প্রান্তিকজন কহে …

Comments

। ডা. সানজিদা শাহরিয়া ।

সপ্তদশ পর্ব

“সবাই পৃথিবীকে বদলানোর কথা ভাবে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না।”
— লিও টলস্টয়

লিপস্টিক

আরিফা আক্তার সেরিব্রাল পালসিতে ভুগছে। নানা-নানি আর একজন ছোট মামাকে নিয়ে তার পরিবার। এই পরিবারটির মাসিক আয় ১০ হাজার টাকা। আরিফা ২০১৬ সাল থেকে মমতাময় কড়াইল প্রকল্পের রোগী হিসেবে নিবন্ধিত। বহু আগেই বাবা মার ছাড়াছাড়ি হয়ে গেছে। বাবা বিয়ে করে অন্যত্র। মা-ও বিয়ে করে অন্যের সংসারে। আরিফা স্পষ্ট কথা বলতে পারে না। “যাও, কোলে” এরকম ছোট ছোট শব্দেই ওর কথা সীমাবদ্ধ। মমতাময়ী কড়াইল প্রকল্পের মাঠকর্মী মাজেদা আফরিন মিম আরিফাকে নিয়মিত হোমকেয়ার দেন। মিমের কোলে ওঠার জন্য আরিফা ভীষণভাবে আগ্রহী। আরেকটি শর্ত আছে, মমতাময়ী কড়াইলের আনন্দ প্রোগ্রামে (শিশুদের ডে- কেয়ার) আরিফাকে আনলেই মাজেদা লিপস্টিক দিয়ে দেন। কারণ আরিফা সাজুগুজু ভীষণ পছন্দ করে।

মাজেদার গল্পটি এরকম, “আমি প্যালিয়েটিভ কেয়ার সহকারী হিসেবে মমতাময়ী কড়াইল প্রকল্পে ২০১৫ সালের জুন মাসে ঢুকেছি। প্রথমে বেশ কিছুদিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি। পরে যখন প্রকল্পটিতে মাঠকর্মী নিয়োগ দেওয়া হয় তখন সিভি জমা দেই। আমাকে পরীক্ষার জন্য ডাকা হয়। নির্বাচিত হলে ছয় মাসের ট্রেনিং দেওয়া হয় তারপরে সার্টিফিকেট পাই। তখন আমি ম্যাট্রিক পাস ছিলাম। এখন  অনার্স পাশ করেছি।”

মাজেদা আর আরিফার ভাষাগত আদান-প্রদান ক্ষীন হলেও গল্প হয় প্রচুর। অনেকটা রবি ঠাকুরের ভাষার মতন, “ভাষা হারা মম নীরব বেদনা, প্রকাশেরও লাগি করেছি সাধনা।”

আজকের গল্পটি আরিফার নানুর ভাষায়, “মমতাময়ী কড়াইল প্রকল্প থেকে ২০১৬ সালে একটি জরিপ চালানো হয় সেই জরিপের মাধ্যমেই এনাদের কথা জানতে পারি। এখান থেকে মাসিক ফুড প্যাক, ওষুধ, বাসায় এসে রোগী দেখে যাওয়ার সেবা, ডাক্তারের ভিজিট, নার্সের ভিজিট, ফিজিওথেরাপি সবই বিনামূল্যে পাই। ঈদ উপহার এবং অন্যান্য সহযোগিতাও তখন থেকে এখন পর্যন্ত নিয়মিত পাচ্ছে আরিফা। সব থেকে বেশি ভালো লাগে আনন্দ প্রোগ্রাম কারণ সেই একটা দিন অন্য বাচ্চাদের সাথে আরিফা খেলাধুলা করে বাসায় একা থাকার সময়টা এই একদিনের জন্য কিছুটা হলেও ভুলে থাকে। তবে এই প্রকল্প আমার ভাবনার জায়গায় কোন পরিবর্তন আনেনি।”

আরিফা নানুর ভাবনার জায়গায় এই যে পরিবর্তন আসে নাই এই কথাটি কিন্তু আমাদের ভাবনার বিষয়। কারণ একটি জিনিস তখনই স্থায়ীকরণ হয় যখন সেটা মানুষের ভাবনায় দাগ কাটে। নাতনির সেবা পাওয়া এক জিনিস, অভাবের সংসারে দু’মুঠো অন্ন, চিকিৎসা সেবা নিজের জন্য এক জিনিস কিন্তু সমাজের সমষ্টিগত মানুষের জন্য এটা সুনিশ্চিত করতে ভাবনার জায়গার পরিবর্তন জরুরী।

একটা জিনিস খেয়াল করা দরকার। সেটি হল আমাদের পাঠ্যপুস্তকগুলো পাশ্চাত্যের প্রতিষ্ঠান কেন্দ্রিক মডেলে তৈরি। যেখানে সুশোভিত হাসপাতালে রোগীকে যত্নের সাথে চিকিৎসা দেয়া হয়। এই চিকিৎসা সেবার নেতৃত্বে আছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীবৃন্দ। এসব জায়গায় সমাজের ভূমিকা খুবই ক্ষুদ্র।

কিন্তু আমাদের মতন ঘনবসতিপূর্ণ দেশে হাসপাতালের বিছানা, চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর সাথে সাথে মানুষের ক্রয় ক্ষমতা সীমিত। কাজেই আমাদের এইসব নিরাময়ে অযোগ্য মানুষগুলোর সেবার জন্য আমাদের নিজেদের মডেল তৈরি এখন সময়ের দাবি।

পালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ ধীরে ধীরে যুথবদ্ধ হচ্ছে গণমানুষের জীবনের লেনদেনকে মর্যাদার সাথে সমাজে অধিষ্ঠিত করতে। তাই আপনাকেও আজ খুব প্রয়োজন এই জন্য। সাথে থাকুন। আগামী পর্বে শুরু হবে আরেক নতুন গল্প।

লেখক:
Sanjida Shahria03
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
সদস্য সচিব
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ

** ব্যবহৃত ছবি প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ-এর সৌজন্যে ও অনুমতিক্রমে প্রকাশিত।

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট