বাঙালি সংস্কৃতি – পর্ব ১৪

Comments

চতুর্দশ পর্ব

। জুলফিকার নিউটন ।

সংস্কৃতি হচ্ছে বৃক্ষপত্রের মতো নিত্য নতুন কিশলয় হয়ে দেখা দেয়। সংস্কৃতি নতুন চেতনার, নতুন চিন্তা এবং মানস ও ব্যবহারিক জীবনের স্থান–কালের প্রয়োজনবোধের সৃষ্টি। সংস্কৃতি এককথায় চলতি দিনের মতো, বহমান সময়ের মতো, বর্ধিষ্ণু বয়সের মতো, প্রবাহমান জলের স্রোতের মতো জীবন–জীবিকার এককথায় জীবনধারারই আনুষঙ্গিক ফুল, ফল ও ফসল। এ অর্থে জীবন চেতনার ও জীবনযাত্রার গুণে–মানে– মাত্রায় উৎকর্ষ, সৌকর্য, স্বাচ্ছন্দ্য, সাচ্ছল্য, সৌন্দর্য প্রভৃতির বিকাশ ও বিস্তারশীলতাই সংস্কৃতি। এ সংস্কৃতি একের মনীষাপ্রসূন এবং অন্যদের আচারে আচরণে ব্যবহারে রূপায়ণ–বাস্তবায়ন মাধ্যমে প্রকটিত। আবিষ্কারে–উদ্ভাবনে–সৃষ্টি–নির্মাণে যিনি বা যাঁরা সমর্থ তাঁরাই সংস্কৃতির জনক বটে, কিন্তু সংস্কৃতিতে যেহেতু রয়েছে মানব–উত্তরাধিকার, সেহেতু অন্যরা তা অনুকরণে অনুসরণে গ্রহণ বরণে সে–সংস্কৃতি আত্তীকৃত, সাঙ্গীকৃত বা আত্মীকৃত করে সংস্কৃতিকে নিজের করে নেয়। এ জন্যে পৃথিবীর কোন সভ্যজাতিরই অবিমিশ্র স্বসৃষ্ট কোন সংস্কৃতি নেই। কেবল অস্তিত্ব হারাবার ভয়ে প্রাণীর স্তরের অনুন্নত গোত্র, গোষ্ঠী, উপজাতি, আদিবাসীরাই গ্রহণবিমুখ থেকে আদি ও আদিম স্তরে থাকাটাই শ্রেয়স বলে মানে এবং নিজেদের বিজ্ঞানের, সভ্যতার, সংস্কৃতির মানস ও ব্যবহারিক ভোগ–উপভোগ ও সম্ভোগ থেকে স্বেচ্ছায় বঞ্চিত রাখে। সংস্কৃতিমান উদার, যুক্তিনিষ্ঠ, বিবেকী–সংযমী সহিষ্ণু সজ্জন হয়। ভারতবর্ষের তথা বাংলার সংস্কৃতিতে সভ্যতায় সুপ্রাচীনকাল থেকে ইরানীর, গ্রীকের, শক–চুন–কুষাণের, তুর্কী–মুঘলের ও ইউরোপীয় নানা জাতির বিশেষ করে ইংরেজের প্রভাবের লেশ ও রেশ আজো বিলীন হয়নি। এখন তো শিক্ষিত লোকের সংস্কৃতি ও ব্যবহারিক জীবনযাপন ইউরোপীয় আদলে গড়ে উঠছে।

‘বাঙালি সংস্কৃতি’ -র অন্যান্য পর্বগুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুন
বাঙালি সংস্কৃতি

আমরা বাঙালিরা উদ্ভাবনে নয়, গ্রহণে–বরণে, অনুকরণে–অনুসরণেই রয়েছি সমকালীন সংস্কৃতি–সভ্যতার সঙ্গে সংযুক্ত পল বিজ্ঞানের ও প্রযুক্তির বদৌলত আমাদের দেহ–প্রাণ–মন–মনন জীবনযাপন পদ্ধতি পেয়েছে নিরাপত্তার ও স্বাচ্ছন্দ্যের নতুন আশ্বাস। আমাদের শাস্ত্র, সমাজ, ভাষা জীবনচেতনা অন্যদের থেকে পাওয়া। তবু এর মধ্যেই আমাদের স্থানীয় ও জাতীয় বৈশিষ্ট্য রয়েছে আমাদের ভৌগোলিক অবস্থানের ও পরিবেষ্টনীর কারণে। যেমন আমাদের ঢেঁকি এই সেদিনও গোটা উপমহাদেশে ছিল অতুল্য। আমাদের চরকা, ধুনন যন্ত্র, রেশমচাষ, বয়নশিল্প, মসলিন বস্ত্র, চট্টগ্রাম বন্দরে বিশ্বের বহুদেশের জন্যে জাহাজ নির্মাণ শিল্প প্রখ্যাত ছিল। কাগজ তৈরীর জন্যে ব্যবহৃত উপকরণ ও তৈরীর পদ্ধতি, আমাদের টেরাকোটা শিল্প, আমাদের বাঁশ–বেতযোগে তৈরী কারু শিল্প, হাতী ধরার, হাতীর চিকিৎসার ও প্রশিক্ষণের কৌশল, আমাদের শঙ্খ নিয়ে শাঁখা তৈরীর নৈপুণ্য, আমাদের লবণ ও চুন তৈরীর কৌশল আমাদের বাঙালির নিজেদের মৌলিক অবদানের সাক্ষ্য সংস্কৃতি–সভ্যতার ক্ষেত্রে। বাংলাভাষী মাত্রই অর্থাৎ যে–কেউ বাংলাকে স্বদেশে বিদেশে মাতৃভাষারূপে বরণ করবে, সে–ই বাঙালি এবং আমাদের জ্ঞাতি। ভাষার বন্ধনে আমরা পরস্পরের আত্মীয়, রাজা বদলায়, রাজ্যসীমার হ্রাস–বৃদ্ধি ঘটে। রাষ্ট্রে নামও পাল্টায়, কিন্তু জাতির নাম ও সত্তা অটুট থাকে। আমরা বাঙালি ছিলাম, আছি, থাকব। আমাদের ঢাকার সাংস্কৃতিক আচারের ও রুচির উৎকর্ষের ও বিকাশের নিদর্শন হচ্ছে সাহিত্যে, ফুলে, নাচে, গানে, অভিনয়ে, চিত্রে এবং কল্যাণকর যন্ত্রের ও প্রযুক্তির প্রকৌশলের আর নতুন। চেতনার–চিন্তার আদরে কদরে আমাদের আকর্ষণ।

আমাদের দেশের রাজনীতি হচ্ছে অজ্ঞ, অনভিজ্ঞ, অদক্ষ, অদীক্ষিত, স্বল্প, শিক্ষিত, অপরিশীলিত অনুশীলনবিমুখ উচ্চশিক্ষাপ্রাপ্ত ব্যবসায়ী, দোকানদার, ঠিকেদার, কারখানাদার, আড়তদার প্রভৃতি সরকারী ক্ষমতা–দখলের রাজনীতি, ধন–মান–ক্ষমতালোভী ধনী–মানীরা হন রাজনীতিক। আমাদের দেশে এ মুহূর্তে নামদার নেতাদের অধিকাংশই দশ্য ও অদৃশ্য ব্যবসাজীবী এবং ধনী।

এ মুহূর্তে আমাদের অবক্ষয়মুখী রাজনীতি, রাষ্ট্রিক শিথিল ও বিকৃত শাসন–প্রশাসন আইনের শাসনে অনাস্থা ও অমান্যতা, জনগণের দূর্গত আর্থিক জীবন, সমাজে নৈতিক চেতনার অবলুপ্তি, সর্বস্তরের মানুষের চারিত্রিক অপকর্ম, সাংস্কৃতিক জীবনে রুচির দৈন্য ও বিকৃতি, জ্ঞান–যুক্তির অনুশীলনে অনাগ্রহ, ব্যক্তির উগ্র আত্মরতিজাত অর্থসম্পদ লিন্সা, মনন জীবনের বন্ধাত্ব, মানবিক ও সামাজিক মহৎ–বৃহৎ আদর্শ ও নীতি চেতনার অনুন্মেষ প্রভৃতির কারণ দুটো। এক, আমাদের দু’দুটো স্বাধীনতাপ্রাপ্তি অনপেক্ষভাবে স্ববলে অর্জিত হয়নি, আমাদের দেহ–প্রাণ–মন–মনন স্বাধীনতাসংগ্রামীর যোগ্য করে তুলবার চেষ্টা করিনি কখনো– অনুশীলন করিনি প্রয়োজনীয় জ্ঞান–বুদ্ধি–শক্তি–সাহস–অঙ্গীকার–উদ্যম–উদ্যোগের।

অর্থাৎ স্ব–আকাঙ্ক্ষাবশে স্ববলে স্বযোগ্যতায় স্বাধীনতা অর্জনের, রক্ষণের, রাষ্ট্রের আবশ্যিক চাহিদা পূরণের ভাতে কাপড়ে শিক্ষায় স্বাস্থ্যে অর্থ সম্পদে প্রকৗশলে প্রযুক্তিতে শাসনে প্রশাসনে কলে কারখানায় উৎপাদনে নির্মানে রাষ্ট্রকে দৃঢ়ভিত্তিক সুশৃঙ্খল করার লক্ষে যে সততা সংযম ত্যাগ নিষ্ঠা পরার্থ পরোতা আদর্শ ও নীতি চেতনা এবং আবিষ্কার উদ্ভাবন প্রবণতা ছোট বড় মাঝারি অধিকাংশ চালক পরিচালককে বাঞ্চিত ও প্রত্যাশিত ছিল, তা কখনই আমাদের মধ্যে গোড়া থেকেই দেখা যায় নি। মানুষ হিসেবেই বরণ করতে হবে। মানতেই হবে যে আমাদের প্রথম পরিচয়– আমরা মানুষ, আমাদের শেষ পরিচয়– আমরা মানুষ। আমাদের আবাল্যের সব প্রয়াস–প্রযত্ন–উদ্যম–অঙ্গীকার–আশা–আকাঙ্ক্ষা–উদ্যোগ–আয়োজনের লক্ষ্য হচ্ছে মানুষ হওয়া, মানবিকতার ও মানবতার অনুশীলন ও সিদ্ধি।

সব মানুষ সমাজবাদী, মানববাদী, সাম্যবাদীও হবে না। অতএব বাকি থাকে মাত্র গণতান্ত্রিক সরকারে জাত–ধর্ম–বর্ণ–ভাষা সব মানুষ সমাজবাদী, মানববাদী, নির্বিশেষে নাগরিক সমানাধিকার। সব মানুষকে শ্রেয়ে বোঝানো যায় না, কেননা মানুষের মন–মেজাজ, মস্তিক, জ্ঞান, বুদ্ধি, শক্তি, যুক্তি, মনন–চিন্তন, বিবেক–বিবেচনা গুণে, মানে, মাপে, মাত্রায় সমান হয় না। তাই তাদের আইন কানুন প্রয়োগে শাসনে শৃঙ্খলায় রাখতে হয়, জনস্বার্থে মানাতে হয় অনেক বিধি, বিধান ও নিষেধ। এর একমাত্র উপায় হচ্ছে আপাতত সরকার মাত্রেরই সেক্যুলার হওয়া। অমুসলিমদের আস্থা অর্জনের ও দৃঢ় করার আর রাখার জন্যে সৈন্যবাহিনীতে শতে দশজন এবং পুলিশে শতে পনেরোজন নিয়োগ করা এখনই আবশ্যিক ও জরুরী। সেক্যুলার নীতির নিরপেক্ষ ও আন্তরিক প্রয়োগেই মাত্র সরকার দেশের মানুষকে তার মনে–মেজাজে–মননে–চিন্তনে বহুজনহিতের বহুজনসুখের পথে অনুপ্রাণিত ও অভ্যস্ত করতে পারে।

এবং সততায় চারিত্রিক দার্ঢের আদর্শের, নৈতিক চেতনার, বিবেক–বিবেচনার ক্ষেত্রে ভক্তি–শ্রদ্ধা করবার মতো, বল–ভরসা পাবার মতো, প্রেরণা–প্রণোদনা–প্রবর্তনা দেবার মতো, অনুকরণ–অনুসরণ করার মতো, দৈশিক–রাষ্ট্রিক ও জাতিক স্তরে গৌরব–গর্ব করার মতো, সর্বোপরি রাজনীতিক–দেশপ্রেমী–জনসেবীর মধ্যে জ্ঞান–প্রজ্ঞা–বুদ্ধি–যুক্তি–মনীষা–মনস্বিতা–সততাসম্পন্ন উঁচু গুণের, মানের, মাপের ও মাত্রার অনন্য, অসামান্য, অসাধারণ কোন এক বা কয়েকজন ব্যক্তি ও ব্যক্তিত্ব চাই। নইলে জাতি হিসেবে, দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে কিংবা সুরুচি–সৌজন্যে–সংস্কৃতিমান–সামাজিক মানুষ হিসেবে আমরা কখনো সভ্যসমাজে শ্রদ্ধেয় কিংবা গণনীয় হয়ে উঠব না। কাজেই চরিত্র, সততা–সবুদ্ধিসম্পন্ন বিদ্বান–বিবেকবান ব্যক্তি ও ব্যক্তিত্ব চাই আমাদের সামাজিক, আর্থিক, রাজনীতিক, সাহিত্যিক, দার্শনিক, নৈতিক চেতনা–চিন্তার ক্ষেত্রে। শ্রদ্ধাস্পদ ব্যক্তি এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব চাই। এমন ব্যক্তি এবং ব্যক্তিত্বই হয় নেতা, নায়ক, ত্রাতা, রক্ষক, দিশারী, দিকপাল। এ ধারণা কিন্তু গণতন্ত্র বিরোধী নয়। গণতন্ত্র চালু রাখার জন্যেই এমনি ব্যক্তিত্ব সম্পন্ন দলপতি দরকার। নৌকায় যেমন প্রয়োজন কর্ণধারী কান্ডারীর। মাল্লারা নয়, হালধারী পাকা মাঝিই নৌকা ঝড়–ঝঞ্ঝা কবলিত তরঙ্গতাড়িত উর্মিমুখর নদীতে ভাসিয়ে রাখার, চালিয়ে যাওয়ার যোগ্যতা রাখে। দেশ–জাতি–রাষ্ট্রের ক্ষেত্র এ কান্ডারী হচ্ছে মনীষাসম্পন্ন চরিত্রবান ব্যক্তি।

(পরবর্তী পর্ব ১ মে, ২০২৬-এ প্রকাশিতব্য)

ফিচার ফটো অলংকরণ: অভি মজুমদার

লেখক:
Julfikar Newton
জুলফিকার নিউটন
লেখক, গবেষক ও অনুবাদক; ঢাকা

*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক

‘বাঙালি সংস্কৃতি’ -র অন্যান্য পর্বগুলো পড়তে নিচের লিংকে ক্লিক করুন
বাঙালি সংস্কৃতি

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট