‘নৃশংস অপরাধের শাস্তি মৃত্যুদন্ড’ – আমার ভাবনা । তৌহীদ রেজা নূর

Comments

পৃথিবীতে অসংখ্য বিষয়ের মতো “মৃত্যুদণ্ড” প্রশ্নে মত-বিভক্তি রয়েছে ব্যাপক। নৃশংস অপরাধের সর্বোচ্চ শাস্তি “মৃত্যুদণ্ড” সঠিক মনে করেন কেউ, কেউ আবার এর বিপরীতেও নিজের অবস্থান স্পষ্ট করেন। এই বিভক্তি হয়তো থাকবে আরও বহুদিন। তবে এ বিষয়ে নিজের যৌক্তিক মত প্রকাশ করার ক্ষেত্র প্রস্তুতে বাঙালীয়ানা প্রয়াসী।

বাঙালীয়ানার আহ্বানে সারা দিয়ে অনেকেই এ বিষয়ে তাদের ভাবনা লিখে পাঠিয়েছেন। বাঙালীয়ানা তার পাঠকের জন্যে সেই ভাবনাগুলো প্রকাশ করছে প্রতিদিন ধারাবাহিকভাবে। – সম্পাদক

প্রেম-প্রীতি-ভালোবাসা নিয়ে লেখার প্রশ্ন হলে নির্ঝরণির মতো হয়তো এগিয়ে যেত এই লেখা। এই ‘সুন্দর ভূবনে’ শুধু কবি কেন, পারতপক্ষে কেউই ‘মরিতে’ চাহেনা – বরং ‘মানবের মাঝে’ সবাই ‘বাঁচিবারে চায়’। গোল বাঁধে ওখানেই – যখন ‘মানবের মাঝে’ বাঁচার প্রশ্ন আসে। মানুষ যে সমাজে বাস করে তা যদি শুধু মানুষ দিয়ে ভরাট থাকতো তাহলে ফুল-পাখী-ঝরণা আর যাবতীয় সুন্দরের পূজারী হয়ে ভালোবাসাময় এক বৃহৎ অঙ্গন পেতো মানুষ এই ধুলির ধরাতেই। কিন্তু বাস্তবতা তো কাব্যময় নয়, বরং অনেক কঠোর – ‘পূর্ণিমার চাঁদ’ এখানে ‘ঝলসানো রুটি’ সদৃশ।

সমাজ চষে বেড়ানো দুপেয়ে মানুষদের ক’জন মনুষ্যপদবাচ্য? আমরা এই সমাজে প্রতিনিয়ত অগণিত অমানুষের দেখা পাই। ‘সৃষ্টির সেরা জীব’ তকমা নিয়ে মানুষ অন্যের জন্য কল্যাণকর কাজের দিকে মনোনিবেশ করার চেয়ে সুযোগ পেলেই নিকৃষ্ট, নৃশংস নানা অপকাজ এবং অপরাধে জড়িত থাকতে তাড়িত হয়। কখনো ধর্মের নামে, কখনো বর্ণের নামে, কখনো ভাষা-সংস্কৃতির নামে – দেশে দেশে, যুগে যুগে মানুষ শুধু ব্যক্তির নয়, অংশত বা সম্পূর্ণ গোষ্ঠীর ক্ষতিসাধন করতে তৎপর থেকেছে, এবং এখনো আছে ও থাকবে। ফলে সমাজের মধ্যে সুর আর অসুরের দ্বন্দ্ব চিরকালীন। অশুভ শক্তিকে বিনাশ করতে চিরায়ত জীবন যাত্রায় শুভ শক্তির ক্রম-বিকাশ তাই জরুরী।

যে কাজগুলো মানুষের জন্য, সমাজের জন্য, বিশ্ব মানবতার জন্য কল্যাণকর নয়, বরং হানিকর, গ্লানিকর, এবং জীবন-ঝুকির তার অপনোদনে সমাজ ব্যবস্থা কখনো ধর্মের ছায়ায়, কখনো রাষ্ট্রের আওতায় বিচারিক নিয়ম-কানুন-শাস্তির বিধান তৈরী করেছে সেই আদিকাল থেকে। এই শাস্তি বিধানের রূপ মূলতঃ দুটি চরম বিপরীত ধারার কনসেপ্ট-এর উপর ভিত্তি করে এগিয়েছে। একদিকে ‘দাঁতের বদলে দাঁত’, ‘চোখের বদলে চোখ’ নীতি, আর অন্যদিকে ‘এক গালে চড় দিলে পাল্টা আঘাত না করে অন্য গাল পেতে দেয়া’র নীতি। প্রথম শক্ত নীতিটি বাইবেল ধর্মগ্রন্থের পুরাতন টেষ্টামেন্টে একবার নয়, তিনবার লিখিত রয়েছে, কিন্তু বাইবেল আসারও অনেক আগে প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতায় শাস্তির বিধানের ক্ষেত্রে এই নীতির প্রয়োগ ছিল। এবং একই ধারাবাহিকতায় পরবর্তী অন্যান্য সভ্যতায়ও ‘An eye for an eye’ নীতি অনুসরণ করে বিচার ব্যবস্থায় শাস্তির বিধান ছিল। এই শাস্তির বিধানে অপরাধের মাত্রা বিবেচনা করে শাস্তির মাত্রা গুরু হবে না লঘু হবে তা ঠিক করা হতো। আক্ষরিক অর্থেই ‘চোখের বদলে চোখ’ তুলে নেয়া হতো। সকল ধর্মেই এই শক্ত বিচারের বিধান কম-বেশী ছিল। তবে একই সাথে বৌদ্ধ ধর্মের ‘জীবে দয়া কর’ বা ‘অহিংসা পরম ধর্ম’-এর বার্তা পালনের নির্দেশ অন্যান্য ধর্মের  ক্ষেত্রেও পরোক্ষভাবে রয়েছে। তাই ক্ষমাশীলতার বিষয়ে নানা নজীর পাওয়া যায় বিভিন্ন ধর্মে। বাইবেলের নিউ টেষ্টামেন্টে এক গালে আঘাতকারীকে সমমানের প্রত্যাঘাত না করে বরং আরেক গাল পেতে দেবার আহবান জানানো হয়েছে। এই কনসেপ্টকে মেলে ধরতেই শেখ সাদী বলেছেন ‘কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পা’য় – তা বলে কুকুরে কামড়ানো কিরে, মানুষের শোভা পায়?’ এর উপর ভিত্তি করেই প্রবাদ রয়েছে ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন?’

সর্বোচ্চ শাস্তি “মৃত্যুদণ্ড” প্রসঙ্গে আরও পড়ুন

হত্যার শাস্তি মৃত্যুদণ্ড! তবে রাষ্ট্র যখন প্রাণ নেয়? । রঞ্জন সরকার
‘কেনো’ এবং ‘কেনো নয়’ । মারুফ রসূল
অপরাধীর বিরুদ্ধে রাষ্ট্র কেন অপরাধ করবে? । অবকাশ দাশঘোষ

অন্যভাবে বললে, এই দর্শনের মুল বিবেচ্য – যে কিনা আঘাতকারী বা অপরাধী তার মধ্যে অনুশোচনার উপযোগী একটি স্পেস দান করা – যেন সে নিজের সঙ্গে বোঝাপড়া করে নিজের ভূল বুঝতে পারে, এবং এ ধরণের অনভিপ্রেত কাজ/অপরাধ করা থেকে বেরিয়ে আসতে পারে। শাস্তি দানের মুখ্য উদ্দেশ্য যেহেতু কৃত ভ্রমের জন্য প্রায়শ্চিত্য করা, ভ্রমাত্নক/অপ্রত্যাশিত/অকল্যাণকর/গ্লানিকর/হানিকর কাজ থেকে বিরত থাকা বা অপরাধ প্রবণতা থেকে নিজেকে সংশোধিত করা – তাই এই নীতিতে শরীরের উপর প্রত্যক্ষ ‘বল প্রয়োগ’ নয় – পরোক্ষভাবে মনের উপর যথাযথ চাপ প্রয়োগ করার দিকে নজর দেয়া হয়েছে। সম্ভবত এই ভিত্তির উপরে দাঁড়িয়েই বিভিন্ন দেশ এবং দেশের নাগরিকদের একাংশ মানব সমাজে জঘন্য, নৃশংস অপরাধ যে ব্যক্তিরা করে – তাদের শাস্তি মৃত্যুদন্ড না দিয়ে এমন কোন শাস্তি দিতে আগ্রহী যার ফলে অপরাধী নিজেকে সংশোধন করে নেবার ক্ষেত্র/সুযোগ পায়। এই ভাবনার মানুষেরা  মৃত্যুদন্ডের মাধ্যমে কোন ব্যক্তির প্রাণ কেড়ে নেয়াকে কোনভাবেই বরদাস্ত করতে রাজী নন। মৃত্যুদন্ডের বিধান তাদের বিবেচনায় ‘চোখের বদলে চোখ’-এর সমতুল্য, তাই পরিত্যাজ্য।

অন্যদিকে, এই একবিংশ শতাব্দীতেও কোন কোন সমাজে (যেমন, সৌদী আরব) আক্ষরিক অর্থেই ‘চোখের বদলে চোখ’-এর বিধান পালন করা হয় – যা বাস্তবত অস্বস্তিকরই শুধু নয়, নৃশংস ও ভয়ংকরও বটে। আমাদের দেশ বাংলাদেশসহ পৃথিবীতে বেশ অনেকগুলো দেশ রয়েছে যেখানে  জঘন্যতম অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ডের বিধান এখনো কার্যকর রেখেছে। সৌদি আরবের রাস্তায় প্রকাশ্যে ‘মৃত্যুদন্ড’ কার্যকর করার বিধানের সাথে বাংলাদেশ বা অন্য দেশের মৃত্যুদন্ড কার্যকরের অনেক বড় পার্থক্য রয়েছে। বাংলাদেশ এবং পৃথিবীর অনেক দেশে বিচারিক ব্যবস্থার সকল ধরণের নিয়ম মেনে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর শাস্তি কার্যকর করা হয় – সাধারণত জনমানুষের দৃষ্টিসীমার বাইরে – কারাগারের অভ্যন্তরে। এই ক্ষেত্রে হিসেবটা অনেকটা এরকমেরঃ অপরাধীর শাস্তি হবে অপরাধ-এর মাত্রা বুঝে – তাতে নৃশংস অপরাধ করবে যে বা যারা – তাদের জন্য ঐ কৃত অপরাধের মাত্রার প্রায় সমতুল্য শাস্তি পেতে হবে। হত্যা, ধর্ষণ, গণহত্যাসহ এধরণের নানা নির্মম অপরাধের শাস্তি হিসেবে অপরাধীর জীবিত থাকার অধিকার কেড়ে  নেওয়াটা এই ক্ষেত্রে সঠিক বলে বিবেচনা করা হয়। তাই নৃশংস সকল অপরাধের জন্য যথোপযুক্ত শাস্তি হিসেবে মৃত্যুদন্ডকেই বহাল রাখার পক্ষে অভিমত প্রকাশ করে এই নীতিতে বিশ্বাসী মানুষেরা। ‘গাল পেতে’ দেবার নীতিতে বিশ্বাসী মানুষের ভাবনাকে তারা মনে করেন অপরাধের মাত্রার নিরিখে কার্যকর নয় – বরং এতে অপরাধী সংশোধিত না হলে মানুষ এবং সমাজের জন্য কল্যাণের চেয়ে অকল্যাণ বয়ে আনে – তাই ঐ নরম নীতি পরিত্যাজ্য – অন্তত কঠিন অপরাধের ক্ষেত্রে। শাস্তির এই দুই চরম বিপরীত কনসেপ্ট এ ধরণের নানা  বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে রয়েছে।

