সোলজার সোলজার
আমাকে ক্ষমা করো
হে দূরতম বৈঠকি সন্ধ্যা
অকাতরে ডুবে যাওয়া নিমগ্ন নিশ্বাস
জটিল হিসাব-নিকাশ, লেন-দেন স্বচ্ছতা
অকল্পনীয় আঁকাবাঁকা ঘোর
ত্রিকালদর্শী জাদুকর হে
হে বৈঠকি সন্ধ্যা, দেখে যাও এসে
ঘরে ফিরে আসা উৎসব কেমন লণ্ডভণ্ড
অন্ধ দাবাড়ু কেমন চাল দেয় একরোখা
আগুন দেখে মাটির কাছাকাছি মন চায় যেতে
চারদিকে চিৎকার
সোলজার! সোলজার!! রাজাকে রক্ষা করো
অনেক যুদ্ধ শেষে জয়-পরাজয় নিয়ে
চলে যাওয়া রাজার প্রেমিকা ডাকে–
সোলজার! সোলজার!! রাজাকে রক্ষা করো
হেঁটে যাওয়া শান্ত হয়ে আসে
কিছুই চিনতে পারছি না, অচেনা গহন
চারদিকে অক্সিজেন স্যালাইন প্রান্তর
ঝুঁকি নিয়ে ঝরে পড়ছে শিশির সমুদ্র
আমাকে আগুনে রাখো
রাখো দূরতম বৈঠকি সন্ধ্যায়
অনেক দীর্ঘশ্বাসের পর জেনেছি
রাজা নয়, রানি নয় আমি এক সোলজার!

প্ল্যাস্টিকের মানুষ
ছুঁতে দাও গনগনে ঠোঁট
ধরতে দাও সপ্রাণ দুটো হাত
সারাটা দিন পথে পথে ঘুরে
আগুনের গোলা গিলে নিয়ে
মৃত্যুমাখা সোরগোল দুহাতে ঠেলে
এসেছি যখন, আমাকে ছুঁতে দাও
নতুন করে
এই ভরা গ্রীষ্মের দাবদাহে
উড়ছে মৃদঙ্গের ডানা চারদিকে
জাদুকাঠি দিয়ে জাদু দেখাও তারে
খুলতে দাও শতাব্দীর রুদ্ধ তালা
হাত পেতে এই নাও সৌমকুসুম
ওগো, পরদেশী
তোমার চোখ নড়ে না
হাত ওঠে না বাড়িয়ে দিতে
টপটপ ঝরে পড়ে রক্তধুলোর গান
শীতল চাহন দিয়ে কিছুই দেখ না
প্ল্যাস্টিকের মানুষ উড়ছে আকাশে আকাশে
তাদের হৃদয় আছে কী নেই চলো খুঁজে আসি
হয়তো একদিন
খোলস ভেঙে বেরিয়ে আসবে চির মানুষ

ভোরের অনুবাদ হয়ে নেমে আসুক
কোনোভাবেই আমি বড়ো হওয়া শিখতে পারিনি
খর্বকায় আলো-আঁধারে নিঃশব্দ শক্তির খেলায়
পাল তুলে ভেসে যায় অদেখা মহাযাত্রা
বছরের পর বছর ঘুরে যায়, আসে
তোমাদের ঠাকুর ঘরে কারা কারা চুরিতে ছিল
তাদের তালিকা কি করেছো
মাদ্রাসা মাদক মাতাহারি মায়েদের হাতে হাত রেখে
নিরাপদ থাকবে বলে কথা দিয়ে যায়, তারপর
বুকে বেঁধে ভয়ানক প্রতিধ্বনি ঝাঁপ দেয় গভীর কুয়ায়
তাহলে আমাদের কী হবে!
মহাকাল নগ্নপাঠ, আকণ্ঠ চিৎকার, উত্তপ্ত অনুপ্রাস
এসবের কিছুই শিখতে পারিনি যারা তাদের কী হবে!
সাঁঝমাখা সন্ধ্যা নামে, জ্বলে ওঠে মিটমিট তারা
ও মাঝি খেলা শেষ করো, চলো ফিরি এবার
আসন্ন পৃথিবীর আলো ভোরের অনুবাদ হয়ে নামুক
ফিরে চলো আঁধার সাঁতার শেষে, জাগৃতি আয়োজনে
অনেক তো বেচাকেনা হলো

ভোজবাজি খেলা শেষে
চমৎকার!
বলেই সে হেসে ফেলে
কতদূর যাবার কথা
কীইবা বলার বাকি
ফাঁকি ফাঁকি সব ফাঁকি
চমৎকার!
এই ভাগ্যে আছে ট্রলবাজি
সজনে গাছের ছায়া এবং
দূর অতীতের শীতলতা
হৃদয়রেখার নিচে চুপচাপ
শুয়ে থাকা বিষুবরেখা
গোলমাল বেঁধে যায়
শিররেখা মাথা তুলে দাঁড়ায়
সব গোলমাল বেঁধে যায়
সারাক্ষণ টানটান
সময়ের অপূর্ণতা, অন্যায়-তাপ
পুড়ে যায় তামাটে চামড়া
ভোজবাজি খেলা শেষে
জাগতিক বিষপান, অমরত্ব
আহা খেলাগুলো চিনে নিয়ে
ওই যে চলেছে অমলিন অশ্লীলতা
তার ঘোর ভাঙুক এবার
বুকের উপর দাঁড়াক এসে
দমান্ধ সময়ের সম্ভ্রম দীর্ঘশ্বাস
যে মন্ত্র ভুলে গেছি, ক্ষতি নেই
আগুনে পুড়ে পুড়ে
একদিন ঠিকই মনে পড়ে যাবে তা

হাসপাতালে এলে হুইসিল শুনি
হাসপাতাল হেঁটে যায় হুইসিল দিতে দিতে
আগামীকাল এসো, তুমিও শুনতে পাবে
ঝরোকা! ও ঝরোকা
দুচোখের পাতায় সাজানো সিঁড়িগুলো
যেভাবে উঠে গেছে সেভাবে বেড়ে ওঠা আলিঙ্গন
মাথা নেড়ে একটানা পাঠ করে অসুস্থতার পুঁথি
সাথে সাথে বেজে ওঠে আরেকটি সাইরেন
হাতিরঝিল ধরে হেঁটে যাই
চুপিচুপি কেউ বলে, ভালো থেকো!
বাতাসের আলিঙ্গন উত্তাল শুক্রবার
দূর থেকে আজান ভেসে আসে
বর্ষীয়ান কেউ এসে বলে–
সবার জন্য অনেক দোয়া আছে!
হয়তো আছে, হয়তো নেই
হাসপাতালে এলে শুধু হুইসিল শুনি
ঘন ঘন নিশ্বাস, একাগ্র ঊর্ধ্বশ্বাস
আমাকেও দোয়ায় রেখো হে প্রিয় প্রকৃতি

লেখক:
ফেরদৌস নাহার
ফেরদৌস নাহার বাংলা ভাষার একজন কবি, প্রাবন্ধিক ও সংগীত রচয়িতা। জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের রাজধানী ঢাকায়। প্রকাশিত বই– ১৮টি কবিতার ও ৩টি প্রবন্ধের। আরো প্রকাশিত হয়েছে ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ কবিতার বই। এছাড়া বাংলাদেশ ও ভারত থেকে অসংখ্য যৌথ কবিতা সংকলন।
কবিতার পাশাপাশি ছবি আঁকেন। মন চাইলে বেরিয়ে পড়েন। বইপড়া, ভ্রমণ ও কফি শপে আড্ডা তার খুব প্রিয়। বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড সংগীতের দল ‘মাইলস’-এর অনেকগুলো জনপ্রিয় গানের রচয়িতা তিনি।
বর্তমানে কানাডার টরন্টোতে বসবাসরত। ভালোবাসেন প্রকৃতি ও মানুষ। কবিতার জন্য পেয়েছেন ‘কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার ২০২২’ এবং অনুপ্রাণন সম্মাননা ২০২২।
আকাশের ঠিকানা : [email protected]