ইসলামাবাদে দায়িত্ব পালন শেষে দেশে ফিরতে জানুয়ারী, ২০১৯-এর শুরুতে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন প্রেস কাউন্সেলর মোহাম্মদ ইকবাল হোসেন। চার মাসেও বিষয়টির সুরাহা না হওয়ায় পাকিস্তানের নাগরিকদের জন্য ১৩ মে থেকে ভিসা দেওয়া বন্ধ করেছে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।
সোমবার, ২০ মে, ২০১৯, বিকেলে রুশ বার্তা সংস্থা স্পুতনিক নিউজ দিল্লি থেকে করা এক খবরে বলেছে, কূটনৈতিক অচলাবস্থার জেরে পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর, ২০১৮-এর পর পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কাউন্সেলর দায়িত্ব পালন শেষে দেশে ফেরেন। নতুন কর্মকর্তা যোগ না দেওয়ায় নভেম্বর, ২০১৮ থেকে ১৩ মে সোমবার পর্যন্ত ইকবাল হোসেন প্রেস কাউন্সেলরের পাশাপাশি ভারপ্রাপ্ত ভিসা কাউন্সেলরের দায়িত্ব পালন করে আসছিলেন। ৩০ মার্চ, ২০১৯, ঢাকায় ফেরার কথা ছিল ইকবাল হোসেনের। ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভিসার মেয়াদ বাড়াতে ৭ জানুয়ারী, ২০১৯, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন প্রেস কাউন্সেলর। আবেদনের পর ভিসার মেয়াদ বাড়াতে বেশ কয়েকবার কূটনৈতিক পত্র পাঠানো হয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু এতে কোনো কাজ হয়নি। ভিসার মেয়াদ বাড়ানো হবে কী হবে না, কিছুই আমাকে জানানো হয়নি। শুধু বলা হয়েছে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আবার ঢাকায় আমার স্ত্রী ও ছেলে অন্তত তিনবার ভিসার জন্য পাকিস্তান হাইকমিশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ভিসা পাননি।
এদিকে, বুধবার, ২১ মে, ২০১৯, দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘পাকিস্তান আমাদের কিছু অফিসারকে ভিসা দিচ্ছে না। বিশেষ করে কনস্যুলার সেকশনের যে অফিসার, যিনি ভিসা ইস্যু করেন তারও ভিসার মেয়াদ বাড়াচ্ছে না। কনস্যুলার সেকশনের অফিসার যদি না থাকে তাহলে পাকিস্তানিদের জন্য ভিসা কে ইস্যু করবে? এই কারণে ভিসা ইস্যু করা যাচ্ছে না। কিন্তু ভিসা ইস্যু বন্ধ নেই। বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করেনি। যে খবরটি বেরিয়েছে সেটি সঠিক নয়। তবে ব্যক্তি বিশেষ বাংলাদেশের ভিসা নাও পেতে পারেন। সেটা বিভিন্ন কারণে হতে পারে।’
তিনি আরও বলেন, ‘কনস্যুলার সেকশনে যিনি কাজ করবেন তার ভিসার মেয়াদ না বাড়িয়ে ইস্যুটি ঝুলিয়ে রেখেছে পাকিস্তান। যে কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। আসলে পাকিস্তান জোর করে আমাদের ঝামেলায় ফেলতে চাচ্ছে। তবে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছি।’
প্রসঙ্গত উল্লেখ্য, যুদ্ধাপরাধী বিচারে পাকিস্তানের নাক গলানোর কারণে ২০১৩ সাল থেকে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ২০১৫ ও ২০১৬ সালে পাকিস্তানের হাইকমিশনের কর্মকর্তা ও কূটনীতিকদের জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে তাদের ঢাকা থেকে ফিরিয়ে নিতে বাধ্য করা হয়। এর জেরে ইসলামাবাদে বাংলাদেশের এক কূটনীতিককে সরিয়ে নিতে বলে পাকিস্তান। বিগত কয়েক বছর ধরেই এক ধরনের শীতল অবস্থার মধ্যে যাচ্ছে দুই দেশের সম্পর্ক।
বাঙালীয়ানা/এসএল