। কেমন আনমনে বসে আছে মনোজ চৌধুরী। আচমকা এক নারী কণ্ঠ শুনতে পায় মনোজ। সে কণ্ঠ যেন বহুদূর থেকে ভেসে আসা বিরহ সঙ্গীতের মতো প্রাণ কেড়ে নেয়। মনোজ বিস্ময়ে তাকিয়ে দেখে ইরাবতী!  বলে আরে তুমি? এত সকালে? তুমি না অইপারে থাকো? ইরাবতী হেসে বলে—জ্বি, জমিদার বাবু নদীর এই পাড়ে সকাল বেলা আসতে ইচ্ছে করল। এরপর ইরাবতী বলে চলেন, জমিদার বাবু আপনেরে আমাগো গাঁয়ে নিয়া যাই। জমিদার বলে যাব কীভাবে? ইরাবতী খিলখিলিয়ে হেসে বলে, নৌকায় যাইবেন। অই হাসি এমনই অপার্থিব যে মনোজের বুকে গিয়ে ঝনঝন করে বেজে ওঠে।

এরপর এক সপ্তাহের প্রায় প্রতিদিনই খুব সকালে মনোজ বেরিয়ে যায় প্রাতঃভ্রমণে। মীনাক্ষী যখন ঘুমের ঘোরে একটু উমম করে মনোজের গলা জড়িয়ে ধরতে যায় তখন হাত ঠেকে মনোজের মাথার বালিশে। সেদিন মীনাক্ষী বিছানা ছেড়ে উঠে যায়। তার বুকের ভেতর হুহু করে ওঠে অমঙ্গল চিন্তায়।

০৪

একদিন ভর সন্ধ্যা বুকে নিয়ে উদ্ভ্রান্তের মতো মনোজ ঘরে ফেরে। তার সেই গমগমে গলা আর নেই। চুলগুলো উসকোখুসকো। এসে যখন মীনাক্ষীকে ডাক দেয় মনে হচ্ছে যেন একটা বাচ্চা ছেলে ডাকছে। মীনাক্ষী তখন সন্ধ্যা দিচ্ছিল। মনোজের ডাক শুনে এসেই বলে ওগো মিথুনের বাবা কী হল তোমার! পরমুহূর্তেই দেখে মনোজের পায়ে ঘুঙুর! মীনাক্ষী চিৎকার করে খাস আয়া শিখাকে বলে—ওগো শিখা মাসী আমার সর্বনাশ হয়ে গেছে!

নাওয়া, খাওয়া ছেড়ে দিয়েছে মীনাক্ষী। সাজগোজ নেই, চোখে কাজল পরে না, কোনোরকম একটু সিঁদুর ছুঁইয়ে রাখে সিঁথিতে। এককোণে পড়ে থাকে হারমোনিয়াম। নায়েব সাহেব খবর দিয়েছে সুরবালাকে। সুরবালা এসেই বলে খবর দেও মিথুন বাবাজিরে। সাধু বাবার কাছে যাইতে অবে। সে আছে নীলমণি পাহাড়ের চূড়ায়।

মিথুন প্রাচ্য মিথ পুরাণ বিষয়ে উচ্চতর গবেষণা করছে শান্তিনিকেতনে। তাকে তার করেছেন নায়েব সাহেব। টেলিগ্রামে লিখেছেন নায়েব—মাদার সিরিয়াস সিক, কাম কুইকলি।

মিথুন দেশে এসে সব শুনে প্রথমে অবিশ্বাস করে। আরও বিস্তারিত পড়াশোনা করে মিথ, অশরীরী, আত্মা এসব বিষয়ে। নিজের ভেতর থেকে সে একেবারেই তাড়া পায় না হিমাংশু সাধুর কাছে যেতে। পরে তার বাবার সার্বিক কর্মকাণ্ড এবং মায়ের দুরাবস্থা দেখে রাজি হয় নীলমণি পাহাড়ের চূড়ায় হিমাংশু সাধুর কাছে যেতে।

তিনদিন, চাররাত ঘোড়ার গাড়ি চালিয়ে পৌঁছায় মিথুন নীলমণি পাহাড়ের পাদদেশে। পৌঁছেই সকালবেলা দেখতে পায় হিমাংশু সাধুর দর্শনে প্রায় শখানেক মানুষের ভিড়। নিচেই বসে আছে সাধুর ব্যক্তিগত ব্যবস্থাপক নেহাল। নেহাল মিথুনকে জানায় সাধুর লগে দেখা করতে অইলে এক কেজি মধু, এক কেজি ছাগলের দুধ, একটা রুপার মাদলি আর এক হাজার টেকা লাগব। টাকা ছাড়া সবকিছুর ব্যবস্থা আছে ম্যানেজারের কাছেই। তবে শর্ত হচ্ছে— সেলাইবিহীন গেরুয়া পরিধানে উপোস অবস্থায় উঠতে হবে দুই হাজার মিটার উঁচু পাহাড় চূড়ায়।

পরের দিন খুব সকালে মিথুন উপোস থেকে ওঠে নীলমণি পাহাড়ের চূড়ায়। হিমাংশু সাধু সব শুনে মিথুনকে বেঁধে দেয় একটা তাবিজ আর সাথে রাখতে দেয় তিনটি কড়ি। এরপর তাকে পাহাড় চূড়ার গাছের ফলাহার খেতে দেয়। তারপর বলে দেয় কীভাবে কী করতে হবে।

মিথুন রূপেশ্বরী ফিরে শোনে আরও দুজন পুরুষ এর ভেতর একই ঘটনার শিকার হয়েছে। মিথুন প্রথমে হিমাংশু সাধুর শর্তানুযায়ী কালী মন্দিরে ঘটা করে পুজা দেয়। পরের দিন খুব সকালে তিতলী নদীর পাড়ে যায়। হিমাংশু সাধু তাকে বলে দিয়েছে প্রতিদিন যেন মিথুন তিতলী নদীর পাড়ে যায় অইখানে সে আকাঙ্ক্ষিত জনের দেখা পাবে।

পঞ্চম দিন খুব সকালে দেখা মেলে এক অপ্সরী তরুণীর। অই তরুণী সেদিন নদীর ধারে বসেছিল একা। তার হাতে অনেকগুলো হিজল ফুল। হঠাৎ চারিদিকে কাঠালিচাপা ফুলের গন্ধ পায় মিথুন আর সাথে সাথে মনে পড়ে সাধু বাবার কথা। সাথে সাথে কড়ি হাতে নিয়ে তাকায় তরুণীর চোখে। দেখতে পায় সবুজ আলো। মিথুন সেদিন শুধু পরিচিত হয়ে চলে যায়।

এর পরেরদিন মিথুন তাজা কাঠগোলাপ নিয়ে হাজির হয় তিতলী নদীর পাড়ে। মিথুনের শ্যামবর্ণ উজ্জ্বল চেহারা, বাচনভঙ্গি আর পৌরুষদীপ্ত কণ্ঠ যে কোনো নারীরই ভালো লাগার কথা। মিথুন বলে ইরাবতী তুমি খুব সুন্দর এবং ভালো একটি মেয়ে। নাও এই কাঠগোলাপ তোমার জন্য। ইরাবতী খুব অবাক দৃষ্টিতে তাকায় মিথুনের দিকে। কিন্তু সেই চোখ থেকে তখন সবুজ আলো বেরুচ্ছে না। বরং সেখানে দেখা যায় গভীর সমুদ্রের নীলাভ গভীরতা।

এরপর আরও একদিন তিতলী নদীর পাড়ে দেখা হয় ইরাবতীর সাথে মিথুনের। মিথুন হাসিমুখে অনেকক্ষণ গল্প করে। ইরাবতীকে উপহার দেয় একপাতা টিপ আর কোমরের একটা বিছা। ইরাবতী খুব খুশি হয়ে যায়। মিথুন সেদিন আসার সময় ইরাবতীর কপালে চুমু দিয়ে বলে চলো মেয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসি। ইরাবতী চোখের জলে হাসি দিয়ে বলে নাগো আমি একাই যেতে পারব। অন্য কোনোদিন তোমাকে নিয়ে যাব।

এরপর চারদিন মিথুনকে খুঁজে পায় না ইরাবতী। ইরাবতীকে দেখা যায় তিতলীর পাড়ে একা আনমনে বসে থাকতে। শহরে আর কোনো যুবা পুরুষের পায়ে নতুন করে ঘুঙুর দেখা যায় না। কিন্তু আগে যারা নৃত্যশিল্পী হয়ে উঠেছে তারা নাচ-গান নিয়ে বেশ আছে।

সেদিন পূর্ণ তিথির চাঁদ আকাশে। মিথুন জানে সেদিন ইরাবতী তাকে খুঁজবে। মিথুনের মনেও বেশ অস্থিরতা ভর করে। মন ইরাবতীকে কিছুতেই অন্যকিছু ভাবতে সায় দেয় না। মিথুন কেবলই ভাবে আমি ওর চোখে এক সমুদ্র দুঃখ দেখেছি! সন্ধ্যার একটু পরে মিথুন তিতলীর পাড়ে আসে। এসে দেখে নদীর পাড়ে একা বসে আছে তিতলী। আর গুনগুনিয়ে গাইছে—”জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি।” মিথুন পাশে এসেই বলে, এত সাহস জোছনার? তোমার বাড়ি যায় না? ওকে বেঁধে নিয়ে যাব তোমার বাড়ি, সাথে আমি যাব। অমনি বাচ্চা মেয়ের মতো খিলখিলিয়ে হেসে ওঠে ইরাবতী। সে হাসি মিথুনের কাছে খুব মানবীয় লাগে।

মিথুন আবেগকে প্রশ্রয় না দিয়ে সাধু বাবার নির্দেশিত পথেই চলে নিজেকে সামলে নিয়ে। সে ইরাবতীকে বলে চলো আজ দুজনে মিলে প্রচুর ভাজাপোড়া খাবার খাই, তারপর নদীর পাড়ে এসে গল্প করব। দুজনেই রূপেশ্বরী শহরের গলির মুখে দাঁড়িয়ে খায় বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, মুরগী মাংসের চপ। এরপর দুজন এসে আবার নদীর পাড়ে বসে। মিথুন ইরাবতীর হাত ধরে বলে, আমি তোমার সাথে বাকি জীবন কাটাতে চাই। তোমার বাড়িতে কে আছে? আমার মা তার সাথেই কথা বলবে। ইরাবতী বলে, আজ সারারাত তোমার সাথে এই জোছনায় স্নান করতে চাই। আমি প্রাণভরে তোমার চুলের গন্ধ নিতে চাই, আর তোমার স্পর্শে শীতল হতে চাই। মিথুন খুশি মনে রাজি হয়ে যায়। দুজন খুব খুশি হয়ে গল্প করতে থাকে। ছেলে বেলা, ভিউ কার্ড জমানো, লাঠি লজেন্স খাওয়া, বেলুন ফুলানো, ঘুড়ি ওড়ানো। গল্পে গল্পে মিথুন যখন নবম শ্রেণির কথা বলে ইরাবতীর চেহারা বিমর্ষ হয়ে যায় এবং রীতিমতো সাদা হয়ে উঠতে থাকে। রাত তখন একটা। মিথুনের মনে পড়ে সে সাধু বাবার দেয়া কড়ি আনেনি। মিথুনের চেহারায় এবার ভয়ার্ত হরিণের ছাপ। একইসঙ্গে ভীতি ও কৌতুহল, রহস্য ও সৌন্দর্য, চন্দ্রলোকের মায়া এবং মধ্যরাত্রির নির্জনতা এক বিচিত্র অনুভূতি সৃষ্টি করে। স্থান-কালের চেতনা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছিল মিথুনের। চোখগুলো কেমন ভয়ার্ত ফাঁসির আসামীর মতো লাগছে। তখন ইরাবতী মিথুনের আরও ঘনিষ্ঠ হয় এবং মিথুনের বুকে একটা গভীর চুমু এঁকে দেয়। মিথুনের কানে ফিসফিস করে, যেন প্রবাহিত নদীও শুনতে না পায় সেভাবে খুব আস্তে বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার কোনো ক্ষতি করা আমার পক্ষে সম্ভব না। আজ আমি তোমাকে সব বলব মিথুন। আমি জানি তুমি জমিদার বাবুর ছেলে। তোমার সকল গতিবিধি আমার জানা। কিন্তু তোমার চোখে আমি কোনো ধূর্ততা দেখিনি। তোমার চোখগুলো এই তিতলী নদীর মতোই স্বচ্ছ আর সুন্দর। তাই তোমার সাথে আমি মিশতে শুরু করি।

