প্রথম পর্ব
। জুলফিকার নিউটন ।
ইংরেজি Culture শব্দের অনুবাদই সংস্কৃতি। যদিও ইংরেজি ‘কালচার’ এবং বাংলা ‘সংস্কৃতি’ একই অর্থ বহন করে না। সংস্কৃতি শব্দটা অতি প্রাচীন ধর্মীয় অর্থে ব্যবহার হতো, এখন নতুন অর্থে ব্যবহার হচ্ছে। আগে Culture অর্থে কেউ কেউ বলতেন কৃষ্টি। তার মধ্যে কর্ষণ বা কৃষ্টির ভাব আছে। সংস্কৃতি শব্দটা রবীন্দ্রনাথ নতুনভাবে ব্যবহার করতে থাকেন। কৃষ্টি হল নুতন নুতন উন্মেষ, Culture এ তার ভাব আছে। সংস্কৃতি হল যা হয়ে আছে, তাকে পরিশুদ্ধ করা একটা Crude জিনিসকে Refinement এ আনা। সংস্কৃতি বলতে নুতন নুতন উন্মেষ বোঝায় না। Culture এর আওতায় আছে বিজ্ঞান, দর্শন, চিত্রকলা, ভাস্কর্য, সাহিত্য, সঙ্গীত– এ ধরনের সব জিনিস, যা কর্ষণ করতে হয়। আর বাঙালির সংস্কৃতি বলতে বাঙালির দ্বারা সৃষ্ট, আবিষ্কৃত, বা রচিত, গ্রথিত, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য, নাটক, নৃত্য ইত্যাদি সকলই হল বাঙালির সংস্কৃতি।
রবীন্দ্রনাথ ‘কালচার’ অর্থে বুঝতেন শিল্পের সাহিত্যের, ভব্যতার ভদ্রতার নিরন্তর পরিশীলন। ত্রিশের শেষে এদেশে রাজনৈতিক আন্দোলনের সূত্রে ‘কালচার’ শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে ‘কৃষ্টি’ শব্দের ব্যবহার রবীন্দ্রনাথকে প্রসন্ন করেনি। সংস্কৃতে ‘কৃষ্টি’ শব্দ কর্ষণের ব্যঞ্জনা বহন করে। ইংরেজি কালচার জোড়কলম শব্দ হিসেবে ব্লাড কালচার, এগ্রিকালচার অনেক কিছুই বোঝায়। রবীন্দ্রনাথ কালচার অর্থে কর্ষণের ব্যঞ্জনায় কৃষ্টি অপেক্ষা সংস্কৃতি শব্দটিকে গ্রহণীয় মনে করেছিলেন। তাঁর এই অভিপ্রায় বাঙালি মেনে নিয়েছে। কিন্তু সংস্কৃতি অর্থে আমরা জেনেছি মানবজমিনের উর্বরতা সাধন, কর্ষণ এবং শ্রেষ্ঠ ফসল ফলানো।
সংস্কৃতি সম্পর্কে কথা বলা একটু কঠিন। কঠিন এই কারণে যে, সংস্কৃতিকে ধরা যায় না; ছোঁয়া যায় না, কঠিন তরল বা বায়বীয় কোনো পদার্থের মতো সংস্কৃতিকে পঞ্চেন্দ্রিয় দিয়ে পাওয়া যায় না। তবু সংস্কৃতি বলে একটা কিছু যে আছে তা চেতনাসম্পন্ন যে কোনো ব্যক্তিই উপলদ্ধি করেন এবং অনুভব করেন। সংস্কৃতি বিমূর্ত বিষয়– উপলদ্ধির বিষয়, অনুভবের বিষয়, হৃদয় এবং বুদ্ধি দিয়ে বুঝবার বিষয়। সংস্কৃতির কোনো বস্তুগত অস্তিত্ব না থাকার ফলে সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা অনেকটা অন্ধের হস্তীদর্শনের মতো ব্যাপার। সংস্কৃতি সম্পর্কে আমরা যতই আলোচনা করি, যতই মত–বিনিময় কবি, মনে হয়, কোনো দুই জন ব্যক্তির ধারণাই এ–সম্পর্কে হুবহু এক হবে না। কাজেই আমি যা বলবো, তাও–যে আপনারা সবাই মেনে নেবেন, তেমন ভরসা আমার নেই। সংস্কৃতিকে যদিও ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কোনো বস্তুর মতো মূর্তিমান দেখা যায় না, তবু মানুষের সমস্ত কর্মকাণ্ডের মধ্যেই– অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, নৈতিক, ধর্মীয়, ব্যবহারিক, পারিবারিক, ব্যক্তিগত ইত্যাদি সকল কর্মকাণ্ডের মধ্যেই তার সংস্কৃতি নিহিত থাকে। সত্য, সুন্দর এবং মঙ্গলের প্রতি মানুষের যে প্রবণতা– মানুষ সচেতনভাবে চেষ্টার দ্বারা যে সৌন্দর্যচেতনা, কল্যাণবুদ্ধি ও শোভন জগৎদৃষ্টি অর্জন করতে চায় তাকেই হয়তো তার সংস্কৃতি বলে অভিহিত করা যায়।
সংস্কৃতি হলো মানুষের অর্জিত আচরণ, পরিস্রুত জীবনচেতনা। জীবিকা–সম্পৃক্ত ও পরিবেষ্টনী–প্রসূত হলেও প্রজ্ঞা ও বোধিসম্পন্ন ব্যক্তিচিত্তেই এর উদ্ভব এবং বিকাশ– ব্যক্তি থেকে ক্রমে সমাজে এবং সমাজ থেকে বিশ্বে তা হয় ব্যাপ্ত। চিন্তায়, কর্মে ও আচরণে জীবনের সুন্দর, শোভন, পরিশীলিত ও পরিমার্জিত অভিব্যক্তিই সংস্কৃতি। আত্মসম্মানবোধ, সহিষ্ণুতা, যুক্তিনিষ্ঠা, উদারতা, কল্যাণ বুদ্ধি ও মহত্ত্বই সংস্কৃতিবানের চারিত্রিক বৈশিষ্ট্য। অনুকৃত বা অনুশীলিত হয়ে সংস্কৃতিবানের কাছ থেকে সংস্কৃতি সমাজে, দেশে সংক্রমিত হয় এবং তখন তা পরিচিত হয় দেশীয় বা জাতীয় সংস্কৃতি নামে। বাঙালি সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, বৌদ্ধ সংস্কৃতি, ইউরোপীয় সংস্কৃতি, মধ্যযুগের সংস্কৃতি ইত্যাদি কথার তাৎপর্য এভাবেই বুঝতে চেষ্টা করতে হবে।
নির্ভেজাল মানব সংস্কৃতির কথা আমরা আজো ভাবতে পারি না। সম্প্রদায়–চেতনার কূপমণ্ডুকতা আজো আমাদের আচ্ছন্ন করে রাখে। বাঙালি সংস্কৃতির আলোচনা যখন শুনি, তখনো, মিথ্যা আস্ফালন আর অতীত নিয়ে অযথা গর্বে বুক স্ফীত করা চেষ্টা দেখতে পাই। ভাবটা এমন যেনো সংস্কৃতি একটা জিয়ল মাছ। রক্ষা করার চেষ্টার মধ্য দিয়ে জিয়ল মাছের মতো সংস্কৃতির রক্ষা করা যায় না। সংস্কৃতি বহতা নদীর মতো প্রবহমান– গতিশীল নতুন নতুন সৃষ্টির মধ্য দিয়ে সংস্কৃতির প্রবাহ সচল থাকে। সেই চলমানতার প্রয়াস চালালে, নুতন সৃষ্টি দিয়ে কিংবা কল্যাণকর অনুকৃতি দিয়ে সংস্কৃতিকে সজীব রাখতে পারলেই আমরা কল্যাণবুদ্ধির পরিচয় দেবো। সৃষ্টির ধারায় নুতনকে গ্রহণ করতে হবে। পৃথিবীর সকল জাতির সকল রাষ্ট্রের মহত্তর যা কিছু তা গ্রহণ করে নিজেদের সৃষ্টি–শক্তিকে বিকশিত করতে হবে। অন্যথায় বাঙালি সংস্কৃতির গর্বে– শুধু আত্মরক্ষার চেষ্টায় পেছনের দিকে তাকিয়ে থেকে কোনো মঙ্গলের ভরসা নেই।
বাঙালিকে মানুষ হতে হলে আত্মসম্মানবোধ এবং স্বাধীন মানুষের চেতনা অর্জন করতে হবে। মোনাফেকের স্বভাব ত্যাগ করে, পেছনে কথা বলার অভ্যাস ত্যাগ করে, কূর্ম–স্বভাব ত্যাগ করে, কালো পিঁপড়ের মতো তাড়া খেয়ে লুকোবার স্বভাব ত্যাগ করে, মেরুদণ্ড ঋজু করে দাঁড়াতে হবে। বাঙালির চাই চরিত্র, চাই মনুষ্যত্ব, চাই মহত্ত্ব, চাই আদর্শপরায়ণতা, চাই মহৎ ও সুন্দরের জন্য সাধনা ও সংগ্রাম। এসব অর্জনের চেষ্টা করলে বাঙালির সুপ্ত শক্তি, অবদমিত শক্তি, আড়াই হাজার বছরের অবদমিত শক্তি জেগে উঠবে। বাঙালি পৃথিবীর বুকে মানুষ হয়ে দাঁড়াবে– প্রকৃত আত্মপরিচয় ঘোষণা করবে। তখন পৃথিবীকে জানাবার মতো একটা নতুন বাণী নিয়ে বাঙালি দাঁড়াবে।
সংস্কৃতি মানুষকে স্বাধীন হতে শেখায়। সমাজের বাসিন্দা মানুষের আকাঙ্খা, নিয়তি, সংগ্রামের মধ্যে ঐ বোধ অবিরল কাজ করে, তার অন্তস্তলে উদ্ভাসিত হতে থাকে। স্বাধীনতা যেন আহ্বান, কিংবা চিৎকার, কিংবা আশা উদ্যম; ঐ সবের পরতে পরতে জড়িত সমস্ত পূর্বপুরুষের বহুযুগব্যাপী জীবনসূত্র: যেন স্বাধীনতা উপায় মাত্রের অধিক, স্বাধীনতাই উৎস মানুষের কাজের, আবেগের, চেতনার; যেন। আধ্যাত্মিক ধারণা, মনোজ অবস্থা; আরো সংস্কৃতির ক্ষেত্রে স্বাধীনতা মানবজীবন ও মনুষ্যত্বের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে পরস্পর সম্পৃক্ত। সংস্কৃতির ক্ষেত্রে মানুষের সমগ্র অন্তরাত্মা সক্রিয়, সেখানে স্বাধীনতার ঐ দুই পর্যায়ই ক্রিয়াশীল আধ্যাত্মিক বোধ তাকে সত্যে উপনীত করে, আর মনুষ্যত্ব বোধ তাকে মিথ্যার প্রতিবাদী করে তোলে। সত্য কি? সত্যই স্বাধীনতা, কিংবা সত্যই ঈশ্বর; স্বাধীনতা ঈশ্বরের অন্য নাম। স্বাধীনতার ঐ আধ্যাত্মিক বোধ ব্যক্তির আত্মায় অধিষ্ঠিত, সমাজের মধ্যে ক্রিয়াশীল নয়; কিন্তু ঐ বোধ ব্যক্তিকে হেঁকে তোলে স্বচ্ছতার মধ্যে, সে তখন চৈতন্যকে পূর্ণতা দেয় সত্যের সংস্পর্শে। ঐ পর্যায়ে ব্যাক্তির পরীক্ষা নিজের সঙ্গে, সে হাতড়ে হাতড়ে চলে স্বল্পালোকিত সুড়ঙ্গে, হামাগুড়ি দেয় আবিল অন্ধকারে, সেই পরীক্ষায় কোনো বন্ধনই তার জন্য সত্য নয়। সমাজ–অন্য স্বাধীনতার ঐ বোধ ব্যাক্তির মনোজ অবস্থা, অচেতনার অন্তরঙ্গ। আর মানবজীবন ও মনুষ্যত্বের সঙ্গে সম্পৃক্ত স্বাধীনতার ধারণা কাজ করে সমাজে। মানুষের পরস্পর সম্পর্কই সমাজ, ঐ সম্পর্ক রাষ্ট্র নির্ণীত করে। ঐ নির্ণায়ন বহুতর ক্ষেত্রে, ঐসবের মধ্যেকার বিষম পরিস্থিতি স্বাধীনতার বেগ জোগায়। স্বাধীনতার প্রতিনিধি মানুষ আর বন্ধনের প্রতিনিধি ঐ সব সম্পর্ক, সমাজের মধ্যে ঐ দ্বন্দ্ব নিষ্কাশিত হতে থাকে; ইতিহাসের অভিজ্ঞতা তার নাম।
সংস্কৃতির মধ্যে মানুষ সৃষ্টিশীল হয়ে ওঠে। ঐ সৃষ্টিশীলতা স্বাধীনতার প্রতিশ্রুত, সেজন্য সংস্কৃতিতে নিরন্তর ধ্বনিত: স্বাধীনতা। সৃষ্টিশীলতা যা রশির মতো নিঃসৃত, নক্ষত্রের মতো জ্বলন্ত, বীজের মতো অন্তর্ভুক্ত তা বন্ধনের বিপরীত; যেন নতুন, নিত্য অজানা, অবিরল দিগন্ত কিংবা জীবনযাপনের মালমসলা মানুষকে সৃষ্টিশীল হতেই হয়, না হয়ে তার উপায় নেই, সৃষ্টিশীলতার মধ্যে মানুষ হয়ে ওঠে অবিকার, নিষ্কলুষেয়, অমোঘভাবে সত্য। সেজন্য সৃষ্টিশীলতা সংস্কৃতির ফ্রেমে স্বাধীনতা তৈরী করে। ব্যক্তি সৃষ্টিশীল, সে পেরিয়ে যায় সহস্র শিকল; আর ব্যক্তির সৃষ্টিশীলতা সমাজে তৈরী করে দীপ্যমানতা, সংস্কৃতি সমষ্টির মধ্যে সঞ্জীবিত করে মুক্তির আবেগ। একটি কবিতা, একটি চিত্র, একটি গান কিংবা একটি বাগান রচনা ব্যক্তি থেকে উৎসারিত হয়ে সমাজে প্রাণ পায়, সেই হচ্ছে সংস্কৃতির সারৎসার; ঐ সবের মধ্যে দিয়ে ব্যক্তি স্বাধীন করে তোলে নিজেকে, আর স্বাধীনতা স্থিরতা, স্থায়িত্ব ও স্বচ্ছতা পায় সংস্কৃতির মধ্যে, ঐ কারণেই স্বাধীনতা মনুষ্যত্বের আদর্শ। একটি অন্যটিকে আলোকিত করে, একটি না হলে অন্যটি হয় না, ব্যক্তি থেকে শুরু, নদীর মতো সমাজে প্রবহমান, তার মানচিত্রটি সংস্কৃতি, আর উৎস থেকে মোহনা পর্যন্ত তৈরী হয় স্বাধীনতা, পাড়ে পাড়ে, বাঁকে বাঁকে, জনপদে; দেয় উদ্দীপনার মুহূর্ত, আবিষ্কারের খুশি, অনুল্লিখিত সাদৃশ্য, পরাক্রান্ত ও প্রতিধ্বনিত সৃষ্টিশীলতা, আর তাই: স্বাধীনতা।
সংস্কৃতির ফ্রেমে ব্যক্তির কাজ, ব্যক্তির চলাফেরা, পরস্পর প্রবিষ্ট; এ সম্পর্ক পরস্পরকে ফলবান করে; সেজন্য ব্যক্তির বিকাশ আত্মবশ নয়, তার বিকাশ ও উদ্যমের ক্ষেত্র সংস্কৃতির ফ্রেমেই। ঐ বিকাশ ও উদ্যমের সংকোচন বা বিলুপ্তি সংস্কৃতি থেকে, তাই সুশৃঙ্খল ও নিয়মাধীন সংস্কৃতি ব্যক্তির জন্য কারাগার। কারণ ঐ শৃঙ্খল ও নিয়ম আরোপিত, তাই দুঃসহ, সৃষ্টিশীল ব্যক্তির বিরোধী। এভাবেই ব্যক্তি সভ্যতার ক্ষমতার বনাম সংস্কৃতি কিংবা ব্যক্তি বনাম সমাজ দ্বন্দ্বের সূত্রপাত, ব্যক্তির স্বাধীনতা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিরোধে পরিণত, ব্যক্তির বিপরীতে উপস্থিত সংস্কৃতি কিংবা সমাজ। অথচ ঐ দ্বন্দ্ব বানানো, ব্যক্তি সংস্কৃতি কিংবা সমাজের বিরোধী প্রত্যয় নয়। স্বাধীনতা সৃষ্টিশীল, সংস্কৃতি ঐ স্বাধীনতার ফ্রেম তৈরী করে, ব্যক্তি স্বাধীনতার মধ্যে দিয়ে নিজেকে সৃষ্টিশীল করে তোলে। অধিক সংখ্যক ব্যক্তির সৃষ্টিশীলতা যে–সংস্কৃতি তৈরী করে সেই সংস্কৃতিই আদর্শ।
(পরবর্তী পর্ব ৩০ জানুয়ারী, ২০২৬-এ প্রকাশিতব্য)
ফিচার ফটো অলংকরণ: অভি মজুমদার
লেখক:

জুলফিকার নিউটন
লেখক, গবেষক ও অনুবাদক; ঢাকা
*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক