আইয়ুব বাচ্চুর সহকারী রুবেল স্কয়ার হাসপাতালে অনবরত কান্না করেই যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত তার ছায়া সঙ্গী হয়েই থাকতেন রুবেল। তার মৃত্যু যেন কোন ভাবেই মেনে নিতে পারছেন না রুবেল।
আইয়ুব বাচ্চুকে যারা চিনেন তারা রুবেল কেও চেনেন খুব ভালোভাবে। ৮ বছর ধরে বাচ্চুর সহকারী হিসেবে কাজ করছেন তিনি। যেখানে যেতেন সেখানেই ছায়ার মতো দেখা যেত রুবেলকে। তার হাতেই থাকতো বাচ্চুর দৈনিক কর্মপরিকল্পনা ।
কান্না জড়িত কন্ঠে রুবেল বলছিলেন, ‘আমি বুঝতেই পারছি না নিজেকে কিভাবে শান্ত রাখবো। উনি আমার অভিবাবক, উনি আমার বাবার মতো ছিলেন। কত মানুষ স্বপ্ন দেখেছে তাকে একনজর দেখার। আর তিনি আমাকে তার সঙ্গী করে নিয়েছিলেন। কত আদর, কত স্নেহ দিয়েছেন তিনি আমাকে। সেই তিনি আমার কোলেই ঢলে পড়লেন। ‘
তিনি আরও বলেন, ‘বাচ্চু ভাই রংপুরে শো করেছেন ১৬ তারিখ। তখন থেকেই বলছিলেন শরীরটা ভালো লাগছে না। তবে এতটা খারাপ সেটা আন্দাজ করি নি। আজ সকালে হঠাৎ আমাকে ডাকলেন। বললেন শরীরটা খুব খারাপ লাগছে। হাসপাতালে যাওয়া দরকার। বলতে বলতেই দেখলাম পড়ে যাচ্ছেন, ধরতে গেলাম আমার কোলে মাথা রেখে জড়িয়ে ধরলেন। চুপচাপ, মুখে ফেনা বের হচ্ছিল। তারপর ধরে ভাইকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার বললেন, বাচ্চু ভাই বাসাতেই মারা গেছেন। ‘
প্রিয় বাচ্চু ভাইকে হারিয়ে কান্নারত রুবেল কে সান্তনা দেওয়ার মতো কেউ নেই। কেউ দিবেন ? আইয়ুব বাচ্ছুকে হারানোর শোকে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে আছেন। একজন আইয়ব বাচ্চুকে হারানোর যে কোন সান্তনা হয় না। কিংবদন্তীরা হয়তো এমনই হন।
বাঙালীয়ানা/এইচকে/জেএইচ