এখন এই লেখার মূল বিষয়ে আসি – ‘নৃশংস অপরাধের শাস্তি মৃত্যুদন্ড’– এর পক্ষে না বিপক্ষে আমি সে বিষয়ে আমার অভিমত জানাতে হবে। আমি মনে করি অপরাধের মাত্রা এবং এ’র শাস্তির ক্ষেত্রে প্রথম বিবেচ্য বিষয় হলো – ন্যায় বিচার। বাসযোগ্য সমাজ নির্মাণে এমন কিছু অমানুষের দেখা মেলে যারা মৃত্যুদন্ডযোগ্য অপরাধ করে, এবং তাদের কৃত নৃশংস কাজের জন্য কোন ধরণের অনুশোচনাবোধও নেই। যেমন ধরা যাক, বাংলাদেশের ক্ষেত্রে অনেক স্বীকৃত যুদ্ধাপরাধী/মানবতার বিরুদ্ধে অপরাধকারী রয়েছে যারা একাত্তর সালে পাকিস্তানী হানাদার বাহিনী যখন ভারী এবং ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সুপরিকল্পিতভাবে বাঙ্গালী নিধনযজ্ঞ শুরু করে – তখন প্রকাশ্যে/গোপনে তাদের হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, কখনো প্রত্যক্ষভাবে জড়িত হয়েছে, এবং পরে ঔদ্ধত্যের সাথে বলেছে যে ‘একাত্তরে কোন ভূল করিনি’ – তাদের ক্ষেত্রে যদি ভাবা যায় – তাহলে খুব স্বাভাবিকভাবেই আমি সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদন্ড) দাবী করি। কারণ, যে মানুষ সজ্ঞানে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, এবং যে কিনা নিজের অপরাধের জন্য অনুশোচিত তো নয়ই – বরং কৃত অপরাধের জন্য গর্ব বোধ করে – সে শোধরাবার পাত্র নয়। বরং তার বেঁচে থাকা জাতির জন্য, সমাজের জন্য, মানুষের জন্য হুমকিস্বরূপ। কারণ, মৃত্যুদন্ড না দিয়ে আজীবন কারাবাসের শাস্তি দেয়া হলে দুটি বিষয়ে এক্ষেত্রে উদ্বিগ্ন হবার প্রয়োজন রয়েছে ১) জনগণের করের টাকা মানব হত্যাকারী, মানবতার শত্রু অথবা ভয়ানক মাত্রার কোন অপরাধীর ভরণপোষণের জন্য (তার মৃত্যু অবধি) ব্যয়িত হওয়া, এবং ২) রাষ্ট্রের রাজনৈতিক নানা পরিস্থিতির কারণে অনুকুল পরিবেশ পেয়ে অপরাধীর আবার সমাজে ফিরে আসার সুযোগই শুধু নয়, সেই অপরাধের পুনরাবৃত্তি করার সুযোগ লাভ করা। তাই ভাবা দরকার – যার জন্য ‘গাল পেতে’ দেবার ঔদার্য দেখানো হবে সে কি আসলেই সেই ঔদার্যের মুল্য বোঝে কিনা। যদি না বোঝে, তাহলে এধরনের দাগী অপরাধীদের বাঁচিয়ে রাখার অর্থ সমাজে নেতিবাচক অশুভ শক্তির প্রকোপ বাড়ানোতে সহযোগিতা করা – যা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না।

লেখক:
Tawheed Reza Noor02
তৌহীদ রেজা নূর, সদস্য- প্রজন্ম ৭১

সর্বোচ্চ শাস্তি “মৃত্যুদণ্ড” প্রসঙ্গে আরও পড়ুন

হত্যার শাস্তি মৃত্যুদণ্ড! তবে রাষ্ট্র যখন প্রাণ নেয়? । রঞ্জন সরকার
‘কেনো’ এবং ‘কেনো নয়’ । মারুফ রসূল
অপরাধীর বিরুদ্ধে রাষ্ট্র কেন অপরাধ করবে? । অবকাশ দাশঘোষ

*এই বিভাগে প্রকাশিত লেখার মতামত ও বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক

মন্তব্য করুন (Comments)

comments

Share.