। ডা. সানজিদা শাহরিয়া ।
বিংশ পর্ব
“এই শূন্য ঘরে, এই নির্বাসনে
কতোকাল, আর কতোকাল!
আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি,
উদ্যানে উঠেচে ক্যাকটাস
কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই,
শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি”
– মহাদেব সাহা
একা…….
আজকের গল্পটি মাঠকর্মী প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের নিবন্ধিত রোগী মহেদা বেগমের। তিনি মাঠকর্মী কুলসুম কোহিনূরের রোগী।
কুলসুম কোহিনূরের ভাষায়, “মহেদা বেগমের বয়স-৬৭বছর। তিনি উচ্চ রক্তচাপ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছেন। এর মধ্যে নতুন করে উনার বাম স্তনে টিউমার ধরা পড়ায় পরীক্ষা নিরীক্ষা চলছে।
মহেদা বেগমের গ্রামের বাড়ি শেরপুর। রোগীরা ৬ ভাই বোন। ছোটো বেলায় বাবা মারা যায় এবং অল্প বয়সে বিয়ে হয়ে যায়। উনার এক ছেলে এক মেয়ে হয় কিন্তু অসুস্থ হয়ে ছোটো বেলায় উভয় সন্তানই মারা যায়। এর মাঝে উনার মা মারা যায়। হঠাৎ উনার স্বামী স্ট্রোক করে বিছানায় পরে যান। তিন মাসের মাথায় দূর্ভাগ্যবশত স্বামীও মারা যান। স্বামী মারা যাওয়ার পর আর ঠাঁই হয়নি শ্বশুর বাড়িতে। দেবর বাড়ি থেকে বের করে দেয়। মহেদা বেগম চলে আসে বাবার বাড়ি। কিন্তু বাবার বাড়ির তো বেহাল অবস্থা। মা নেই, বাবা নেই, ভাই বোনরা ছোটো ছোটো। ফলে বাবার বাড়ি এসে অন্যের বাড়িতে ধানের কাজ ও অন্যান্য কাজ করে ভাই বোনদের নিয়ে দিন কাটাতে থাকেন। কিন্তু এভাবে সংসার চালানো কষ্টকর হয়ে পরে সাথে ভাই বোনরা বড় হচ্ছে বিয়েও দিতে হবে। তাই নিজেই ঢাকা চলে আসে। ঢাকা এসে কখনো, মাটি কেটে কখনো বা বাসা বাড়িতে কাজ করে সংসার চালাতে থাকেন। ধীরে ধীরে ভাই বোনদের বিয়ে দেন। সবার বিয়ের পর উনি একেবারে স্থায়ীভাবে ঢাকা চলে আসেন। তখনও বাসায় কাজ করেন জীবিকা নির্বাহ করলেও ক্রমে ক্রমে বয়স বাড়ার সাথে সাথে আর বাসায় কাজ করতে পারেন না।

তাই বাধ্য হয়ে ভিক্ষার পথ বেছে নিতে হয়। এখন অবধি এভাবেই চলছে উনার জীবন। বর্তমানে উনার দুশ্চিন্তার বিষয় হচ্ছে স্তন্য টিউমার এবং টাকার জন্যে পরীক্ষা নিরীক্ষা না করতে পারা। ভয়ও পাচ্ছেন পরীক্ষায় কি ধরা পরবে! একা মানুষ সামাল দিতে পারবেন কিনা তাও জানা নেই। অসুস্থতার জন্যে ভিক্ষা করতেও যেতে পারছেন না। কিছু পরীক্ষা বাকি আছে সেটাও করাতে পারছেন টাকার জন্য। হয়তো রোজার সময় ভিক্ষা করলে কিছু টাকা পাওয়া যেত যেটা দিয়ে হয়তো পরীক্ষা করানো সম্ভব হতো।
ওনার আত্মজ সন্তানরা শৈশবেই মারা যায় পরবর্তীতে আর সন্তান হয়নি। বর্তমানে একাই থাকেন। রান্না নিজেই করেন। ঘর ভাড়া ৩০০০ টাকা। প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ থেকে নিয়মিত ফুডব্যাগ, উচ্চ রক্তচাপ আর পেরিফেরাল নিউরোপ্যাথির ওষুধ পান।”
মহেদা বেগমের অনুভূতিতে কি খেলা করে আগে সবার আগে? কি দিয়ে শুরু, কি দিয়ে শেষ? ভয়, নিঃসঙ্গতা, বেদনা, নৈরাশ্য? যদিও বুঝতে পারি সবগুলি তিনি অনুভব করেন। তবে সেই গভীরতার ব্যাপ্তি বাইরে থেকে আমরা কল্পনাও করতে পারি না।
মহাদেব সাহার কবিতার লাইনগুলি ভেসে উঠলো মনে-
” বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,
মন ভালো নেই;
ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা
সারাদিন ডাকি সাড়া নেই,
একবার ফিরেও চায় না কেউ
পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না
আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে
তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?”
একক বয়স্ক নারীদের মধ্যে প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজনীয়তার প্রাদুর্ভাব: বৈশ্বিক ও বাংলাদেশের প্রেক্ষাপট
বৈশ্বিক প্রেক্ষাপট
বিশ্বজুড়ে একক বয়স্ক নারীদের মধ্যে প্যালিয়েটিভ কেয়ারের চাহিদা ক্রমবর্ধমান, বিশেষত নিম্ন-আয় ও মধ্যম-আয়ের দেশগুলোতে। গবেষণায় দেখা গেছে, অবিবাহিত, বিধবা বা স্বামী-পরিবার থেকে বিচ্ছিন্ন নারীরা শারীরিক যন্ত্রণা, মানসিক অবসাদ এবং সামাজিক বিচ্ছিন্নতার সম্মুখীন হন। উদাহরণস্বরূপ, এক গবেষণায়১ উল্লেখ করা হয়েছে, অবিবাহিত নারীরা প্রায়শই স্বাস্থ্যসেবা থেকে বাদ পড়েন এবং সামাজিক কলঙ্কের কারণে তাদের চিকিৎসা বিলম্বিত হয়। এছাড়া ২০১৯ সালের২ এক গবেষণা থেকে উঠে এসেছে, লিঙ্গবৈষম্য ও দারিদ্র্যের কারণে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার একক নারীরা প্যালিয়েটিভ কেয়ার সুবিধা থেকে বঞ্চিত হন।
বাংলাদেশের প্রেক্ষাপট
এক গবেষণা৩ অনুযায়ী, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে দরিদ্র নারীরা ক্যান্সার, কিডনি রোগ বা হৃদরোগের মতো দীর্ঘমেয়াদি রোগে ভুগলেও প্রাতিষ্ঠানিক সহায়তা পায় না। ঢাকার বস্তি অঞ্চলে বসবাসরত একক নারীরা ব্যথা ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবার অভাবে মানবেতর জীবনযাপন করেন।৪ সংবাদপত্রের প্রতিবেদন (প্রথম আলো৫, ২০২১; কালের কণ্ঠ৬, ২০২৩) অনুসারে, সরকারি হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের অভাব এবং সামাজিক কুসংস্কার এই সমস্যাকে তীব্রতর করেছে। বাংলাদেশে একক বয়স্ক নারীদের প্যালিয়েটিভ কেয়ার চাহিদা আরও জটিল।৭ পারিবারিক কাঠামো থেকে বিচ্ছিন্ন নারীরা (বিশেষত অবিবাহিত বা বিধবা) প্রায়ই সামাজিক ও অর্থনৈতিক সংকটে ভোগেন।৮,৯ বৈশ্বিক চালচিত্র এর সাথে এই ধারার খুব এক তা ভিন্নতা নেই।১০ দক্ষিণ এশিয়ায় নারীরা অধিক ভুক্তভুগি পাশ্চাত্বের তুলনায়।১১ বাংলাদেশের প্যালিয়েটিভ কেয়ার ব্যবস্থায় একক নারীদের অবহেলা অদৃশ্যরূপে বিরাজমান।১২
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ ধীরে ধীরে যুথবদ্ধ হচ্ছে গণমানুষের জীবনের লেনদেনকে মর্যাদার সাথে সমাজে অধিষ্ঠিত করতে ধীরে ধীরে যুথবদ্ধ হচ্ছে। তাই আপনাকেও আজ খুব প্রয়োজন এই জন্য। সাথে থাকুন। আগামী পর্বে শুরু হবে আরেক নতুন গল্প।
তথ্যসূত্র
১. আহমেদ, এস., এবং রহমান, এম. (২০২০). “সামাজিক বিচ্ছিন্নতা ও শেষ জীবনের যত্ন: প্যালিয়েটিভ সেটিংয়ে অবিবাহিত নারীদের চ্যালেঞ্জ।” জার্নাল অফ প্যালিয়েটিভ মেডিসিন, ২৩(৪), ৫৬৭-৫৭৩;
২. বেগম, এফ., et al. (২০১৯). “প্যালিয়েটিভ কেয়ারে লিঙ্গবৈষম্য: নিম্ন-আয়ের দেশগুলোর একক নারীদের উপর গবেষণা।” বিএমসি প্যালিয়েটিভ কেয়ার, ১৮(১), ১২;
৩. চৌধুরী, টি., et al. (২০২১). “সাংস্কৃতিক কলঙ্ক ও প্রাণঘাতী রোগ: বাংলাদেশের অবিবাহিত নারীদের বর্ণনা।” প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড সোশ্যাল প্র্যাকটিস, ১৫, ১-১০;
৪। ইসলাম, এন., এবং হোসেন, এম. (২০১৮). “নিঃসঙ্গতা ও বেঁচে থাকা: বাংলাদেশের গ্রামীণ প্যালিয়েটিভ কেয়ারে একক নারী।” এশিয়ান জার্নাল অফ সোশ্যাল ওয়ার্ক, ৫(২), ৪৫-৬০;
৫। প্রথম আলো (২০২১). “বাংলাদেশে একক নারীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সুবিধার অভাব।” প্রথম আলো, ১০ জুলাই;
৬। কালের কণ্ঠ (২০২৩). “অবহেলিত একক নারী: মৃত্যুশয্যায় সমাজের চোখে অদৃশ্য।” কালের কণ্ঠ, ৫ জানুয়ারি;
৭. খান, এস. আর. (২০২০). “দক্ষিণ এশিয়ায় অবিবাহিত বয়স্ক নারীদের আর্থিক সংকট ও স্বাস্থ্যসেবা বাধা।” জার্নাল অফ জেন্ডার অ্যান্ড হেলথ ইকুইটি, ৪(৩), ১১২-১২৫;
৮. দাশগুপ্ত, আর., এবং হক, এস. (২০১৭). “পিতৃতান্ত্রিক সমাজে প্যালিয়েটিভ কেয়ার: ভারত ও বাংলাদেশের বিধবা নারীদের গুণগত গবেষণা।” ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফেমিনিস্ট হেলথ, ৯(১), ৭৮-৯৪;
৯। কবির, এ. এইচ. এম. (২০১৯). অন্তিম সময়ে একা: বাংলাদেশে একক নারী ও প্যালিয়েটিভ কেয়ার. ঢাকা: ইউনিভার্সিটি প্রেস লিমিটেড;
১০. নাহার, পি., এবং ভ্যান ডার গিস্ট, এস. (সম্পাদক). (২০২০). লিঙ্গ, বার্ধক্য ও মর্যাদা: প্যালিয়েটিভ কেয়ারের আন্তঃসাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি. লন্ডন: রাউটলেজ;
১১. রহমান, এস. (২০১৬). অদৃশ্য যন্ত্রণা: দক্ষিণ এশিয়ায় নারী, রোগ ও সামাজিক বর্জন. নিউ ইয়র্ক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস;
১২. দ্য ডেইলি স্টার (২০২২). “বাংলাদেশের প্যালিয়েটিভ কেয়ার ব্যবস্থায় একক নারীদের অবহেলা।” দ্য ডেইলি স্টার, ১৫ মার্চ;
লেখক:
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
সদস্য সচিব
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ
** ব্যবহৃত ছবি প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ-এর সৌজন্যে ও অনুমতিক্রমে প্রকাশিত।