০৫

ইরাবতী বলতে থাকে—শোনো আমারও খুব সুখী এবং সমৃদ্ধ একটা পরিবার ছিল, ভাইবোনের খুঁনসুটি ছিল, বাবা সপ্তাহান্তে বাড়ি ফিরে আসতেন, আসার সময় বিভিন্ন বেকারি বিস্কুট, মিষ্টি, ফল নিয়ে আসতেন বাবা। আমি আর আমার ভাই তখন খুব মজা করে খেতাম। মা বাবার পছন্দের পোস্ত-রুই, কখনো সরিষা-ইলিশ, আবার কখনো চিংড়ি-মালাইকারী করতেন। বাবার প্লেটে এটা-সেটা তুলে দিতেন। বাবা তুলে দিতেন আমার প্লেটে। মা কপট রাগ দেখিয়ে বলতেন—সব আদর রাজকন্যার! আমি যেন কেউ না! বাবা বলতেন মেয়েকে হিংসা করো ক্যান? একটা মেয়ে আমার! তোমাকেও তো ভালোবাসি। তুমি আমার এই কুঁড়ে ঘরের রানি। আমরা চারজন লুডু খেলতাম। বাবা সবসময়ই চুরি করত। এই কথা বলে ইরাবতী খিলখিলিয়ে হেসে ওঠে। ওর চেহারায় পূর্ণ চাঁদের জোছনা খেলে যায়।

মুহূর্তেই আবার থমথমে মুখচ্ছবি নিয়ে ইরাবতী বলতে থাকে—আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমি সাবালিকা হলাম। একটু একটু করে আমার স্তন ফুঁড়ে উঠছিল।

মা ফ্রকের সামনে কুচি দিয়ে দিতেন। বাবা এত দ্রুত আমাকে শাড়ি বা ওড়না দিতে চাইলেন না। বাবা বলতেন—ধুর! বাচ্চা মেয়ে কী ওড়না পরবে?

আমি যখন সপ্তম শ্রেণিতে পড়ি তখন আমাদের বাড়িতে বাবার এক পিসতুতো ভাই পড়াশোনার জন্য থাকতে আসে। এর মাস তিনেক পরে আসে মায়ের এক মাসতুতো ভাই। মা আমাকে মাঝে মাঝে বলত আমি বড়ো হচ্ছি, কোনো পুরুষের খুব কাছ ঘেঁষে যেন না বসি। কিন্তু আমি এসব কথার অর্থ বুঝতাম না। জ্যেঠু আর মামার সাথে আমি খুব বন্ধুত্বপূর্ণ ভাবে মিশতাম।

জ্যেঠু আড়ালে, আবডালে আমাকে দুয়েকবার জড়িয়ে ধরে গালে চুমু দিয়েছে কিন্তু আমার এসব স্রেফ জ্যেঠুর আদর মনে হয়েছে। যদিও দুয়েকবার শরীর খারাপ লেগেছে কিন্তু আমলে নিইনি।

আমাদের গ্রামে বটতলায় বুদ্ধ পূর্ণিমার সময় অনেক বড়ো মেলা বসতো। সেবার বাবা অফিসের ব্যস্ততায় বাড়ি আসতে পারেনি। আমি খুব বায়না ধরলাম মেলায় যাব জ্যেঠু আর মামার সাথে। খুব সাজগোজ করলাম। মায়ের একটা লাল শাড়ি পরলাম, হাত ভর্তি চুড়ি পরলাম, গলায় দানাকুচি মালা পরলাম, লাল টিপ পরলাম, সবশেষে বড়ো একটা লাল টিপ পরলাম। মা আমার দিকে তাকিয়ে বললেন সাক্ষাৎ দুর্গা। রক্ষে করো মা!

০৬

মেলায় খুব ঘুরলাম, চুড়ি, ফিতা, ঝালর, মায়ের শাড়ি সব কিনলাম। ছিকা কিনলাম, গামছা কিনলাম, মেলায় ঘুরে মিষ্টি, মালপোয়া, ঘোল সব খেলাম। ঘোল খাওয়ার সময় আমার মাথা কেমন ঘুরিয়ে উঠল! জ্যেঠু আমার দিকে তাকিয়ে কেমন করে হাসল। মামাকে নিয়ে গেল তার বন্ধু রাতে তাস খেলার জন্য।

জ্যেঠু নদী পার হয়ে সোজা পথে না গিয়ে গেল ঘন জঙ্গলের ভেতর দিয়ে। ততক্ষণে আমার মাথা আরও ঘুরছে। আমি বল্লাম—জ্যেঠু জঙ্গলে যাচ্ছ ক্যান? জ্যেঠু বলে, জঙ্গলে আইজকা মজা করমু দুইজনে, চল। এই বলে আমার কোমর জড়িয়ে ধরে আমার স্তনে চাপ দেয় আর বলে মাগী তোর দুধগুলা যা টসটসে অইছে না! আমি বলি ছি! তুমি আমার জ্যেঠু, বাবার সমান। অমনি বলে—ধুর! নারী-পুরুষের পরিচয় শুধু নারী-পুরুষ। এসব চাচা-ভাতিজী মানুষের বানানো সম্পর্ক। আর তুই তো আমার আপন ভাইয়ের মাইয়া না। আপন ভাইয়ের মাইয়া অইলেও আইজ তরে লাগাইতাম! তোর পাছা যা উঁচু মাইরি! আমি চিৎকার করে বলছি—আমি মা-বাবাকে সব বলে দেব। তখন জ্যেঠু আমাকে কষে চর মারে আর ঠোঁট কামড়ে ধরে। আর শরীরের কাপড় সব খুলতে থাকে। এরপর জ্যেঠু তিনবার ধর্ষণ করে এবং শ্বাসরোধ করে মেরে ফেলে। আমাকে ফেলে যায় আরও গভীর জঙ্গলে। সেখান থেকে আমাকে তুলে নিয়ে যায় অন্ধকার সম্রাজ্ঞী।

একদিন মৃতদের দেশে বসে কাঁদছি মা-বাবা, ভাই সবার কথা খুব মনে পড়ছে। ঠিক এমন সময় অন্ধকার সম্রাজ্ঞী পাঠিয়ে দেয় সাপের রক্ত, মানুষের মৃত শিশুর মগজ, আর সিংহের কলিজা। আমি খেতে চাইনি প্রথমে, তখন আমাকে কাঁটাযুক্ত মান্দার লাঠি দিয়ে প্রহার করে।

০৭

বর্ণনা শুনে মিথুন ডুকরে কেঁদে ওঠে। ইরাবতী অমনি মিথুনের চোখে চুমুক দিয়ে খেয়ে ফেলে সবটুকু নোনাজল। আর আনন্দে নেচে ওঠে সে। বলে মিথুন তুমি আমার জন্য কাঁদলে! আমার আর কোনো অপ্রাপ্তি নেই।

এরপর ইরাবতী বলে, এভাবে চল্লিশ দিন আমাকে খাওয়ানোর পর আমাকে অন্ধকার সম্রাজ্ঞী পৃথিবীতে পাঠায় পুরুষের ওপর প্রতিশোধ নিতে। কারণ অন্ধকার সম্রাজ্ঞী এই পৃথিবী পুরুষ শূন্য করতে চায়। মিথুন জিজ্ঞেস করে তার কেন এত ক্ষোভ পুরুষের ওপর? তোমার না হয় জ্যেঠুর ওপরে ক্ষোভ! ইরাবতী বলে—সে এক হিন্দু মেয়ে হয়েও প্রেম করে পরিবার ছেড়ে এসেছিল এক মুসলিম ছেলের সাথে। যখন প্রথম বাচ্চা হয় তার স্বামী কাজের মহিলার সাথে যৌন সম্পর্ক করে। একদিন চোখের সামনে দেখতে পেয়ে একে একে সবাইকে খুন করে। স্বামীর শিশ্নটি কেটে সে দাঁত দিয়ে থেতলে দেয়। তারপর নিজে আত্মহত্যা করে। এরপর অন্ধকার দেবতার তপস্যা করে হয়ে ওঠে অন্ধকার সম্রাজ্ঞী। তারপর থেকে পুরুষের ওপর প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে সে।

ইরাবতী মিথুনের হাতে একটা স্বর্ণমুদ্রার কৌটা তুলে দিয়ে বলে—মিথুন যতবার আমি একজন পুরুষকে নপুংসক করেছি, ততবারই আমার চোখের দুফোঁটা চোখের জল হাতের তালুতে চারিদিকে সোনালি আভা ছড়িয়ে স্বর্ণমুদ্রা হয়ে গেছে। এই স্বর্ণমুদ্রা অই নপুংসকদের শিশ্নতে ছোঁয়ালেই ওরা আবার সোমত্ত পুরুষ হয়ে উঠবে। আর এই মুদ্রাগুলো দিয়ে তুমি একটা নাচের স্কুল খুলবে। সেখানে অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাণ্ডব-নৃত্য শেখাতে পারো। ইরাবতীর মুখমণ্ডলে হঠাৎই ভর করে ঘন কালো মেঘ। কিছুক্ষণ চুপ থাকে দুজনেই। তারপর ইরাবতী বলে—মিথুন আমি আবার জন্মালে নারী হয়ে জন্মাতে চাইব আর তোমার সাথে সংসার করতে চাইব। কারণ, ভালোবাসার সঙ্গমের স্বাদ আমি পেলাম না। তোমার ভালোবাসার চোখের জলে আমার আত্মা অন্ধকার থেকে মুক্তি পেয়েছে। অন্ধকার সম্রাজ্ঞীও তাই বলেছিল। মিথুন শোনো—কাঁঠালিচাঁপার গন্ধ, তোমার চিবুকে পড়ে থাকা হেয়ালি রোদ, কিংবা চৈত্রের দুপুরে আসা হঠাৎ ঠাণ্ডা হাওয়া যে কোনো ভাবেই তোমার সাথে আমার বারবার দেখা হবে। এবার যাই অন্ধকার সম্রাজ্ঞী তলব করেছে। হঠাৎই মিথুন দেখতে পায় একটা আলোর রেখা দিগন্তে মিলিয়ে যেতে।

লেখক:
Nusrat Sultana02
নুসরাত সুলতানা
কবি ও কথাসাহিত্যিক; ঢাকা

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট