বিশ্বের প্রথম হাইড্রোজেন ট্রেন চলছে জার্মানিতে

Comments

জার্মানির কুক্সহেভেন ও বুক্সতেহুদে শহরে ১০০ কিলোমিটার রেলপথে চলার মধ্য দিয়ে বিশ্বের প্রথম হাইড্রোজেন ইঞ্জিনচালিত পরিবেশবান্ধব ট্রেন চালু হলো। এই হাইড্রোজন ট্রেন বানিয়েছে ফ্রান্সের দ্রুতগতির ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান অ্যালস্টোম। নীল রঙের এই ট্রেনের নাম কোরাডিয়া ইলিন্ট ট্রেন।

বিশ্বের প্রথম এই হাইড্রোজেন ট্রেন ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে ছুটবে। হাইড্রোজেন ইঞ্জিন থেকে ধোঁয়ার পরিবর্তে বাষ্প বের হবে। পরিবেশবান্ধব বলে কোনো দূষণ নির্গমন করবে না। এর শব্দদূষণ নেই বললেই চলে। ইঞ্জিনচালিত রেলগাড়িগুলোতে খরচও পড়বে কম।

অ্যালস্টোমের পক্ষ থেকে বলা হয়, একটি হাইড্রোজেন ট্যাংক ট্রেনের সঙ্গে থাকবে আর এর ছাদে থাকবে জ্বালানি কোষ। অক্সিজেন ও হাইড্রোজেনের সংমিশ্রণ ঘটিয়ে শক্তি উৎপাদন করবে। অতিরিক্ত জ্বালানি সংরক্ষণ করা হবে ব্যাটারিতে। একবার জ্বালানি নিয়ে ট্রেনটি এক হাজার কিলোমিটার চলতে পারবে।

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে দু’টি হাইড্রোজেন ট্রেন প্রথম ছাড়া হয় জার্মানির লোয়ার সেক্সন রাজ্যের ব্রেমেরফুর্দে স্টেশন থেকে। জার্মানির কুক্সহ্যাভেন, ব্রেমারহেভেন, ব্রেমারভার্দে ও বুক্সেহুডে চলাচল করবে ট্রেন দুটি। জার্মানির কুক্সহেভেন ও বুক্সতেহুদে শহরের মধ্যে ১০০ কিলোমিটার রেলপথে চলাচলকারী ট্রেনগুলোর পুরোনো ডিজেলচালিত ইঞ্জিন সরিয়ে অত্যাধুনিক এই হাইড্রোজেন ইঞ্জিন জুড়ে দেয়া হচ্ছে। এটিই এখন পৃথিবীর নতুন পরিবহন প্রযুক্তি। ২০২১ সালের মধ্যে আরও ১৪টি হাইড্রোজেন ইঞ্জিন যোগ করার পরিকল্পনা রয়েছে দেশটির।

অ্যালস্টোমের প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন স্যাচর‍্যাঙ্ক বলেন, ‘এটা সত্য, ডিজেল ইঞ্জিনচালিত ট্রেনের চেয়ে হাইড্রোজেন ট্রেনের দাম অনেক বেশি। তবে এর পরিচালনা খরচ তুলনামূলকভাবে অনেক কম।’

পরিবেশদূষণ কমানোর লক্ষ্যে জার্মানির লোয়ার সেক্সন রাজ্য ট্রেন দুটির জন্য ৮ কোটি ১৩ লাখ ইউরো খরচ করেছে। ২০৫০ সালের মধ্যে জার্মানিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্যই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানায় দেশটি।

সূত্র: এএফপি

বাঙালীয়ানা/এজে

মন্তব্য করুন (Comments)

comments

Share.