বাঙালি সংস্কৃতি – পর্ব ০৪

Comments

চতুর্থ পর্ব

। জুলফিকার নিউটন ।

প্রত্নসম্পদ তথা সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের সাহায্যে আমরা একটি জাতির ইতিহাসকে যেমন ধারণ করি তেমনি ঐতিহাসিক বিবেচনাকে নতুন মূল্যমান দিয়ে থাকি। পৃথিবীর বিভিন্ন দেশ জাতীয় ঐতিহ্য সংরক্ষণের জন্য যাদুঘর সংগঠনের উপর গুরুত্ব আরোপ করেছে। এক্ষেত্রে মিসরের প্রত্নতত্ত্ব অনুসন্ধানের প্রক্রিয়া এবং যাদুঘরের কাহিনী বিশেষ গুরুত্ব সহকারে বিবেচ্য। মিসরের একটি বিরাট অতীত আছে, সে অতীতের অনুসন্ধান নিয়ে খননকার্য নিত্যই চলছে। সে অতীত এত দীর্ঘ অতীত যে, বর্তমানকালের আঘাতে তাকে কোনক্রমেই নিশ্চিহ্ন করা যায় না। মিসরীয় সভ্যতা তার অতীতকে গ্রহণ করেই সমৃদ্ধ–বিপুল এবং অবক্ষয়হীন। বর্তমানকাল অতীতকে প্রবলভাবে ধরে রেখেছে এবং তাকে একটি সুনিশ্চয় প্রত্যয়ের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। আমাদের দেশে এখনও প্রত্নতত্ত্ব এবং যাদুঘরের প্রতাপ পরিলক্ষিত হয় না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেজন্য আমাদের সংস্কৃতির রূপরেখা নির্ধারণের জন্য প্রত্নানুসন্ধান বিষয়ে গভীর সমীক্ষা প্রয়োজন। কোন প্রশাসনিক প্রক্রিয়ায় এই কার্যধারায় গতিবেগ সঞ্চার করা যায় এবং কিভাবে এদের কার্যপ্রণালীর দুর্বলতা দূর করা যায় সে বিষয়ে চিন্তা করার প্রয়োজন আছে। তাছাড়া দেশে বিভিন্ন যাদুঘর গড়ে তোলা এবং সেগুলোকে সমন্বিত প্রশাসনের মধ্যে নিয়ে আসা একান্ত কর্তব্য। যাদুঘর একটি জাতির ইতিহাসকে ধারণ করে এবং শ্লাঘার কারণ হিসাবে সকল বিশ্বকে প্রদর্শন করায়। এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে যোগসূত্র স্থাপনের প্রয়োজন এবং ভাব ও সম্পদ বিনিময়ের মাধ্যমে আমাদের যাদুঘরকে সমৃদ্ধ করা প্রয়োজন। যাদুঘর বিকাশের বিভিন্ন দিক আছে। এ সমস্ত দিকের প্রতি আমাদের লক্ষ্য থাকা প্রয়োজন। কি বিন্যাসে এক একটি যাদুঘর গড়ে উঠবে সে সম্পর্কে চিন্তা–ভাবনার প্রয়োজন।

সংস্কৃতিকে শাসন এবং পরিবর্তন করে মানুষের কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা আবার নির্ভর করে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার উপর। মানুষ যে প্রকৃতির উপর তার নিয়ন্ত্রণ বৃদ্ধি করে চলেছে তার সাহায্যে সে তার পরিবর্তন সাধন অব্যাহত রেখেছে। আদি মানুষ তার কর্ম সম্পাদনের একমাত্র উপকরণ হিসাবে পেয়েছিল প্রস্তর ও শিলাখণ্ড। সুতরাং সেই আদিমকালে তার বিজ্ঞান এবং প্রযুক্তি ছিল প্রস্তরভিত্তিক। তাই আমরা মানব সংস্কৃতির প্রাথমিক ধারায় প্রস্তর যুগকে পাই। প্রস্তর যুগের মানুষ তার যন্ত্রপাতি হিসেবে যা কিছু নির্মাণ করেছে তার অধিকাংশই সে প্রস্তর ও শিলাখণ্ড দ্বারা নির্মাণ করেছে। অবশ্য হাড়ের ব্যবহারেরও প্রচলন ছিল। হরিণের সিং, হাতীর দাঁত এবং পশুর হাড় তারা ব্যবহার করতো। এভাবে আদি মানুষের সংস্কৃতি তৎসময়ের বিজ্ঞানের দ্বারা শাসিত হয়েছে। এ সংস্কৃতির একটি প্রাচীনতম যুগ আছে। যাকে আমরা প্রাচীন প্রস্তর যুগ বলে থাকি এবং পরবর্তী একটি যুগ আছে যাকে নব্যপ্রস্তর যুগ বলা হয়। এরপরে ক্রমশঃ তাম্র, ব্রোঞ্জ ও লৌহযুগ এসেছে। এই ইতিহাস সকলেরই জানা, আধুনিককালে বিজ্ঞান ও প্রাযুক্তিক উন্নয়নের ফলে সভ্যতা এবং সংস্কৃতির আমূল পরিবর্তন ঘটেছে। বিশেষ করে কৃষিপ্রধান দেশগুলোতে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ একটি কৃষি বিপ্লবের সূচনা করেছে। আমাদের দেশ প্রযুক্তি এবং বিজ্ঞানের ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশগুলির মত বিশেষ উন্নতিলাভ করতে পারেনি তবুও স্বাভাবিকভাবেই বিজ্ঞান এসে উপস্থিত হয়েছে এবং তার সাহায্যে আমাদের জীবনধারার পরিবর্তন ঘটছে। সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান কতটা কার্যকর ভূমিকা পালন করছে তা অনুসন্ধান করা আমাদের কর্তব্য এবং অনুসন্ধানের সাহায্যে আমরা আমাদের সংস্কৃতির নতুন রূপরেখা নির্ণয় করতে সক্ষম হব।

শস্য উৎপাদনের মধ্যে মানব সংস্কৃতির একটি বিশেষ বিকাশ আমরা লক্ষ্য করি। যে মানুষ আদিকালে বন্যপশু শিকার করে খাদ্য সংগ্রহ করতো সেই মানুষ ক্রমশঃ পরিকল্পিত উপায়ে শস্য উৎপাদনের জ্ঞান অর্জন করে। এ ঘটনা একদিনে ঘটেনি, বহু বছরের পরীক্ষা নিরীক্ষার পর মানুষ শস্যের ব্যবহার সুনিশ্চিত করেছে এবং কিছু কিছু পশুকে গৃহপালিত করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে মানবগোষ্ঠী বিভিন্নভাবে শস্য উৎপাদন করেছে, বর্তমানে শস্য উৎপাদনের সকল জ্ঞানই মানুষের জানা, এক্ষেত্রে পার্থক্য সূচিত হয় শুধুমাত্র জমির আয়তন, আর্দ্রতা এবং উর্বরতার উপর। বর্তমানে আমাদের দেশে খাদ্যশস্য সরবরাহ বৃদ্ধির জন্য বিদেশী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত প্রযুক্তির ব্যবহারে এবং অনুশাসনে মানুষের জীবনধারার পরিবর্তন ঘটছে এবং চিন্তাধারারও পরিবর্তন ঘটছে। একসময় কৃষিকে কেন্দ্র করে যেসব উৎসব অনুষ্ঠিত হত আজকের দিনে সে উৎসবগুলি অবিকল আগের মত নেই। দ্বিতীয়তঃ নগরের নিকটস্থ অনেক গ্রাম নাগরিক রীতিনীতিতে পরিকীর্ণ হয়েছে। তার ফলে শস্যভিত্তিক যে উৎসবগুলো আগে ছিল সেগুলো এখন আর নেই অথবা এগুলোর পরিবর্তন ঘটেছে। আমাদের অনুসন্ধান করে জানতে হবে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের উৎসভূমি কোথায় এবং বর্তমানে তাদের স্বরূপই বা কি। যে সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে উৎসবের কর্মধারা পরিচালিত হয় সেই সব প্রতিষ্ঠানের স্বাভাবিক দক্ষতা কতটুকু তাও নির্ণয় করা দরকার। এছাড়া উৎসবগুলো যাতে হারিয়ে না যায় এবং সুশৃংখল আবহে বর্তমান সময়েও বিকশিত থাকতে পারে সেই চেষ্টা করাও আমাদের কর্তব্য।

কৃষির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের গ্রামীণ জীবনের এবং গ্রামীণ সংস্কারের পরিবর্তন ঘটেছে। গ্রামের পথঘাট, জলাশয়. বৃক্ষরোপণ এবং গৃহ নির্মাণে এগুলোর পরিবর্তন হয়েছে। নাগরিক জীবনের সঙ্গে সম্পর্কের কারণে গ্রামীণ জীবনেও পরিবর্তন এসেছে। একদিকে যেমন নগরবিপ্লব হচ্ছে এবং নগরায়ণ ঘটছে, তেমনি নগরের প্রযুক্তি এবং বিজ্ঞান গ্রামেও প্রবেশ করছে। পাশ্চাত্য দেশে এ পরিবর্তনটি যেভাবে হয়েছে আমাদের দেশে অবিকল সেভাবে হচ্ছে না। পাশ্চাত্য দেশে গ্রামের কোন আদিম ধারণা নেই। তাদের জীবনটা নগরভিত্তিক এবং গ্রামগুলি নগরেরই প্রত্যন্ত এবং প্রসারিত অঞ্চল মাত্র। সেসব দেশের সমস্যা হচ্ছে অতীতের রীতিনীতি এবং ব্যবস্থাপনাকে আবিষ্কার করা, আমাদের দেশের সমস্যা হচ্ছে পরিবর্তন সত্ত্বেও গ্রামীণ জীবনধারা ও জীবনদর্শনকে সংরক্ষণ করা। এক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তি নানাভাবে সাহায্য করতে পারে। যেমন, নগরের গৃহনির্মাণ প্রকল্প এবং গ্রামের গৃহনির্মাণ প্রকল্প একরকম হবে না, তেমনি নগরের বৃক্ষরোপণ এবং গ্রামের বনায়ন একরকম হবে না। আরো অধিক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব যে নগরের পথঘাটের ব্যবহার এবং গ্রামের পথঘাটের ব্যবহার, নগরের পানির ব্যবহার এবং গ্রামের পানির ব্যবহার এক রকম নয়। প্রযুক্তির সাহায্যে আমরা এই পার্থক্যগুলিকে সুন্দরভাবে বিকশিত করতে পারি এবং উভয় অঞ্চলের জীবনকে স্ব–স্ব অঞ্চলের মানুষের জন্য স্বাভাবিক করে গড়ে তুলতে পারি।

পাশ্চাত্যের প্রযুক্তি এবং বিজ্ঞান অনেক সময় জীবনধারায় বিঘ্ন উৎপাদন করেছে, এ বিঘ্ন কেন এবং কোন কোন ক্ষেত্রে তা নির্ণয় করা একান্ত প্রয়োজন। অনেক সময় বিদেশের প্রযুক্তি আমাদের স্বভাবের এবং আদর্শের বিরোধী হতে পারে সেক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের প্রয়োজনকে চিহ্নিত করা এবং সেইসব ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাযুক্তিক ব্যবহারকে সুনিশ্চিত করা।

(পরবর্তী পর্ব ২০ ফেব্রুয়ারী, ২০২৬-এ প্রকাশিতব্য)

ফিচার ফটো অলংকরণ: অভি মজুমদার

লেখক:
Julfikar Newton
জুলফিকার নিউটন
লেখক, গবেষক ও অনুবাদক; ঢাকা

*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট