বাঙালি সংস্কৃতি – পর্ব ০৩

Comments

তৃতীয় পর্ব

। জুলফিকার নিউটন ।

সংস্কৃতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাষা। মানুষের অনুভূতি এবং প্রতিক্রিয়া ভাষার সাহায্যে উন্মুক্ত হয়। যে পরিবেশে মানুষ বাস করে সে পরিবেশ প্রতিনিয়ত তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এই প্রতিক্রিয়া ভাষা এবং উচ্চারণের মাধ্যমে বিকাশলাভ করে। এভাবে আমরা দেখতে পাই যে একটি অঞ্চলের সংস্কৃতি সে অঞ্চলের ভাষার প্রকৃতিতে প্রভাব বিস্তার করে। এভাবে আমরা ভাষার সঙ্গে সংস্কৃতির একটা ইন্টাররিলেশন বা পারস্পরিক সম্পর্ক খুঁজে পাই। ভাষা একই সঙ্গে দুটি দায়িত্ব পালন করে– ভাষা যেমন মানুষের অভিজ্ঞতাকে বহন করে এবং অভিজ্ঞতার বিভিন্ন উপকরণকে ধারণ করে আবার সঙ্গে সঙ্গে সৃষ্টিধর্মী প্রতীক ব্যঞ্জনা হিসেবে রূপলাভ করে অর্থাৎ ভাষাকে আমরা অভিজ্ঞতার সকল ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। সংস্কৃতির উপকরণগুলো ভাষা বহন করে আবার সংস্কৃতিতে ভাষা নতুন নতুন চৈতন্য দান করে।

বিখ্যাত ভাষাবিদ এডওয়ার্ড সাপির ভাষাকে এই দুটি প্রযুক্তিতে ব্যবহার করতে চেয়েছেন। ভাষার সঙ্গে মানুষের পারসেপশন বা অনুভূতির নিগূঢ় সম্পর্ক আছে। এই পারসেপশনগুলো কর্মভিত্তিক এবং উপকরণভিত্তিক। জীবন ক্ষেত্রে যে উপকরণগুলো থাকে এবং কর্মের দায়ভাগ থাকে সেগুলোকে স্পর্শ করেই একটি ভাষা সজীব এবং সক্রিয় হয়। বাংলা ভাষার আদি কবি সরহপার ভাষা পরীক্ষা করলে এর সুস্পষ্ট প্রমাণ মিলবে। সরহপা পূর্বী অপভ্রংশে তাঁর কাব্য রচনা করেছিলেন। সেই কাব্যের মধ্যে আমরা তৎকালীন মানুষের আচার–নিষ্ঠার পরিচয় পাই, কুসংস্কারের পরিচয় পাই, জীবন–যাপনের বিভিন্ন উপকরণের সন্ধান পাই, আবার বিভিন্ন আদর্শের বিস্তার পাই। সব কিছু মিলে সরহপার ভাষা তার সময়কালের বঙ্গ–সংস্কৃতির চিহ্ন ধারণ করে আছে। সরহপা কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন এবং প্রথাগত ধর্মাচনারও বিরোধী ছিলেন। তিনি সতত মানবতার সেবায় উন্মুখ ছিলেন। 

সরহপার বিচারে মানুষের একমাত্র পরিচয় তার মনুষ্যত্বের দ্বারা। সরহপা আরো বলেছেন যে একটি জীবনে কোন কিছুই হারায় না। যেমন, নদীর পানি বাষ্প হয়ে মেঘ হয়, আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করে, তেমনি মানুষের জীবনের কর্মকাণ্ড মানুষকে নিয়েই। এখানে কোন বিচ্যুতি এবং অপলাপ নেই। বৌদ্ধ ধর্মের বিনয়, সান্ত্বনা এবং ত্যাগ তাকে প্রভাবিত করেছিল এবং এভাবে আমরা সংস্কৃতির মধ্যে ধর্মের প্রভাব লক্ষ্য করি। সরহপা যে সমাজের বিবরণ দিয়েছেন সে সমাজে জাতিভেদ ছিল, কুসংস্কার ছিল, কিন্তু সরহপা এগুলোর মূলোচ্ছেদ করতে চেয়েছিলেন। তিনি কোন ধর্মের প্রবর্তনের কথা বলেননি কিন্তু আচরণের সহিষ্ণুতার কথা বলেছেন। পরবর্তীতে বঙ্গভূমিতে বৈষ্ণব মতবাদ এবং সুফী মতবাদ যে প্রাধান্য পেয়েছিল তার পশ্চাতে সরহপার চিন্তা এবং ভাবনা কার্যকর ভূমিকা রেখেছিল।

সংস্কৃতির একটি পরিচয় পাওয়া যায় স্থাপত্যশিল্পে এবং গৃহ–নির্মাণ প্রকল্পে। পালদের আমলে স্থাপত্যের নিদর্শন ছিল বৌদ্ধবিহার এবং স্তুপ। এগুলোর গঠনপ্রণালীর দার্শনিক ব্যাখ্যা আছে। বৌদ্ধরা নিঃসংশয়বাদী, সংসারত্যাগী এবং নির্জনতাপ্রিয়। সুতরাং তাদের সাধনক্ষেত্রের সঙ্গে কোলাহল মুখরিত পৃথিবীর কোন সম্পর্ক নেই। তারা যে সমস্ত বিহার, চৈত্য এবং স্তুপ নির্মাণ করেছিলেন সেগুলোর গঠন পদ্ধতি এমন ছিল যে বাইরের আলো–বাতাস সেখানে প্রবেশ করতে পারতো না। তাদের জীবন দর্শন একথা বিজ্ঞাপিত করতো যে ধর্মসাধনা বাস্তব পৃথিবী বিবর্জিত। সুতরাং পৃথিবীর কোলাহল এই সাধনায় যেন বিঘ্ন উৎপাদন না করে। হিন্দুদের মন্দিরের ক্ষেত্রে কিছুটা উন্মুক্ততা থাকলেও গর্ভগৃহের কিছুটা অবরুদ্ধতা ছিল, তবে বিভিন্ন বাদ্যযন্ত্রের কল্লোলে বাইরের মানুষকে আকর্ষণ করবার একটি ব্যবস্থা ছিল। বখতিয়ার খিলজীর আগমনের পর এদেশে নতুন স্থাপত্য রীতির প্রবর্তন হয়। এক প্রকার উন্মুক্ততা স্থাপত্য রীতির নির্দেশনায় ব্যবহৃত হতে থাকে। মসজিদের মধ্যে বাইরের আলো–বাতাসকে প্রবাহমান রাখা একটি সামাজিক এবং ধর্মীয় ব্যবস্থাপনা– এই উন্মুক্ততার কারণে আবরিত স্থান উন্মুক্ত স্থানের সঙ্গে সমন্বিত হচ্ছে এবং বাইরের উন্মুক্ততা অভ্যন্তরের অংশকে উজ্জ্বল ও দীপ্তিমান করছে। নতুন রীতির স্থাপত্য এভাবে গঠিত হলেও পাল ও সেন আমলের নিরুদ্ধভঙ্গী একেবারে অন্তর্হিত হয়নি। এখানে আমরা মৌলিক রীতির সঙ্গে অর্জিত রীতির মিশ্রণ দেখি এবং সংস্কৃতি ক্ষেত্রে নতুন প্রলক্ষণের সংযোজন লক্ষ্য করি। আধুনিক কালে অবশ্য ব্যবহারের প্রয়োজনীয়তার দিক লক্ষ্য রেখে স্থাপত্যরীতির পরিবর্তন ঘটানো হচ্ছে। কোন কোন স্থাপত্যরীতি পুরোপুরি ব্যবহারিক। এক্ষেত্রে দিক–নির্দেশনার প্রয়োজন যে আমাদের নিজস্ব স্থাপত্যরীতি কোনটি এবং কিভাবে তা আধুনিক ব্যবহারিক রীতির সঙ্গে সমন্বিত হতে পারে।

সঙ্গীত এবং নৃত্যের ক্ষেত্রে সংস্কৃতির প্রকাশ বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা মানুষের ইচ্ছা ও আনন্দের সংকল্পকে সঙ্গীত ও নৃত্য বহন করে থাকে। প্রাচীন অতীত থেকে আরম্ভ করে বর্তমান সময় পর্যন্ত এ উভয়বিদ শিল্প মাধ্যম আমাদের সংস্কৃতিকে ধারণ ও পোষণ করছে। এর ইতিহাস পূর্ণভাবে রক্ষিত হয়নি। এই উপমহাদেশের সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে সঙ্গীত এবং নৃত্যের যে রূপরেখা বিদ্যমান তার সঙ্গে এতদঞ্চলের সঙ্গীত এবং নৃত্যের পার্থক্য আছে। এই পার্থক্যকে স্মরণে রেখে এখানকার সঙ্গীত এবং নৃত্যের যথার্থ ভাবপ্রকল্পের উন্মোচন প্রয়োজন। দেখা যায় যে সরহপার সময় তার দোহাগুলো বিশেষ ভঙ্গিতে গীত হত। কিছু কিছু রাগ–রাগিণীর উল্লেখ সে সমস্ত দোহায় আছে। সমসাময়িক কালে এবং কিছুটা অব্যবহিত পরে চর্যাগীতিকায় বিভিন্ন রাগের অনুশীলন পাওয়া যায়। চর্যাগীতিকায় নৃত্যেরও উল্লেখ আছে। এগুলো কতটা ভারতীয় মার্গসঙ্গীত এবং নৃত্যের সহগামী অথবা পৃথক তা নির্ধারণ করা আমাদের কর্তব্য এবং নির্ধারিত হলে এগুলোর চর্চা এবং অনুশীলনের কি ব্যবস্থা হবে তারও নির্দেশনা প্রয়োজন। আধুনিককালে বর্তমানতার শাসনে সঙ্গীত এবং নৃত্যের ক্ষেত্রে যে সমস্ত প্রবৃত্তি জন্মলাভ করেছে সেগুলো কতটা সমীচীন এবং সমর্থনযোগ্য তা পরীক্ষা করা প্রয়োজন। আমরা লক্ষ্য করি যে পৃথিবীতে সর্বদাই সাময়িকতার প্রবাহ পরিলক্ষিত হয়। এগুলো অধিকাংশ সময়ই হারিয়ে যায়। কিন্তু কখনো কখনো মোহগ্রস্ত হয়ে আমরা এগুলো আঁকড়ে রাখবার চেষ্টা করি। একটি জাতির সংস্কৃতির দিক–নির্দেশনার ক্ষেত্রে এই আধুনিকীকরণকে কতটা সমর্থনযোগ্য বিবেচনা করা যায় তা পরীক্ষা করা প্রয়োজন। আমাদের ধ্রুপদী সঙ্গীত এবং নৃত্য কোন স্বভাবের এবং তাৎপর্যের তা নির্ধারণ করা যেমন প্রয়োজন তেমনি এগুলোর প্রশিক্ষণ এবং অনুশীলনের ব্যবস্থাপনার রূপ ও রীতি নির্ধারণ করা প্রয়োজন।

লোকসংস্কৃতি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক সভ্যতার প্রতাপে এবং শাসনে লোকসংস্কৃতি ক্রমশঃ অন্তর্হিত হচ্ছে। এজন্য পৃথিবীর বিভিন্ন দেশে লোকসংস্কৃতি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সুইডেন এবং নরওয়ে, জার্মানী, আমেরিকা যুক্তরাষ্ট্র সকলেই চেষ্টা করছে আপনাপন দেশের লোকসংস্কৃতি আবিষ্কারের জন্য এবং সংরক্ষণের জন্য। বিভিন্ন দেশে লোকসংস্কৃতির ভূগোল এবং অঞ্চল চিহ্নিতকরণের ব্যবস্থা নেয়া হচ্ছে। আমাদের দেশে যদিও পাশ্চাত্যের অনুপাতে বিজ্ঞান এবং যন্ত্রের প্রতাপ খুব বেশি নয় তবু কালক্রমে আধুনিকীকরণের প্রয়াসে আমাদের লোকসংস্কৃতিও ক্রমশঃ হারিয়ে যেতে বসেছে। এক্ষেত্রে আমাদের সংস্কৃতির রূপরেখা নির্ধারণের জন্য লোকসংস্কৃতি বিষয়ে প্রচুর গবেষণা এবং অনুসন্ধানের প্রয়োজন। মানুষের খাদ্য স্বভাব, খাদ্য আহরণ, কৃষি, বনভূমি সংরক্ষণ, নদী এবং মানুষের সঙ্গে নদীর সম্পর্ক, ধর্মীয় বিশ্বাস এবং সংস্কার এগুলো নিয়ে আমাদের লোকসংস্কৃতি গড়ে উঠেছে। সুতরাং লোকসংস্কৃতি অনুসন্ধানের সাহায্যে আমরা একটি জাতির চৈতন্যকে উদঘাটন করতে পারি। বর্তমানে লোকসংস্কৃতি সংরক্ষণ এবং প্রচারের জন্য যে সমস্ত ব্যবস্থাপনা আছে তা কতদূর শক্তিশালী এটা পরীক্ষা করা প্রয়োজন। এ সমস্ত ক্ষেত্রে নতুন কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা কর্তব্য তাও আমাদের চিন্তা করতে হবে। একটি জাতি তার জনসমষ্টিকে নিয়েই বেঁচে থাকে এবং জনসমষ্টির জীবনযাপনের এবং আনন্দ উৎসবের উপকরণগুলো ক্রমশ স্খলিত হয়ে যাক তা আমরা চাই না। জনসাধারণকে গ্রহণ করে একটি মানবগোষ্ঠীর সংস্কৃতির বিকাশ এবং বিস্তার। আমাদের সংস্কৃতির যথার্থ রূপরেখা নির্ধারণকল্পে আমাদের লোকসংস্কৃতির অনুসন্ধান করা কর্তব্য এবং আধুনিক সমাজ জীবনের মধ্যে এ সংস্কৃতির ধারাপ্রবাহ অক্ষুণ্ণ রাখা কর্তব্য।

(পরবর্তী পর্ব ১৩ ফেব্রুয়ারী, ২০২৬-এ প্রকাশিতব্য)

ফিচার ফটো অলংকরণ: অভি মজুমদার

লেখক:
Julfikar Newton
জুলফিকার নিউটন
লেখক, গবেষক ও অনুবাদক; ঢাকা

*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট