পাকিস্তানে আর্থিক সহায়তা বাতিল করলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ইসলামিক জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে, ১ জানুয়ারী, ২০১৮, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পাকিস্তানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার গ্রহণের অভিযোগ করেন। তিনি তার টুইটে দাবী করেন, গত ১৫ বছরে পাকিস্তানকে তারা ৩৩ বিলিয়ন ডলার দিয়েছে। কিন্তু তার বিনিময়ে, প্রতিদান হিসেবে যুক্তরাষ্ট্র পেয়েছে মিথ্যা আর প্রতারণা।
এদিকে, পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কোন ফকনার বলেন, পাকিস্তানে বরাদ্দকৃত ৩০০ মিলিয়ন ডলার তারা অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করবে। মার্কিন সেনাবাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপটি যুক্তরাষ্ট্র কংগ্রেস কর্তৃক অনুমোদিত হওয়ার পর বাস্তবায়িত হবে।
যুক্তরাষ্ট্রের পাকিস্তানে সবধরনের সহায়তা বাতিলের ঘোষণার প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই পদক্ষেপ নিয়েছে। গত ৪ জানুয়ারি, ২০১৮, যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানে সব ধরনের নিরাপত্তা সহায়তা বাতিল করার ঘোষণা দিয়েছিলো।
এর পরিপ্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তান সরকার সেদেশে হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালেবানসহ অন্যান্য সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
কর্নেল ফকনার শনিবার এক বিবৃতিতে বলেন, ‘সব ধরণের সন্ত্রাসবাদী গ্রুপের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আমরা পাকিস্তানকে এখনো চাপ দিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই ৩০০ মিলিয়ন ডলার অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে। পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় আমরা এ ব্যবস্থা নিয়েছি।’
বাঙ্গালীয়ানা/এএ/জেএইচ