মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানীর অভিযোগে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেডের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ। প্লাস্টিক দানার ঘোষণা দিয়ে সৌদি আরবের জেবেল আলী ব্র্যান্ডের সিমেন্ট আমদানী করে প্রাণ ডেইরি প্রায় তিন কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল বলে কাস্টমস সূত্রে জানা যায়।
বুধবার, ১২ জুন, ২০১৯, চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী শুল্ক কর্মকর্তা মনিরুজ্জামান সজিবের দায়েরকৃত মামলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সাধন কুমার কুন্ডু। তিনি বলেন, ‘শুল্ক ফাঁকির অভিযোগ তদন্তে যদি মানি লন্ডারিং কিংবা এ সংক্রান্ত ফৌজদারি কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে থানায় নিয়মিত মামলা হবে।’
মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ চট্টগ্রাম বন্দরের একটি ইয়ার্ডে প্রাণ গ্রুপের আমদানী পণ্যবোঝাই ৩০টি কনটেইনারের ফিজিক্যাল পরীক্ষা শেষে সেখানে ঘোষণা বর্হিভূত পণ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ। এরপর সেগুলোর খালাস স্থগিত রেখে জব্দের নির্দেশ দেওয়া হয়।
দুবাই থেকে প্রাণ ডেইরি লিমিটেডের নামে ৩০ কনটেইনারের এই চালানটি গত ২৬ মে চট্টগ্রাম বন্দরে আসে। ওইদিনই চালান খালাসের জন্য নথিপত্র জমা দেয় আমদানীকারী প্রতিষ্ঠান। চালানে পাঁচ লাখ ৬৬ হাজার ডলার (প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা) মূল্যের ৫১০ মেট্টিক টন প্লাস্টিক দানা আমদানীর ঘোষণা দেওয়া হয়।
কাস্টমস কর্মকর্তাদের ভাষ্যমতে, ঈদে সরকারী বন্ধের সময় ৬ জুন রাতে তারা কনটেইনার খালাসের চেষ্টা করে। এসময় কাস্টমস কর্মকর্তারা দুটি কনটেইনার খুলে সিমেন্টের বস্তা দেখতে পান। তখন সেগুলোর খালাস বন্ধ ঘোষণা করা হয়।
বাঙালীয়ানা/এসএল