পপি শাহনাজের কবিতা

Comments

আকাশ ও জলের সঙ্গম

আকাশ ও জলের সঙ্গমে সৃষ্ট ভুমে
আমরা ব্যস্ত, দৃপ্ত পদচারণায়;
নিজস্ব মনগড়া ভাবনায়।
জলের নির্ভেজাল উচ্ছলতা,
আর আকাশের বিশালতা
করে আমায় আকৃষ্ট;
গভীর আলিঙ্গনে আবিষ্ট।
এই ভূগর্ভে সৃষ্ট প্রতিটি প্রাণ আমার আত্মীয়;
অসংখ্য গ্রহের মাঝে চিরচেনা
এই পৃথিবীই, সতত স্বর্গীয়।

ফেরা

মাতৃভূমি– তোমার করপুটে আমায় ধারণ করো,
আগলে রাখো; চেপে ধরো কিছুটা সময়।
তোমায় ছেড়ে থাকি দূরে, বহু দূরে;
তোমাকে কাছে পেতে নিরন্তর এই মন পোড়ে!
তোমার বুকে কত-না খেলেছি,
বরফপানি, দাড়িয়াবান্ধা
চি-বুড়ি আর কানামাছি।
ধরেছি ফড়িং হৈ হৈ করে;
কত কত কোথায়ই না গিয়েছি
বেলা অবেলায় বন্ধুর হাত ধরে।
স্বর্গতুল্য তোমায় ছেড়ে,
আজ আমি থাকি অন্য নীড়ে
এই মন তাই তোমায় খুঁজে ফিরে সারাক্ষণ।

আজ বহুদিন পর ফের তোমার কোলে
ক্ষণিক নিয়েছি ঠাঁই;
পৃথিবীর বহু রূপ রস ঘুরে
তোমার জলেই যে আমি স্বর্গীয় স্বাদ পাই।
তোমারই প্রগাঢ় সবুজ আমায় করে উতলা অবুঝ;
আজ ধরো আমায় শক্ত করে,
তোমার রস ও সুধা নিতে এসেছি আমি
আবার বহু দিন পরে।

পরান মাঝি – ১

ও মাঝি,
তুমি কি ভাসান দিবা তোমার নাও?
কোন দিক যাইবা?
পুবে না পশ্চিমে, উত্তরে না দক্ষিণে,
আমারে কি কইবা তুমি;
জানলে আমি ভাসান দিমু, বাইমু তোমার নাও।
আমারে কি নিবা লগে?
আমার এই উচাটন মনডা যে খুব ক্লান্ত,
তুমি আমারে করো না একটু শান্ত।

মাঝ দরিয়ায় বৈঠা থুইয়া দিবা ডুব
আমার এই কুসুম গরম নিখাদ জলে।
আমিও নিঃশ্বাসে নিঃশ্বাস মিলামু, রাখমু চোখে চোখ
কোনো না কোন ছলে।
আমার এই অশান্ত মনডা তোমার মাঝে হারাইবার চায়;
এই গতরডায় খালি আগুন জ্বলে
বিহান দুপুর যহন তহন জ্বালামু আগুন থাকবো না কোনো দায়।

নিবা মাঝি আমারে তোমার লগে;
পূবে গেলে তোমার লগে কাক-ডাহা বিহান বেলায় সূর্য সিনান করুম।
পশ্চিম গেলে আমার গরম কূপে ডুব দিয়া পাবা তুমি সুখ;
সব ক্লান্তি দূর করবা তুমি, আর আমি চাইয়া চাইয়া
দেখমু তোমার শান্তির মুখ।
উত্তরে গেলে উর্বরা জমি হইয়া তোমার লগে বছর বছর ফসল ফলামু।
আর দক্ষিণে গেলে শীতল হাওয়ায় গীত শুনামু।

কও না তুমি ভাসান দিলে আমার এই গতর জ্বালা মনডারে
তোমার অরণ্যে দিবা ঠাঁই, দিবা না দুখ;
আর আমিও তোমার সাগরে ডুব দিয়া পামু জীবনের সুখ!

প্রশ্ন

ওই পাহাড়টাকে প্রশ্ন করেছিলাম;
তুমি কি জানো, আমি তোমার কে?
একটুও না ভেবে বললো…

তুমি আমার গায়ে জড়িয়ে থাকা সবুজ মখমলি চাদর,
যার ওমে কাটে আমার স্নিগ্ধ রাত;
যার আবেগী স্নিগ্ধতায় শুরু হয় প্রতিটি প্রভাত।

ওই আকাশকে প্রশ্ন করেছিলাম,
আমি কে তোমার?
আকাশ জানায়…

তুমি শুভ্র মেঘমালা, যে আমায় আবৃত করে রাখে
সকল বেলা; আর মাঝে মাঝে অভিমান হলে
ঝরে পরে মেতে থেকে করে কঠিন খেলা।

ওই নদীকে জিজ্ঞেস করে ছিলাম,
কে আমি তোমার?
নদী বললো…

তুমি আমার অশান্ত ঢেউ, চঞ্চলা বয়ে চলা মুক্ত হাওয়া;
কোনো ছলনা ছাড়াই বিশাল সমুদ্রে মিশে যাওয়া।

ওই সাগরের কাছে জানতে চেয়েছিলাম;
বলো না, কে আমি তোমার?

মহা হুঙ্কারে জাপ্টে ধরে সাগর বলেছিলো–
তুমি আমার অবুঝ পরী, অহর্নিশি আছড়ে পড়ে
জাগাও এই ধরিত্রী; আমার বিশালত্বে
তুমি আমার গায়ত্রী তুমিই কর্ত্রী।

ঠাকুরপো – ১

সেই কোন ভোরে শিউলী মালা দেবে বলে
ঠাকুরপো আমায় তুমি দাঁড় করিয়ে গেলে,
সকাল গড়িয়ে দুপুর বিকেল সন্ধ্যে হোলো
তবুও তুমি না এলে।
বিশাল দ্বারে তৃষিত আমি ঠায় দাঁড়িয়ে;
চোখ গেছে সীমান্ত ছাড়িয়ে,
যে কোনো মুহূর্তেই তুমি আসবে
পথহারা এ মন তাই যাচ্ছে বারে বারে হারিয়ে।

তোমার এই ইচ্ছের খামখেয়ালিপনা
মনে আঁকে ভীষণ ভয়ের আল্পনা।
খুব ক্লান্ত আমি ঘুমিয়ে গেলে
জানি তুমি আসবে কাছে নিয়ে ভীষণ অবহেলা।
তপ্ত শ্বাসে মুচ্কি হেসে,
শুকিয়ে যাওয়া মালাখানি সামনে ধরে বলবে,
আর হবে না এমন।
আমি যে তোমার, নাও-না আমায় তোমার করে।
তোমার দুষ্টু হাসির মিষ্টি ছোঁয়ায়
অভিমানের পাহাড় ধ্বসে যাবে এক নিমিষে,
অবুঝ হৃদয় এক সমুদ্র কষ্ট আড়াল করে
মানিয়ে নেবে সকল ব্যথা একটু হেসে।

লেখক:
Poppy Shahnaz
পপি শাহনাজ
শৌখিন লিখিয়ে, সাংস্কৃতিক কর্মী; যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট