দ্বাদশ পর্ব
। জুলফিকার নিউটন ।
সংস্কৃতি জীবনের অন্যান্য চাহিদার মতো নিত্য অনুশীলনে ও বর্জনে–অর্জনে পরিচর্যার অপেক্ষা রাখে। উপযোগরিক্ত হলে বর্জন এবং নতুন চাহিদা পূরণের জন্যে নতুন কিছু আবিষ্কার–উদ্ভাবন–সৃষ্টি বা গ্রহণ–বরণ করে সমকালীনতা বজায় রাখতে হয়। সংস্কৃতি বন্ধকূপের জিয়েল মাছ নয়, বহতা নদীর স্রোত। প্রবহমানতা না থাকলে সংস্কৃতি নিতান্ত কাঁটাল লৌহকঠিন খাঁচার মতো প্রগতির বাধা আর বন্ধ্যা ও অবক্ষয়গ্রস্ত আচারমাত্রে পর্যবসিত হয়। তরু–লতার নব নব কিশলয়ের মতো মনীষাসম্পন্ন ব্যক্তির মনে–মননে নিত্য নতুন নতুন চেতনার–চিন্তার উন্মেষ ও বিকাশ এবং বৃক্ষের পুরোনো পাতার মতো উপযোগরিক্ত বিশ্বাস–সংস্কার–ধারণা–আচার–আচরণের বর্জনপ্রবণতা আর কল্যাণকর নতুন নতুন নীতিনিয়মের ও আচারের অর্জনই হচ্ছে সংস্কৃতির প্রবহমানতার ও প্রগতি–প্রাগ্রসরতার লক্ষণ।
আজকাল সংস্কৃতিকে রাজনীতিক মত–পথ–আদর্শ সম্পৃক্ত বলে স্বীকার করা হয়। কাজেই রাজনীতিক অঙ্গনে রাজনীতিক কর্মসূচীর প্রত্যক্ষ বা সহযোগী কিংবা মনে–মর্মে–প্রেরণা–প্রবর্তনার উৎস হিসেবে সংস্কৃতিটাকে দলীয় প্রয়োজনে আবশ্যিক ও জরুরী বলে মনে করা হয়। কোন বিশেষ আদর্শের অনুসরণে সমাজপরিবর্তন বা সমাজকল্যাণ করার রাজনীতি অনুগ জনমত গড়ার, তাদের মনে প্রেরণা–প্রণোদনা ও প্রবর্তনা দানের লক্ষ্যে সুনির্বাচিত বিষয়ে, বক্তব্যে ও শিল্পসম্মত সংবেদী ভাব–ভাষা–ভঙ্গি ও রসঋদ্ধ শিল্পে–সাহিত্যে–নাচে–গানে–বাজনায়–অভিনয়ে–চিত্রে–সভায়–সেমিনারে সংস্কৃতি চর্চার প্রয়োজন ও গুরুত্ব আর প্রভাব আজকাল সর্ব রাজনীতিক চিন্তাশীল ব্যক্তিই স্বীকার করেন। ফলে সক্রিয় রাজনীতিক কর্ম ও তার অনুগত সাংস্কৃতিক অনুষ্ঠানাদি একটা অপরটার পরিপূরক ও পরিবর্ধকরূপে বিবেচিত হচ্ছে। পরিবেশ অনুকূল করার জন্যে, জনসমর্থন আদায়ের জন্যে, জনগণকে প্রবুদ্ধ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সংস্কৃতিচর্চার প্রয়োজন অবশ্য স্বীকার্য। উল্লেখ্য যে, এ ‘সংস্কৃতি’ একটা সীমিত রূপের ও বাক–বাদ্য–নৃত্য–অভিনয় অর্থেই ব্যবহৃত হয়। এক কথায় এ সংস্কৃতি সম্পৃক্ত বটে, কিন্তু এ নাচ–গান–বাজন–অভিনয়ই যথার্থ ও ব্যাপক অর্থের পূর্ণাঙ্গ সংস্কৃতি নয়– সংস্কৃতির প্রত্যঙ্গমাত্র।
আমরা জানি, আবিষ্কার–উদ্ভাবন মাত্রই ব্যক্তিক, যৌথ বা সামাজিক নয়। একের সৃষ্টি অন্য সবার অনুকৃত বা অনুসৃত আচারমাত্র। একের আবিষ্কার অন্য সবারই অনুকৃত বা ব্যবহৃত সম্পদ ও সম্পত্তি মাত্র। অতএব, সংস্কৃতির স্রষ্টা ব্যক্তি বিশেষ, আর আচাররূপে ধারক হচ্ছে দেশ–কাল–সমাজ–শাস্ত্র প্রভৃতি।
কাজেই যা কিছু দেখতে শুনতে বলতে করতে কুৎসিত, তা পরিহার করা এবং যেসব ভাব–চিন্তা কর্ম–আচরণ মানুষের যৌথ তথা সামাজিক জীবনে শ্রেয় বা হিতকর, সমস্বার্থে সহিষ্ণুতায় সহযোগিতায় সহাবস্থানের অনুকূল, তা–ই বাঞ্ছিত সংস্কৃতি। অতএব, যৌথ বা সামাজিক জীবনে প্রয়োজনীয় জ্ঞান–যুক্তি–বুদ্ধি–বিবেক, সুরুচি–সৌজন্য, সহানুভূতি, আত্মমর্যাদা, দায়িত্ববুদ্ধি, কর্তব্যচেতনা প্রভৃতির সমন্বিত অভিব্যক্তিই সংস্কৃতি। এক কথায় শ্রেয়োবুদ্ধি ও সৌজন্যই সংস্কৃতি। সংস্কৃতি মানসসৃষ্ট ও মানসসম্পদ, ভাবে–চিন্তায়–কর্মে–আচরণে অভিব্যক্ত সৌজন্যই সংস্কৃতিমানতা। সংস্কৃতিমান মানুষের নৈতিকচেতনা ভাব–চিন্তা–কর্ম–আচরণের সর্বক্ষেত্রেই তীক্ষ্ণ ও তীব্র। কেননা সংস্কৃতিমান ব্যক্তি ন্যায়বুদ্ধিচালিত জেনে–শুনে–বুঝে সে অপকর্ম আত্মমর্যাদা বা বিবেক হানির ভয়ে করে না। তাই সে তার বিশ্বাস ও যুক্তিবুদ্ধি অনুসারে শাস্ত্রের, সমাজের, রাষ্ট্রের নিয়ম–নীতি, রীতি–পদ্ধতি মেনে চলে। যখন অমান্য করে তখনো যুক্তিবুদ্ধি–বিবেকের সমর্থন পেয়েই করে। এ যন্ত্রযুগে ও যন্ত্র জগতে বিদ্যা, বিত্ত ও প্রযুক্তি সংস্কৃতির রূপান্তর ঘটায়।
সংস্কৃতি বহতানদীর মতো সৃজ্যমান, গতিশীল ও উৎকর্ষপ্রবণ। বন্ধ্যাসংস্কৃতি পরিহার্য সংস্কার ও আচার মাত্র, যা মানসিক সৃষ্টিশীলতা ও আচারিক বিবর্তনশীলতা রুদ্ধ করে, শীতকালীন ক্ষুদ্র জলাশয়ের বদ্ধজলের মতো মানসিক ও সামাজিক স্বাস্থ্য নষ্ট করে। সংস্কৃতি তাই দেশী–বিদেশী হয় না, আংশিকভাবে শাস্ত্রিক ও নৈতিক চেতনানুগ হয়, এবং সংস্কৃতি বন্ধ ও মুক্ত নামেও অভিহিত হতে পারে রক্ষণশীলতার ও গ্রহণমুখিতার মাপে। তবে উঁচু মানের, মাপের ও মাত্রার প্রবহমান নিত্য সৃজনশীল ও বিকাশমান সংস্কৃতি তা–ই, যা দেশ কাল জাত জন্ম বর্ণ ধর্ম নির্বিশেষে নতুনকে ও উৎকৃষ্টকে, যে–কোন মানুষের সৃষ্টিকে মানুষেরই মানবিক উত্তরাধিকার রূপে নিঃসঙ্কোচে গ্রহণ বরণ করে ঋদ্ধ হয়। নিরপেক্ষ দৃষ্টিতে তাই অপসংস্কৃতি বলে কিছু নেই। স্থানকালীনধীন সমাজের উপলব্ধির ও উপযোগবুদ্ধির স্তর ও মাত্রানুসারে এক দেশের বা গোষ্ঠীর সংস্কৃতি অপর দেশের বা গোষ্ঠীর কাছে অনভিপ্রেত অপসংস্কৃতি বলে মনে হয় মাত্র। দৃষ্টির ও বিচারের এ পার্থক্য পরিবারে পরিবারেও রয়েছে।
বহুমনের মন্থনে ও বহুজনের প্রয়োগে সংস্কৃতি এখন ব্যক্তির ও জাতির মানসিক ও ব্যবহারিক জীবনের যাবতীয় শোভন ও সৃষ্টিশীল। ভাব–চিন্তা–কর্ম–আচরণের সামূহিক, সামষ্টিক ও সামগ্রিক রূপই নির্দেশ করে। যেহেতু চিৎপ্রকর্ষই গতিশীল বিবর্তমান উৎকর্ষমুখী–সংস্কৃতির উৎস, যেহেতু প্রেয় নয়, শ্রেয়বোধে সংঘর্ষ–সংঘাত এড়িয়ে সমাজে সমস্বার্থে সংযমে সহিষ্ণুতায় সহযোগিতায় সহাবস্থানের যোগ্যতাই হচ্ছে সংস্কৃতিমানতা, সেহেতু এবং কাজেই সৌজন্যই হচ্ছে সংস্কৃতি।
শিষ্টাচার সংস্কৃতিপ্রসূন, কিংবা শিষ্টাচারই সংস্কৃতি। অথবা শিষ্টাচার সংস্কৃতিমানতার প্রতীক, প্রতিম ও প্রতিভূ। এজন্যেই বেআদবি, ঔদ্ধত্য, অবিনয়, নিলজ্জতা, মস্তানী, গুণ্ডামী প্রভৃতি অশিষ্টাচার। যা করতে, দেখতে, বলতে, শুনতে কুৎসিত বা অনভিপ্রেত কিংবা মন্দ বা অশোভন তা–ই অশিষ্ট কর্ম বা আচরণ নামে অভিহিত। শিক্ষিত–অশিক্ষিত, গ্রামীণ কিংবা শহুরে সব মানুষে শিষ্টাচার প্রত্যাশিত। কারণ এটা যৌথজীবনে তথা সামাজিক জীবনে আবশ্যিক। যে–কোন দু’জনের ঘরে–বাইরে আত্মীয়–অনাত্মীয় নির্বিশেষে পারস্পরিক সম্পর্কের মধ্যে ভাব–চিন্তা–কথা–অর্থ–সামগ্রী–সাহায্য–সহযোগিতা বিনিময়ের মধ্যে শিষ্টাচার থাকা আবশ্যিক। শিষ্টাচার হচ্ছে কথার ও ব্যবহারের সৌন্দর্য। এ জন্যেই শিষ্টাচারের অপর নাম সৌজন্য বা সজ্জনতাও হতে পারে।
অজ্ঞতার–অনক্ষরতার যুগেও সমাজে শিষ্টাচারের গুরুত্ব সর্বজন স্বীকৃত ও মান্য ছিল। আজ গাঁয়ে–গঞ্জে–শহরে–বন্দরে, স্কুলে–কলেজে–বিশ্ববিদ্যালয়ে দফতরে–আদালতে হাটে–বাজারে হলে–হোস্টেলে পর্ষদে–পরিষদে সঙ্গে–সমিতিতে, রাজনৈতিক দলে, কর্মে, ভাষণে আচরণে কোথাও যেন কেউ শিষ্টাচারের অস্তিত্বই, তার প্রয়োজনীয়তাই স্বীকার করে না। অথচ শিষ্টাচার একাধারে ও যুগপৎ মনুষ্যত্বের, সংস্কৃতির সংযমের, সহিষ্ণুতার, সৌজন্যের, সভ্যতার বীজ–বৃক্ষ–ফল। শিষ্টাচার এখন বাংলাদেশে অজ্ঞাত বা বর্জিত বলেই শিক্ষক ছাত্রের হাতে মার খান, পথেঘাটে ত্রাস–সন্ত্রাস–ধর্ষণ–খুন–রাহাজানি চলে। শিষ্টাচার নেই বলেই মানুষ আজ বেশরম, বেহায়া, বেআদব, বেলেহাজ, বেদানাই, বেল্লিক, বেআক্কেল, বেইজ্জত। ঘুষ চাইতে–নিতে সংকোচ বোধ করে না। চুরি করার সময়ে আত্মমর্যাদার কথা ভাবে না, চোরাকারবারে লজ্জাবোধ করে না। সমাজের পরিচিত লোকে তাকে যে ঘুষখোর, চোর, দুর্নীতিবাজ বলে ঘৃণা–নিন্দা–অবজ্ঞা করে, তা অনুমান করেও লজ্জাবোধ করে না, বেপরোয়াভাবে বুক ফুলিয়ে বিচরণ করে। ভাবে টাকা যার, সেই অপব্যবহারে অপকর্মে সিদ্ধি ও সম্মান অর্জন করে। এরূপ নৈতিকচেতনা বিকৃতি আজ গোটা বাংলাদেশে বিস্তৃতি পেয়েছে। আজ তাই কারো জান–মাল–গর্দান নিরাপদ নিরুপদ্রব নয়। এখানে ‘ন্যায়বোধ’ অস্তিত্ব হারিয়েছে। এখানে দুর্বলের ক্ষেত্রে ‘বিচারের বাণী নীরবে নির্ভতে কাঁদে’। এখানে মানুষের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এখানে প্রতি দ্বিতীয় ব্যক্তি সন্দেহের পাত্র। এখানে জীবন তাই জাঙ্গলিক ও গাড্ডলিক। এখানে প্রত্যাশিত মানের, মাপের, মাত্রার সংস্কৃতি গড়ে উঠতে পারে না। এখানে এখন আমরা এক কালোজগতে কালোবাজারের বাসিন্দা। আমরা এক অমানবিক জৈব জীবন–যাপনে ক্রমশ অভ্যস্ত হয়ে পড়েছি। তাই এ অমানবিক বিকৃত জৈব জীবনধারার অবক্ষয়, গ্লানি আর মারাত্মক পরিণতির রূপ–স্বরূপও আমাদের চেতনায়–চিন্তায় ধরা দেয় না।
(পরবর্তী পর্ব ১৭ এপ্রিল, ২০২৬-এ প্রকাশিতব্য)
ফিচার ফটো অলংকরণ: অভি মজুমদার
লেখক:
জুলফিকার নিউটন
লেখক, গবেষক ও অনুবাদক; ঢাকা
*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক