ট্রাফিক পক্ষ পালনকালে বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর পর দুর্ঘটনার খবর পেয়ে ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছে।
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, সকাল সাড়ে ৭টার দিকে ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০) যখন নর্দ্দা এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক পার হচ্ছিল তখন সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। তার সাথে থাকা এক বন্ধু পরে সহপাঠীদের ফোন করে এ খবর জানায়।

আবরার আহমেদ চৌধুরীর রক্তে ভেজা পরিচয়পত্র
সহকারী পুলিশ কমিশনার মামুন বলেন, যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তার সুপ্রভাত পরিবহনের উত্তরাগামী একটি বাস আবরারকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক বাস ফেলে পালানোর চেষ্টার সময় তাকে আটক করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
সড়ক অবরোধের কারণে বাড্ডা নতুনবাজার থেকে কুড়িলের পথে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
উত্তেজিত শিক্ষার্থীরা এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে বলে জানান সহকারী কমিশনার মামুন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
বাঙালীয়ানা/এসএল