। ডা. সানজিদা শাহরিয়া ।
দ্বাদশ পর্ব
“বছরগুলি অনেক কিছু শেখায়, যা দিনগুলি কখনই জানত না।” -রাল্ফ ওয়াল্ডো এমারসন।
বার্ধক্য…
ভদ্রমহিলার নাম বানু। আগে পিছে আর কিছু নেই। বয়স ৮৫। থাকেন ঢাকার সব থেকে বড় বস্তি করাইলে। করাইলের লোকেশনটা খুব অদ্ভুত। একদিকে বিত্তশালীদের এলাকা গুলশান আরেকদিকে বনানী। মাঝখানে ছোট্ট একটি উপদ্বীপ অথবা দগদগে ক্ষতর মতন দাঁড়িয়ে আছে বস্তি। বানু বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন।
সংসারে মাত্র দুজন মানুষ। তিনি আর তার কন্যা। মাসিক আয় ৫ হাজার টাকা।
আজকের গল্পটি বানুর ভাষ্যে, “২০১৮ সাল থেকে মমতাময় কড়াইল প্রকল্পের রোগী হিসেবে আছি। প্রতি মাসে খাওন দেয়। ঔষধ দেয়। আবার ঈদ আইলে কাপড় দেয়। বাড়িতে সে মাইয়াগুলা (মাঠ কর্মী) দেইখা যায়। বাড়িতে ডাক্তার আসে, নার্স আছে। এইসবই ভালো। কিন্তু খারাপ লাগে যেইটা সেইটা হইলো ওরা যদি আরও বেশি করে বাসায় আইতো, আরেকটু বেশি সেবা পাইতাম। আমি কখনো ভাবি নাই কেউ এমন কইরা নিঃস্বার্থভাবে আমার সেবা করব। আমারে ভালোবাসবো। এই যে ঠ্যাং ভাইঙ্গা গেছে, কামে যাইবার পারি না বাড়ি বইয়া সেবা কইরা যায় এতে অনেক উপকার হয়।”
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের পরিচালিত প্রকল্প মমতাময় করাইলে এ ধরনের বিছানাবন্দী প্রতি রোগীর জন্য একজন মাঠকর্মী নির্দিষ্ট থাকেন। এই মাঠকর্মীদের একটি গাল ভরা নাম আছে। প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট (পিসিএ) বা প্যালিয়েটিভ কেয়ার সহকারী।
বানুর পিসিএ হলেন কুলসুম কোহিনুর। ওনার পরিচয়টা ওনার কাছেই শুনুন, ” আমরা নিয়মিত উনার বাসায় যাই উনাকে দেখে আসি, উনাকে ব্যায়াম করাই। উনার সাথে গল্প করি এগুলো উনার সবচেয়ে বেশি ভালো লাগে। ২০১৫ সালের জুন মাসে মমতাময় করাইল প্রকল্পে চাকরিতে যুক্ত হয়েছি। প্রথমত ভলেনটিয়ার হিসাবে এখানে কাজ করেছি। এরপর ইনটারভিউ ও লিখিত, মৌখিক পরীক্ষার মাধ্যমে পাশ করে এখানে কাজের সুযোগ পেয়েছি। অনার্স পাশ করেছি।”

কবির সুমনের গানের দুটি কলি মনে পড়লো,
“কে বলে হে আড্ডা নাকি কম বয়সের কথকতা
বয়স হলেই বরং জমে আড্ডা এবং নীরবতা
নীরবতার অপর পাড়ে সন্ধ্যে নামার একটু আগে
বয়স হচ্ছে বলেই বোধহয় হাঁটতে হাঁটতে একলা লাগে।”
এই যে যত্ন, সেই সাথে সুশীল সমাজের সাথে সাংস্কৃতিক বৈষম্য, অনাগত মৃত্যু এবং শেষ জীবনের ধারণা নিয়ে বোঝাপড়ার যে জায়গাটা প্যালিয়েটিভ কেয়ার করবার চেষ্টা করছে, সেটি কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যে অনেকটাই ভিন্ন। একটা কথা সুস্পষ্ট যে প্যালিয়েটিভ কেয়ার বিভিন্ন মানুষের সম্মিলিত একটি আন্ত ব্যক্তি প্রক্রিয়া যেখানে শুধু পরিবারের সদস্য নয়, শুধু স্বাস্থ্য পেশাজীবী নয় সমাজের প্রত্যেকটা মানুষের স্টেকহোল্ডার হিসেবে জড়িত থাকা প্রয়োজন।
বানুর দিকে যদি আবার ফেরত আসি, যেই দোকান থেকে তাকে নিয়মিত ফুডপ্যাক দেওয়া হয় সেই দোকানদার কিন্তু লাভটি সীমিত রাখেন। এটাই তার অবদান বানুর প্রতি। পাশ্চাত্যে সেবা দাতা এবং গ্রহীতার সংস্কৃতির সাথে প্রাচ্যের সংস্কৃতির ভিন্নতা সুস্পষ্ট। এখন পর্যন্ত ভৌগোলিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে মমতাময় সমাজভিত্তিক যত্ন আমাদের বাংলাদেশের ঐতিহ্য।
আশা করা যায় প্রাচ্যের রীতি অনুযায়ী বানুর মৃত্যু বাড়িতেই হবে। অথচ প্রথম বিশ্বের দেশগুলো হলে হয়তো হসপিস হতো। পশ্চিমী কেতায় জীবনের শেষ দিনগুলোকে হসপিসে পার করা ভালো নাকি বানুর মতন কুলসুমের সাথে গল্প করতে করতে সামাজিক জীবন থেকে অনন্ত পথে যাত্রা করা ভালো এ নিয়ে বিশেষজ্ঞরা বিতর্ক করতেই পারে।
কিন্তু আপনার আমার সাধারণ মানুষদের ভাবনার জায়গাটা এখন থেকেই তৈরি হওয়া প্রয়োজন। নিজের চোখে আয়না ধরা প্রয়োজন যে আমি কোথায় মারা যেতে চাই?
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ গণমানুষের জীবনের লেনদেনকে মর্যাদার সাথে সমাজে অধিষ্ঠিত করতে ধীরে ধীরে যুথবদ্ধ হচ্ছে। তাই আপনাকেও আজ খুব প্রয়োজন এই জন্য। সাথে থাকুন।
লেখক:
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
সদস্য সচিব
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ
** ব্যবহৃত ছবি প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ-এর সৌজন্যে ও অনুমতিক্রমে প্রকাশিত।