। পল্লল ভট্টাচার্য।
বিধিবদ্ধ সতর্কীকরণ– ‘নেশা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক’। এইসব নেশা বিবিধ তরল-গরলের নেশা। এমন নেশায় নিজেরাই মরি।
‘ভাঙার নেশা’– যে নেশা ‘সর্বনাশা’, যে নেশায় অন্যদের মারি– তা নিয়ে কোনো সতর্কতা জারি হতে দেখিনি।
নিজ থেকে সাধারণত কিছু ভাঙে না। নদী পাড় ভাঙে, ঘরও ভাঙে। রাজনীতি ‘দালান’ ভাঙে, দলও ভাঙে। অর্থ সমাজ ভাঙে, অনর্থ ভাঙে সংসার। ক্ষমতা শির ও দাঁড়া দুইই ভাঙে !!
মানুষ ভাঙে মন আর মাথা।
ভাঙা মন গায়– ‘প্রাণ কান্দে, মন কান্দে রে’; খোঁজে ‘দ্যাশের বন্ধু’কে। কে সেই বন্ধু বোঝাও যায় না। বন্ধুত্বের হাতও শুনছি আজকাল বেশ ভঙ্গুর। তার সংজ্ঞাও নতুন করে লেখা হচ্ছে।
মাথাভাঙারা নিজ ‘চোখের মাথা খায়’, অন্যদের মাথাও খায়। ভোলে ঐতিহ্য, ভোলে সংস্কৃতি। বইয়ের পাতায় ওদের মন নেই; ‘খাতার পাতায়’ গান না লিখে লেখে বাণী ! ‘রুদ্র বীণার ঝংকারেতে’ নেভে ‘হাজার বাতি’।
সেই ভাঙার নেশায় পড়ে ফোনে ফোনে সাংঘাতিক সব ভাঙাভাঙির ‘রীল’ ছড়ায়। সত্য না মিথ্যে কেউ করে না যাচাই! মন আর মাথা তাই দুইই গুলিয়ে যায়। গোলানোটাই ভাঙাভাঙির কাজ। বোঝা চাই, নয়তো গড়া যায় না।
‘ভেঙেচুরে ছারখার’ কার যে এতো দরকার! এই ভাঙাভাঙি যে ‘মোটে ভালো কাজ না’ সেটা মাথাভাঙারা বোঝে না। যত রঙেরই হোক না ধেনু, ‘দুধের রঙ তো সাদা’ সেও বুঝতে চায় না!
আরো কতরকমের যে হয় ভাঙাভাঙি– আইন, শিল্প, বিশ্বাস, আস্থা, স্মৃতি, সম্পর্ক। বিয়েও ভাঙায় কেউ কেউ; কান ভাঙানো তো রোজকার ব্যাপার। অবাক কান্ড দেখেছি, ‘জেগে ঘুমানো’কে কিন্তু ভাঙা সহজ হয় না!
ভালো ভাঙা কী কিছু নেই? আছে তো। যেমন রাগ, মান, ভুল, রেষারেষি। এইসব ভাঙানো গেলে বোঝাবুঝি গাঢ় হয়, অনুরাগ বাড়ে। অনুরাগ মনের মলম, লেখে কবিদের কলম।
‘মাথাভাঙ্গা’ মানুষের বিচার বোধ কম, উন্মাদনা বেশি। পড়াশোনার লক্ষ্য তাই ‘মোক্ষ’, এইসব ভাঙাভাঙি থেকে মুক্তি। তাও দেখি মুক্তি মরীচিকার মতো। ‘এই আছে এই নেই…’! পড়া আর শোনা গেলো কোথায়? না পড়লে জানা হয় না, না শুনলে মানা হয় না।
কবির কথা, “বৃষ্টি নামা— নইলে কিচ্ছু মিলছে না।” কাতর আহবানেও মনোভূমিতে বৃষ্টি নামে না! কবির কথা শোনা কেউ কী করেছে মানা!
কেন এমন হয়? কী করে জানি। সে জানে যে জানে। “আর কে জানে মনের কথা।” তুমি কী জানো, “এতো আলো, এতো বাতাস” কেন দীর্ঘস্থায়ী হয় না? আলো আর বাতাস তো ভাঙা যায় না, তাও!
কে বললো যায় না? ভাঙাভাঙির বিকল্প আছে না! পর্দা ঝুলিয়ে আলোকে আটকে দেয়া যায়, দেয়াল তুলে হাওয়ার পথ ঘোরানো যায়। আর আলো হাওয়া দুইয়ের সঙ্গেই লুকোচুরি খেলা যায় দরজা জানালায় খিল তুলে।
কেন এমন আচরণ? যুক্তি শুনি, না যদি ভাঙি নতুন কি গড়ি? হাওয়া না ঘোরালে জয় পাই কী করে? ঠিক, জয়ের কাহিনী সব হাওয়া ঘোরানোরই কাহিনী। তবে সব হাওয়া ফাগুনের হাওয়া নয় বলে দুঃখই বাড়ে!
জানা-অজানার কাহিনী দেখেছি আনন্দ আনে; চেনা-অচেনার গল্পে কষ্টের ভাগ বেশি! নেশার নেশায় থাকলে আশার আশায় বাঁচা যায় না! মানবেন নিশ্চয় সবাই।
মানুষের ভাঙার ঝোঁক বেশি। তাই গড়ার ডাক খুব একটা কানে আসে না। ‘মানছি না, মানবো না’, ‘জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’; এসব ভাঙারই ডাক।
ভাঙতে চাইলে ভাঙুন, সব ভেঙে ফেলুন। ‘ভাঙা গড়ার চেয়ে মূল্যবান’ হোলেও নিয়ম মেনেই ভাঙুন। নিয়ম আইন নয়, পদ্ধতি। “বারান্দা জেনে গেছে; সবাই ভাঙ্গনে নয় দড়!”
‘আগে গলা পরে হাত’, দর্জিদের জামার কাপড় কাটার প্রথম শিক্ষা। এই শিক্ষা না মানলে নতুন গড়া জিনিষও ভেঙে পড়তে পারে।
আমি যদি বুনি কৃষ্ণচুড়ার প্রেম,
তুমি তছনছ কোরে ফ্যালো তার ভূমি।।
(সীমাবদ্ধ ভাঙচুর, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ)লেখক:
পল্লল ভট্টাচার্য
সাংবাদিক, গদ্যলেখক, প্রাবন্ধিক; কলকাতা