পঞ্চদশ পর্ব
। আনিস আহমেদ ।
বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির সাফল্য তাঁর মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে এমন ভাবে প্রতিফলিত হয়েছে যা অতূলনীয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি এমন দেশের সংখ্যা যে খুব কম ছিল তা নয় কিন্তু পররাষ্ট্রনীতির ব্যাপারে বঙ্গবন্ধুর কৌশলগত বিচক্ষণতা অল্পদিনের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে এক শক্ত ভীতের উপর দাঁড় করায়। তা ছাড়া বিশ্বের নেতৃবৃন্দের অনেকেই বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এখানে মনে রাখা প্রয়োজন যে ১৯৭২ সালের ৯ই জানুয়ারি যখন কারামুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে পৌঁছান তখন সেখানকার ক্ল্যারিজেস হোটেলের বলরুমে তিনি আন্তর্জাতিক সাংবাদিকদের উদ্দেশে দেওয়া তাঁর ভাষণে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অকুন্ঠ সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাঁর কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্ন দেশ ও জাতিসংঘের প্রতি জোর আবেদন জানান। এই প্রথম তিনি, এমনকি নিজ স্বাধীন দেশে পৌঁছানোর আগেই বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে সংবাদ সম্মেলনে দেওয়া তাঁর ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিঃশর্ত সম্পৃক্ততা স্থাপন করেন। ওই একই দিন সন্ধ্যায় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তাঁকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ। তাঁদের মধ্যকার এক ঘন্টাব্যাপী বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন, বঙ্গবন্ধুও মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশকে সমর্থন প্রদানের জন্য ব্রিটিশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। এখানে একটা কথা বলা জরুরি মনে করি যে বঙ্গবন্ধু যখন লন্ডনে গিয়েছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছুটিতে ছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য এডওয়ার্ড হিথ সেদিনের ছুটি বাতিল করে, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এসে বঙ্গবন্ধুকে সাদরে স্বাগত জানান। সদ্য-স্বাধীন নিজ দেশে পৌঁছানোর আগেই বঙ্গবন্ধু ব্রিটেনে যে অভূতপূর্ব সম্মান লাভ করেন, তা তাঁর ব্যক্তিত্বের গুরুত্বকে তুলে ধরে।
একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির সাফল্য প্রধানত নির্ভর করে সে দেশের নেতৃত্বের বিচক্ষণতার উপর। পুরোনো রাষ্ট্রগুলির তূলনায় নতুন রাষ্ট্রের পররাষ্ট্রনীতির সামনে চ্যালেঞ্জ থাকে অনেক কারণ পুরোনো রাষ্ট্রগুলোর থাকে প্রতিষ্ঠিত কূটনৈতিক সম্পর্ক, অভিজ্ঞ দূরদৃষ্টি এবং দীর্ঘদিনের রাজনৈতিক নেতৃত্ব। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বের উদ্ভব ঘটে এমন এক সময়ে যখন বিশ্বে চলছিল শীতল যুদ্ধ। সেই সময়ে তিনি বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে দেখতে চাই’। এটি তাঁর শান্তি বজায় রাখার, অর্থনৈতিক উন্নয়ন সাধন করার, পর্যটন শিল্পের বিকাশ এবং মেরুকৃত বিশ্ব রাজনীতিতে নিরপেক্ষতা রক্ষার অন্তর্নিহিত বিশ্বাস থেকে উদ্ভূত চিন্তা। এখানে এটাও গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম সংবিধানে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বিষয় হিসেবে বঙ্গবন্ধু উল্লেখ করলেন সেই বিখ্যাত তত্ব, “সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি শত্রুতা নয়” যেখানে মূলত প্রতিধ্বণিত হলো যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণের ভাষণের। এই মূল নীতিটি এখনও জাতীয় স্বার্থ রক্ষার্থে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততার জন্য এবং শান্তির লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়কে পরিচালনার জন্য ব্যবহার করা হয়। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ছিল বন্ধু দেশগুলোর সঙ্গে বড় রকমের সমন্বয় সাধন, নতুন স্বাধীন দেশটির জন্য স্বীকৃতি পাওয়া এবং আন্তর্জাতিক সংগঠনগুলির সদস্যপদ নিশ্চিত করা।
বঙ্গবন্ধুর বিদেশনীতির প্রথম ও উল্লেখযোগ্য সাফল্য হলো ১৯৭২ সালের মার্চ মাসেই ভারতীয় সৈন্য প্রত্যাহার করাতে তাঁর বিচক্ষণ সক্ষমতা। যে সব অর্বাচীন এখনও বলে বঙ্গবন্ধু ও তাঁর দল ভারতপন্থি তারা কিছুই জানে না ইতিহাসের। ভারত সরকার প্রথম দিকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হয়নি। ১৯৭২ সালে যখন ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশ সফরে আসার কথা তখনই বঙ্গবন্ধু বলেছিলেন যে শ্রীমতি গান্ধীর বাংলাদেশ সফরের আগে সকল ভারতীয় সৈন্যকে বাংলাদেশ ত্যাগ করতে হবে। ভারতীয়রা প্রথমে এতে সম্মত হয়নি কারণ তারা যুক্তি দেখাচ্ছিল যে সদ্য স্বাধীন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভারতীয় সৈন্যদের আরও বেশ কিছুদিন বাংলাদেশে থাকা প্রয়োজন। বঙ্গবন্ধু সহমত হননি। তিনি বলেছিলেন ইন্দিরা গান্ধীর বাংলাদেশে এসে এমন ধারণা যেন না হয় যে তিনি তাঁর বিজিত বাংলাদেশে এসেছেন। কাজেই ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ইন্দিরা গান্ধীর প্রথম বাংলাদেশ সফরের আগেই সকল ভারতীয় সৈন্য স্বদেশে ফিরে যায়। এটি ছিল বঙ্গবন্ধুর প্রথম সাফল্য, অভুতপূর্ব এক অর্জন। এখনও অবাক হই এ কথা ভেবে যে বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ছিল এতটাই যে তিনি ভারতীয় সৈন্যদের বাংলাদেশ ত্যাগ করাতে পেরেছিলেন বিশেষত ইন্দিরা গান্ধীর প্রাথমিক আপত্তি সত্ত্বেও।
বঙ্গবন্ধুর মুক্ত পররাষ্ট্রনীতির আরও একটি দিক ছিল ১৯৭৪ সালে লাহোরে ইসলামি রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত ওআইসি সম্মেলনে তাঁর যোগদান। এ ক্ষেত্রেও তিনি যেমন একদিকে ভারতের বিরূপ প্রতিক্রিয়ার পরোয়া করেননি, অন্যদিকে লাহোরে গিয়েছিলেন বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি প্রদানের পর। বহু মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান সেই সময়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁরা সকলেই চাইছিলেন যে বঙ্গবন্ধু যেন ওআইসি সম্মেলনে যোগ দেন। আর সেজন্য তারা পাকিস্তান সরকারের উপর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের জন্য চাপ প্রয়োগ করেন। ১৯৭৪ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকায় আসেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং বঙ্গবন্ধু তাঁকেও দ্ব্যর্থ কন্ঠে জানিয়ে দেন যে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়া অবধি তিনি পাকিস্তানে ওআইসি সম্মেলনে যোগ দেবেন না। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এই বার্তাটি পাকিস্তান সরকারের কাছে পৌঁছে দেওয়ার পরই অবশেষে ১৯৭৪ সালের ২২শে ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করে এবং ২৪শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে যোগ দিতে লাহোরে যান। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ব্রিটিশ সরকারসহ বিভিন্ন দেশ পাকিস্তানের এই স্বীকৃতিতে স্বস্তি প্রকাশ করেন এবং স্বাগত জানান। আলজিরিয়ার প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বিমান পাঠান। লাহোরে তোপধ্বণির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট ফজলে ইলাহি ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভূট্টো। সেই শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু দৃঢ় কন্ঠে আরব বিশ্ব তথা সমগ্র মুসলিম বিশ্বের সঙ্গে তাঁর একাত্মতা প্রকাশ করেন।
এখানেই আমরা লক্ষ্য করি স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়নে ও অনুশীলনে বঙ্গবন্ধুর অভুতপূর্ব সাফল্য। আগামি পর্বে আমি তাঁর পররাষ্ট্রনীতির আরও কিছু দিকের প্রতি আলোকপাত করবো।
(পরবর্তী পর্ব ২৮ নভেম্বর, ২০২৫-এ প্রকাশিতব্য)
লেখক:
আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি
*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক
ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১
উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১