ষোড়শ পর্ব
। আনিস আহমেদ ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সুনিবীড় সম্পর্ক স্থাপনে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল, যদিও তাঁর নিজের ব্যক্তিত্ব প্রশংসনীয় ছিল সর্বত্র। পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সত্তুর দশকের প্রথমার্ধে চ্যালেঞ্জ ছিল দু’রকমের । শীতল যুদ্ধরত বিশ্বে, গোটা পৃথিবীটা তখন দু’টি পরস্পর বিরোধী মেরুতে বিভক্ত। একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমি ধনতান্ত্রিক বিশ্ব, অন্যদিকে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব। কমিউনিস্ট চীন যদিও একটি তৃতীয় পক্ষ যেখানে কমিউনিজম প্রাধান্য বিস্তার করেছিল তবু সোভিয়েট ইউনিয়নের সঙ্গে চীনের সম্পর্কও ছিল প্রধানত বৈরিতার। পূর্ব ইয়োরোপ এবং ভারতসহ বিশ্বের অন্যান্য স্থানে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ক্রমশঃই বৃদ্ধি পাওয়ায়, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য আগ্রহী হয়ে ওঠে। বিশেষত তদানীন্তন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এ বিষয়ে সক্রিয় হয়ে ওঠেন এবং তাঁর পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা গ্রহণ করে। ঠিক প্রকাশ্যে নয়, বলা যায় গোপনেই পাকিস্তান হয়ে কিসিঞ্জার চীন সফরে যান ১৯৭১ সালের জুলাই মাসে। সেই গোপন অথচ গুরুত্বপূর্ণ সফর যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে অনেকটা স্বাভাবিক করে নিয়ে আসে আর এর সুফল ভোগ করে পাকিস্তান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও চীন , সোভিয়েত ইউনিয়নের অভিন্ন প্রতিপক্ষ হিসেবে , বাংলাদেশের বিপক্ষে সক্রিয় ছিল। এই রকম এক কঠিন সময়ে বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে তাঁর পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যেতে হয়েছে।
বঙ্গবন্ধু তথা বাংলাদেশের সামনে আরেকটি চ্যালেঞ্জ ছিল মুসলিম বিশ্বের সমর্থন লাভ। জনসংখ্যার দিক দিয়ে ইন্দোনেশিয়ার পর, বাংলাদেশই যেহেতু ছিল দ্বিতীয় বৃহত্তম মুসলিম প্রধান রাষ্ট্র, তবু বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের অপতথ্য মুসলিম বিশ্বকে বিভ্রান্ত করেছিল প্রচন্ড ভাবে। পাকিস্তান এ রকম মিথ্যাচার চালায় যে হিন্দু প্রধান ভারত, মূলত বাংলাদেশকে দখল করে নিয়েছে এবং বাংলাদেশে মুসলমানদের কোন অস্তিত্বই নেই। এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। অধ্যাপক মুনতাসির মামুন বেশ কয়েক বছর পর, মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট এক গবেষণার কাজে পাকিস্তান গিয়েছিলেন। সেই সময়ে তিনি ইয়াহিয়া খানের সঙ্গেও দেখা করেন। ইয়াহিয়া মুনতাসির মামুনের নাম শুনে বিস্মিত হয়ে জানতে চান, ‘তা হ’লে এখনও কি বাংলাদেশে মুসলমানরা রয়েছে?” এতেই প্রমাণিত হয় যে পাকিস্তানিরা কি ধরনের বোকার স্বর্গে বাস করছিল। আর মুক্তিযুদ্ধের পর তো পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের অপপ্রচার বিশ্বের অন্যান্য মুসলিম দেশকেও বিভ্রান্ত করেছিল। সেই সময়ে ইরান, ইরাক, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবসহ বঙ্গবন্ধু মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধিদের পাঠিয়েছিলেন। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত তারিক করিম তাঁর এক নিবন্ধে লিখেছেন যে অন্যান্য সব দেশের ক্ষেত্রে সফল হলেও এক মাত্র সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের জন্য একটি শর্ত আরোপ করেছিল। আর তা হলো বাংলাদেশকে ইসলামি প্রজাতন্ত্র হতে হবে। তদানীন্তন সৌদি বাদশাহ ফায়সাল জানান যে সৌদি আরব চায় বাংলাদেশ তার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে ইসলামি প্রজাতন্ত্র বলে অভিহিত হোক আর তখনই কেবল সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেবে। তারিক করিম বলছেন, ‘আমরা ভদ্রভাবে দৃঢ় উত্তর দিয়েছিলাম: সংবিধানে গোটা জাতির ইচ্ছার প্রতিফলন ঘটেছে, তাই এটি কেবলমাত্র জনগণ পরিবর্তন করতে পারে, কোন সরকার বা নেতা নয়’। তারপরও বঙ্গবন্ধুর জীবদ্দশায় সৌদি স্বীকৃতি লাভের প্রচেষ্টা অব্যাহত থাকে কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরের দিন ১৬ই আগস্ট সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমি বিশ্বের বহু দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করলেও চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৭৫ সালের ৩১শে আগস্ট। ১৯৭২ সালের পর থেকে চীন, বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের ক্ষেত্রে ভেটো দিয়ে আসছিল কিন্তু ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধুর কূটনৈতিক প্রজ্ঞার কারণে লাহোরে তাঁর ওআইসি বৈঠকে যোগদানের প্রাক্কালে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদশেকে পাকিস্তানের স্বীকৃতি প্রদানের পর, চীন বাংলাদেশের প্রতি কিছুটা নমনীয় দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলাদেশের সদস্যতার বিরোধীতা করে নাই।
বিশ্ব সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি হচ্ছে অসাম্যের বিপরীতে ন্যায় বিচারের জন্য তাঁর লড়াই, মৌলিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার বিশেষত স্বাধিকার অর্জনের অধিকার এবং উন্নয়নে একতা অর্জন। জাতিসংঘের সদস্যপদ লাভে ১৯৭৪ সালের ২৫শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রথম বাংলায় প্রদত্ত তাঁর ভাষণে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দিকগুলি যেমন তুলে ধরেন তেমনই বিশ্বের সকল জাতির জন্য শান্তি ও ন্যায়বিচারের কথাও বলেন । ভাষণের প্রথম দিকেই বঙ্গবন্ধু বলেন, “বাংলাদেশের সংগ্রাম হচ্ছে শান্তি ও ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী সংগ্রামের প্রতীক”। তিনি আরও বলেন যেমন আমাদেরকে অতীত অবিচার পরিত্যাগ করতে হবে, তেমনি আমাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে হবে। তিনি তাঁর সেই ঐতিহাসিক ভাষণে বলেন আজ বিশ্বের দেশগুলির সামনে কিছু গুরুত্বপূর্ণ বিকল্প রয়েছে। এটি আমাদের প্রজ্ঞার উপর নির্ভর করছে যে আমরা কী সেই বিশ্বের দিকে যাবো যেখানে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবার আশংকা রয়েছে , রয়েছে পারমাণবিক যুদ্ধের হুমকি, ভয়াবহ রূপে যেখানে রয়েছে মানুষের দূর্ভোগ নাকি আমরা তেমন বিশ্বের আশা করতে পারি যেখানে মানুষের সৃজনশীলতা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের যুগের সাফল্য একটি উত্তম ভবিষ্যতের দিকে আমাদের নিয়ে যাবে। বঙ্গবন্ধুর এই দিগদর্শন আবারও তাঁর কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞারই নিদর্শন । তিনি খুব ভালভাবেই জানতেন দ্বিধাবিভক্ত বিশ্বের কথা যেখানে দু’টি বৃহত্ শক্তি এবং তাদের জোটগুলির মধ্যকার গভীর ও তিক্ত বৈরিতা কতটা বিপজ্জনক। অতএব একজন বিদগ্ধ রাজনীতিকের মতই তিনি তুলে ধরেছিলেন বাংলাদেশের জোট নিরপেক্ষতার নীতি। তিনি জাতিসংঘে দেওয়া তাঁর সেই একমাত্র ভাষণে দ্ব্যর্থ কন্ঠে বলেন যে বাংলাদেশ তার জন্মের সময় থেকেই শান্তিপুর্ণ সহাবস্থান ও সকলের প্রতি বন্ধুত্বের নীতির উপর ভিত্তি করে জোট-নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। শান্তির প্রতি আমাদের প্রতিশ্রুতির ভিত্তি হচ্ছে আমাদের এই উপলব্ধি যে কেবলমাত্র শান্তিপূর্ণ পরিবেশই আমাদেরকে আমাদের কষ্টার্জিত জাতীয় স্বাধীনতার সুফল ভোগ করতে এবং দারিদ্র, ক্ষুধা, ব্যাধি, অক্ষরজ্ঞানহীনতা এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াই করতে আমাদের শক্তি ও সম্পদের ব্যবহার নিশ্চিত করতে পারে। তিনি জোর দিয়েই বলেন, “মানবজাতির বেঁচে থাকার জন্য শান্তির প্রয়োজন অত্যধিক, বিশ্বব্যাপী নারী ও পুরুষের গভীরতম আকাঙ্খা পুরণের উপায় হচ্ছে শান্তি । আর শান্তি বজায় রাখতে হলে , সেই শান্তির ভিত্তি হতে হবে ন্যায় বিচার।
বঙ্গবন্ধু তাঁর সেই ভাষণে পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে এবং গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথাও বিস্তারিত ভাবে তুলে ধরেন। এখানে লক্ষ্য করার বিষয় আজ থেকে প্রায় ৫১ বছর আগে ভিন্নতর বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গবন্ধু বিশ্ব-মঞ্চে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছিলেন তা আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর প্রজ্ঞা ও প্রায়োগিকতার নিদর্শন।
(পরবর্তী পর্ব ৫ ডিসেম্বর, ২০২৫-এ প্রকাশিতব্য)
লেখক:
আনিস আহমেদ
শিক্ষক, নিবন্ধকার ও বেতার সাংবাদিক; ওয়াশিংটন ডিসি
*প্রকাশিত এ লেখার মতামত এবং বানানরীতি লেখকের একান্তই নিজস্ব। বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই এখানে প্রকাশিত লেখা বা লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা সংক্রান্ত আইনগত বা বানানরীতি বা অন্য কোনও ধরনের কোনও দায় বাঙালীয়ানার নেই। – সম্পাদক
ঐতিহাসিক সেই ভাষণের শ্রুতিলিখন পাঠ করুন:
মহাকাব্য: ৭ মার্চ ১৯৭১
উত্তাল মার্চের আর সব দিনগুলো:
পড়ুন –১ মার্চ ১৯৭১
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
৪ মার্চ, ১৯৭১
৫ মার্চ, ১৯৭১